:১:
যেখানে রোজ যাওয়া আসা ছিলো কোনো এক কালে সেখানে পৌঁছতে বিভ্রম বাধলো। চিনতে পারছি না। সেই দুব্যো ঘাস নেই। পাঁচিলের গায়ে কোনো লিখন নেই। ইটের দেওয়াল টালির ছাউনির ঘর গুলো নেই। ছোট্ট পুষ্করিণীটা নেই। ফুটবল মাঠে কেউ খেলছে না। উঠতি বয়সি ছেলে গুলো সকাল সন্ধ্যায় আড্ডা মারছে না। চপের দোকান বেসন ফেটাচ্ছে না। উনুনের ধুঁয়ার গন্ধ উড়ছে না। ফিঙে পাখি গুলো মশা ধরছে না। নারকেল গাছগুলো মাথা তুলে দাঁড়িয়ে নেই। চিল নেই। চিঁ-হাহাহা চিল চিৎকার শোনা যাচ্ছে না। ভাবলাম হলো কি? আমি কি পথ ভুলে অন্য কোথাও এসেছি?
:২:
না আমি ঠিক জায়গায় এসেছি। অক্ষাংশ-দ্রাঘিমাংশ মিলছে। আধুনিক গুগুল ম্যাপ বলছে এটাই আমার গন্তব্য। কিন্তু অনুভবের সাথে কোনো সাযুজ্য নেই। ভাবছিলাম এটা কি হ্যালুসিনেশন? সংকটের সমাধান হলো শ্মশানে। নদীটা একটু সরে গেছে। শ্মশান সামান্য বেড়েছে আড়ে-বহরে। মৃতদেহও বেড়েছে বিস্তর। তবে ধোঁয়া আর চামড়া পোড়া গন্ধ আর নেই। শ্মশান কালীও বিমূর্ত। নদী পারের শ্মশান আজও অমলিন।
:৩:
ভাবছিলাম ওদেরতো একটা বাড়ি ছিলো। বাড়ির ছাদে একটা নিশান ছিলো। পায়রা গুলো ওটা দেখেই ফিরে আসতো। ও হাততালি দিতো আর পায়রা গুলো ফটফট পাখার আওয়াজ করে উড়ে যেত অসীম আকাশে। বাড়িটা কি হাওয়ায় উড়ে গেছে? না আছে। আছে এই নদীবক্ষে।
নদীর নাম পদ্মা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন