চললাম বাড়ির পথে
অনিন্দ্যসুন্দর দেখতে এই ব্যানার্জী দা। রবীন্দ্রসঙ্গীত এর বিষয়ে পরাকাষ্ঠা। মেজ মেয়েটা উচ্চাঙ্গ সঙ্গীতে পারদর্শিনী। নাম আর কন্ঠ একেবারে সমমেলে বাজে। রূপ? না ততটা নয় যতটা ওর নাম আর কন্ঠের। লেখা'র সাথে এ ভাবেই পরিচয়। ওর দিদি আমার বান্ধবী। নাম কুহু। চেহারার বর্ণনা দিলে মধু কবির কথায় বলতে হয়। " আলুথালু হায় এবে কবরী বন্ধন।" থাক এসব। ছোটো বোন সুলেখা খুব মিষ্টি। একদম ব্যানার্জী দার মতন। কুহু আর সুলেখা, ব্যানার্জী দার সাথে গলা মিলিয়ে গেয়ে ওঠে " বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা।" সত্যিই সে আনন্দ ধারা আমি দেখেছি।
আর লেখা? ওর ওই উদাসীন চোখ বড়ো কাছে টানে। তবে পৌঁছনো? না তা শত-লক্ষ প্রশ্নে ব্যাথিত।
আসলে লেখা ছিলো উচ্চাঙ্গ মার্গ সঙ্গীতের মতন। যার মর্মার্থ কিছু বলতে গেলে গলার স্বর কেঁপে ওঠে।
লেখা জিতে গেছে। আমাদের মতন ও কিন্তু সংসার পাতে নি। একা'ই ছিলো, আজও আছে।
এই ভাবে থাকা নিয়েই দু-চার কথা মনে এলো ওকে খুব ভালো ভাবে জানি বলে। ওকে কেউ কোনোদিন প্রেম নিবেদন করে নি। শিল্পী সত্ত্বাকে ভালো বেসেছে সবাই এমন কি আমিও । ওর ও মনে হতো এটাই নিরাপদ। গাছের ফুল ফোটা আর ঝরা একটা সময়ের প্রকাশ। সে সময়টা একবার বসন্ত আর এক বছরের শেষে শীত। এই অনিবার্য বিষয় মেনে চলে আজ এক বার্ধক্যের প্রাক্কালে পৌঁছে তার যৌবন এর আহ্বান বার বার উপলব্ধি হয়।
জিবন বিষয়টা এ রকমই। স্কুল থেকে কলেজ, কলেজ থেকে ইউনিভার্সিটি যখন শেষ হয় তখন ইচ্ছে হলেও আর স্কুলের ওই বেঞ্চটা নিজের বসার মতন থাকে না।
ঝরা ফুল দিয়ে ফোঁটা ফুল বানানো যায় না এ কথা এই প্রথম বুঝলো লেখা।
সেদিনের না বোঝা বিষয় গুলো আজ ওর বড় বুঝতে ইচ্ছে করে। অসংখ্য বাড়ানো হাত যা ছিলো তার কাছে উপেক্ষিত সেই হাত গুলোকে সে হাতড়ে বেড়ায় তবে নাগাল পায় না।
সেই হাত গুলো অন্য কারোর হাত ধরে অনেক পথ পার হয়ে একই ভাবে যে বার্ধক্যের দোর গোড়ায় পৌঁছেছে সে কথা তার বিশ্বাস হয় না।
পুরানো অনুভূতি আজও রয়ে গেছে সেই চলে যাওয়া সময়ের সাথে। বুঝতে পারে যা সে চায় তা এ জীবনে অধরাই থেকে যাবে।
আয়নার সামনে দাঁড়িয়ে লেখা নিজেকে দেখে। রং করা চুল গুলো বারবার রং বদলায়; আই লাইনার আর আই স্যাডো না থাকলে বোঝা যায় চোখের নিচে কালি পড়েছে; লিপস্টিক ছাড়া ঠোঁটটাও সেই গোলাপি রং এর নেই; উঁচু গালে চাকচিক্য নেই, আছে কালসিঁটে কিছু দাগ।
চোখ বুজে সে দেখতে পেলো এই নরদেহ।
লেখার ইচ্ছে হলো একবার বেহাগ এ সুর বাঁধতে। শ্রবণে এলো কয়েকটা কথা রবিঠাকুরের স্বরে-সুরে। জীবন কে খুঁজে পেলো ওই শব্দের লহমায়। সত্যিই তো! " সংসার গহনে নির্ভয় নির্ভর, নির্জন স্বজনে সঙ্গে রহো।"
তার মনে হলো অনেক দুরাত্মা ভাবতে গিয়ে আজ সে নিজেই হয়ে পরেছে এক পাপাত্মা। নিঠুর সেই অতীত তার কাছে আজ বড় অপাংক্তেয়।
আবার একথাও মনে এলো আজীবন যে সত্য নিয়ে চলার পথ কি ভুল হতে পারে? মনের এই তাপ আমাকে কি তাপিত করবে, নাকি সব শেষে ছাই ভষ্মের স্তুপ হয়ে নিন্দিত হব সমাজের বুকে?
ভাবনার ইতি পরল কলিংবেলের শব্দে। দরজার সামনে দাঁড়িয়ে আমি এই আহাম্মক।
সেদিন গিয়েছিলাম কতগুনো শব্দের কলি নিয়ে। সুরারোপও আমার। শব্দ আর সুর রাগ আশ্রিত।
আমাকে লেখা কথা বলতে দিলো না। শুরু করলো মনস্তাপ। বললো খুব ভুল হয়ে গেছে।
আমি নিরুত্তাপ। ওই ঠাকুরের ভাষাতেই বললাম " ঘটেছে যা ছিলো ঘটিবার, ফলিবে যা ফলিবার আছে"।
লেখা আমার কথা মানলো না। বললো এই ভূত-ভবিষ্যৎ নিয়ে আমার অনুতাপ নেই। বর্তমান আমার কাছে বড় সত্য।
বললাম তাহলে আজ আর নয়। না হয় কালকে এলাম এসব নিয়ে?
অনেকক্ষন মুখের দিকে চেয়ে থাকলো। শেষে বললো তোমরা সংসারী। তোমরা ভালো থেকো।
চললাম বাড়ির পথে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন