শুক্রবার, ১ জুলাই, ২০২২

ঝুমুর

ঝুমুর ঝুঁকি নিতে অভ্যস্ত। সে এক অব্যক্ত নারী সমাজের প্রতিভূ। নৃপতির সামনে নৃত্য করা তার প্রাত্যহিক অভ্যাস । কাজ বলতে সামান্যই। সে নৃপতির এক আজ্ঞাবহ। তাকে যে দায়িত্ব দেওয়া হয় তার  কল্যান-অকল্যাণ বিচার করা তার কাজ নয়।  অনেকটা রোবোটিক জীবন। 


নৃপতি বললেন ঝুমুর,তোমাকে প্রতিমূহুর্তে সমাজের অন্তর্নিহিত শক্তির উৎস মুখে হানা দিতে হবে।


তিনি আরো বললেন, দেশের জুডিসিয়ারির উপর আস্থাশীল থেকো। তারা তোমাকে ভর্ৎসনা করবে। তুমি লাজুক মুখ করে নির্লজ্জের মতন আবার ঐ একই কাজ করবে। মনে করো তোমার জীবনে ভর্ৎসনা হলো সোনার মুকুট। 

সংকল্পের কথা মনে রেখো। তোমাকে আস্তে আস্তে ঢুকতে হবে। তবে শেষ অঙ্কে তুমিই জয়ী হবে।


অন্ধের কাছে যেমন দিন-রাত্রি ঝুমুরের কাছেও ভারতীয় সমাজ এক অর্থে তাই। সেতো নৃপতির রক্তের আর ধর্মের শিক্ষা নিয়ে কোথাও ঢুকতে চাইছে। মোক্ষ সোনার মুকুট। শিক্ষার আলয়ে অপশিক্ষার বিষ বপনে তার মুকুট। সাক্ষী নৃপতি।


এভাবেই বেশ চলছিলো। কখনো দেবদাসী হওয়ায় মোক্ষ লাভ, কখনো পীর-পয়গম্বরের সামাজিক ভ্রুকুটি, আবার কখনো সনাতন এর মহার্ঘ্য। খৃস্টকে কৃষ্টের সাথে অকারণ এক বলতে তাকে বারণ করা হয়েছিল। কিন্ত্ত বিধাতার পরিহাস। ভুলক্রমে একটা বড় ভুল করে বসলো সে।


নৃপতি বুঝলো তোতা যতক্ষণ আমার কথা শোনে, আমার কথাই বলে। কিন্ত এই তোতা বন্দী তোতা নয়। উন্মুক্ত আকাশ তার বাসস্থান। কাজেই খাঁচা দরকার। 


পৃথিবী ব্যাপি খাঁচায় নৃপতির মন। তৈরী হলো তাই। তারপর?

 তিনি দেখলেন সে খাঁচায় তিনিও আছেন।


 শেষে উৎকৃষ্ট মানুষের কথা আবার আবৃত হলো, "তুমি আমায় কোথায় খুঁজে বেড়াচ্ছো। দেখো আমি তোমার কাছেই আছি। আমি মন্দিরে নেই, মসজিদে নেই, মক্কায় আমাকে পাবেনা, কৈলাশেও নয়। যদি তুমি সত্যিই আমাকে চাও এক মুহুর্তের মধ্যে দর্শন পাবে।"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন