রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২

প্রশ্নে পরিচয়

 :১:

সেই চৈত্র মাস থেকে সূর্যের দাঁত বার করা, চোয়াল কাঁপানো গরম শুরু হয়েছে। মাঠ ফেটে মানচিত্র হয়েছে। মাথায় হাত পরেছে মঙ্গলির বাবার। ছেলেটাও এবার মাঠের কাজ করেছে। স্কুলে যাওয়া হয়নি বেশ কয়েক মাস। মাস্টার খুব বকাবকি করেছে। কালবৈশাখী হয়নি। বর্ষাও আসেনি। খেত শুকিয়ে গেছে। ঋণের বোঝা রেখে কৈলাশ মাঝী আত্মঘাতী হলো। একবারও ভাবেনি ছেলেটা তার আট ক্লাসে পড়ে। মেধাবী। মেয়েটা চার ছেড়ে পাঁচ ক্লাস। স্কুলে যাওয়া বন্ধ হল বলরামের। হাল ধরলো সে। মা'কে বললো সব ঠিক হয়ে যাবে।

:২:

জাতে ওরা ধীবর। পদবীতে সে কথা লেখা হয়েছিল পাঁচ পুরুষ আগে। বলরাম দুটো হাল ধরতে জানে। একটা মাঠে আরেকটা নদীতে। মাথা তুলে বাঁচতেই হবে। দেনা শোধ করতেই হবে। মনের মধ্যে এসবই ছিলো। বর্ষা এলো ভাদ্রে। মা কিছু বলতে গিয়েও না বলায় থাকলো। বলরামের হাতে এলো নৌকোর দাঁড়। নৌকো নয় ট্রলার। বলরাম চললো সমুদ্রের কাছে এই প্রথমবার।

তার শকল সকলের মতন নয়। কেউ বলেনি মাঝি তোর নাম জানিনা। বলেছে বলরাম দাঁড় বাইছে। মোচার খোলের উপর বসে মা এর কথা ভাবছিলো। ভাবা হলো না। এক থালা ভাত আর মাছের ঝাল নিয়ে এল পরেশ। পরেশ এক দক্ষ হালদার। 

:৩:

স্টিয়ারিং ঘোরাতে শিখেছে বলাই। বলাই মানে বলরাম। নামটা মাঝি হওয়ার পর হয়েছে। রোজগার খারাপ হচ্ছে না তবে শিখছেও অনেক কিছু। কখনো সে ভাবে, একটা ছোট নৌকো বানাবে। ভেসে চলবে ভাস্কো ডা গামার মতন। আবিষ্কার করবে নতুন নতুন দেশ। নানা দেশে পৌঁছে নানা ভাষা শিখবে। কথা বলবে তাদের সাথে তাদের ভাষায়। 

এখন জাল থেকে মাছ তোলার সময় তখন হাঁ করে থাকে। মাছের নাম শোনে আর লিখে রাখে মনের খাতায়।  অবাক হয় রং-বেরংয়ের মাছ দেখে। অবাক হয় গোঁফ দেখে, শুঁড় দেখে, চোখ দেখে। সব কিছুই ওর কাছে নতুন। মাঝে মাঝে শামুক, ঝিনুক, গুগলি, গেঁড়িও ধরা পরে জালে। সেগুলোও সংগ্রহ করে জেলেরা। কখনো কখনো রান্না হয় এসব গুলো। আসলে সমুদ্রে ভেসে যাওয়ার সময় যখন যা সংগ্রহ হয় তখন সেগুলোই খাওয়া হয় । খেতে বসে সুস্বাদুও লাগে। এটাই স্বাভাবিক। বলাই খায় দায়, লিখে রাখে যেদিন যা নতুন। ও বুঝতে পারে অসীমের সাথে ভাগ্যক্রমে ওর পরিচয় হয়েছে। আজ এটাই ওকে শিখতে, জানতে হবে। একদিন ওর কথাই হবে সমুদ্রের জানা অজানার গল্প।

মেধা এমন এক বিষয় সে স্থান-কাল-পাত্র মানে না। গতানুগতিক শিক্ষার বাইরে থেকেও সে থেমে থাকে না।  বিষয় যাই হোক সব জায়গাই তার পরিচিত।যেখনে থাকে সেখানেই সে চলে বিদ্যুৎ গতিতে। স্কুলের গন্ডি শেষ করা হয়ে ওঠেনি তার। গোটা পৃথিবীই যার স্কুল তার এই বিধিবদ্ধ স্কুল মনে হয় লাগেনা। যা দরকার হয় তা হলো উৎসের সন্ধান। সেখানেই সে খুঁজে পায় তার পড়াশুনার বইপত্র।

:৪:

এখানেও সকালে সূর্য ওঠে। অস্ত যায় সন্ধ্যায়। তারপর চাঁদ ওঠে। দিনের আলো ফুটলেই চাঁদকে খুঁজে পায়না বলাই। সমুদ্রে ভেসে থেকে ও এসব দেখতো। কোনো মিল পায়না। উদয় আর অস্ত সূর্য আর চাঁদের কত সুন্দর হতে পারে তা সে দেখেছে। কয়েকটা ভয়েজ সমুদ্রে থেকে, সমুদ্র ওকে টানে। বাড়িতে মন বসে না। গল্প শুনে মা ভয় পায় আর ছোট্ট বোন বলে দাদা আমাকে নিয়ে যাবি? 

দূরন্তের ভালো লাগে চঞ্চল জীবন। তাকে বাঁধবে কে? এটা ঠিক তেমন। আর মা'র কাছে এক শিহরণ। প্রাণের সন্ধান এসবের মধ্যে সে পায়না। আগলে রাখতে চায় সন্তানকে। বলাই যখন সমুদ্রের গল্প শোনায়, বোন তাকে আঁকড়ে ধরে ; মা'ও আঁকড়ায়। একজন আনন্দে, অন্যজন? থাক না হয় না'ই বললাম।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন