আনন্দের শেষ তিমির
১ম নাম দিয়েছিলেন পিসেমশাই স্কুলে প্রথম হওয়ার কারনে। ক্রমে ক্রমে নামটা ভাইরাসের মতন ছড়িয়ে পরল। আসল নামটা যে কয়েক জন জানতো তারা সবাই সহপাঠী। আসল নামটা আসলে হারিয়ে যাওয়ার নামান্তর। এজন্যেই অচিন কে ১ম নামেই সবাই ডাকতো। ফাল্গুনে যেমন আম গাছে মুকুল আসে ঠিক তেমন অচিন এর বাড়িতে দূর্গা আসেন। দূর্গার পুরোনো কাঠামোটা দোলযাত্রার দিনে নতুন ভাবে জাগে। এরপর তার উপর মাটির প্রলেপ, গঙ্গা মাটির প্রলেপ অবশেষে তেঁতুল দানা সেদ্ধ করে সেই আঠালো তরলের সাথে রঙ মিশিয়ে শুরু হয় রঙের প্রলেপ।
চৈত্রের কাঠফাটা দিনে ঘাম ঝরিয়ে প্রতিমা বানান পাল মশাই, মুচি কাঁধে করে নিয়ে আসে ঢাক আর পুরুত মশাই ঘেমে নেয়ে চন্ডীপাঠ করেন মা দূর্গার সামনে বসে। নবমীর দিন যখন পাঁঠাটা বলীর পাঁঠা হিসেবে হাঁড়িকাঠে গলা দেয়, অচিন বিরক্ত হয়। ঢাক বাজাতে বাজাতে হাতের কাঠি ছিটকে পরে। ঘরে এসে সে মা কে বলে আমি কখনো আর বলীর বাজনা বাজাবো না। মা মিনাক্ষী হেসে বলে কেনো কি হয়েছে? অচিন কিছুক্ষন চুপ করে থাকে, শেষে বলে স্কুলে যারা পড়া পারে না তাদের মাষ্টারমশাই মারেন।
আমি একদিন বলেছিলাম কেন মারছেন?
বলেছিলেন ও একটা পাঁঠা।
মা বললেন তাতে কি হয়েছে?
বললাম এই পাঁঠা বলি দেওয়া দেখলেও আমার ওদের কথা মনে হয়। মনে হয় যে ভুল মাষ্টারমশাই করছেন সেই ভুল এখানেও হচ্ছে। স্কুলে ওরা যেমন অবলা এখানেও ঠিক তেমন। বলীর পাঁঠার শেষ ডাকটা আমার হাত থেকে ঢাকের কাঠি ফেলে দেয়।
অচিন এর এই কথাগুলো মিনাক্ষী কে অবাক করেছিলো, আর সেই থেকেই গিন্নির কথায় অতীন বাবু বলি দেওয়া ছেড়েছেন।
একটু সময় চলে গেছে কোনো এক ঘড়ির ঘূর্ণনে। ১ম নাম অচিন নামে বিস্তৃত হয়েছে। ১ম নামটা থেকে গেছে সেই ছোটবেলার ঘনিষ্ঠ কারোর কাছে।
অচিন এখন অন্য গ্রহের মানুষ। বিজ্ঞানের ছাত্র এখন সাহিত্য নিয়ে দিন কাটায়। সাহিত্যের পথ বেয়ে সেদিন কোনো এক চা এর দোকানের আড্ডায় এক সহপাঠী বান্ধবীর সাথে দেখা হলো। তিনি বাগ্মী এবং প্রতিষ্ঠিত একজন লেখিকা।
একটু ইতস্তত ভাবে বললেন আপনি ছোট বেলায় অন্য কোনো নামে স্কুলে, পাড়ায় অথবা পরিবারে পরিচিত ছিলেন?
অচিন ওই মহিলার মুখটাকে কিছুতেই মনে করে উঠতে পারে নি। কিন্তু বড় পরিচিত এ মুখ, এজন্যেই বেঞ্চ ছেড়ে উঠে চা এর দাম মিটিয়ে সামান্য অযাচিত কথার উত্তর না দিয়ে নিজের মতন বাড়ির পথে পা রাখলেন।
তিনিও উঠে দাঁড়িয়ে বললেন তুই কি আমাকে চিনতে পারিস নি?
অচিন কিছু বলে নি তখন, শুধু বলেছিলো একটু ভাবতে হবে। বলেছিলো এই পরিমন্ডলে আমি নবীন। আমি কখনো অঙ্ক কষি কখনো বাংলায় তরজমা করি নানান বিষয় নিয়ে।
তিনি বললেন তাপসী নামটা তোর মনে পরে?
অচিন অনেক কিছুই ভাবছিলো, শুধু যেটা তার ভাবনার অতীতে ছিলো সেটা সেই সামান্য নাম এর পরিচিতি। সে যেদিন অচিন নামের চেনা মুখ হয়েছে সেদিন থেকেই সেই পুরাতনকে সে ভুলেছে। হঠাৎ এই চা এর আড্ডার স্বল্প পরিসরে কোনো একজন মহিলা তাকে এভাবে চিনতে পেরেছেন দেখে অতীতের কিছু কথা মনে পরলো। সে দেখতে পেলো পুড়ানো চোখে কোন এক প্রাথমিক স্কুলের পরিপাটি পড়াশোনা। সেখানে যে বা যারা সেদিনের প্রতিদ্বন্দ্বী এই মুখটা ঠিক যেন তাদেরই কারোর।
সেদিন অচিন কিছু না বলেই বাড়িতে ফিরলো। নিজের মনকে সে বললো তিষ্ঠ বৎস তিষ্ঠ।
সেই রাতটা অচিন ঘুমোতে পারে নি। বাড়িতে ফিরে আসার পর থেকেই মোবাইল ফোনটা বেজে চলেছে। ট্রু কলার কখনো দেখাচ্ছে তাপসী, কখনো মালা, কখনো নাতাশা, কখনো কেয়া, কখনো সুব্রত, কখনো জয়ন্ত আরো অনেক অনেক নাম।
অচিন ফোনটা বন্ধ করে নিজের প্রতিদিনের কাজ অসমাপ্ত রেখে শান্তিতে ঘুমিয়ে পরলো। পরের সকালে ফোন খুলে সে বুঝলো ছোটো বেলার অসমাপ্ত জীবনের এক নতুন হাতছানি। এখানে যদিও তার থাকার ইচ্ছে নেই তবুও এই ঘেরাটোপ তাকে ঘিরে ধরলো।
ফোনটাকে নিঃশব্দ করতে সে নিজের টাইম লাইনে লিখলো হ্যাঁ আমি সে।
"২"
অতীন বাবু অনেক চেষ্টা করেও অচিন কে সংসারী করতে পারেন নি। সংসার আর সমাজ এর একটাই ফারাক। একটা ছোটো আর অন্যটা বড়ো। ওই বড়ো বিষয়টা অচিন এর কাছে গ্রহণযোগ্য। পরিসর বড় হলেও কথায় সে বড় হয় নি কখনো। এই পরিসরে সে এক টুকরো কাঠ ধরে নিজেকে জলের উপরে ভাসিয়ে রেখেছে। কখনো তার মনে হয়েছে এই কাঠের টুকরোটা যদি পচে যায় সামাজিক প্রবাহে দমবন্ধ হয়ে তাকে মরতে হবে, তবুও অটুট ভরসা ঐ কাঠের টুকরোর উপর। সে তার শিক্ষায় বুঝেছে মানুষ পচে যেতে পারে, পরিবার গলে যেতে পারে, সমাজ কখনো শেষ হয়ে যায় না। সেখানে সারি সারি ভালো মন্দের আসা যাওয়া, সেখানেই শিক্ষা, সেখানেই সাত সাতটা রঙ বিরাজ করে, সেখানেই এই সাত রঙের মিশ্রন হয়, সেখানেই আলো ফোটে নিজের মতন ভাবে, সেখানে রঙ কোনো প্রাধান্য পায় না শুধু আলো আর আলো।
হাতে ধরে রাখা ফোনটা কর্কশ ভাবে শব্দ করলো প্রথমে ইচ্ছে হয়েছিল কেটে দিতে, অজান্তেই সে বললো হ্যালো। অন্য প্রান্ত প্রশ্ন করলো, চিনতে পেরেছিস?
কান থেকে নামিয়ে হাতে রেখে সে হাঁটতে শুরু করলো। অনেক পথ হেঁটে চলার পথে আর নতুন কোনো ফোন আসে নি। ফোনের পর্দায় চোখ দিতেই সে বুঝলো ঠিক তার মতন অন্যপ্রান্তে অন্য কোনো জন তার কথা শোনার জন্য অপেক্ষা করছে।
মন চাইলেও প্রান চাইলোনা, এভাবেই পরে থাকলো ফোনটা। খাওয়া হলো রাত শেষ হয়ে দিন গড়ালো। সকালে ফোনটা হাতে নিয়ে সে বুঝলো অন্যপ্রান্তে এখনো কোনো একজন ঠাঁয় তার সাথে কথা বলার অপেক্ষায় অপেক্ষারত।
সেদিন তার সম্মান মনে হয় বাঁচিয়ে ছিলো অন্য প্রান্তের মোবাইল ফোন এর ব্যাটারি। হয়ত এজন্যেই সেদিন আর অচিন কে কথা বলতে হয় নি।
এই প্রথম তার মনে হলো পরিবার বাদ দিয়ে সমাজ হয় না। মনে হলো সেই কোন কালে ছেরে আসা পরিবার আজও তাকে ফিরে পেতে আগ্রহী অথচ সে?
সেদিন সকাল সন্ধ্যা শেষ করে মধ্যরাতে সে ফোন করলো ওই ধরে রাখা ফোন নাম্বারে।
উত্তর এলো এক কর্কশ পুরুষ কন্ঠ থেকে। তিনি বললেন যার সাথে আপনি কথা বলেন নি, তিনিও আর কথা বলবেন না।
অচিন বললো কেনো?
উত্তর এলো, তিনি কখনোই আর কথা বলবেন না।
অচিন ওই মাঝ রাতে দৌঁড়লো সেই না কথা বলা চা এর দোকানে।
সেখানে তখন অন্ধকার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন