বর্ষা রাগ করেছে। সে আসেনি। আসতে গিয়েও মাঝ পথে এসে ফিরে গেছে উৎকলের কাছে। বর্ষা সত্যিই রাগ করেছে। এই বাংলার মায়েরা ছাঞ্চাতলায় দাঁড় করিয়ে তার একমাত্র ছোট্ট মেয়েটাকে টিনের চালে জল ছড়িয়ে স্নান করালো। আর বাপেরা রাস্তায় ব্যাঙ মেরে উপুর করে শুইয়ে রাখলো। তবুও বর্ষারাণীর মান ভাঙলো না। সে শুধুই উড়ে বেড়ায়। একবারও ফিরে তাকায় না বাংলার খাল, বিল, নদী, নালার দিকে। মাঠ গুলো খাঁ খাঁ করে। চড়ুই পাখিগুলো আজকাল এসি'র জলে ডানা ভেজায়। কুকুর গুলো দিন রাত জিভ বার করে বসে থাকে। সমুদ্র হঠাৎ হঠাৎ ক্ষেপে ওঠে। বাঁধ ভেঙে গ্রাম-গঞ্জে ঢুকে পরে। তার নোনা জলের স্রোতে ধানের আর শিষ আসে না। পুকুরের মিষ্টি জলের মাছগুলো চিত হয়ে ভেসে ওঠে। পচা গন্ধে মাছরাঙারা মূর্ছা যায়।
সত্যিই বর্ষা রাগ করেছে। সে আসেনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন