:১:
না তিনি কল্কে পেলেন না, শুধু সেজে গেলেন সারাজীবন। কখনো শিমুল ফুলে, কখনো কাঠ গোলাপে, শেষে ছিলিমে। ছিলিম এসেছিলো বাংলাদেশের পটুয়াখালি থেকে। সেখানে খড়ের উপর বস্তা পেতে ছোবড়ার লাল আঙার দিয়ে মৌতাতে মাততো মন। এপাড়ে সেই কোন কালে আসা কিন্তু কলকে পায়নি। সাজার শেষে জুটেছে দুর্নাম। সেটাকে কম ভাবে না সে। তাই এখনো কল্কে সাজানোয় তিনি এক নম্বরে।
:২:
একদিন বীর ভূমের প্রত্যন্ত গ্রামে তার ডাক পরলো। আনন্দে চার পা তুলে ঝুলে থাকার মতন। কুমারটুলি থেকে কিনে আনলে শিমুল আর কাঠগোলাপ, পটুয়াখালির কল্কে ঘরেই ছিলো। চললেন তিনি বীরভূমে আসা নিয়ে। ভাবলেন কল্কে পাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। পৌষের ঝড়া পাতার গদিতে বসে সাজালেন নানা রংয়ের কল্কে। প্রথমে মন্ত্রী-সান্ত্রী তারপর একের পর এক মানুষের দল। কারো হাতে শিমুল, কেউ আবার সিগারেটে ভরে সুখটানে মত্ত। শেষে পুলিশ এলো। কল্কে পাওয়ার জন্যে দু'ঘন্টা ধরে হাতের তালুর ঘষায় তৈরী শেষ কল্কেটা ধরালেন কর্তাকে। মৌতাতে চোখ দুটো হয়েছিল আলতা রংয়ের। পাটালি গুড় প্রায় শেষ হওয়ার জোগার। তখনো তার কল্কে পাওয়া হয়নি। শুধু সেজেই চলেছে, সেজেই চলেছে।
:৩:
শেষে তার কল্কে পাওয়া হলো। পায়ে পড়লো বেড়ি, কোমরে পড়লো দড়ি। রক্তচক্ষু কল্কেসেবক পুলিশ তাকে ধরে নিয়ে গেলো। রাস্তার পাশে সারিসারি মানুষ তাকিয়ে থাকলো তার দিকে। সে আজ বুঝলো, কল্কে নয় কল্কি পেয়েছে।
আকাশের দিকে তাকিয়ে তার একটা দীর্ঘশ্বাস পড়লো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন