শরিকি পুকুর কে বা তার খবর রাখে। ঢলকল্মি, মালঞ্চ, ছেঁচি শাক, পানিকচু তাকে নিজের করে নিয়েছে। পুকুরের দুপাড়ে দু-দল কুকুর ঝগড়া করে। কখনো কখনো মাঠের মতন পুকুরের উপর দিয়ে তারা হেঁটে হেঁটে পার হয়। পুকুর এখন আর আকাশ দেখে না তার যৌথ পরিবারের শরিকেরা আকাশ দেখে। সে এখন স্মরনার্থীর মতন। কখন তাকে আবার পুরোনো চরিত্রে বদলে দেয় এই চিন্তায় তার দিন কাটে।
আমার বাবা চলে যাওয়ার পর পুরোনো বাড়িতে আমার নতুন আনাগোনা। মা বললেন, "বুড়া, এই এঁদো পুকুরটা মশার উৎস। সবাই বলছে ভরে দেওয়ার কথা। কিন্তু কেউ একথা বলেনা দক্ষিণের ঠান্ডা হাওয়া, দূর্গা পূজো, কালী পূজোর বিসর্জন বা ছোট কাকার পুকুরের জলের উপর দিয়ে উড়ন তুবড়ির উড়ে যাওয়া।"
বুঝলাম মা যা বলতে চায়। বললাম, "পুকুর ফিরিয়ে দেবো, মশাও আর থাকবে না।"
আবার সুন্দর দক্ষিণের বারান্দায় বসে ঠান্ডা হাওয়া, সাত সকালে পানকৌড়ির আনাগোনা, আমগাছের ডালে অনন্ত অপেক্ষা মাছরাঙার, সাদা বকের পার ধরে বসে থাকা আর আকাশ মেঘলা হলেই মাছেদের জলকেলি।
তবে বেশীদিন বহাল ছিলোনা এসব। ভাগের পুকুর বলে কথা। কেউ হাত ছিপ দিয়ে মাছ ধরে, কেউ পূজোর ফুল আর প্লাস্টিকের প্যাকেট, কখনো প্রতিবেশীদের আক্ষেপের সুর পাছে পুরোনো ইমারত এঁদো পুকুরে তলিয়ে যাবে!
বিবাদ বিতর্কের সাথে পুকুরটাও হারিয়ে গেলো। কুকুরেরা, মানুষেরা পুকুরের দু'পারে বসে ঝগড়া বিবাদ শুরু করলো, মা চলে গেলেন, আমিও আর যাই না। তবে জানি পুকুরের সেই ঠান্ডা হাওয়া, বক, মাছরাঙা, ফড়িং, ফিঙে, পানকৌড়ি এখন আর আসে না। এখন সন্ধ্যায় মশা ওরে তবে মায়ের নাগাল পায় না। মা কিন্তু সত্যিই পুকুরটা দেখে গেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন