বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২

মহাজাতিসদন আর কেলাবাগান

 আমি কিছু লিখিনা। কথার মালা গাঁথি। রোজ নতুন নতুন কথা আর নতুন নতুন মালা। এর গন্ধ আর স্বাদও আলাদা। আমি আমার সাথে গল্প করি পাড়ার রোয়াকে বসে। অনেকে বলে আমি নাকি আমার ছায়া। ঠিক যেভাবে মানুষ মানুষের সাথে কথা বলে আমি নাকি সেভাবেই আমার সাথে কথা বলি। আজকে আমার একটা নতুন মালা কেশব সেনকে নিয়ে। ঠিক ধরেছেন। কেশব চন্দ্র সেন। তাঁর নামের রাস্তা ধরে আমি চলে যাই রাজাবাজারে। অটোওয়ালারা কেশব সেন কে বদলে দিয়েছে। ওরা বলে কেলা বাগান। প্রজাতিগত কারণে ওরা কলা কে কেলা বলে। আর বাগান কোথায় পেলো জানিনা। আসলে এই চৌমাথার উল্টো পারে ফলের বাজার। একে সবাই মেছুয়া বাজার নামে চেনে। রকমারি ফল পাওয়া যায় এই বাজারে। তবে নানান রংয়ের কলা এই বাজারে পাওয়া যায়। কেউ সবুজ, কেউ হলুদ কেউ লাল,  কোনোটা বড়, কোনোটা ছোট। কাঁদি কাঁদি কলা রাস্তার ধারে সাজানো। এর ঠিক অন্য পারে রবিঠাকুর আর নেতাজির স্মৃতি মেদুর মহাজাতিসদন। এত সুন্দর একটা ল্যান্ডমার্কের নাম বাদ দিয়ে নাম হয়েছে কেলা বাগান। শুনে আপনার আশ্চর্য লাগছে না? বিচিত্র এ শহর।


এই কেশব সেন স্ট্রিট ধরে এগোলে প্রথম চৌমাথাটা হলো কলেজস্ট্রিট বাটা মোড়। বাটা হলো একটা জুতোর দোকান। এটাও আশ্চর্যের। আরো একটু এগিয়ে দ্বিতীয় চৌমাথা। নাম ফাটাকেষ্টর মোড়। আসলে আর্মহার্স্ট স্ট্রিট আর কেশব সেনের চৌমাথা। ইনি হলেন সত্তরের দশকের বাহুবলী। এক কোপে রাস্তা রক্তে রঙিন হতো। শেষে মা কালীর উপাসক। ইতিহাসে রত্নাকর থেকে বাল্মীকি, চন্ডাশোক থেকে ধর্মাশোক আর এই কোলকাতায় কেষ্ট থেকে ফাটাকেষ্ট। প্রতিভার ছড়াছড়ি এই কোলকাতায়। 


এর মধ্যেও দিব্যি মাথা তুলে দাঁড়িয়ে, কেশব চন্দ্র সেন। আজকের মালাটা তাঁকে উৎসর্গ করলাম।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন