:১:
আজকের পরিভাষায় শ্রমিক দু -প্রকারের আগে এমন ছিলো না। যারা সরকারের অধীনে তারা বাবু শ্রমিক তবে বেতন কম। আর অন্যেরা শিল্পাঞ্চলের বেসরকারি শ্রমিক। বেতন অনেক, তবে অস্থায়ী। ওখানে আবার দাবি-সনদ আদায়ের জন্যে একটা সংগঠন ছিলো। নাম দেওয়া হয়েছিল ট্রেড ইউনিয়ন। কর্মিরা তখন বেসরকারি কাজে বেশী আগ্রহী ছিলো। সরকার কখনো ঐ সব প্রতিষ্ঠান গুলোর উপরে উঠতো না। কালক্রমে সেই প্রথার বিলোপ ঘটলো। সরকারি সাহাজ্য মিললো সেইসব ট্রেন্ড ইউনিয়ন গুলোর। আর তারপর? তারপর যা হয়েছিল, সেই ইতিহাস লিখতে বসেছি। গালি খাবো সহস্র, সাথে থাকবে অজুত, নিজুত মানুষ। যারা আজ কর্মহীন। এরপর অসাধারণ কিছু কনসেপ্ট এসেছে সরকারের কর্মপদ্ধতিতে। তারা যাদের সেদিন কর্ম বিমুখ হতে বলেছিলো দাবি-সনদ আদায়ের সমিপে, তারাই আজ সেই মুখি। অজস্র পরিবারের চোখের জল যখন শুকিয়ে গেলো নতুন করে সেই জল আসার প্রচেষ্টায় তারা ষ্কিম এনেছে। প্রথম যখন এই দাবি আদায়ের পথ ধরে শ্রমিকরা বন্ধ কারখানার সামনে অবস্থান করতো তখন, আর আজ যখন সেই একই প্রক্রিয়ায় কর্মী সংকোচনে তারা রত তখন মানুষ তাদের স্বরূপ বুঝলো। বুঝলো এতকাল যা হয়ে এসেছে তা অনেক কাল আগেই তারা জেনেছিলো। তাদের বিশ্বাসের মূলে যে আঘাত আজ হচ্ছে সেটা সংগঠিত রাষ্ট্রীয় পরিকল্পনা। সেজন্যেই ডকের নাম বদলায়, শ্রমিকদের অবস্থার পরিবর্তন হয় না।
:২:
কোলকাতা পোর্ট সংলগ্ন একটা বিরাট অঞ্চল তখন ছিলো ইন্ডাস্ট্রিতে ভরা। চিমনি দিয়ে ধুঁয়ো উড়তো হুগলী নদীর পূব পাড়ে। সেখানে বাসগাড়ি গুলোতে বাদুর ঝোলা ভীড় হতো। সেখানে সাইরেন বাজতো সকাল নটায় আর রাত দশটায়। রাস্তগুলো ছিলো কালো ইটের। ইট বানানো হতো কানপুর থেকে ঝাঁসি পর্যন্ত। গ্রানাইট কাটা হতো শ্রমিকদের হাতে। সেই কালো ইট দিয়ে এই শিল্পাঞ্চলের রাস্তা বানানো হতো। বড়ো বড়ো গাড়ি চলতো এই পথ দিয়ে। তবে দশ, বাড়ো, কুড়ি, তিরিশ চাকার গাড়ি ছিলো না। রেল রাস্তা ছিলো বেজায়। ওয়াগন ভিড়তো ইন্ডাস্ট্রিতে। রাস্তায় যানবাহন বলতে লরি আর বাস। এসব আজ অতীত। তবে বাস্তব বললে বলবো, না ইন্ডাস্ট্রি নেই। আছে চাক্কার ঘেনঘেনানি। আছে রাস্তার সংকট। এটা শহরের নাম বদলে দিয়েছে। হয়েছে নির্বিবাদে বেওয়ারিস রোজগারের পথ। ফিউডালরা এটাকে ঘৃণা করে। তাহলে এরকম কেনো হলো?
ঐ শিল্পাঞ্চল আমার জন্মভূমি ওখানেই আমি রেখে এসেছি আমার যৌবনকে। তাই ভাবছি এ নিয়েই লিখবো।
:৩:
তখন সাদিয়ার বর আনোয়ার হাড়কাঁপানো মস্তান ডক ইয়ার্ডে আর সুবোধদা আমাদের নেতা। মেয়েটা ইংরেজিতে অনার্স পড়ছে। আনোয়ার যত হুমকি দেয় সুবোধদা ততই হাসেন। ভাবেন একদিন এমন হবে আমার পাশে দাঁড়িয়ে আনোয়ার বলবে কাজ পাওয়া আমার অধিকার। না তা হয়নি। সেই তাঁর কথাতেই বলছি স্বরাজ আনিতে পোড়া বার্তাকু এনেছি।
আজকাল আবার আনোয়ার নতুন অস্ত্র পেয়েছে। সাবেকি নয় অত্যাধুনিক এবং স্বয়ংক্রিয়। তাতে রুটি সেঁকা যায় আবার পোড়া মাংস, আধুনিকতায় যার নতুন নাম হয়েছে কি যেন তন্দুর টন্দুর এরকম কিছু একটা। হুমকি শুনে সুবোধদা একদিন বলছিল, শ্মশানে অঘোরিরা তন্দুর খেতো। ওটা ছিলো মরা মানুষের আধপোড়া শরীর। এখন রাস্তায় বিকোয় এই সব। কোনদিন মুরগি আর মোরগের পরিবর্তে আমরা সেই জায়গায় পৌঁছবো জানি না, তবে যাওয়াটা যে আসন্ন তা বুঝি।
ভ্রুণের স্বাদ পাওয়া মানুষ একদিন মানুষ খাবে এতো বলার অপেক্ষা রাখে না। সুন্দর এক প্রাগৈতিহাসিক সময় এসেছে সময়ের সাথে সাথে।
ইলেকট্রিক চুল্লিটা ফালতু ফার্নেস। মাত্র পঁয়তাল্লিশ মিনিট? ছিঃ এই সভ্যতাকে।
:৪:
সুভাষ হারিয়ে ছিলো আকাশে তাই বিমানপোত তাঁর নামে আর শ্যামা মায়ের প্রসাদ শুকনো বন্দরে শুকিয়ে মরে। আমি এই সব বলছি বামাখ্যাপা হয়ে। যখন কাজে কর্মে ব্যাস্ত ছিলো গঙ্গা, যখন জাহাজ দাঁড়াতো এই ঘাটে, যখন কাজ জুটতো সকলের তখন নাম ছিলো কোলকাতার নামে। হঠাৎ করে ভূমধ্যসাগরের ঢেউয়ে মিশে গেলো।
কাজ কর্ম যেটুকু ছিলো হয়ে উঠলো প্রসাদে। সেটা খাওয়া যেমন দুষ্কর পায়ে দলাও ভীতিকর। কাজকর্মের অভাবের কারণ পরিনত হল বহুরে এক নামে। শ্রাদ্ধ হলো শ্রদ্ধার নামান্তর। কাজ হলো কৃত কর্মফল। জীবন হলো অশরীরী আত্মা। আমি সেখানেই আমার যৌবনকে ফেলে এসছি।
হন্যে হয়ে আবার ফিরলাম সেখানেই। বলতে এসেছি, চোখ মুদে তোমরা কি দেখতে পাও এই আধুনিক যুগে অশরীরীর দল কর্ম ব্যাস্ত? চোখ বুজলেই দেখতে পাবে।
:৫:
রক্ত যখন জমাট বাধে তার রং হয় মেরুন। সুবোধদার বউ বললো সেদিন। কে যেনো দাদাকে মেরে ফেলেছে। গুলিটা ওঁর মাথায় লেগেছিল। ও তো হিটলার নয়। একটা গুলি যখন পার হয়ে গেলো তখন আনোয়ার দুহাতে দুটো বন্দুক নিয়ে উদভ্রান্ত । বললো না পারলাম না। ওরা মেরে ফেললো দাদাকে। দুটো বন্দুক মাথার দুদিকে ঠেকিয়ে ট্রিগার টিপলো। মৃত দাদার চোখ দুটো জলে জ্বল জ্বল।
পুলিশ এলো, নিয়ে গেলো মর্গে। মর্গের মৃত মানুষ গুলো আচম্বিতে জেগে উঠলো। হাজার হাজার কোটি মৃত মানুষের মিছিল দেখে তখন জ্যান্ত মানুষেরা হাত তুললো।
সুবোধদার চিতা আজও নেভেনি।
আমারও কাজ পাওয়া হয়নি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন