শুকনো মাঠ ঘাট। ব্যাঙেরা গ্যাঙোর গ্যাঙোর গ্যাঙ করেনি। শাপলা শালুকের দেখা নেই। ব্যাগ হাতে শামুক,ঝিঁনুক,গুগলি ধরতে আসেনি কেউ। পদ্ম পাতায় এবার জল গড়াচ্ছে না। কুঁড়ি ও ধরেনি পদ্মবনে। মাছরাঙারা দেশ ছেড়েছে। আকাশ ভরা শকুন আর মাঠ ভরিয়ে রেখেছে হায়নার দল। কখনো শুষ্ক কখনো ক্লেদার্ত শরীরে চাষি ধান রুয়েছে। চারাগুলো অচিরেই লাল হয়ে শুকিয়ে গেছে। গালে হাত দিয়ে গৃহিণী বলছিল এবার নবান্ন হবে না। মহাজন ওঁত পেতে আছে জমি জায়গা হাতাতে।
আর রাষ্ট্র? নির্বিকার।
এবার গঙ্গা, মাতলা, হাতানিয়া দোয়ানিয়া সবাই হাঁপিয়ে পরেছে। শুশুকেরা নদীতে আর জলকেলী করে না। ধীবর শুধু আকাশের দিকে তাকিয়ে থাকে। কন্ঠে সেই পুরাতন ফুঁকার আর আসে না। নদীরা মাঝে মধ্যেই তার চরিত্র বদলায়। অসময় বান আসে নদীতে। কাদা ভরা জল আক্রমন করে শ্বাপদের মতন। কাঁকড়া ধরতে গিয়ে কাদা জলে ডুবে মরে মানুষ।
সাপ গুলো ব্যাঙ ধরতে বসে নাজেহাল হয়। ক্রুদ্ধ ক্ষিপ্ত ক্ষুধার্ত সাপ কামরে থাকে মাটি। যাকে পায় তাকেই খাবার ভেবে কামরায়। বিষ দাঁত ভেঙে গেছে তার।
কাল পেঁচারা দিব্বি আছে। সে অশ্বত্থের ডালে বসে বলে ,আরো কিছু বাকি আছে?
হ্যাঁ বাকি আছে বৈকি। মা দূর্গা আসছেন তো। সঙ্গে পরিবার। খাবার তাঁর জুটবেতো?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন