উত্তর-পশ্চিম আকাশে ডালপালা মেলে ফুলঝুড়ির মতন এক চমক যখন লোহিতের চোখে পরলো তখনো সন্ধ্যা নামেনি। পশ্চিমের অশ্বারোহীর দল টগবগ শব্দে সবে তার গতিবেগ বাড়িয়েছে।
লোহিত পথচলা মানুষদের বললো আমাকে একটা রাস্তার পাশের গড়ে ওঠা ছাতের তলায় পৌঁছে দেবেন?
কে শুনবে তার কথা। এই পথচারীদের বিপদবোধ অতি ভয়ঙ্কর। তারা ভিখারী লোহিতের কথা শুনলেও না শোনার ভান করে দৌড়লো বাস ধরতে।
এই ঝড়ের আগে সবাই ছুটছে বাস ধরতে।
লোহিত এসব পারে না। ওকে গাড়িতে চাপিয়ে সকাল দশটায় এখানে বসিয়ে রেখে যায় আর সন্ধ্যা গড়ানোর পর আবার নিতে আসে।
গ্রীষ্মের ঠিক আগে সারাদিন বেশ কেটে যায় ভিক্ষা মেঙে। সূর্যের পাটে ডোবার আগে চোখ রাঙানো আকাশ বাতাস তাকে অনাবিল ভাবে চলে যেতে বলে কোনো এক সুরক্ষিত ছাতের তলায়।
কে নিয়ে যাবে তাকে?
কেউ আসেনি। সবাই দৌড়েছে বাড়িতে ফেরার তাগাদায়। আর মেয়ো রোড বাসস্টপের গায়ে এক বটগাছের তলায় শুধু আকশের দিকে তাকিয়ে সে আকুতি জানিয়েছে কোনো এক অযান্ত্রিক ভগবানের কাছে।
সেদিন লোহিতের বাড়ি ফেরা হলোনা। ঝড়ের তান্ডবে গাছ হলো পাতাহীন। ডালগুলো ভেঙে-চুরে দলা পাকিয়ে পরে রইলো রাস্তার উপরে।
একে একে গাড়ি এলো, জেসিবি এলো, পুলিশ এলো, দমকল এলো, সেনা এলো আরো কত কি।
রাস্তা পরিষ্কার হওয়া সে দেখছিলো। কখন যে সে ইহজগৎ ছেড়েছে কে বা বলতে পারে।
সব শেষে দুর্গন্ধ পেয়ে সেদিন যারা এসেছিলেন তারা প্রশাসক।
লোহিত তখন এক দুর্গন্ধময় ঠুঁটো জগন্নাথের বয়ব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন