সোমবার, ১৪ আগস্ট, ২০২৩

তাকে হিউম্যান বিং বলা এক ধৃষ্টতা

তাকে হিউম্যান বিং বলা এক ধৃষ্টতা

যে সময়ের কথা লিখছি তখনও প্লাস্টিক এর ব্যবহার সেভাবে শুরু হয় নি। পড়াশোনা তখনও শেষ হয় নি তবে শেষ পর্যায়ে পৌঁছেছে। এরপর চাকরির কথা ভাবতে হবে, কারিগরি শিক্ষায় জং ধরলে মুশকিল অথচ পরিসর খুবই সামান্য। 

কংগ্রেস দল সবে মাত্র ক্ষমতা হারিয়েছে। এসেছে নতুন এক সূর্যোদয়। শিক্ষাঙ্গন মন্ডল কমিশন এর রিজার্ভেশন নিয়ে উত্তাল। সেই প্রথম জাত-পাত দেখি এই বাংলায়। এক বেঞ্চে, এক টেবিলে বসে খাওয়ার আনন্দের শেষের শুরু। তখন বুঝিনি এর ভয়ঙ্করতা, যা বুঝলাম আজ ২০২৩শে এসে। তবে সাম্প্রদায়িক বিষয় তখনও মাথা তোলে নি।

শুরুতেই প্লাস্টিক এর ব্যবহার বলেছিলাম। এই লেখায় আসলে ওটাই প্রাসঙ্গিক। বাকিটা শুধুই সময়ের অবতারনা। 

আসলে সেই প্রথম জাতপাত নিয়ে আত্মাহুতি, হত্যা অথবা আজকের পরিসরের রেগিং চোখে দেখা। কোলকাতার কোনো এক শিক্ষাঙ্গনে এক ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে সেই প্রথম বন্ধুর দেহ সনাক্তকরণের জন্যে কাটাপুকুর যাওয়া। স্বেচ্ছায় নয়, তবে সেখানে যাওয়ার মতন কাউকে না পাওয়ায় আমাকে যেতে হয়েছিলো। সে এক নরক দর্শনও বটে। 

খেজুর পাতার পাটিতে কলা পাতার উপর তাকে শোয়ানো। মুখের ভিতরের যন্ত্রনার রেশ তখনও কাটে নি। হাতে একখন্ড রুমাল নিয়ে সামনে দাঁড়িয়ে মনে হচ্ছিলো তোকে এভাবেই চলে যেতে হল?

তখন কাঁচের গাড়ি ছিলো না। উন্মুক্ত আকাশের নিচে তিন চাকার টেম্পু গাড়িতে ওই পাটিতে জড়িয়ে বাধা দেহে অগরু সেন্ট ছড়িয়ে রুমালে নাক চেপে চললাম কালীঘাট শ্মশানের দিকে। 

না আমার শরীরে কোনো জাতপাত, রেগিং বা হত্যার  স্পর্শ লাগে নি। চোখে প্রথমে দু-চার ফোঁটা জল এসেছিলো কিন্তু ওর বাবাকে দেখে সে জল গাল অব্দি গড়িয়ে পরে নি। 

আজও চোখ বুজলে সেই চিত্র ভেসে ওঠে। কৃতি ছাত্রী ছিলো এভাবে চলে গেলো এই ভেবে।

এসব এতকাল মনে পরে নি। হঠাৎ করেই আবার শুরু হয়েছে সেই অতীতের অধ্যায় ২০২০ সালের অতিমারির সময় থেকে। মৃত্যুর পরে আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব কেউ নেই আস পাশে। প্লাস্টিকের আবরনে কারোর বাবা, কারো মা, ভাই, কাকা, দাদা আরো কত বয়ঃজ্যেষ্ঠ আত্মীয়। 

২০২০র পূজোর ঠিক আগে আর মন মানলো না। সব কিছুকে উপেক্ষা করে পরিচিতের ডাকে বেড়িয়ে পড়লাম। না সেই সব দেহগুলোর মুখ দেখা যায় নি। শুধু কতিপয় সরকারি কাগজ হাতে নিয়ে বাড়ি ফিরেছি। সেই নভেম্বরে আমাকেও ধরলো কোভিড। একে একে স্ত্রী, কন্যা সকলেই বিছানা নিলাম। হয়ত কালের নিয়মেই একে একে আমরা সকলে সুস্থ হয়েছি গৃহে বন্দি থেকে। তারপর? মানুষের শরীরে ট্রায়াল শুরু হলো ভ্যাকসিনের।

এসব কাটিয়ে ওঠার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই অতিমারি শব্দটাই পরিত্যায্য করে দিলো। এ এক নতুন পরিহাস।

তবে সেই ১৯৯০ এর ভয়াবহ ছাত্র সংহার ফিরে এলো নিজের মহিমায়। প্রথম আই আই টি এর পর মেডিকেল কলেজ সর্বশেষ যাদবপুর। 

হিউম্যান বিং এর মধ্যে যে এনিম্যাল ইনস্টিংক্ট আজকের শতাব্দিতেও রয়ে গেছে সেটা নতুন করে বুঝিয়ে দেয়। সে ইনস্টিংক্ট কখনো রাষ্ট্রীয়, কখনো ব্যাক্তি মানুষে। 

কোনো এক শতাব্দী প্রাচীন দার্শনিক এর কথা মনে পড়ল। আমি তাঁকে ফ্রয়েড সাহেব নামে জানি। তিনি এই মানুষ সম্প্রদায়ের মধ্যে তিনটি ব্যাঞ্জনা দিয়ে ব্যাখ্যা করেছিলেন। ধুম পরে গেছিলো সমাজের অভ্যন্তরে। মানুষের আবার প্রকার ভেদ? 

সেই ইড, ইগো আর সুপার ইগোর যে ব্যাখ্যা সেটাও এই উন্নত সমাজের ক্ষেত্রে একেবারেই বেমানান হয়ে পরেছে। এক বাক্যে বললে বলতেই হয় মানুষের মধ্যে সত্যিই কোনো পরিবর্তন আসে নি। তাকে হিউম্যান বিং বলা এক ধৃষ্টতা। অন্যান্য স্তন্যপের মতন আজও আমরা এনিম্যালই রয়ে গেছি।

বিশ্বের প্রতিটা খন্ড চিত্র আজ সেকথাই আঙুল তুলে দেখিয়ে দিচ্ছে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন