মৃত বন্ধু-বান্ধবী, আত্মীয়-পরিজন, শত্রু-মিত্র সকলের সাথে একটু আলাপচারিতা, একটু রসাত্মক কথা, একটু আজন্ম বেজন্মার মতন বেঁচে থাকা মানুষজন, একটু মাতাল, একটু গাঁজার নেশা, একটু ওই মেয়েছেলে, মহিলা সংক্রান্ত, একটু আঁতলামি, একটু নাটক শেষে একটু মানুষ হওয়া।
কোনো কেউ এই প্রস্তাবে একাত্ম হতে পারে নি। সকলের কাছেই কোনো একটা বিষয় নিয়ে সমস্যা।
প্রথম যে কথা বললো তার নাম সান্নিধ্য। সে বললো আমি প্রলয়ের সময় খর কুটো নিয়ে ভেবেছি। আঁকড়ে ধরেছিলাম, ফল না ফলার ফলে আমি তার কাছে জঘন্য।
দ্বিতীয় যে জন কথা বললো তার নাম নিরপেক্ষ। সে বললো আমি প্রলয়ের সময় ভবিষ্যতের কথা ভেবেছিলাম। ফল ফলেছে।
তৃতীয় জন মূক ও বধির নাম মহীরুহ। অসংখ্য সন্তানের মা সেদিন বললো আমার পাতার নিচে যারা থাকে তারা আমার সন্তান, আমার ফুল রেনু যখন নতুন একটা ফলের জন্ম দেয় সেখানেও আমি আছি, শুধু একটা ফলের সাথে আমার জীবন বাঁচে না।
আমার মনের কথা কে বলবে?
চতুর্থ জন একটু আলাদা রকমের। দেখতে তাকে রাজার মতন শুধু পরিধান বিষয়ে সে নিরপেক্ষ।
বসন, আসন, পরিধান নিয়ে সে নিরপেক্ষ। তার কাছে পোষাক আর পোষাকহীন বিষয়টা একেবারে সমান।
সে তার পরিধান গুলো ছিঁড়ে ভেঁজে এক জায়গায় রেখে উলঙ্গ হয়ে বেশ রাজ কাজ চালিয়ে যাচ্ছে।
গোকুল থেকে প্রথম প্রশ্ন এসেছিল। এরপর নতুন একটি প্রশ্ন উঠেছে।
এই এক, দুই, তিন, চার নামের মানুষ গুলো কে?
আবাস কোথায়?
এর উত্তর দিয়েছে শ্মশানের মরা পোড়ানোর কাজে অভ্যস্ত একজন ডোম। সে মদ্যপ অবস্থায় বলেছে আমি পাঁচ নম্বরে আছি।
আমি মৃত মানুষের কথা বুঝতে পারি।
আমি খাবার খাই যাদের জ্বালিয়ে তারা আমাকে মৃত্যুর শেষে নানান আক্ষেপ, আকুতি জানিয়ে যান।
এই নরদেহের সাথে সে এখন আর থাকতে চায়না।
এখন সাক্ষাৎ যমরাজ নিজ গৃহে পরবাসী। কারন প্রলয় শব্দের সাথে তার পরিচয় হয় নি। কুরু-পান্ডব যুদ্ধও তার কাছে ধর্মযুদ্ধ।
প্রতিদিন কে মরছে, কে বেঁচে আছে তার সংখ্যাতত্ত্ব সে বুঝতে পারে না। এজন্যেই মৃতদের তালিকায় চোখ রেখেছেন তিনি।
অবশেষে একজন তার চোখে ধরা পরেছে।
নাম প্রশান্ত।
পদবী মহালনবীশ।
প্রথমে তার চোখে পরেছে শুধু নবীশ। আসলে বিষ আর নবীশ এর তফাত সে বুঝতে পারছে না। ভুলক্রমে যাকে সে রেকমেন্ড করলো সে যদি ভুলভাল কোন কেউ হয়, তার দায় দায়িত্ব তার কাঁধেই বর্তাবে।
তিনি ঝড়, বন্যা, ভূমিকম্পের খতিয়ানে চোখ রাখলেন। সেখানে এই প্রশান্ত নামটা খুঁজে পেলেন না।
এরপর দুর্ভিক্ষের একটু ফ্যান চাওয়া দিনের খতিয়ান দেখতে বসলেন। তিনি পেলেন এই নামটা। যিনি এই প্রশান্ত তার তথ্য কতটা বাস্তবমুখী, তিনি বুঝতে পারলেন কিন্তু এই লোকটাকে তার পছন্দ হলো না। তিনি ছুটলেন আদিম যুগের এই সংক্রান্ত বিষয়ে অতি উৎকৃষ্ট সম্পদ খুঁজতে। সহজেই সামনে এসেছেন যিনি, তিনি অর্থশাস্ত্রের কোনো একজন প্রবক্তা।
এটাতেও তিনি নারাজী। এরপর এলেন আধুনিক সমাজে মৃত মানুষের লিষ্ট খুঁজতে। সেখানে তিনি দুজন মানুষকে পেলেন, একজন দাঁড়ি ওয়ালা অন্যজন ফ্রেস ক্লিন সেভ্ড।
অভিন্ন জাত অথচ চিন্তা চেতনা বিপরীত। দাঁড়ি আলা যা বলেন ক্লিন সেভ্ড অন্য কথা বলেন।
একটু অসহায় হয়ে তিনি এই দুই মৃতের দহন যে ডোম এর হাতে হয়েছিল মায় যারা সেখানে উপস্থিত ছিলেন তাদের লিস্ট খুঁজতে বসলেন।
বুঝলেন প্রথমে পাওয়া প্রশান্ত প্রাসঙ্গিক। আর এরপর যে দুজন তার কাছে নতুন যুগের দৃষ্টান্ত সেখানে দাঁড়ি ওয়ালা কে বাদ দিলে স্বর্গের দেবতারা তাকে ক্ষমা করবেন না।
তিনি সান্নিধ্য কে বললেন কি কেমন?
নিরপেক্ষ কে বললেন, আমি কি নিরপেক্ষ ভূমিকা রেখেছি?
মহীরুহ কে তার কিছু কথা বলার স্পর্ধা হয়ে ওঠে নি।
চতুর্থ পর্যায় তার কাছে বড় অসম্মানের, কারন এখানে স্বয়ং তিনি।
তিনি সহস্রাব্দের শত সহস্র সহ অজুত, নিজুত, কোটি বছরের খাতার হিসেব নিয়ে বসলেন।
চর্চার অভাবে যা হয় সেদিন ঠিক তাই হয়েছিল। তিনি নিজের নাম মৃতের খাতায় তুললেন।
স্বীকারোক্তি হিসেবে নতুন ভাবে নিজের কলমে লিখলেন ' নিজ ভূমে পরবাসী ' আমার জীবনের শেষ সত্য।
শোনা যায় এই যমরাজের নাম প্রশান্ত নথিবদ্ধ করেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন