বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২

অক্ষয়

 আমি টানা রিক্সা চড়া পছন্দ করি না। ভীড় রাস্তায় কাটিয়ে কুটিয়ে গড়পাড় রোড'এ অবলীলায় এরা পৌঁছে দেয়। আমি টানা রিক্সায় চড়ি না। কোনো কোনো দিন স্ট্যান্ডে অক্ষয়কে দেখলে চড়ে বসি। অক্ষয় জাতে উড়িয়া, প্রথমেই বলি গৃহস্থের বাড়িতে ও কাঁধে বয়ে জল দিত। আমার বাড়িতেও ও জল দিত। চামড়ার ব‍্যাগে ভরে টিউকলের জল দেওয়াই ছিল ওর জীবিকা। টাইমকল আসার পর ও রিকশা টানা শুরু করে। ও আমার গন্তব্য জানে। ওর এক ছেলে , এক মেয়ে। ক'দিন আগে ছেলের বিয়ে দিল। মেয়ের বিয়ে দু'বছর আগে হয়েছে। আমাকে অক্ষয় সব কথা বলে। ছেলে রিকশা চালানো ছাড়তে বলেছে ওকে। ও বলেছে বসে থাকলে শুতে ইচ্ছা করবে আর শুয়ে পরলে আর উঠতে পারবো না। ছেলে আর কিছু বলে না। ওর ছেলে-মেয়ে যখন খুব ছোটো তখন ওর হার্টের ব্যারাম ধরা পরে। রিকশা চালাতে বারণ করে ডাক্তার। তবে ও ছাড়েনি। 


আমি ওর মুখেই এসব খবর শুনেছিলাম। তাই এই হার্টলেস রিকশাওয়ালাকে পেলেই চড়ে বসি। আমার মতন কিছু প্যাসেঞ্জার আছে ওর। বে-লাইন ভাবে ওর রিকশায় চড়ে। হার্টলেস অক্ষয়ের রিকশা খুব হার্টফুল তাই। 

যেদিন ও স্তব্ধ হবে সেদিন আমার হৃদয় অতি দীর্ঘ থেকে অতি হ্রস্ব হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন