আজ হাঁটু পর্যন্ত জলে ভরা মাঠে নেমেছিলাম। সাথে ছিলো তাপসদা।জায়গাটা বিদ্যাধরী নদীর খুব কাছে। বর্ষায় মাঠের জল ওঠানামা করে। এটা বিরাট একটা ধান চাষের জমি। এখানে গড়ে উঠবে প্রকান্ড একটা ন্যাশনাল স্কুল। স্থপতি হিসাবে আমি আর ঠিকাদার হিসাবে তাপসদা দেখতে গিয়েছিলাম এই বর্ষায় কাজটা এখন শুরু করা যাবে কি? এজন্যই এভাবে মাঠে নামা। মাঠের জলে নেমে মনে পরছিলো আমার ছেলেবেলার কথা। মাঠে জল জমতো আর আমরা শামুক কুড়োতে যেতাম। বাড়িতে পোষা পাতিহাঁসগুলো শামুক খেয়ে পেট ঝুলিয়ে প্যাঁক প্যাঁক করতে করতে উঠোন পেরিয়ে পুকুরে সাঁতার দিতো। আজ অবশ্য শামুক ধরিনি। আজ গামবুট পায়ে মাঠে নেমেছিলাম জল মাপতে। তাপসদার আছাড় খাওয়া দেখে আমি হাসি চাপতে পারিনি।
জল মাপা শেষ হতে সন্ধ্যা গড়ালো। মাঠের পাশেই পাকা রাস্তা। বাস, লরি, মোটর ভ্যান মাতিয়ে রাখে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এর পর শান্ত হয় পরিবেশ। সেই শান্ত পরিবেশে বসে আজ আলুর চপ আর মুড়ি তারপর এক কাপ চা। সন্ধ্যা নেমে এলো, শুরু হলো ঝিঁঝিঁ পোকার কান্না আর ব্যাঙের ডাক। অনেককাল পরে বাংলার ডাকসাইটে এসেছি কাজের সুবাদে। কাজের পরে ফিরে পেলাম আমার ফেলে আসা শৈশব। বুঝলাম এত কাজের মধ্যেও আমি বদলাইনি। বাংলার মনসুন সত্যিই অপূর্ব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন