আমার বাড়িতে যখন মা দূর্গা আসেন তখন শিউলি ফোটে না। তখন তার বসন্ত। পর্ণমোচী তখন যুবতী। ওদিকে আবার শিমুল তখন রূপসী। তার সাথে থাকে গন্ধরাজ আর মাধবীলতা। ঠিক যেনো হেম-বেহাগের সাথে আলাপন। মা যেন মোহিত, সুরের লহমায়। ঢাকের শব্দ তখন চরক আর নীলে নীল। মহাদেব আহ্লাদে আটখানা। পার্বতীর রূপ নয় অরূপ ঝরে পরছে। এটা পূজোর আবহ, উৎসবের নয়।
তারপর কে আসেন? শুক্লা আসে। পঞ্চমীতে হাতে বীণা আর বই তার সাথে রাজহাঁস। ছেলে বেলা ফিরে আসে। ফিরে আসে মাষ্টারমশাই-দিদিমনি সবাই। বাবা-মা এনাদের কাছে পাঠিয়ে নিশ্চিন্ত হতেন। আমরাও নতুন প্রাণ-মন পেতাম। তাঁরা আমাদের শিক্ষাগুরু। তাঁদের পা শেষ জীবন পর্যন্ত মনে হত হাতে ধরে রাখি।
আরো কিছু বলবো। দোল পূর্ণিমা। রং মাখামাখি। ঠিক তার আগের রাতে বুড়ির ঘর পোড়ানো। রবিঠাকুর বলতেন " আজ মঙ্গলবার, পাড়ার জঙ্গল সাফ করার দিন" ঠিক সেরকম এক আবহ। আবর্জনা নয়। শুকনো পাতা কুড়োনো যা কিনা বসন্তে পর্ণমোচীরা রেখে গেছে। রাধা-কৃষ্ণ দোলনায় বসে ফুটকড়াই খাবে , আমরা তার প্রসাদ পাবো।
এভাবেই চলতে চলতে থেমে গেছি। এসবের পরেও কিছু হয় তা জেনেছি।
এগুলো আধুনিক সভ্যতায় পাওয়া। সংক্ষেপে বলছি। মদমত্ত হয়ে রাস্তায় পরে থাকা কিংবা মহাদেবের নাম নিয়ে গাঁজা খেয়ে শিব ঠাকুর কে বোম ভোলানাথ বলে নৃত্য করা।
না আর নয়। ঈশ্বরের 'শ্ব' নশ্বরের 'শ্ব' এর অর্থ বুঝবে কে? সমস্যা এখানে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন