শেষ ট্রেনে ঘরে ফিরবো না
:১:
লোকাল ট্রেনে বড় একটা ঘোরা হয় না। টিপটিপ বৃষ্টি অকালে। হেমন্তে শীত এসে পরায় জলভরা মেঘ এসেছে হাওয়ার পাখনায় ভর করে। ভাবছিলাম রূপনারায়ণে পানসি চড়বো। মাঝি না বললো। মন চঞ্চল হলো। এদিকে হাল্কা হাওয়া শুরু হয়েছে। দরজার বাইরে দাঁড়িয়ে শঙ্খ বাজাচ্ছেন শঙ্খিনিরা। সামনে একটা বাস হাঁটছিল। চড়ে বসলাম। ভাঙা গাছ, ভাঙা লাইটপোষ্ট পেরিয়ে সে থামলো রেল ষ্টেশনের পাশে। একবার ভাবলাম ফিরে যাই। বাড়িতে বসে দরজা, জানলা বন্ধ করে নিজর মতন থাকি। অন্য মনটা বললো ট্রেন যখন চলছে, চড়ে বসো। লোকাল ট্রেন চললো গঙ্গার পার ধরে।
:২:
ঘরবাড়ি গাছপালা সব পিছিয়ে চলেছে, নদীতে ঝঞ্ঝার ভ্রুকুটিতে ঢেউ গোনা দুষ্কর, তবুও জানলার পাশে বসে একমনে ঢেউ গুনছিলাম। কখন যে চোখ বুজে এসেছে জানি না। সময়ের হিসেব দেখতে হলো কোনো এক টিটির ডাকে। বললো এটা শেষ ষ্টেশন মশাই, নামুন। নামলাম যখন প্রায় সন্ধ্যা। এদিকে বৃষ্টির বেগ বেড়েই চলেছে।
:৩:
প্লাটফর্মে বসে সিগারেট ধরালাম। অন্ধকার প্লাটফর্মে আমি একদম একা। বেশ লাগছিলো। ভাবছিলাম দুর্যোগের রাতটা এখানেই কাটাবো। কিন্তু হলোনা। স্মার্টফোন বেজে উঠলো কোথায় আছি এখন জানার জন্যে। ক্ষেপে গেলাম। বললাম স্বর্গের কাছেই আছি। তারপর? পুঁ হুইসেল বাজিয়ে ফেরার গাড়িটা এলো। আচম্বিতে চড়ে বসলাম। ফাঁকা কামরা। বাইরে ঝড়-বৃষ্টি। হকারেরাও বাড়ি ফিরে গেছে। বেশ এক নির্জনতা। ঠিক যা পেতে আজ এই ট্যুর। সত্যিই আনন্দে তখন আমি বিহ্বল। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি জানি না।
ঘুম ভাঙালো নিজের মতন করে এক স্কুলের সহপাঠী। বললো সুবীর বাড়িতে যাবি না? মুখটা দেখলাম মুখের কাছে এনে, বললাম এতকাল কোথায় ছিলি?
উত্তর দিলো না।
:৪:
কোনো চুলচেরা বিচারে বসিনি। বাড়িতে ফিরে সেই চিন্তায় ডুব দিলাম। সেদিন ঐ দুর্যোগের রাতে দিব্যি নিশ্চন্তে আমার ঘুম এসেছিলো। একবার নয়, দু-দুবার। প্রকৃতির সাথে, গাছপালা, নদী, পথ সবার সাথে একেবারে নিশ্চিন্তে এক হয়ে ছিলাম। একবারও কোনো বিপদের গন্ধে ভয় হয়নি। অন্ধকার ষ্টেশনে বসে দিব্বি সিগারেট হাতে সুখটানে নির্লিপ্ত ছিলাম। কোনো কেউ দুশ্চিন্তায় ডাক দিয়ছিলো। হুইসেল এর শব্দে বিরক্ত হয়ে অনেকটা ইচ্ছের বিরুদ্ধে সেদিন বাড়ি ফিরছিলাম। ক্লান্তিতে চোখ বুজেছিলো সেই রাতে। ঘুম ভাঙিয়ে দিয়ে এক নতুন ঘোরে সেদিন গুটি-গুটি পায়ে এগিয়ে রাস্তার নেভা আলোয় নিজেকে দেখছিলাম। আমার সহপাঠী বন্ধু বললো, কিরে কি ভাবছিস বলতো? উত্তর দেইনি।
সেদিন কোনো ক্যাব পেলাম না। শেয়ালদা ষ্টেশনের বাইরে সবার তখন বাড়ি ফেরার হুল্লোর। কিছু অপেক্ষার পর একটা হলুদ ট্যাক্সি রাজি হলো যেতে। ভাড়ার কথা না হয় নাই বললাম।
:৫:
অন্ধকার ফুঁড়ে গাড়িটা চলেছে। আমি আছি আমাতে। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা আলো নেভা লাইট পোষ্ট গুলো যেমন বিমূর্ত, এই ঝড়-ঝঞ্ঝায় আমিও তখন ঠিক তেমনই। রাস্তার উপরে পরে আছে গাছ। গাছের ডাল গুলো ছিন্ন-বিচ্ছিন্ন। একজন গাড়ি পাওয়ার অপেক্ষায় ঠাঁয় দাঁড়িয়ে। এইসব দেখছিলাম। সিগারেট টানার ইচ্ছে হলো। বুক পকেট থেকে প্যাকেটটা বার করলাম।
ড্রাইভার বললো বাবু উতরিয়ে। পাশ থেকে সে বললো, নেহি ঔর আগে চলিয়ে। আমার ঘোর ভাঙলো। সে দিন গাড়ি টা থামলো চক-ঠাকুরাণী হাটের সরকারি আবাসনের গেটে।
:৬:
সমস্ত দিনের শেষে এদিনেও সন্ধ্যা এসেছিলো। পাখনা মেলে উড়ে যাওয়া হয়নি। নীড় খুঁজতে যায়নি কোনো পাখি। কলাগাছ গুলো মাথা ঝুঁকিয়ে পুকুর দেখছিলো। শুধু ডানা মেলে উড়ছিলো ঝড়া পাতা গুলো। এই যেন তার প্রথম হাওয়ায় দিগ্বিদিক ভোলা। কুনো ব্যাঙের দল জল পেয়েও সেদিন গান ধরেনি। জরাজীর্ণ ঘরগুলো ছারখার হয়েগিয়েছিলো। কাকের কলরবে উঠলাম ভোরবেলায়। চক-ঠাকুরানী তখনো জেগে ছিলো মনের গভীরে। শুধু একরাশ যৌবন যেন আজ জাগ্রত।
বুঝলাম আমি বৃদ্ধ হইনি।
:৭:
চোখে তখনও ট্রেনের ঘুমটা লেগে ছিলো, বাড়িতে পৌঁছনো অনেকটা ফর্মালিটির মতন। তাই নিশ্চিন্তে নিদ্রা। সেই ঘুম ভাঙানোর দায় তার ছিলোনা। তবুও কেন ডেকে তুললো ভাবতে ভাবতে ধূলো ঝেরে পুরোনো ডায়েরিটা খুঁজছিলাম। পাওয়াটা সহজ ছিলো না; অথচ খুব সহজেই পেয়ে গেলাম। হয়তো বিধাতা এটাই চাইছিলেন। ডায়রিটার যে যত্নের অভাব হয়নি খুঁজে পেয়ে বুঝলাম। প্রথম পাতায় লেখা ছিলো, My prime time and ideology. প্রথম পাতায় পাঁচ জন সহপাঠীর হাতের স্বাক্ষর। এই চক-ঠাকুরানীর সরকারি আবাসনে তাদেরই কোনো একজন আজ থাকে। সে সেদিন ছিল আমার মনে পরিত্যাজ্য আর আজ ক্ষনিকের নতুন পথচলার শেষে সে খুব প্রাসঙ্গিক হয়ে উঠলো।
:৮:
দুর্যোগ শেষ হয়ে রোদে ঝলমল হয়েছে আকাশ। ভাঙা গাছগুলো আকাশকে বলছে আমার ডালপালা গুলো ফিরিয়ে দিতে পারবে? ছেঁড়া পাতাগুলো হাড় গিলগিলে শিরা উপশিরা দেখিয়ে বলছে একবারও ভাবলেনা আমার কথা? নদী বললো এতো আমার নিত্য সঙ্গী। পাখিরা ফরফর করে উড়ে গেলো, তাদের কথা বলার সময় নেই। সন্ধ্যায় চাঁদ উঠলো একটু দেরী করে। বললো কালকের হাওয়ায় আমি ক্লান্ত, তাই উঠতে একটু দেরি হলো। স্মার্টফোনটা রঙ্গ বোঝে না। অপ্রাসঙ্গিক একজন এখন পরিবারের সদস্যের মতন কথা বলে ওঠে। আর ওর কথা শুনতেই হবে। ঠিক ছোট্ট বাচ্চারা মা-বাবা যখন কথা বলে তার মাঝখানে ঢুকে পরে ঠিক তেমন।
না এই ফোনটা একটু আলাদা মানের। সাগ্নিক অন্যপ্রান্তে। বললো দিদি বললো ফিরেছেন অনেক রাতে। কালকের প্রোগ্রামটা মনে করাচ্ছি। শিরিন'ও আসবে। আপনি সব পারেন দাদা। না হলে কিনা শিরিন?
বললাম আসছি।
:৯:
সময়ে পৌঁছোনো আমার চিরকালের অভ্যাস। সেদিন ইচ্ছে করেই সময়ে পৌঁছুলাম না। হা পিত্যেস করে সবাই আমার অপেক্ষায়। শিরিন বললো,"দেখ আসে কি না?" সাগ্নিক বড় উদ্বিগ্ন। বললো,"দিদি এসব ভাবছো কেনো। তুমি যে আসবে দাদা জানেন। অন্তত তোমার কথা ভেবে দাদা আসবেই।" সাগ্নিক আমার দিকে একবার আর শিরিনের দিকে একবার দেখলো। আমি হেসে ফেললাম, বললাম,"আমি চিরকালের সমস্যা আর আমাকেই ডাকবি। কি করবো সংসার সামলে আসতে হয়। প্রেম ছিলো তখন, আগে এসে অপেক্ষায় থাকতাম। তবে সেটা আছে বলেই দেরী হলেও এলাম।" শিরিন একথা নিশ্চয়ই বুঝেছে।
মনে পরলো প্রাইম টাইম ইডিওলজি। একজন আজ এসেছে এখানে আর অন্যজন দুদিন আগে আমার ঘুম ভাঙিয়েছে। কথা কিছু হয়নি ঠিকই তবে ঘর তার আমার ঘরের পাশেই সে কথা সে গোপন করেনি। ভাবলাম আবার কি এমন হতে যাচ্ছে যা রবিঠাকুর বলেছিলেন? " তোমায় নতুন করে পাবো বলে.....।" না তেমন নয়। এটা মৃত্যুর আগে আর ওটা? না থাক। অনেক নতুন কিছু করা যেতে পারে কিন্তু নতুন করে পুরোনোকে পাওয়ার যে আশায় আমরা থাকি, তা কোনোদিনই হওয়ার নয়। জীবনটাকে আমরা মেনে নিয়েছি এভাবেই। কাল আর আজের তফাৎ অনন্তের মতন। কেউ বোঝে, কেউ না বোঝার ভান করে।
আমি এখানে আসার পর থেকে চুপ করে বসেছিলাম। অনেক কথাই আমাকে ভাবাচ্ছিলো। বর্তমান নয় অতীত যেনো আজ সামনে দাঁড়িয়ে। কিছু কমিটমেন্ট যা আজও পরিপূর্ণ হয়নি। ঝড়ের গতিতে অতলে তলিয়ে গেছে সময়। তবুও আজ ধ্রুবতারা দিক দেখাচ্ছে, এছাড়াও আরও কত কিছু ভাবছিলাম।শিরিন হাতটা ধরে মুখের দিকে একমনে তাকিয়ে বলল, "বল কি হয়েছে?" বললাম, "না কিছু নয়।" বললো, "তোকে রাস্তাতেই বিদায় জানিয়েছে?" বললাম, "জানি না, শুধু জানি সেদিন ঐ হলুদ ট্যাক্সিটা না পেলে.....।" শিরিন হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস নিলো। রুমাল হাতে নিয়ে বললো, "তুই কি বদলাবি না?" আমি আকাশ দেখলাম আর ও চোখ মুছলো।
:১০:
আমি হালেল আর হারেম শুনেছি। প্রেম সে সব যে মানে না তাও দেখেছি। আমি তাজমহল দেখেছি পূর্ণিমার রাত্রে। আমি আমাকে দেখেছি অমাবস্যার চাঁদ এর মতন; যে গগন পরিবর্তন করে কালের আধারে। আমি ধর্ম মানি, বাঁঁধন মানি না। জীবন মানি চরৈবেতি চরৈবেতি যেভাবে, ঠিক সেভাবেই। তাই চলা আমার থামেনি। থামাবে কে? শিরিনের মতন সবাই যখন চোখ মুছবে আমি তখন চলবো আমার মতন।
এটা প্রেম। এ এক অন্তহীন বিষয়। এখানে শরীর অনেকটা সম্পাদ্যের মতন। উপপাদ্য যা বুঝিয়েছে সেটাই কম্পাস আর স্কেল দিয়ে এঁকে দেওয়ার মতন। এর পর গণিত। সে শুধু যুক্তি বোঝে, ভাব বোঝে না। অকালবোধন দুগ্গা? সে এক কাল্পনিক বিষয়।
আমার একটা নাম দিয়েছেন স্বজনেরা। সুবীর কে বীরপুরুষ না বলে লিখেছেন 'কাপুরুষ'। আমি খুব খুশি এই নামে।
কে কার নাম দেয় বলুন? এটুকু বুঝেছি, আমি স্তাবক নই।
:১১:
একটা ঘরোয়া সভা; ধরনটা বৈঠকী। সেখানে যেমন চা আসে ঘন্টায় ঘন্টায় তেমন দু-চারজন গলা ছেড়ে শাস্ত্রীয় সঙ্গীত দিয়ে নিজেকে প্রাসঙ্গিক করে তোলে। এ সেই পুরোনো কোলকাতার মোড়কে আধুনিকতার প্রদর্শন। জমিদার বাড়ির ঠাকুর দালান । বাড়ির মধ্যেই খুঁজে পাওয়া যায়, সুরেন বাঁড়ুজ্জে, কেশব সেন অথবা টেকচাঁদ ঠাকুরকে। এটা শীল বাড়ি। ঠাকুর্দার নামের কলেজটা আজও দাঁড়িয়ে আছে। স্কটিশ থেকে স্নাতক, তারপর কোলকাতা ইউনিভার্সিটির স্নাতোকোত্তর। আরো কিছু যোগ হয়েছে কালের নিয়মে। জুটেছে কলেজর অধ্যাপনা। তবে পরিবারের ধুতি-পাঞ্জাবি ঐতিহ্য ভোলে নি। চোঙা প্যান্ট পরতে হয় সময়ের নিয়ম মেনে। তবে সভাঘরে সেই পৈতৃক পোষাক। বড় সুন্দর লাগছিল এই বাঙলিয়ানায়। এতক্ষণ সাগ্নিক এর কথা বললাম।।
এদিকে আবার কাশী সেন লেনের ষোলো-সতেরোর ছেলেটা রূপক তালে তবলা বাজাচ্ছে। এটা সভা শুরুর সংকেত। শেয়ালদা চার্চের ফাদার ছেলেকে পাঠিয়েছেন বেহালায় লয় ধরে রাখার কাজে। মাথা নড়ছে সবার, কারোর তালে আবার কারো কারো বেতালে। শিরিন আজ খুব মুডে আছে। সমাজ যা'ই হোক ওর পরিবার হিজাব-বোর্খা বিমুখ। সমাজ ওর বাপ চোদ্দ পুরুষদের কাফের বলে। এই ব্যাপারে আমার সাথে ওর একটা সাযুজ্জ্য আছে। আমি কাপুরুষ আর ও কাফের।
:১২:
শুরুটা সাগ্নিক'ই করলো। বিষয় শিল্প-সাহিত্য ও সংস্কৃতি। নিয়মের গতিতে রাজনীতি'ও এলো। এলেন রবীঠাকুর থেকে বনফুল, মানিক থেকে রমাপদ সকলেই। সাগ্নিক বাগ্মী কবে হয়েছে দেখা হয়নি। আজ শুনলাম। শিরিন আমাকে বললো,"এরপর আর কি বলার আছে বলবি?" আমি বললাম,"জীবনবোধে মরিচা পরেনি এটুকুই আমাদের বলার।" সাগ্নিক পসরা সাজাবে আর আমরা ফিতে কাটবো সে স্কুলেতো আমরা পড়িনি। শিরিন শুধু মুখ চেপে হাসলো। মনে পরলো এ সেই হাসি যেটা কলেজের সোশ্যালে দেখেছিলাম।
:১৩:
মৌলানা আবুল কালাম আজাদ নামটা শুনলে এই প্রজন্মের স্নাতক স্টুডেন্টদের বুঝতে অনেক সময় লেগে যায়। শিরিন ঐ কলেজের স্নাতক। কিন্তু এই নামটা আজ অচল পয়সার মতন। নতুন পোশাকে এখন নাম হয়েছে ম্যাকাউট। শিরিনকে কথাটা বলবো ভাবছিলাম, বললাম না। ভাবলাম দেখি ও এখনও সেই আদ্যিকালে পরে আছে কি না। ভুল ভাঙলো ওর কথার শুরুতেই। প্রাইম টাইম ইডিওলজি ওর পিছন ছাড়েনি। বারবার কথার ঘেরাটোপে ও খুঁজে বেড়াচ্ছিলো সেই বোকা বোকা আনন্দের দিন গুলোকে। বলছিলো আমরা কেউ সংসারী, কেউ গৃহী আবার কোনো কেউ অলিন্দের আড়ালে বসে দিন কাটাই, তবুও মনটা থাকে এদিকে তাকিয়ে। দার্শনিকের মতন শেষ করলো এ ভাবে, 'আজকের দিনটা কালকে আর ফিরে পাবো না।'
ভালো লাগলো সবটুকু শোনার পর। ভাবছিলাম হয়তো মহানন্দে ডুব দিয়ে ও হয়তো পাঁচালী বলবে। আজকালতো সবাই পাঁচালিই পড়ে। মনে পরছিলো মা এর পড়া লক্ষ্মীর পাঁচালীর লাইন গুলো। "দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, বহিতেছে মন্দ মন্দ মলয় বাতাস।"
না সেভাবে বয়নি। শিরিন ওর কথাতে বুঝিয়ে দিলো। পাসে এসে বললো,"এই সব ঠিক আছে তো?" বললাম,"আমরা পাল্টাতে পারি?" সেদিন আমি ছিলেম শেষ বক্তা। বললাম আমার বক্তব্য আজ গানের সুরে বলবো। মনে পরলো সেই অনাদি অনন্ত অরূপ অক্ষয় আমার রবিঠাকুর কে। ভায়োলিন আর তবলা ছিলো প্রস্তুত। ওরা আমার কথায় তৈরী করলো এক আবহ। আমি আকাশের দিকে মুখ করে শুরু করলাম 'আমার শেষ পারানের কড়ি, কন্ঠে নিলেম, গান কন্ঠে নিলেম।' শেষটা এভাবেই হলো।
:১৪:
শিরিনকে ওর বাড়িতে পৌঁছাতে গেলাম। দরকার ছিলো না, তবুও গেলাম। কথা বলা হয়না এখন আর। ওরও একই অবস্থা। কথার সংসারের পলেস্তারা খসে পরছে। বসলাম গাড়ির বাঁদিকে ড্রাইভারের পাশে। ও খুব পাকা ড্রাইভার। ফিটন ছেড়ে মারুতি ধরেছে, চলাটা ঠিক আগের মতন। ধীর, স্থির, পেলব। ঠিক ওর রূপের মতন। আমি অরূপ, কাজেই বাঁদিকের সিটটা নিস্প্রভ নয়, শুধু নারী আর পুরুষের তফাত। শুরুটা ওই করলো, ওর একহাত লম্বা প্রশ্ন, বিষয় আদর্শ। আমি বললাম, "এ কেমন কথা? এইতো একটু আগে তুই শতেক কথা বলে মানুষের মন কাড়লি অথচ এটাই এখন প্রশ্নে? বলতে হয় তাই বলি। বিশ্বাস প্রতিদিন পরিবর্তিত হচ্ছে আর আমরা যে তিমিরে ছিলেম সেই তিমিরেই বসে আছি। দিন দিন গ্রহণযোগ্যতা হারাচ্ছি, তোর এরকম মনে হয়নি।
কিছুক্ষণ চুপ করে বসে শুনছিলাম। বলতে এখন খুব একটা ইচ্ছে হয় না। আমি সচল চিরকাল, সবাই আমাকে বলে আমি অন্যের ছায়া। আমি বিজ্ঞানের অঙ্কে ধ্রুবক। পরিবর্তন হওয়া না হওয়া এক অপ্রাসঙ্গিক বিষয় আমার জীবনে। অনেকে আবার আমাকে ভীষ্ম বলে ইঙ্গিত বাহী কথা বলে। আমি শুনতে অভ্যস্ত, শুনছিলাম ওর কথা। শেষে কিছু বলতে বাধ্য করলো শিরিন।
বললাম মনে পরে সেই বঙ্কিমের কপালকুন্ডলা, আনন্দমঠ? সে এক প্রাগৈতিহাসিক যুগ। সতীদাহ শেষ হয়েও হয়নি। এদিকে বন্দেমাতরম তখন এক মন্ত্র। এই মন্ত্র শুনলেই বৃটিশদের হৃদকম্প। জেলের ঘানি টানতে হতো সামান্য এক শব্দের জন্যে। কি ছিলো ঐ শব্দে? এটা কোন আদর্শের প্রতিক? দেশ আর বিদেশের বিভাজন রেখার সাথে সহাবস্থান। সেই কথা পরবর্তীতে হয়ে উঠলো জাতীয় গান। কারণ কি? কারন জাতীয়তাবাদী উন্মেষ। তখন লিটারেটের সংখ্যা কত? তবুও জেগে উঠল সময়ের ঘড়ি।
তারপর? তারপর কি হলো? নতুন আদর্শের উত্থান হলো ইউরোপে। কতিপয় লোক বললো এটাই সমাজকে পথ দেখাবে। হলো কি কিছু? হ্যাঁ হয়েছে বিস্তর তবে বিজ্ঞানের ভাষায় বললে বলা যায় ধাক্কাধাক্কি অনেক হয়েছে কিন্ত বস্তুটা ন যযৌ ন তস্থৌ। খালি ক্ষয় আর ক্ষয়। জর্জরিত সাধারণ সম্প্রদায়ের মানুষ। তাদের উপরেই পরীক্ষা চলছে ভ্যাকসিনের। সেদিন মানুষকে যারা মানুষ ভাবেনি, আজকেও তা ভাবে না।
আদর্শের মানদন্ডে এসব ভাবলে আরো একটু বলতে হয়। স্বাধীনোত্বর সময়ে বন্দেমাতরম শব্দে মানুষের জুটতো লাঠি, গুলি, বেয়নেট আর স্বাধীনতর হয়ে শেয়ালদা স্টেশনের বাইরে গলায় হারমোনিয়াম ঝুলিয়ে সলিল যখন গাইতো "ঢেউ উঠছে কারা জাগছে..." তখনও সেই লাঠি, গুলি, বেয়নেট।
গানের মানে শুনে ক্ষমতার প্রয়োগ যেমন ছিলো তেমনই আছে। মিছিমিছি আমি সেদিন সবছাড়াদের সাথে ছিলাম, আর আজও তাই; তাই বোধ হয় চক ঠাকুরাণী হাট এর পরে আর এগুতে পারিনি।
শেষ কথার আগের কথা তুই আজকে বলে এলি এই সভায়। যে দিনটা শেষ হয়েছে তাকে আর ফিরে পাওয়া যায় না।"
শিরিন অনেকক্ষণ আগেই পৌঁছে যেতো ওর বাড়িতে, কথায় কথায় রাত হয়ে গেলো। একাডেমির সামনে ও গাড়িটা দাঁড় করিয়ে শুনছিলো আমার কথা। বললো," চল্ একটু চা খাই।" আমি খুব বিব্রত বোধ করছিলাম। মনে পড়লো রোমান রাজ নিরোর কথা।
:১৫:
একটা ইল্যুশান চলছে কিছুকাল ধরে। জীবন চলছে সেই এক গতে। বাড়ছে অসহায়ত্ব, বাড়ছে বৃদ্ধাশ্রম। স্কুলগুলো ফাঁকা হচ্ছে, দুপুরের খাবার খেতে ছাত্ররা আসছেনা আর। নিরো সেদিন নাট্যাঙ্গন, উচ্চাঙ্গ সঙ্গীত কে প্রাধান্য দিয়েছিলো। এটা যৌবনের স্বাভাবিক প্রবৃত্তিবেগ। না সফল হয়নি এসব। যেদিন রাজপ্রাসাদে আগুন ধরালো সেদিন তাকে শোকে মুহ্যমান হতে হয়নি । সে তখন একাকী প্রতীকী ভাবে বেহালায় মূর্ছনায় ব্যস্ত ছিলেন। এটা শিল্পীর সত্বার প্রকাশ। আরো অনেক ভাবে এর ব্যাখ্যা প্রচলিত আছে। আমি এসব মানি না। ষোলো বছরে ষোলোআনা ফল পেতে যারা বোহেমিয়ান কথা লেখেন আমি তাদের দলের নই। এটা পারাবত প্রিয়ার দল নয়। এটা এক সংস্কৃতির পরাকাষ্ঠা বললে ভুল হবে না।
হায়রে, নবকুমারের কাঠ সংগ্রহ যেন আর শেষ হয় না। নিজের চিতার কাঠও সে সংগ্রহ করে রেখেছে; শুধু যেন মৃত্যুর জন্যেই অপেক্ষা তার। যা স্বাভাবিক সত্য তাতে নবকুমারের মৃত্যু নেই।
সাগ্নিক শুধু শোনে আর শোনে। ভাবার আর দরকার পরেনা। কখনো শিরিন, কখনো রিয়াদি। সেই সেদিন চকঠাকুরাণি হাট থেকে বাড়িতে ফিরে নিজের ভুল খুঁঁজতে বসে তিনি যা বুঝেছিলেন সেটা সাগ্নিক বুঝতে চায়।
সূর্য ডোবার পর তারারা ভিড় করে আকাশ জুড়ে। মিটমিট আলো সূর্যকে নেভাতে পারেনা। মনে হয় শিরিন বলো আর রিয়া, সবাই এই আস্তাকুঁড়ে সুবীরকে আজও আগলিয়ে রাখে। তারা আজকাল বোঝে, নিরো কেনো সেতার বাজায়, কেনো গলা ছেড়ে মার্গ সঙ্গীতে নিজেকে আবদ্ধ রাখে। এটা ভুলে থাকা নয় বরং নামান্তর।
:১৬:
নিরন্তর এগিয়ে যাওয়ার ইচ্ছে আমার হয়ে ওঠেনি তবে গন্তব্যে না পৌঁছলেও যেখানে পৌঁছেছিলাম সেখান থেকে পিছোতো হয়নি। সংসার বোধহয় এভাবেই চলতে শিখেছে। আমি খুব কাছ থেকে যে সমাজ দেখেছি সেখানেই আমার আবাস। ছিপ দিয়ে মাছ ধরতাম। একবার একটা ঢোঁরা সাপ ধরেছিলাম। হলুদ আর কালো ছোপ ছোপ সাপটা সাঁওতাল বন্ধু বলরাজ নিয়ে গেলো। জীবন খুব বিচিত্র, আমরাও কম নই বৈচিত্র্যে । নাহলে কুঁচে মাছ ছাল ছাড়িয়ে, নুন মাখিয়ে রান্না?
সেদিন যখন অন্ধকার রেলষ্টেশনে বসে সিগারেট ধরিয়ে ওখানে রাত কাটাবো ভাবছি, মনটা এক অসীম সন্তুষ্টির কাছে পৌঁছেছিলো। ফেরার ট্রেনের হুইসেল যতেক বিরক্তিকর বিষয় হয়ে উঠেছিল। প্রান্তিক ষ্টেশনে রিয়া যখন ডেকে তুললো তখন সংসারের কথা মনে পরেনি। চকঠাকুরাণি ছেড়ে যখন বাড়ির দিকে চলছিলাম মনে হলো যৌবন আজ আর নেই। আমি বৃদ্ধ হয়েছি। শরীর যেন সেই কথার জানান দিচ্ছে। থাক সে কথা।
:১৭:
বাড়ির বেলটা বাজলো। বাবাই দরজা খুলে দিলো। বললো,"সাগ্নিক এসেছে।" আমি বিরক্ত স্বরে বললাম, "এখন?"
সাগ্নিক মুখ খুললো, বললো,"দেখো কাকে সাথে এনেছি।" বাবাই বললো,"দিদি আমার সাথে এসো।" সাগ্নিক চললো পিছু পিছু, আমি শান্তি পেলাম। ভাবলাম বাবাই না থাকলে আমি ওদের ...
:১৮:
রিয়া বললো,"ঐ দুর্যোগের রাতে আমার মুখটা ওভাবে মুখের কাছে আনতে তোর ভয় লাগেনি?" বললাম,"কই নাতো।" "আমাকে চিনতে পেরেছিলি?" মিথ্যে বলতে পারলাম না। বললো,"তবে ওভাবে আকাশ দেখছিলি কেনো?" বললাম,"না কিছু নয়।" "সাগ্নিক আমার কথা কখনো তোকে বলে নি?" বললাম,"না।" একটু তির্যক ভাবে বললাম, "ও কেনো বলবে?" বললো,"ভালো হয়েছে না বলায়।" বললাম,"কেমন আছিস বল।" বললো,"তোকে এতকাল ছেড়ে থেকে যে আনন্দ পেয়েছি তা আমার বলার ভাষা নেই।" বললাম,"কেনো ফিরে এলি?" বললো, "তোকে ভালো রাখার জন্যে।" বললাম, "আমিতো খারাপ নেই।" বললো,"আবার গোপন করছিস?"
মনে হলো অনন্তের পথেই আমি পথ চলেছি। সেখানে সবাই আসে যায়। পরে থাকে পুরোনো অনেক কথা ব্যাথাহীন ভাবে।
রিয়া বললো, "এবার বাবাইকে ডাকতে হয়।"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন