বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২

ফিরে দেখা ইতিহাস

গ্রেগরীয় বর্ষপঞ্জি হিসেবে ভারতে 

৬০এর দশকে যাদের জন্ম তারা ভীষণ ভাবে যুদ্ধ বিরোধী। এই প্রজন্ম যুদ্ধ বিষয়টি চাক্ষুষ করেনি,  জয়-পরাজয়, আনন্দ- গ্লানি তাদের অনুভবে কিছু আসেনি কিন্তু যুদ্ধের অভিশাপ তাদেরকে ক্লিষ্ট করেছে ঐ ছোট বয়সেই। তাই তারা যুদ্ধ থেকে লক্ষ যোজন দূরে থাকে।

এখন উগ্র-জাতীয়তাবাদ কিংবা ধর্মীয় অসহিষ্ণুতার যে শৈল্পিক বিষয়গুলো নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করে তারা এর ভয়াবহতা দেখেনি।

আমি ১৯৬২'র ভারত-চিন যুদ্ধের বিষয়ে তেমন কিছু লিখতে চাই না। কারণ সদ্য স্বাধীন দুই রাষ্ট্রের সীমান্ত বিষয়ক সমস্যা নিয়ে বহু রকমের কথা প্রচারিত হয়। কোনটা সত্য, কোনটা দেশের অখন্ডতার পরিপন্থী, কেন এরকম বিপরীত তথ্যে বিষয়টি বিশ্লেষিত হয়, তা এই সেকুলার ও সার্বভৌমতাকে আঘাত করে অথবা করে না, সে কথা প্রাজ্ঞ রাজনীতিকদের হাতে ছেড়ে দিচ্ছি। 


তবে ১৯৬৫ ও ১৯৭১ যুদ্ধের কিছু প্রভাব যা বাংলার সমাজ জীবনে পরেছিল তা ভোলার নয়।

১৯০৫ সালে বঙ্গভঙ্গের যে স্বজন বিয়োগের দুঃখ‍ বাংলা ও বাঙালির হৃদয়ে গ্রথিত হয়েছিল তার প্রভাব আজও রয়ে গেছে। ১৯৬৫'র যুদ্ধ ছিল একটা আগ্রাসন। সেই আগ্রাসন প্রতিহত করে ভারত ক্ষান্ত হয়। ১৯৭১ এর যুদ্ধ ঠিক তেমন ছিলো না। তৎকালীন বিভাজিত দুই দেশের মধ্যেকার বৈরীতার থেকেও যা বিশেষ ভাবে নজরে আসে তা হলো একই দেশের মধ্যে থেকেও পূর্ব পাকিস্তানের  উপর পশ্চিম পাকিস্তানের বৈমাত্রেয়সুলভ ব্যবহার। এটা ছিলো বাংলা তথা বাঙালির আদি-অকৃত্রিম মেরুদন্ডের লড়াই।

শুরু হয় ভাষা আন্দোলন দিয়ে আর শেষাঙ্ক স্বাধীন বাংলাদেশ গঠন। 


এবার প্রসঙ্গে ফেরা যাক। প্রথমেই লিখেছিলাম ৬০ এর দশকে যাদের জন্ম তারা ভীষন ভাবে যুদ্ধ বিরোধী।

আমরা যুদ্ধের শেষে সমাজের যে কঠিন অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক অবস্থা হয় তার শিকার। 

অনেক ইচ্ছা মুকুলে ঝড়ে গেছে আবার অনেক কিছুই কষ্ট করে অর্জন করতে হয়েছে যা আজকের দশকের যুবসমাজ ভাবতে চায় না। ইতিহাস বড় নির্দয় আর সে কারণেই তার পুনরাবৃত্তি ঘটে। এত কথা লিখছি শুধু একথা ভেবে রাজনীতির আঙিনায় শিক্ষিত মানুষের খুব অভাব। ছাত্ররা তার ক্যারিয়ার নিয়েই ব্যস্ত। আমরাও সেভাবেই তাদের চালিত করছি। ন্যূনতম সমাজ বিষয়ক ধারণা তাদের কাছে আমরা পৌঁছে দিতে পারছি না।আমাদের কাছে মুশকিল হল দক্ষিণপন্থা  আর বামপন্থা দুটোরই প্রত্যক্ষ প্রভাবে আমরা জর্জরিত। দুই রাজনীতিই পরবর্তী প্রজন্মের কাছে একই দোষে দুষ্ট। তবে সবকিছুর উপরে উঠে আজ আমাদের একথা স্মরণ করা বিশেষ প্রয়োজন অন্যথায় আমরাও এক ক্ষমাহীন অপরাধে অপরাধী হিসাবে ইতিহাসে জায়গা করে নেব।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন