বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২

ঘুম ভাঙানো হুইসেল

বোমাবাজি চলছিলো রাত থেকে। ঘরবাড়ি সব সাফ হলো আগুনে। ফলন্ত সব্জির খেতে পরেছিলো বলরাজের দেহ। ও ঐ খেতের প্রহরী। উচ্ছে, লঙ্কা বেগুন এবছরে আর ফলবে না। সব মাটিতে মিশে গেছে। সবে মাত্র ফুল আর বাঁধা বসিয়েছিলো। সেগুলোও নেই। পুকুর পাড়ের কলাগাছ গুলো ঝুলে পরেছে পুকুরের দিকে। অক্ষত চেহারায় একাই দাঁড়িয়ে আছে ইউক্যালিপটাস। সে হা-হুতাশ করছে বারুদের গন্ধে। সে এই গন্ধ চেনেনা।

লিখতে মন লাগছে না তবুও লিখতেই হয়। তুলসীর মঞ্চটাও উড়িয়ে দিয়েছিল বোম মেরে। এটা ওদের কষ্ট দেয়না। বলরাজের নিথর শরীরটা ঠিক ওখানেই পরেছিলো। মায়ের শুকনো চোখ ছেলের মাথায় হাত দিয়ে চুপ করে চেয়েছিলো আকাশের দিকে। কালো গাইটার দু'চোখ জলে জল জল করছে। বলরাজ ওকে চারবেলা খাওয়াতো।

বলরাজের মা সেদিন এতো কিছু ভাবেনি। বসেছিলো শালবনি ষ্টেশনে। ভেবেছিলো মহুয়া ফুল কুড়িয়ে, ভাত পচিয়ে, মাদলের সাথে নাচতে নাচতে বলরাজকে ফিরিয়ে আনবে। কিন্তু মহুয়া ফুল ফুটলো না, হাঁড়ির ভাত গুলোতে পিঁপড়ে ধরলো আর মাদলের বুকে ছাতা ধরলো। এটা একটা ভাবনা। ভাবতে ভাবতে চোখ লেগে গেছিল ওর। দুরন্ত গতিতে হুইসেল বাজিয়ে ট্রেনটা চলে গেল। এক ঝটকায় সেই যে ঘুম ভাঙলো এর পর আর ঘুম আসে নি ওর।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন