আলালের ঘরের দুলাল।
নামে সে তৃপ্তি হলেও জীবন বোধ এ সে এক অতৃপ্ত আত্মা। জনসমুদ্রে সে পৌঁছতে পারে নি, তার পরিসর ছিলো স্ট্রিট কর্নার থেকে পপুলার চা এর দোকান পর্যন্ত। সে বলতো প্রেম বা ভাবাবেগ থেকে নয়, শুধুমাত্র রাষ্ট্র ব্যবস্থা বিষয়ে কবির কথায় এক নগ্ন উপলব্ধির কটা পংক্তি; ' কেউ কথা রাখে নি।"
বলবে নাই বা কেনো? পাঠ্যক্রমের বাইরে পড়ে ফেলা লেখাগুলো আজেবাজে কোনো লেখা নয়। কখনো রবীঠাকুর কখন এই আমাদের শরৎবাবু। ওঁরা বলতেন সাম্রাজ্যবাদী, পাঠান, কখনো মোঘল। এর পর এসেছিলো স্বাধীনতা।
অতৃপ্ত তৃপ্তি চা এক কাপে ঝড় তুলে বলতো বসন্তে ঠাকুর আসুন অথবা শরৎ এ শরৎ এলেও এ যুগে দৃপ্ত কন্ঠে বলতে পারতেন না 'ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে।"
বলতো তবুও ভালো ছিলো ওই সব লুঠেরা ভাগ্যিস নিয়ে গেছিলেন ঐতিহাসিক সম্পদগুলো, না হলে কোনো এক গোখরো সাপের মস্তিষ্ক অলঙ্কৃত করতো কোহিনূর মণি।
বিরাট এক থাপ্পর পরলো তৃপ্তির গালে। মোলার দাঁতটা নাড়াতে পারে নি ওই থাপ্পর। নাক এর পাশ দিয়ে রক্ত পরছিলো আর তৃপ্তি হাসছিলো।
পরের দিন চা এর দোকানি তৃপ্তিকে বললো আপনি না এলে ভালো হয়। আমার দোকানে সব ধরণের মানুষ আসেন, আপনিও আসেন তবুও কি যে হয়েছে জানি না। সেদিনের পর থেকে অনেকেই এখন আর আসে না। সেদিন তৃপ্তি দোকানি দুলালকে বললো তোমার বাড়িতে গেলে এরকম এক কাপ চা খাওয়াবে তো?
দুলাল মানুষ নিয়ে চলতে অভ্যস্ত। এই দোকান দু পুরুষের। অসংখ্য মানুষ এই বেঞ্চ আর টেবিল এ বসেছে। সত্তর এর দশকে এরকম কিছু অঘটন সে শুনেছে বাবার মুখে। তবুও এই আধুনিক জীবনের সাথে সে অতীত কে এক করতে পারছিলো না।
এরপরে তৃপ্তি আর আসে নি।
ইলেকশন এ সিলেকশন এর পর একদিন বিকেলে তৃপ্তি রাস্তার পাশে গজিয়ে ওঠা কোনো একটা চা এর দোকানে বসে বাঙময় শব্দে পাগলামো করছিলো। রাস্তায় মানুষের ভিড় দেখে দুলাল দাঁড়িয়ে পরলো। তৃপ্তি তখন চা এর কাপটা সবে মাত্র হাতে তুলেছে।
না দুলাল এসব দেখেও সেদিন কিছু বলে নি। আসলে পিতৃ পিতামহের সাথে প্রজন্মের পার্থক্য আজকের সমাজে দস্তুর।
রোজগারের স্বার্থে কেনো এ কথা সে বুঝবে ?
তৃপ্তি মাঝে মধ্যেই ইঙ্গিত এর মতন শব্দে জনসমক্ষে বলে, এখন আমাদের জীবনটা ঠিক নির্দায়ী ডিভোর্সির মতন। সমাজ সংগঠনে যেমন রাজনীতিকদের দায় নেই ঠিক তেমন সংসারে আবদ্ধ জীবন আজ নির্দায়ী ডিভোর্সি।
আবার শুরু হলো " লক্ষ শত ভক্ত চিত বাক্য হারা" মানুষের আনাগোনা। তারা তৃপ্তির কথা এখন বাক্য মনে করে।
তৃপ্তি সংযত ভাবে বললো, বিকেল বেলায় দুলালের দোকানে এক পেয়ালা চা ছিলো অনেকটা অভ্যাসের মতন। সেই অভ্যাস ত্যাগ করে এখন এই পথ পারে গড়ে ওঠা উদ্বাস্তু পরিবারের শরিক হয়েছি। সেদিনই বুঝেছিলাম দুলাল ব্যবসা বুঝলেও মানুষকে তেমন গুরুত্ব দেয় না। ওর কাছে আমরা সবাই ক্রেতা আর বিক্রেতা সম্পর্কের বাইরে কেউ নই।
তফাৎ গড়ে দিয়েছে বাবুই আর চড়াই। আমি অনেক দিন ছিলাম চড়াই এর দরবারে। এখন বাবুই এর সাথে বেশ আছি। না হয় লিকার একটু কম হলো, না হয় চিনি নিয়ে একটু ছিনিমিনি হলো, না হয় দুধটা ভালোভাবে ফোটানো হয় নি। তবুও বলতেই হয় আন্তরিকতায় কিছু কম নেই, মানবিকতায় তারা রাস্তার পাশের উদ্বাস্তু, চঞ্চলতায় তারা আজানুলম্বিত।
এভাবেই দুলাল নামটা ভুলে গেছে তৃপ্তি। সে তৃপ্ত আজ গগন তলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন