শনিবার, ১৩ আগস্ট, ২০২২

বর্ষা সত্যিই আসেনি

 এবার আকাশের বুকে চাতক পাখির দেখা মেলেনি। ওরা জলের আশা ছেড়ে দিয়েছে। ভয়ও পেয়েছে বিস্তর। আকাশের দিকে মুখ করে উড়তে গিয়ে ভয় পেয়েছে। আমার মতন ওদের চোখেও সাদা একরাশ কেশে'র  বহর নিয়ে, নাক উঁচু করে পাখা মেলে ভেসে চলা মায়াবী মেঘ ধরা পরেছে। কালো মেয়েরা এবছর আসেনি এখনো। তৃষ্ণায় জল পায়নি চাতক। 

আকাশের দিকে তাকিয়ে মনমরা মাটি    হাহুতাস করে। পূজোর আগে তার বুকের উপর সাদা কাশফুল ফুটবে তো? শরতের জলকাঁপা  হাওয়ায় তার কোমর  দুলবেতো? নয়ানজুলিতে পদ্মপাতা শুকিয়ে গেছে। সেখানে ঘোলাটে জলে খলসে মাছ খেলছে। কালো বক তাই আর আসে না। মৌমাছির দল মক্ষিরাণিকে নিয়ে প্রত্যন্ত সাগর পাড়ে ঘর বেঁধেছে। ফণীমনসা দিব‍্যি আছে। এই শ্রাবণের শেষেও তার চাকচিক্যে অভাব হয়নি। তাকে কোন সেই মরুদ্যান থেকে এই জলে ভরা বাংলায় এনে কেউ রোপণ করেছিলো। সে আর ফিরতে চায়নি। সে তৃষিত থাকতে চায় না। এবার সেও স্বপ্ন দেখেছে, ভয়ও পেয়েছে ভীষণ। বাংলা মরুভূমি হয়ে যাবেনা তো?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন