:১:
চার দশক আগে বসন্ত এসেছিলো। কলেজ জীবন আজও খুব উপভোগ করি। আমরা মানে আমি আমার বন্ধুরা খুব আনন্দে থাকতাম পূজোয় তিনদিন। পূজো তো তিন দিনের। এখন পনেরো দিন। আমি ঐ তিনদিন কি ভাবে কাটতো সেটাই লিখবো। প্রথমদিন আমার বাড়িতে আমরা সবাই। এটা ছিলো গানের আড্ডা। এটা আমার মা এর জন্য। মা খুব সুন্দর গাইতেন। আমার বন্ধুরা গলা মেলাতো তার সাথে। এভাবেই সন্ধ্যা গড়াতো। মা ফাস্টফুড বানিয়ে দিতো। ওটা সেকালের বানিয়ে দেওয়া লুচি আর ছোলার ডাল। দুপুর কেটে যেত এসবেই। তারপর আমরা একসাথে বসে ভাত, ডাল, ভাজা আর মাছের ঝোল দিয়ে হৈ হৈ করে একসাথে বসে সপ্তমীর দিন শেষ করতাম। সবাই সাইকেল চেপে ফিরে যেতো পরের দিনের অপেক্ষায়।:২:
এদিন অরূপের বাড়িতে। ওর মা বাণীচক্রের সঙ্গীত শিক্ষিকা আর বাবা মার্গ সঙ্গীতের শিল্পী। আর আমি? আমি তখন অ-আ-ক-খ শেখা সেতারবাদক। আর এক বন্ধু সুব্রত বেহালা বাজাতো। আমরা দুজন সেদিন মেগাস্টার আর অরূপ ওর মাকে সাথে নিয়ে গানের লড়াই করতো। অরূপের বাবা আমাকে বলতো গো-হারান হারবি। কিন্ত হারিনি কখনো। এক বন্ধু কথা লিখলো আর আমি আর সুব্রত সুর দিয়ে তাৎক্ষনিক গান তৈরী করলাম। কিস্তিমাত। ফিরে যেতাম যে যার আস্তানায়।
:৩:
এটা পন্ডিতের বাড়ি। নাম মানিক। ওর মা খুব ভালো রান্না করতো। ইলাদি মানে ওর দিদি ছিলো নাট্যরসিক। মানিকও কম যেতো না। ওর বাবা থাকতো বিদেশে। ভয়েজ শেষ করে কালে-ভদ্রে আসতো। মানিক শুরু করতো কিছু একটা নিয়ে, তাল মেলাতো সৌভিক আর সাথে থাকতো মিতা। পরবর্তীতে মিতা আর মানিক সংসার পাতলো। সে সংসার ভেঙে গেছে। মানিক এখন স্কটল্যান্ডে আর মিতা? এসব পরে বলবো।
:৩:
আজ নবমীর প্রাক্কালে যৌবনের প্রাচুর্যের কথা ভাবছি। ভাবছি দূর্গাপূজোয় আমরা থাকতাম আমাদের আনন্দে। এ এক বাৎসরিক আনন্দ। অপেক্ষা করতে হত বারোটা মাস। এখন এসব নেই। তিনি আসেন, থাকেন আগের মতন তিনদিন কিন্তু এটা এখন মোচ্ছব।
:৪:
বলতেও ভালো লাগে আজ আমরা বন্ধুরা খুব কমই একসাথ হই। কফি হাউসের আড্ডাটা সত্যিই আজ নেই। পন্ডিত স্কটল্যান্ড, অরূপ নাইজেরিয়া, শিলা আছে সুইডেন। কোলকাতায় বেশ আছি আমি। স্মৃতিতে স্মরণ করি কফিহাউসের আড্ডাটা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন