চোখ যখন কথা বলে
"১"
বাজার এর চা দোকানে বুড়োদের আড্ডায় আলোচ্য বিষয় খুব মনোগ্রাহী। বিষয়টা গাণিতিক হয়েও বাস্তব এর সাথে তার কোলাকুলি দেখে সেই ছোটো বেলার স্মৃতি সুখেন ভুলতে পারে নি। সেদিন কোনো এক বয়ঃবৃদ্ধ জন ঘুগনি-মুড়ি খেয়ে একটা ডিম সিদ্ধ দিতে বললো দোকানিকে। সদ্য যুবক হওয়া সুখেন চা শেষ করে একটা সিগারেট ধরাতে সবে মাত্র পা বাড়িয়েছে রাস্তার দিকে। সেই সময় গুরুজনের সামনে সিগারেট জ্বালিয়ে সুখ টান দেওয়া নতুন প্রজন্মের কাছে ছিল এক অসম্ভব বিষয়। ওই বৃদ্ধ মানুষের কথার স্রোত তাকে বসিয়ে রাখলো দোকানের বেঞ্চে। সেই বৃদ্ধ দু-টুকরো করা বিট লবণ লাগানো ডিমটা মুখে তুলে সেদিন দীর্ঘশ্বাস ফেলে বলছিলেন, ছাত্র জীবনে প্রথম যোগ অঙ্ক শিখলাম আর শেষে শিখেছিলাম ভাগ অঙ্ক। দেশ বিভাগের পরে প্রথম বুঝলাম ওটা ভুল শিক্ষা। ছাত্র হিসাবে সেদিন জানতাম যোগ খুব সহজ আর ভাগ খুব কঠিন। যে দিন এই দেশটাকে দুভাগে ভাগ করা হলো সেদিন থেকে আমি নতুন অঙ্ক বুঝলাম। বুঝলাম ভাগ সহজ, যোগ বড়ো কঠিন।
এই স্মৃতি বিজড়িত কথাগুলো সুখেন ভুলতে পারে নি। বঙ্গভঙ্গ তার পূর্ব পুরুষ মানতে পারে নি আর ভারত বিভাগ করার পর্যায়ে সেই বিভাজন বহাল রাখা সে মানতে পারে নি।
দু-টুকরো করা ডিম এর পরের টুকরো টা সে পাতে রেখে উঠে পরলো। আমার পাশে বসে থাকা অচিন মানুষটাকে বললাম উনি না খেয়ে উঠে গেলেন কেনো? তিনি বললেন তুমি বুঝবেনা ভায়া। এটা এক প্রাত্যহিক বিষয়। অনেকে অনেক প্রশ্ন করেছেন, উত্তর পাওয়া যায় নি।
পরের দিন যথা সময়ে সুখেন এলো সেই চা দোকানে। তিনিও এলেন। সুনির্দিষ্ট ভাবে আধখানা ডিম না খেয়ে তিনি উঠে গেলেন। সুখেন চললো তার পিছু পিছু। পথ আটকে তাকে বললো মামা আপনি কেন এমন আধখানা ডিম প্রতিদিন না খেয়ে উঠে পড়েন? নাছোড় সুখেন কে সেদিন তিনি উত্তর না দিয়ে যেতে পারলেন না।
তিনি কি উত্তর দিয়েছেন সুখেন তা বলে নি। শুধু তার চোখ সেদিন কথা বলেছে।
"২"
বাঙালির জাত্যাভিমান ও তাদের মেরুদন্ড এই পৃথিবী তিন বার দেখেছে। প্রথম দেখা মিলেছিলো ১৯০৫ খৃষ্টাব্দে। সেই সে প্রথম আঘাত।
ব্রিটিশ রাজতন্ত্রের ভীত কেঁপে গিয়েছিলো সেদিন। বাঙালীর উত্তাপ পৌঁছেছিল গোটা দেশ থেকে দেশান্তরে। ১৯১১ খৃষ্টাব্দে বঙ্গভঙ্গ রদ হলেও তার আঁচ ছড়িয়ে পরেছিল গোটা দেশে। শেষে ১৯৪৭এর সকাল। আয়ারল্যান্ড যা পারে নি এই বাংলা তা করে দেখিয়েছিলো। এটাই বাংলার মানুষের মেরুদন্ড।
দেশ বিভাগ এই পর্যায়ের নতুন এক প্রক্রিয়া। জাতিয়তাবাদী উন্মেষ এর শিখরে ছিলো মূলত তিনটে রাজ্য। প্রথম বাংলা দ্বিতীয় পঞ্জাব আর তৃতীয় মহারাষ্ট্র। অন্যান্য রাজ্যের নিরিখে এটা ছিলো ব্যাক্তি স্বার্থের একটা লাভ-ক্ষতির হিসেব কষা। হয়ত এজন্যেই দেশ বিভাগের পর্যায়ে বাংলা আর পঞ্জাব কে লক্ষ্য করে যত রকমের অবিচার করা সম্ভব সেটা সংগঠিত হয়েছিলো। পঞ্জাব মেনে নিলেও বাংলা গর্জে উঠেছিলো পূর্ব পাকিস্তানে।
১৯৪৮ খৃষ্টাব্দের শেষে সবে মাত্র অবিভক্ত চব্বিশ পরগনার তেভাগা আন্দোলন ফসল তুলেছে এপারে আর ওপারে শুরু হয়েছে ভাষার লড়াই। ১৯৫২ র ২১শে ফেব্রুয়ারি নিয়ে এলো এক যুগান্তকারী রক্তক্ষয়ী জয় এর পতাকা। সেই পতাকা আজও পতপত করে ওড়ে বিশ্বের দরবারে।
এর পরে এলো সেই মুক্তিযুদ্ধের দিন। তেভাগায় লড়াই করা মানুষের মনে সেদিন জেগে উঠেছিল অবিভক্ত বাংলার এক স্বপ্ন। এপার থেকে জনে জনে মানুষ মুক্তি যোদ্ধার বেশে সেদিন পাকিস্তানের পূর্ব প্রান্ত ভরিয়ে দিয়েছিলো। সলিল এর সুরে গান ধরেছিল " আয়রে পরাণ ভাই আয়রে রহিম ভাই।" এর পরে তৈরী হয়েছিলো বাংলাদেশ। এ যেন ঠিক 'জয় বাংলার জয়।"
হয়তো এই বাংলা রাজ্য না হয়ে যদি রাষ্ট্র হত, বার্লিনের প্রাচীর ভেঙে যেমন দুই জার্মান তার জাত্যাভিমান দেখিয়েছিলো বাংলাও দেখাতে পারত।
আসলে এই আয়ারাম গয়ারাম এর দেশে জাত আছে কিন্তু অভিমান নেই। শুধু বাঙালি সম্প্রদায়ের মানুষ জন এই ভাবাবেগ নিয়ে চলে। অন্যান্য পড়শীরা বলে 'হে পৃথ্বী স্থিরা ভবঃ'।
আজ মধ্যগগনে পৌঁছে মৃত মামার সেই পুরোনো কথপোকথন আজ সবার সামনে এনেছে সুখেন। যদিও দোলাচলে চলে যাওয়া বৃদ্ধ মামা ঠিক চাঁদ মামার মতন এক আন্তর্জাতিক মানুষের রূপ পেয়েছেন।
তিনি সুখেন কে বলে গেছেন একটা কথা মনে রাখবি ' য তিষ্ঠতি স্ব জীবতি।'
সুখেন নিজের মামার কথা আজও স্মরন করছে অহোরাত্র।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন