বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩

কোথায় চলেছি আমরা?

কোথায় চলেছি আমরা?
সকলে আমরা চলেছি। কোথায় চলেছি? কেউ বলতে পারে না সে কোথায় চলেছে। ঠিক হিমবাহের বরফ গলা জলের গতি পথের মতন। বরফ গলে জল হচ্ছে। প্রকৃতির নিয়মে তৈরী আছে তার গতিপথ। কখনো উত্তর থেকে দক্ষিণ কখনো দক্ষিণ থেকে পূর্ব আবার কখনো পূর্ব থেকে দক্ষিণ। পথ তাকে নিয়ে চলে না বরং নিজের চলার পথ নিজেকেই বানিয়ে নিতে হয়। 

কোন সেই গভীর সমুদ্রে তাপ বাড়ে কমে, জল বাষ্প হয়ে পাখা মেলে আকাশে। সে নিজেই জানে না সে কোন পথের পথিক। যখন তার পা ভারি হয়ে ওঠে তখন সে ঝরে পরে। ঝরে পরে মাঠ, ঘাট , নদী, পাহাড়, সমুদ্র সর্বত্র। ঘুরে ফিরে পৌঁছয় সেই পুরোনো বাসস্থান সমুদ্রে।

ঝড় ওঠে ঝড় থামে। গাছ গুলো ভেঙে পরে আবার নতুন শাখা গজায়। পূর্ণাঙ্গ সেই গাছ মাথা তুলে আকাশ দেখে। এ যেন এক ভাঙা গড়ার খেলা। এ যেন সৃষ্টি আর ধ্বংসের মেল বন্ধন। কখনো আশা জাগে ঠিক পরক্ষনেই ফিরে আসে হতাশা। 
এর মধ্যেই আমরা জীবন খুঁজে পাই।
একটা ফুটফুটে শিশু যখন প্রথম আলো দেখে তখন কেঁদে ওঠে। ডাক্তার এই কান্না দেখতে পেলে খুশি হয়। আর আমরা? আমরা শুধুমাত্র মায়ের কোলে সুন্দর একটা শিশুকে দেখতে পাই। কিন্তু কাল? কাল কি হবে এ কথা তখন ভাবি না। এরপর সে বড় হয় আর বুঝতে শেখে কোনো এক কারাগারে সে বন্দি। পথ খুঁজতে গিয়ে সে বুঝতে পারে এই লোহার গরাদ তাকে ভাঙতে হবে। এই প্রথম গর্ভের বাইরে এসে নতুন গরাদ দেখা। এরপর? 
পথ খুঁজে পাওয়া। নতুন আরো এক শৃঙ্খল রচনা। নিজেকেই নিজে বেঁধে সেই দড়ির বাঁধন খুলতে হাতরে যাওয়া। এটাই আসলে পথ খোঁজা। 
অন্তর আর আত্মা, কথা আর বার্তার পথ ধরে তৈরী হয় মন। সে মন তোর আর আমার। এই ভাবে মন্ত্রের জন্ম। 
ওই যে হিমবাহ, ওই যে সমুদ্র, ওই যে জল আর বায়ুর পথ বানানো ওটাই জন্মের পরে প্রথম শিক্ষার আধার। 
এসব বুঝতে বুঝতেই আমরা প্রথমে শপথ নেই তারপর? বিপথগামী হয়ে পরি। অথচ দুটোই তো পথ। কেনো এমন দুটো শব্দের সৃষ্টি? 
কথা গুলো শুনতে পেয়ে পাহাড় নড়ে উঠলো, সমুদ্র উত্তাল হলো, ঝড় উঠলো। 
সদ্য ভূমিষ্ঠ শিশুটা একথা বুঝলো না।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন