রবিবার, ৯ অক্টোবর, ২০২২

বিশ্বস্ত শ্রমিক

 :১:

পায়ে পায়ে রাস্তায় পৌঁছানোর ইচ্ছে ছিলো, হলো না। ওদিকে সন্ধ্যাতারা আর এদিকে ইট ভাটার চুলা জ্বালিয়ে বাড়ি পৌঁছনোর তাড়া। এটা নদীর পাড়। সূর্য ডুবলেই সন্ধ্যা নামে। হিম পরে বর্ষার পর হেমন্তে। মাঠে জল থাকে, ব্যাঙ ডাকে। গঙ্গাফড়িং এর ডাক শুনলে মনে হয় সেই ঝিঁঝিঁ পোকার কান্না। এক পশলা বৃষ্টি হলো। আকাশের দিকে তাকালাম।  তারার ঝাঁক বলেলো 'হে পান্থ! হেঁটে চলো।' সমস্ত দিনের ক্লান্তি এক শব্দে দূর হলো। শুরু করলাম পায়ে হেঁটে পথ চলা, আকাশের তারাদের সাথে।

:২:

তারারা ওকে পথ চেনায় না,  ও ওর চেনা পথ ধরে চলে আর তারা দেখে ছোটবেলার কথা ভাবে। আকাশের উজ্জ্বল নক্ষত্র দেখে অনেকে বলে এটা আমার মা, আবার অন্য কোনো একজন বলে আমার দাদু। ও এসবের ধার ধারে না। শুধু কোথায় কার থাকার কথা, কে স্বাতি, কে রোহিনী, কে লুব্ধক এসব খোঁজে আর নিজের কিশোর জীবন খুঁজে পায়। কোলকাতা শহরের আলোয় এসব দেখা যায় না।

:৩:

ঐ দিন আর ফেরা হলোনা শহরে। ইটভাটার অফিসে থাকতে হলো। পাশেই রূপনারায়ণ আর হুগলীর মেলবন্ধন। অমাবস‍্যার কোটাল সবে গেলো। ভ্রাতৃদ্বিতীয়ার সন্ধ্যা। চাঁদের আর সারা নেই। সে বুঝলো এই রাতে সে উল্টো দিকে আলো দিচ্ছে। মান্তুকে ডাকলো। মান্তু এই ইটভাটার শ্রমিক। প্রিয় পাত্র মালিকের। বাংলা হরফে মন্টু কিন্তু ওকে মান্তু বলে ডাকতাম। মান্তু সেদিন সাহেবের অপেক্ষায় ছিলো। 

:৪:

সাহেব নদীর কিনারায় বসে জাহাজের ঢেউয়ে নৌকো গুলোর নদীর পাড় ঘেঁষে দাঁড়িয়ে পাড়ের সাথে ধাক্কা খাওয়া দেখছিলো। মান্তু একবাটি মুড়ি আর দু'টো বেগুনি দিয়ে গেলো। সাহেব নিজের মনে হিসেবের খাতা দেখে চলেছে। কপালে পিস্তল ঠেকিয়ে কোনো এক অর্বাচীন বললো, বাদ দিন হিসেব কসা। সাহেব মান্তুকে ডাকলো। মান্তু হাসতে হাসতে এলো। বললো ওরা আমাদের লোক।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন