আরো একটুখানি লিখতেই হবে। যেমন মেয়েটা বাইশ, ছেলেটা চব্বিশ এবং আমি পাঁচ দশক আট বছরে পৌঁছে গেছি।
আরো আছে। যেমন মেয়েটা মাষ্টার্স করেছে, ছেলেটা আই আই টি তে আছে, বৌটা ভীষণ পরিশ্রম করছে আর তার স্বামী সারাদিন শুধু নিজের রক্তচাপ, শর্করা আরো নানান বিষয় নিয়ে দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে।
এটাই আসলে জীবনের শুভদৃষ্টি।
আবার একটা নতুন বছর এসেছে। রাত বারোটার পর তাকে বুকে বেঁধে নতুন জীবনের সংকল্পে মেতে উঠতেই হয়। তা হয়েছে কি? আমি এই নব কলেবরের খবর রাখি। এই রাতে যারা মানুষের মতন আনন্দ করছে ঠিক তার পিছনেই ধীর পায়ে এগিয়ে চলেছে কিছু বুভুক্ষু। তারা পাতা কুড়োয়, তারা রাস্তা পরিষ্কার করে ঠিক দৈনিক দূরগামী ট্রেনগুলোতে যেমনটা দেখা যায়। একটু হাত পাতা, একটু সহানুভূতি, একটু বেঁচে থাকা।
আমার মতে এবং মতন একটা আস্তাকুড়ে বেশ সময় কেটে যাচ্ছে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাছগুলো সাক্ষী নয়, সাক্ষী ঐ গাছের ডালে বাসা বাঁধা পাখিগুলো। ওরা উড়ে বেরায়, ওরা মারা পরে ঠিক নিজের মতন।
আমরা তেমন নই।
ধরুন এই আমি আজকে কত কথা লিখছি। এই আমার ছেলে কত উদ্ভাবন নিয়ে মেতে আছে।
আমার ছোট্ট মেয়েটা আজ কত বড় হয়েছে। হয়তো কোনো একদিন কোনো একটা বিষয়ে সে শেষ কথা না হয় বা বললো।
কি এলো গেলো এতে?
বুকটা হয়তো গর্বিত হয়ে উঠবে স্রেফ মা-বাবা হিসেবে।
বাকিটা?
এখানেই আসলে শুভদৃষ্টি নিয়ে নষ্টালজিক একটা ভাবনা মনে আসে। আমার বাবা বলতেন যত বৃদ্ধ হবি ততই স্বার্থপর হবি। বলতেন এই যে তোদের নিয়ে নানান স্বপ্ন দেখার রূপকার আমি আর তোর মা, এই সত্যিটা তুই এখন বুঝবি না। বুঝবি সেদিন, যেদিন তুই বৃদ্ধ হবি।
ভারি সুন্দর কথা, বড় সত্যি কথা তিনি বলেছিলেন এ কথা এখন বুঝতে পেরেছি।
হয়তো সেদিন আমাকে অনেক কথা তার বলার ছিলো, হয়তো অনেক কথা তিনি বলেও ছিলেন কিন্তু সময় হয় নি তখন তার কথা বোঝার।
আজ সময় হয়েছে।
সন্তানের সাথে জুড়ে থাকে মা-বাবার অতীতের না পাওয়া অনেক কিছু। এজন্যেই ওরা যত উপরের দিকে এগোয় ততই ওই না পাওয়া শূন্যস্থান পূর্ণ হয়।
যা হয় না সেটা তখন যেমন হয় নি এখনও না হওয়াটাই দস্তুর।
দুটো হৃদয় এই সময়েই সবথেকে কাছে পৌঁছায়। একটা সময় আসে যখন শর্করা, রক্তচাপ বিষয়টা নিয়ে তারা শুধু চোখে চোখ রাখে।
তখন তাদের কাছে জীবনের একমাত্র পাথেয় হয়ে পরে তাদের মৃত মা-বাবা।
হয়তো সঠিক জীবন বোধ অথবা বর্ষপ্রাচীন জীবনের এটাই ভবিতব্য।
সেদিন রাস্তাদিয়ে একটা পাগল যাচ্ছিলো। বিড়বিড় করে কিছু একটা কথা সে বলছিলো।
সদ্যসমাপ্ত মাষ্টার্স একটু এগিয়ে গিয়ে তার কথাগুলো শুনতে পেয়েছে। বাবাকে সে বলেছে ঐ পাগলটা কি বলছিল জানো?
তাকে তার বাবা বললো, নিশ্চয়ই পাগলটা বলেছে
" কোথাও শান্তি নেই।"
সেদিন অসময়ে বৃষ্টি নামলো। রাস্তা ডুবে গেলো বৃষ্টির জলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন