:১:
সাংখ্য আর বর্ণ ছেলেবেলায় শুরু। সংখ্যার সাথে পরিচয় যেদিন হয় সেদিন তাকেই বেছে নেই। এর একটা আলাদা রূপ। এ অনেক কিছু নিঃশব্দে নিসংশয়ে বলে। ঠিক ধ্রুবতারার মতন উত্তর দেয়। আর বর্ণ? সে চিরকাল শুধুই কালি-কলমের বাইরে। তাকে বার বার উত্তরণের পর্যায়ে থাকতে হয়। তাকে টেনে তুলতে হয়। সে কখনো যদিও বা মনগ্রাহ্য হলো, যুক্তিগ্রাহ্য হলো না। তাই পেন্সিল বা চক দিয়েই তার শুরু। শেষও এভাবেই। এ হল প্রজন্মের তাগিদ। কে কখন তাকে মুছে দেবে এ কথা সেও যানে না। আমি এখন শব্দমালা নিয়ে নিজের কথা বলি। যৌবনের প্রিয় বিষয় সাংখ্য নিয়ে কখনো কেউ দ্বিমত হয়নি। তবে শব্দের সাথে অনেক নতুন কিছু পাই। কারো ভালো লাগে, কারোর কিছুটা ভালো লাগে আর কারোর অপছন্দ হয়। শব্দের প্রতিবাদ আসে শব্দ নিয়ে। কখনো উঁচু কখনো নিচু সুরে বাধা।
:২:
শব্দের মালা গাঁথতে বসে যুক্তি আর বুদ্ধির সংঘাত হয়। সাংখ্যে এসব নেই। তার প্রকাশ অমোঘ। যুক্তির সংঘাত তখনো ছিলো। বঙ্কিমকে বঙ্কিম চট্টো বলা অথবা রবিঠাকুর কে এলোকেশ দেখার কথা বলা আজ বুঝি। বুঝি কখন ভাব আমার ভাষার নাগাল না পেয়ে ছটফট করে। বুঝি নয়ন কখন মুদে আসে। আসলে বর্ণের গন্ধ আছে। সেই গন্ধেই শব্দমালার গৌরব গাঁথা। এ যেনো দর্শনের প্রকার ভেদ।
:৩:
আমরা যখন আলোর উৎস খুঁজতাম তখনই আমরা আগুন আবিষ্কার করি। বুঝতে পারি আগুনই আলোর উৎস। আরো অনেক পরে বুঝতে পারি আগুনই অঙ্গারের কারন। এটা হৃদয় থেকে শুরু হয় আর শেষ হয় পোড়া ছাই দিয়ে। অনেকটা বর্ণ আর বর্ণের বিপর্যয়। সমাজ চিরায়ত। চিন্তা সর্বকালীন। মস্তিষ্ক উর্বর। বেশিরভাগ মানুষ শব্দ শুনে প্রতিক্রিয়া করে। এটা সংবেদনশীল এক বিষয়। সাংখ্য তেমন নয়।
:৪:
আজ বিড়ম্বনায় পরলাম কুকুর নিয়ে ভাবতে বসে। সে নাকি অত্যন্ত প্রভুভক্ত। প্রভু কিন্তু কুকুর নয় সে একজন মানুষ। মানে কুকুর মানুষ ভক্ত। না তাও নয়। কারন সে নিজের মানুষ খুঁজে বেড়ায়। ঠিক আমার মতন। না আমার মতন নয়। সব মানুষ যেভাবে ভাবে ঠিক সেরকম।। আশ্চর্য লাগছে না এই শব্দমালা দেখে? মনে হচ্ছে না পাগলের প্রলাপ। না মনে এলেও এটা যুক্তিগ্রাহ্য । অনেকটা এরকম ' সব কুকুর প্রভুভক্ত কিন্ত সব প্রভু মানুষ নয়'। এজন্যই হয়তো মানুষের প্রকারভেদ আজ কুকুরেও বোঝে। এতক্ষন ধরে শুধু কিছু পসচুলেটস লিখলাম। এরপর শুরু করবো সূত্র লেখা।
:৫:
বর্ণের মালা শব্দ। আমি শব্দের মালা গাঁথতে বসেছি। এটা আমাদের কথা। যা বলি তা লিখে দেখানো। মৌনতার সাথে ভাব প্রকাশ। যেমন একজন লিখলেন ' যখন উঠিলো ফুটে পূর্ণমার চাঁদ, মরিবার হলো সাধ।' আবার অন্যজন লিখলেন ' যে আকাশে ঝড়ে বাদল, সে আকাশে চাঁদ উঠবে কি?' শব্দের সমাহারে চাঁদ কখনো আকাশে আবার সাহিত্যের মেদুরতায় তার না আসা। এসব খুব সুন্দর কল্পনা। কিন্তু সত্যিই কি চাঁদ এরকম এক কথা নির্ভর? না । অঙ্কের হিসাব একথা বলে না। নদীতে জোয়ার ভাটা রোজকের নিয়ম। চাঁদ না থাকলে এসব বন্ধ হয়ে যেতো। মাথার উপর চাঁদ জোয়ার নিয়ে আসে। কোনো ঝঞ্ঝা, ঝড় তাকে আটকাতে পারে না। আসলে সাহিত্য এত রুঢ় নয়। গণিতও নয়। পথ দুটো আলাদা। বক্ররেখায় সাহিত্য যেখানে পৌঁছায়, গণিত সেখানে সরলরেখায় যায়।এখানে সরণের সংজ্ঞা জানা প্রয়োজন। কল্পনার রথ কিন্তু আজ আকাশযান।
:৬:
কল্পনা আর কল্পলোক এক নয়। আমাদের ভুল হয়। আমরা এদের এক করে ফেলি। একটা দর্শন অন্যটা অপবিজ্ঞান। কল্পলোকে গণিত নেই। সেখানে পৃথিবী স্থির। সূর্য গতিশীল। সে পৃথিবীকে প্রদক্ষিণ করে। আর কল্পনা হলো দর্শন। তার আত্মা হল গণিত। তার শেষ কথার এক কথা 'পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে।' সেদিন গ্যালিলিও একথা বলে কল্পলোকের শিকার হয়েছিলেন। সাহিত্য, বাক্য, শব্দ, বর্ণ তাই বারবার মুছতে হয়। তবুও আমি এখন বর্ণ পন্থী। সে আমার কথার মতন। রোজ যে ভাবে আমি কথা বলি। সাংখ্য তেমন নয়।
:৭:
সাহিত্য খুব সাবলীল। সে কথা বলে, এগিয়ে চলে। সে নৌকো নিয়ে চলে। যেখানে চড়া সে বোঝে। দাঁড় বাইতে থাকে মাঝি। হাল লেখকের হাতে। সে পথ দেখায়। সে ধ্রুবতারা। কিছু পথ সে ঘোরে একথা ঠিক তবে গন্তব্য ভোলে না। সাংখ্য এর পাশেই থাকে। সে চড়াচড়ের ঊর্ধ্বে। সে বলে দেয় গন্তব্যের আদি অকৃত্রিম অবস্থান। তবে পথ দেখায় বর্ণ। তাই আমি বর্ণে ফিরেছি। গণিত যদি রূপ হয় সাহিত্য অরূপ। আমি অরূপের সাথে আছি।
:৮:
যৌবনে আমি অলিককে আঁকড়ে ধরেছিলাম। সে আমার প্রেম। সে হয় তুলি না হয় তিতলি। সুন্দর তার গতি। আমি ক্লান্ত হয়ে সেই অলিককে বাদ দিয়েছিলাম। সেই অলিক বলের সূতো আজও রয়েই গেছে। সাহিত্যের এটাই সৌন্দর্য। সাহিত্য অঙ্ক মানে না। সে হলো দর্শন। তাকে বাঁধবে কার সাধ্য? চলন বেঁকা হোক বা সোজা তাকে রুখবে কে? সেতো কথার সাথে পথ দেখায়। তার একটা মন আছে। গণিতের মন নেই তবে প্রাণচঞ্চল। সে শুধু ঠিক কথা আর ঠিক পথ দেখায়। সে পথ বন্ধুর না স্বচ্ছল তার হিসাব সে রাখে না। দায় আমাদের। আর আমরা সাংখ্য নয় বর্ণই আমাদের শব্দের প্রান আর বাক্য আমার প্রাত্যহিক জীবনের তারা।
---------------------------০-----------------------------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন