নিরুত্তাপ ভাবে তিনি বলেছিলেন ওরে বাঁশের গোড়া থেকে বাঁশ আর নলের গোড়া থেকে নলই জন্মায়। এ সব বুঝে তোর কাজ নেই বরং আমার থেলো হুঁকোটা সেজে আন একটু প্রসাদ পাবি।
বসন্ত বাবু আর কথা বাড়াননি, তিনি বুঝেছিলেন এরপর তার বন্ধু তার বসন্ত নামটা চূড়ান্ত আর পদবী বেরসিক দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবেন।
এই গল্পটা কৃত্রিম বসন্ত দাদুর মুখেই শুনেছিলেন। শুধু একটা প্রতিরোধ হিসেবে এই দাদু ওই দাদুকে টেক্কা দিতে হুইস্কির পথ ধরেছিলেন।
বসন্ত প্রত্যুত্তর দিতে ভুল করেন নি। তিনি বলেছিলেন ওই শক্ত নেশার থেকে এই তরল নেশা অনেক বেশি মাধুর্য্য আনে মনে।
আমার ঠাকুরদা ও কম যেতেন না। তিনি উত্তর দিয়েছিলেন এই ভাবে "শোন মৌতাত আর মাতলামোর পার্থক্য কি আগে পড়ে আয়, তারপর আমার থেলো হুঁকোয় মুখ দিবি।"
বড় সুন্দর এসব ইতিহাস। সেই ইতিহাসের পাতায় নামটা লিপিবদ্ধ করতেই নাকি কৃত্রিম হুইস্কির বন্ধু।
কৃত্রিম হুইস্কি গিললেও তাকে মদ্যপ বলা যায় না। তিনি অতিশয় স্তন্যপ।
স্তন তার অতীত, হুইস্কি তার ভবিষ্যৎ এই কথা সে জনে জনে বলে বেড়ায় আর গ্লাসে সামান্য বরফ দেয়। শেষে গিন্নী কে হাঁক পারে।
গিন্নী গরম ভাতে গাওয়া ঘি আর কাঁচা লঙ্কা নিয়ে আসন পেতে আদর করে খেতে দেয়। গিন্নী ও বুঝেছে ভবিষ্যৎ যাই হোক তার পতি প্রকৃত পক্ষেই একজন বীর স্তন্যপ।
কৃত্রিম এর মা এ বিষয়ে খুব ভাগ্যবতী কারণ তার পতি আসলে তার ভগ্নিপতি হয়েছিল তার জীবদ্দশায়। এতে তার কোনো আক্ষেপ নেই কারন তিনি নিঃসন্তান ছিলেন। স্বামী তার ভগ্নিপতি হওয়ার দৌলতেই তার মা ডাক শোনা।
হয়ত এই কারনেই তার ঠাকুরদা তার নাম রেখেছিলেন কৃত্রিম।
তবে কিছু নিন্দুকের মুখে শোনা যায় সেদিন এই কৃত্রিম নামের বিরোধিতা করেছিলেন বসন্ত।
বসন্তের কথা এক ফুৎকারে উড়িয়ে দিয়ে আফিমের মৌতাত নিয়ে তার বন্ধু সেদিন শুধু বলেছিলেন, জীবনে যার বসন্তই আসে নি তার আবার নাম নিয়ে নির্ঘণ্ট?
এরপর বসন্ত বাবু শুধু হুইস্কির সাথেই জীবন কাটিয়েছেন। রেখে গেছেন তার একমাত্র উত্তরাধিকারী হিসেবে এই কৃত্রিম কে।
অর্থের অভাব না থাকলেও সেদিন অভাব পরেছিলো টেনিয়ার। কৃত্রিম সাদা কাগজে নাম লিখে দিতেন। টাকাটা দিতেন ঠিক যাওয়া-আসার ভারা প্লাস জল এগিয়ে দেওয়া এবং একটু সঙ্গে থাকার জন্য একজন কেউ।
শীত পরেছে পৌষের শেষ বেলায়। টেনিয়ারা কেউই সেদিন আসেনি। হুইস্কির বোতল টাও শেষ।
অগত্যা কৃত্রিম নিজেই চললো পকেট ভর্তি টাকা নিয়ে। সে কিনেছে তার প্রিয় ব্র্যান্ড।
রাস্তা পার হয়ে ইচ্ছে হয়েছে এক কাপ চা খাওয়ার।
চা খাওয়া হয়ে উঠলো না।
মাথাটা কেমন ঘুরে উঠলো। চোখটা কিছু দেখতে পাচ্ছিল না। শরীরটা ছেড়ে দিয়েছিল ঠিক ঘুম আসার মতন।
কৃত্রিম রাস্তার পাশে সেদিন ঘুমিয়ে পড়লো।
হৈ হৈ করে লোকজন এসেছে। তার হাতের ব্যাগটা তখন রাস্তার পাশে পরেছিলো। একজন ব্যাগটা নিয়ে এসেছে। সবাই যখন বলছে মুখে একটুখানি জল দে তখন বোতলটা খুলে শেষবারের মতন হুইস্কি দিয়েছিল রাস্তার লোকজন।
কৃত্রিম সেদিন মরে নি। মানুষও সেদিন হাসে নি।
হেসেছে বসন্ত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন