কোলকাতার পথ আজ পথ ছিলো না। হয়েছিলো জনারণ্য। কেনো এমন হলো? পূজো এসেছে তাই। কাল অমাবস্যার কোটাল। বান ডাকবে গঙ্গায়। জল উঠবে আউট্রাম ঘাট ছাপিয়ে স্ট্র্যান্ড রোডে। কাল আবার মহালয়া। বাঙালি মহালয়া বলতে বোঝে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চন্ডিপাঠ আর পঙ্কজ কুমার মল্লিকের কন্ঠের নম চন্ডী গান। বাংলার গ্রামগুলোতে আজ সন্ধ্যা থেকেই সেই HMV র রেকর্ড বাজছে।
আজ আমি একবার মানুষের মাথা গোনার চেষ্টা করেছিলাম। উৎসবমুখী মানুষের। নিজেকে মনে হচ্ছিল মিস্টার বিন। সে যেমন ভেড়ার দলের ভেড়া গুনছিলো আজ আমারো সেই অবস্থাই হলো। নিজেকে নিজেই ছাগল বললাম। আশ্বিনের ঝড় উঠতে পারে এবছর। গরমে, আর্দ্রতায় গায়ের ত্বকে শেওলা ধরার অবস্থা। এর মধ্যে আবার শিঙা ফুঁকছে ফেরিওয়ালা। যারা কিনছে তারাও ফুঁকছে। হকারেরাও বসে নেই। তবে তাদের ভাষা বিচিত্র। ওটা বাংলা নয়। ভাবলাম হিব্রু? না, অত শিক্ষিত ভাষা নয়। শেষে বুঝলাম এটা বহুজাতিক ভাষা। পূজো বলে কথা। ভাষায় কি আসে যায়? হ্যাঁ নিশ্চই আসে যায়। বাংলা তার ভাষা বোঝে। যারা ব্যবসা করছে বাংলায় তারা বাঙালি নয়। তারা বিজাতীয়। তারা কোথা থেকে এলো? কেনোই বা আসে? তারা বাংলাকে কি ভালোবাসে? বাংলার মন্দে ভালোয় তাদের কি কিছু আসে যায়? আমার মনে হয় না। এরা এসব বুঝে আসেনি। ফুটপাত কিনেছে টাকা দিয়ে। বাপের সম্পত্তি বানিয়েছে সরকারি নয় জনগণের হেঁটে য়াওয়ার পথকে। কি ভাবে এমন হয়? এটা কি বাঙালির বৃহৎ হৃদয়ের জন্য? এটা সর্বধর্মের সহাবস্থান দেখানোর জন্য? এটাকি অর্থনীতির উন্নয়নে স্বার্থে? আচ্ছা কি মনে আপনাদের? উৎসবের আনন্দে ভেসে গেছেন কি? একবারও আপনাদের মনে হচ্ছেনা যে আপনার বুকের উপর দাঁড়িয়ে কিছু বর্বর নেতা, মন্ত্রী-সান্ত্রী আপনার জাতিকে অসম্মান করছে?
না এসব আজ আর হয় না। সবকিছুই এখন সহ্যের মধ্যে। কারণ আমাদের এসব ভাবার সময় নেই। আমরা নিরপেক্ষ উন্নত এক জাতি পূর্বপুরুষের পরিচয়ে। নিজের পরিচয় দিতে কাল গঙ্গার ঘাটে কোশা-কুশী নিয়ে, তিল-তুলসীতে ধন্য করবো তাদের। তর্পণ না?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন