ভাবছিলাম জমানো পয়সায় একটা মন্দির বানালে কেমন হয়? মা বেঁচে নেই, থাকলে নির্ঘাত বলতেন না ওসব করিস না। বাবা থাকলে বলতেন মন্দির আর মদের দোকান করিস না। এই ব্যবসা রাজনীতির ব্যাপারীরা করে। বন্ধুরা এসব কথা পড়ে বলতে পারে অনেক কিছু, কিন্তু বলবে না। ধর্ম আর রাজনীতি নিয়ে কিছু বলা নিষেধ। ওরা জানে এই চরাচরে বৌ-বাচ্চা বাদ দিয়ে কিছু না করাই আজকের সমাজে দস্তুর। আর আমার বামন বন্ধুরা তওবা তওবা করবে কারন বুড়ো কলম ধরেছে। আমার গিন্নী নির্দ্বিধায় বলবে লিখতে পারো তাই লেখো, যারা লিখতে শিখেও নিরক্ষর তাদের প্রতিবাদ তুমি তোমার লেখাতেই বুঝে নিতে পারবে। মেয়ে এখন তৃতীয় বর্ষের ছাত্রী। দুর্নিবার সাহসী। ও মুচকি হাসিতে বুঝিয়ে গেলো ওর সম্মতি। আলিপুরদুয়ার থেকে মেয়ের পিসাদাদু মাঝরাতে মোবাইল ফোনে নাতনিকে বললো, মা বাবাকে বারণ কর লেখালেখি করতে। তুই বড় হচ্ছিস তোর বাবাকে এটা বুঝতে হবে।
মেয়ে সেদিন একথার উত্তর দেয়নি। বাবাকে একথা জানায়নি। পূজোর পর যেদিন কলেজ খুললো সেদিন বাড়ি ফেরার পথে জনা কয়েক ওর গা ঘেঁষে হাটছিলো। ওর তেমন কিছু মনে হয়নি। যখন গাল পেড়ে বললো বাপকে বলিস আমরা তোকে চিনি তখন একটু ভয় পেলো আর যখন হাত ধরে টানাটানির উপক্রম তখন ও নিজের আকার ধারণ করলো। যুযুৎসুর প্যাঁচে এক বাদ দিয়ে এক।
এই শিক্ষা ওর ছাত্রী বয়সে। শিক্ষার সাথে এসব শেখা সেই সময়ে। বাড়িতে ফিরতে দেরি হচ্ছে বলে গিন্নী আমাকে বললো একটা ফোন করো তো। না দরকার পরেনি। থানেদার আর মেয়ে দরজায় দাঁড়িয়ে। আমি উদ্বিগ্ন ভাবে তাকিয়ে ওদের দিকে। শত প্রশ্নে মন আমার ক্ষতবিক্ষত।
মেয়ে আমার ঘোর ভাঙালো। বললো, বাবা তুমি লিখে যাও। তোমার লেখা আমাকে খরস্রোতা নদীতে সাঁতার কাটতে শেখালো। আমি আরো শিখতে চাই।
থানেদার আমার দিকে তাকিয়ে নির্বিকার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন