রবিবার, ২০ আগস্ট, ২০২৩

এ কোন গড়?

বণিকের মানদন্ড রাজ দন্ডে পরিণত হওয়ার প্রাক্কালে জন্ম হয়েছিলো ফোর্ট উইলিয়াম। সে সময়ের বাংলার স্বাধীন নবাব এই ফোর্ট বানানো বিষয়টি মেনে নিতে পারেন নি। শুরু হয় বৃহত্তর বাংলা বাঁচানোর লড়াই। পরবর্তীতে পানিপথের পরাজয়, মীরজাফরের লালসা এবং স্বাধীনতার কফিনে শেষ পেড়েক পুঁতে দেওয়ার কাজ সম্পন্ন করার প্রক্রিয়া শেষ হয়।

জঙ্গলে ভরা সেই পুরোনো ধর্মতলার পথ ধরে হাঁটতে হাঁটতে সেই ইতিহাস ভাবছিলাম। আমি আজ পাঁচশত বছর আগের স্মৃতি নিয়ে পথ চলছি। একপাশে ইডেন উদ্যান অন্য পাশে মোহনবাগান ক্লাব উদ্যান। একের পর এক ইস্টবেঙ্গল -এরিয়ান্স, মহমেডান মাঠ পেরিয়ে ফোর্ট উইলিয়াম গেটে পৌঁছলাম পায়ে হেঁটে। 

রানু বললো চল উল্টোদিকের ট্রাম ধরে নেই। বললো ট্রামটা মেয়ো রোড, ধর্মতলা, কার্জন পার্ক পরিক্রমা করে আবার ফিরে আসবে এই পথেই। তারপর গড়ের মাঠ এর পাশ দিয়ে টং টং করে ঘন্টা বাজিয়ে আমাদের পৌঁছে দেবে বেহালা ট্রাম ডিপোতে। 

বললাম চল না এই কিছুটা পথ একসাথে হেঁটেই যাই? 

বললো এটা অনেকটা পথ।

ওর চোখের দিকে তাকিয়ে বললাম, বলতো আরো কত পথ আমাদের চলা আছে বাকি?

কিছু আর বললো না। চললাম দুজনায় গড়ের মাঠ ধরে। 

রানু বললো আচ্ছা এটা গড়ের মাঠ কেনো। এটা আগে কার গড় ছিলো?

 হাত ধরে হাঁটছিলাম। হাত ছেড়ে রানুর কান ধরলাম।  বেজায় বিরক্ত হলো। বললো কানটা ছাড়। 

আবার হাত ধরলাম তবে এবার একটা নয় ওর দুটো হাত। বসলাম একটা প্রকান্ড বাদাম গাছের ছায়ায়। বললাম একটু ভাবতে চেষ্টা কর পাঁচশ বছর আগের দিন। তখন এখানে ঘন জঙ্গল। তখন এখানে ঘুরে বেড়ায় শ্বাপদের দল। সেই শ্বাপদ সরাতেই এই জঙ্গল কেটে সাফ করেছিল ইষ্ট ইন্ডিয়া কোম্পানী। 

বললাম ফোর্ট অর্থ  দূর্গ আর দুর্গের আর এক নাম গড়। এজন্যেই এর নাম গড়ের মাঠ।

এই প্রথম রানু আমার হাত ধরলো। বললো এ হাত আর ছাড়ছি না।

আমি ওর কপালে একটা চুমু দিলাম।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন