সোমবার, ১০ অক্টোবর, ২০২২

চড়িয়াল খাল এক নর্দমার নাম

:১:

আমার বাড়ির সামনেই সে অবস্থান করতো। দীর্ঘ তিরিশ কিলোমিটার তার দৈর্ঘ‍্য, প্রস্থ আর নাব্যতা সেভাবেই তৈরী হয়েছিল। এটা নিকাশি পরিকল্পনা। স্থপতি ব্রিটিশ রাজ। এখন সেই নিকাশি খাল প্রায় তিনশো মিটার দূরে সরে গেছে। না ভুল লিখলাম। প্রস্থের অংশে এখন বসতি তৈরী হয়েছে। কে এসব করলো? কেনো এমন হয়? আমরা জেনেও চুপ থাকি। প্রশাসকের যুযুধান কাজের বিরোধিতা করবে কে? বরং বর্ষার সময় রাস্তায় প্যান্ট গুটিয়ে হাঁটা অথবা জমা জলের প্রকোপে ম্যালেরিয়া অথবা ডেঙ্গু হয়ে বেসরকারি হাসপাতালে পরে থাকা অনেক সুখের। এখন চড়িয়াল খাল নর্দমায় পরিণত হয়েছে। নিকাশি খালের জমিতে ঘর-বাড়ি গজিয়েছে। পরিকল্পনা মাফিক ভূগর্ভস্থ নর্দমার নির্মাণ চলছে। পাম্পিং স্টেশন হচ্ছে। জল এবার মাধ্যাকর্ষণের বিরুদ্ধে দৌড়বে আর আমরা এইসব মধ্যযুগীয় অসুস্থ‍্যতা থেকে মুক্ত হব।

:২:

বগল বাজাতে শিখতে হবে এই বুড়ো বয়সে। কৈশোরে দেখতাম এসব, একবার চেষ্টাও করেছিলাম। স্বশব্দে বেজেও উঠেছিল আমার বগল। ঠাকুরদার এক থাপ্পড়ে বুঝতে পেরেছিলাম কিছু অন্যায় করেছি। হ্যাঁ সত্যিই তাই। মা বুঝিয়ে বললেন এটা অসভ্যতার প্রকাশ। সভ্যেরা হাততালি দিয়ে সমর্থন জানায় আর বাকিরা..... না থাক। আসল কথা হলো এই নতুন ব্যবস্থাপনা দেখে সকলেই বগল বাজাচ্ছে আর আমি প্রথমে দেখেছিলাম আন্ত্রিক রোগে আক্রান্ত মানুষ আর এখন ডেঙ্গু, ম্যালেরিয়া। বিজ্ঞানীরা ভুল বকেন। আমরা পরিকল্পনামাফিক ভাইরাস আর ব্যাকটেরিয়াকে ভূগর্ভে পাঠাতে বদ্ধপরিকর। তাই এই বৃহৎ কাজের স্বার্থে সাময়িক কিছু ক্লিচ্ছসাধন মেনে নিয়ছি। 

দেখা যাক প্রকৃতি মানে কি না?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন