খাল, বিল, ভেড়ি, পুকুর দেখলেই ভোম্বল দাঁড়িয়ে পরে। মাছ ধরার আকর্ষন ওকে পুকুর পারে দাঁড় করিয়ে দেয়। পুকুরের জল নড়ে, মাছ ফুট দেয় এসব সে দেখে আর বলতে থাকে এটা কোন মাছ ফুট দিচ্ছে। কই, শিঙি, ভেটকি বা চিতল সবার জলকেলি ও চেনে। এসব ও ওর বাবার কাছে তালিম নিয়েছে। শোল বা ল্যাঠা মাছের বাচ্চা নিয়ে ঘুরে বেড়াতে দেখলে দাঁড়িয়ে পরে। ও বলে ঝাঁকের তলায় এই বাচ্চাগুলোর মা-বাবা দুজনই আছে। ভালো খাবারের টোপ দিলে ছানাগুলোর মা ঘপাত করে খাবে আর ধরা পরবে শিকারির হাতে। এর পর বাবার পালা। ভোম্বল এই বাচ্চাদের নিয়ে চলা মা-বাবাকে ধরে না । ওকে ওর বাবা মানা করেছে। মাছ ধরার হাতেখড়ি বাবার কাছে। এটা ওর বাবা ওকে শিখিয়েছে।
কখনো ইয়ার আলীর পুকুর, কখনো বেলেঘাটার দিঘি বা ইটভাটার পুকুর, কখনোবা কোলকাতা পোর্টের ডক ইয়ার্ড। গ্রীষ্মের দিনে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মাছ শিকারে দৌড়ে বেড়ায়।
কত রকমারি ছিপ আর হুইল ওর আছে ভাবা যায় না। আর বঁড়শি? সেখানেও বৈচিত্র। নামে ভোম্বল হলেও এ ব্যাপারে সে পন্ডিত। কোন মাছ কোন টোপে সন্তুষ্ট এগুলো ওর নখদর্পণে।
আমি ছোটবেলায় বাড়ির পুকুরে ছিপ ফেলতাম। পুঁটি মাছ, কই মাছ, ট্যাংরা মাছ, শিঙি মাছ, ফলোই মাছ অবলীলায় ধরতাম। সাথে থাকতো আমার মা। বলতো ছিপের মাথা দিয়ে পুকুরের জলটা একটু নাড়িয়ে দিতে। দিতামও। মা আমাকে কেঁচো তুলে দিতো, আঁটা মেখে দিত। এগুলো মাছের টোপ। মা বাংলাদেশে বড়ো হয়েছে আর মাছ ধরা শিখেছে দিদার কাছে। আমি সেই ধারাতেই মাছ ধরা শিখেছি।
ভোম্বলের সাথে এ ব্যাপারে আমার খুব মিল। একটা দু'চাকার গাড়ি আছে ভোম্বলের। সময় পেলে ঘুরে বেড়াই এখানে ওখানে দু'জনে। দাঁড়িয়ে পরি জলাশয় দেখলেই। আর মাছ ধরছে দেখলে তো কথাই নেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন