:১:
বটগাছের ঝুড়িতে দোল খেতে শিখেছি ছেলেবেলায়। একটা পতঙ্গ ধরে মুখে ঝেঁটা কাঠি গুঁজে গ্রীষ্মের দুপুরে আমরা হাওয়া খেতাম । এই পোকা খুব শক্ত পোক্ত শরীরের। কামড়ালে রক্ত আর যন্ত্রণা দুটোই খুব কষ্টের। তবুও দোল খেতে বটের ঝুড়িতে দিব্যি ইচ্ছে হতো যেতে। এখন এসব কেউ পায় না। গতি আজ অগতির গতিপথে মাথা ঝাঁকায়। পথ খুঁজে পায় না।
:২:
বট-অশ্বত্থ গাছের পাসেই একটা খড়কল। এখানে খড়কাটা হয়। ঠিক তার পিছনেই একটা স্থলপদ্মের গাছ। সকালে ফুল ফোটে রঙিন, দুপুরের পর রং বদলে সে সাতরঙের এক রং। পাশেই বাবলাদার বাড়ি। ওদের জমির পরিমাণ অনেক তব সবটাই বাঁশ ঝারে ভরা। ওটাকে সবাই নাম দিয়ছে সাপের আড়া। বিশাক্ত সাপের বসবাস সেখানে। এর পর রেল কোম্পানির জমি। জমি নয় কাটা খাল। আধুনিক ভাষায় এর নাম নয়ানজুলি। রেলপথ উঠে গেছে অনেক কাল আগে। তবে রেল লাইন নামটা রয়ে গেছে।
:৩:
সে বছর বাঁশ বাগানে ফুল ফুটলো। বাঁশ ফুল ইঁদুরের বড় প্রিয়। এই খাবার পেলে জীবন বাজি রেখে চলে আসে বাঁশ বনে। একথা গোখরো, কেউটেরও অজানা নয়। তাই বাঁশের ফুল ফোটার পর শুরু হয় সাপের উপদ্রব। গ্রাম উজাড় হয় মৃত্যুর মিছিলে। বাঁশ গাছে ফুল এলে গাছ গুলো দেহ রাখে সাথে নিয়ে যায় গোটা গ্রামটাকে। সাপের দলও বাসস্থান হারায়।
বাঁঁশ গাছে ফুল ফোটা মানে সমাজের অকল্যাণ।
:৪:
না না করেও প্রায় তিন দশক পরে এলাম আমার জন্মভিটেতে। সেদিন মানুষজনহীন এই গ্রাম ছেড়ে পালিয়েছিলাম শহরে। পৌঁছে দেখি মেজমামী মারা গেছেন, মদনদা, দুলালদা, কেষ্টদা কেউ নেই। বেশো দি হাঁটতে চলতে পারে না। তবে চিনে ফেললো আমার কথা শুনে। এমন আদর কে পেয়েছে জানি না। চোখ আমার বাঁধ মানলো না। জল ভরা চোখে বললাম দিদি আমি এসেছি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন