অতিনদা বললো জানিস দাসু মারা গেছে। আমি কিছুটা অবাক হলাম। আজ সকালেই দাসুকে দেখেছি। ও আর ওর মা ফুল বিক্রি করছিলো। বললাম কোন দাসু? বললো আরে যে দাসুকে নেমন্তন্য বাড়িতে ভারা করতো সবাই। ও। বলবে তো । ও আকাট দাসু। আমি পাগলা দাসুর কথা ভাবছিলাম। আগে বাড়ি বাড়ি গিয়ে ফুল দিতো। গান শোনাতো। বলতো পুরোনো একটা হারমোনিয়াম দেবে? আমি ভোর বেলায় গলা সাধবো। হরিঠাকুরের গান গাইবো। শেষে কোনো কিছু না পেয়ে ভোরবেলায় তারস্বরে গাইতো " হরি বলো, ও হরি বলো।"
আকাট দাসুর একটা ইতিহাস আছে। ওর খাওয়াদাওয়া অনেকটা পুরোনো কবিতার ' রামসুক তেওয়ারীর মতন।' ওকে ছাতু দিলে হাফ কেজি চাই। সাথে পেঁয়াজ, রসুন আর আমড়া। ভাত খেতে বললে ও বাড়ি থেকে এক হাঁড়ি পান্তা নিয়ে আসত। মাংস ভাতের পর পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে পান্তা। আর রুটি? রুটি বানানোর উৎপাতে ওর বৌ বিবাগী। তবে সাহস ছিলো বেজায়। দশ পা দৌঁড়ে এসে পুকুরে ঝাঁপ দিতো। পুকুরে হতো সমুদ্র। মাছ লাফ দিয়ে পারে উঠতো। ওর গাছে চড়া যারা দেখেছে তারা কোনোদিন গাছতলায় যাবে না। ডাল ভেঙে অবাধ পতন ছিলো আনন্দের। তবে হাত-পা ভাঙেনি। আকাটের গুণও ছিলো বিস্তর। ফুটবল মাঠে গোলকিপার। ক্রিকেটে অলরাউন্ডার। গোলে দাঁড়ালে স্টপার লাগতো না। কখনো কখনো বল নিয়ে অন্যের গোলে বল পাঠিয়ে,কাদা মেখে, শিষ দিয়ে, গোওওওওওওল বলে শূন্যে ভোল্ট দিতো। আর ব্যাট বল? বল নিয়ে ছুঁড়ে দিতো বাটুলের মতো। থাক সে গল্প।
পাগলা দাসু। এরকম নয়। সংসার ওর প্রান। এখন দোকান করেছে। বোকে বানায়। বিয়ের খাট থেকে গেট, সব ওর হাতের চেটোয়। শববাহী গাড়িতে ওর বড় ভয়। একদিন বলেছিলো এর কারন। না, ঠিক কথা। ওর গাড়িটা কে সাজাবে? বুঝলাম ও আজকে আর নেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন