শনিবার, ১৬ মার্চ, ২০২৪

মামা ভোলানাথ

ভোলানাথ শেষ নিঃশ্বাস ছাড়লেন। ফুসফুসে সরাসরি অক্সিজেন দেওয়া হয়েছিলো। হৃদপিণ্ডের কার্বন ডাই অক্সাইড নিয়ে তেমন কোনো কাজ ছিলো না। পুলিশ নাতজামাই ডাক্তারি শিখে সরকারি হাসপাতালে ভোলানাথ এর নাকে নল লাগিয়ে অক্সিজেন কন্ট্রোল করতে ব্যাস্ত ছিলো। ওই কি এক  ৯৪, ৯৫ ইত্যাদি বিষয়ক কিছু কথা বলে বুদবুদ ওঠা কাঁচের শিশি দেখিয়ে অত্যন্ত স্মার্ট বয় এর মতন বিদায় নিলো। 

ভোলানাথ এর ভাগ্নে এসব দেখে ভেবেছিলো, ইনি জুনিয়র ডাক্তার হবেন। 

পরের সকালে ভোলানাথ প্রাণ হারিয়ে হাসপাতালের বেড খালি করলেন। ভাগ্নে হাসপাতালে পৌঁছে পাশের বেড এর রুগীর কাছে শুনলেন কেউ কাছে না থাকলে এমনই হয়।

আফশোস হলেও তখন আর কিছু করার ছিলো না শুধু ভিজে ওঠা চোখ দুটো মোছা ছাড়া।

হ্যাঁ ভোলানাথ মারা গেছেন। সরকারি হাসপাতালের বেড এ বুকের উপরে সেদিনও জেগে ছিলো সে অনাদি অনন্ত নিজের হাতে বানানো যজ্ঞপবীত পড়া সেই দুগ্ধ ধবল শ্বেত উত্তরীয়। তার ওষ্ঠতে বসে থাকা মাছি গুলো তাড়িয়ে রুমালে চোখ মুছে সেই শেষ বারের মতন তার ভাগ্নে বাড়ি ফিরলো।

এরপরে আর কখনো সে মামা বাড়ির পথে পা রাখেনি।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন