হাউ টু বি এ গুড কমিউনিস্ট
:১:
পূর্বজের পথ ছেড়ে নতুন পথের পথিক হতে ইচ্ছে হয়নি লকুরের। তারা দলবল নিয়ে পৌঁছতো জনাকীর্ণ কোনো এক পরিসরে। সেখানে অর্থশালী মানুষেরা বিহার- আহার আর পানীয়ে ছুটি কাটাতে আসতো। এই সব সামাজিক লুঠেরাদের লুঠ করা ছিলো তাদের কাজ।
কাজের শেষে মহা সমারোহে মা কালীর আরাধনা, সুরা পান, যন্ত্রে শান দেওয়া এসব ছিলো তাদের নিত্যনৈমিত্তিক কাজ। সাথে থাকতো নতুন প্রতিজ্ঞা।
ঠিক যেন আবার সেজেগুজে হাহাহাহা রব তুলে আরো এক মানুষের রক্ত চুষে বিহার-বাহারে মত্ত ওইসব স্তাবকদের লুঠ করা।
সেই সময়কাল আজকের মতন নয়। এখন যেমন এদের রক্ষা করে রাষ্ট্র, সে সময়ে এসব হতো না। লকুর রাতে যখন পাশ ফেরে ঘুম ভেঙে যায়। উঠে পরে ধরধর করে। হাতে বাগিয়ে নেয় মুঙ্গেরে বন্দুক।নির্জন রাস্তায় আকাশের দিকে তাক করে উষ্মা প্রকাশ করে।
বিনিময়ে জুটে যায় কয়েক সপ্তাহের আহার-বিহার নিজের রাজ্যে। নিজেই বানিয়েছে সে তার রাজ্য এই সামাজিক পরিসরে।
নিজের মুখেই সেদিন সে বললো, আরে ভাই পুলিশ ধরে নিয়ে যাবে, কোর্ট জেল কাস্টোডি দেবে, চোদ্দদিন থাকবো সেখানে, তারকা বন্ধুদের সাথে নতুন পরিকল্পিত নাটক জানবো, আবার বেড়োবো, আবার আকাশে গুলি মারবো।
এটা হলো মস্তান, গুন্ডা তাসহ ওই কি সব রাজনৈতিক নেতা নপুংগব মানুষের সংস্পর্শে আসার সরকারি খরচে চলা প্রাসাদ।
এখানে না এলে লকুরের গৃহিণী তাকে তাচ্ছিল্য করে। বলে মাছ কাটা বঁটিটা দেখেছো?
:২:
লকুরের মা ছিলেন বৃন্ধ্যা। তিনি ছোটো লকুরের ছোটোকালে মাদুরের উপর শুয়ে বসে ওর পিতৃ পুরুষের পৌরুষ শোনাতেন।
বলতেন লকুরের প্রপিতামহ যখন হারে রেরে রেরে শব্দে জঙ্গলে দৌড়তেন, দাঁতালের মাথা খসে পরতো মাটিতে।
বাঘ আর গরু একসাথে বসে জল পান করতো। বানরগুলো কিচমিচ করে মৃদু হেসে এক মগ ডাল ছেড়ে অন্য মগ ডালে লাফ দিতো।
লকুর শুনতে শুনতে ঘুমিয়ে পরতো।
রাত শেষ হলেই শুরু হতো ডাংগুলি খেলা, গুলতি দিয়ে পাখি মারা, সাপ ধরা, বেজিকে পোষ মানানো আরো কত কি।
কোনোদিন আবার বঁড়শি নিয়ে কেঁচো গেঁথে পচা খাল থেকে ধরে আনতো শোল-শাল-মাগুর।
মাছ বঁটিটা ক্ষিপ্ত হয়ে টুকরো করতো। গরম তেলে ওগুলো হয়ে উঠতো সুস্বাদু। সাথে আসতো বস্তির অসূর্যম্পস্যা রমণীর দেশী মদ।
আহাহা কি অপূর্ব জীবন ধারণ।
লকুরের ডাক পড়লো। বৃন্ধ্যা বললো যাস না। মারা পরে যাবি।
লকুর মা এর বাধা মানলো না। পৌঁছলো।
সেই প্রথম বঁড়শি ছেড়ে বন্দুক পাওয়া। এরপর লকুর হয়ে উঠলো লকুর রানা।
:৩:
জীবনের একটা পর্যায়ে বারান্দায় বসে কবুতরদের সর্ষে খাওয়াতো লোকুর। ওরা পোষ মানতো বেজায়। শালিখ গুলো পোকা বাছতো গোয়াল ঘরের পাশের নর্দমায়।
গলায় গুলতি ঝুলিয়ে এসব দেখতো সে। পাখি গুলো ঘারে এসে বসতো। ভয় পেতো না গুলতির।
যেদিন লকুর লকুর রানা হলো তার ধমক চমক দেখে মানুষের দল পালালো।
পাখিগুলো পালালো না।
সর্ষে আর পোকা খাওয়া তাদের বন্ধ হলো না। সহৃদয় এক মানুষের সান্নিধ্য তারা বুঝেছে। তাই তারা অকুতভয়।
অদ্ভুত ব্যাপার হলো লোকুর রানা মানুষের কাছে হয়ে উঠেছে লেপার্ডের মতন।
পাছে ঘার মটকায়।
:৪:
লকুরের একটা বাজারি নাম আছে। এই নামেই সে বেশী খ্যাত। প্রথম যখন মুঙ্গেরে গাদা পিস্তল ও হাতে পায় তখন সেটা পরখ করার কিছু পায়নি। গুলতি দিয়ে পাখি শিকার, জল ঢোরা সাপ গুলো স্নানের ঘাটে মাথা তুললে অর্জুনের মতন লক্ষ্য ভেদ করা অথবা আম-আমড়ার থোকো এক টিপে মাটিতে এনে টক খেয়ে টোকো দাঁতে নুন আর সরষের তেল মাখিয়ে সুস্থ করে তোলা তার শিক্ষায় আছে।
আসলে পাখি মারতে এই পিস্তল দাগানো ব্যায় বহুল। ওদিকে আবার বাঘ, হনুমান, মানুষ মারতে গেলে ওই কি বলে, একটা প্রশাষন আছে না? তাই সে সবও করা হয়ে ওঠে না।
শেষে বিরক্ত হয়ে একদিন সেফটি ক্ল্যাচটা তুলে বাঁ হাতের তালুতে ব্যারেলের মুখ লাগিয়ে ট্রিগার টিপলো।
ফট শব্দে গুলিটা তালু ভেদ করলো। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে দৌড়োলো লোকাল সার্জন এর চেম্বারে। তিনি অকপটেই হাত তুলে দিলেন। বললেন এ কাজ আমার নয়।
শেষে সেই সরকারি হাসপাতালেই চললো লোকুর। পুলিশের কাছে খবর পৌঁছলো।
নিজের বাঁ হাতে তার ডান হাত গুলি করেছে এটা কোনো অপরাধ নয়, অপরাধ হলো বেআইনি অস্ত্র রাখা।
মাস দেড় মাস জেল খেটে যখন ফিরে এলো, নতুন নাম হলো তার।
যে তাকে ওই প্রথম বন্দুকটা হাতে তুলে দিয়েছিলো তার দেওয়া নামেই আজ সে ফুটো নামে স্বখ্যাত।
বৃন্ধ্যাও সেই নামেই ডাকে।
:৫:
এই পরিবর্তনকামী সমাজ ব্যবস্থায় রত্নাকরের বদলে বাল্মীকি বড়ো একটা জন্মায়নি। বরং যা হয়েছে তা বিপ্রতীপ।
এই যে লোকুর সে ও তাই হলো। সমাজের অভ্যন্তরে নতুন এক ফুটো এভাবেই এসেছে।
ছিদ্রাণ্বেষীরা একথা বোঝেন। অথছ সমাজ সেবকেরা একথা বোঝেন না। নিরন্তর ছুটে বেড়ান এই ছিদ্র নির্মাণে।
বৃন্ধ্যা একথা প্রকৃতিগত এই সামাজিক আখ্যান বুঝেছিলো অনেক আগেই। ফুটো বুঝলো বাঁ হাতটা ফুটো হওয়ার পর।
সে এখন বোঝে বহু ছিদ্রের কারিগরেরা বিন্দাস আছেন আর বানিয়ে চলেছেন সামাজিক অনবদ্য সংস্কারের সাথে সাথে ফুটো থেকে গহ্বর।
একথাও সে কালে কালে বুঝতে শিখেছে মা এর ওই নিষেধের কথা। কিন্তু মা এর সাথে সেই আনন্দের দিন কাটানো যে অস্ত গেছে সেকথাও সে বুঝলো।
হাত পাকালো বঁড়শি ছেড়ে বন্দুকে। শিকারও বদলালো। বদলালো স্বাক্ষী সাবুদ।
মনে হলো ঘর আর নিরাপদ নয় নিরাপদ ঘর হলো সংশোধনাগার।
এখন ওই মন্দির আর মদিরা নিয়ে বেশ কেটে যায়। মাছ, মাংস, ডিম, দুধ কোনো কোনো কিছুর অভাব নেই সেখানে।
অভাব পরে না অর্থের।
আসলে যে অনর্থের কারণে আজ সে এখানে, তারাই অর্থ যোগায়।
বেশ একটা রবিনহুড চরিত্রের সাথে সে এখন তার মিল খুঁজে পায়।
বুঝে না বুঝেই সে হয়ে উঠলো আজকের রবিনহুড।
:৬:
বৃন্ধ্যার যে গ্রামে জন্ম সে গ্রাম ছিলো অভাব অনটনে ভরা। নুন আনতে পান্তা না ফুরোলেও কোনো মতে শাকান্ন জুটতো দু বেলা। গ্রামে জমিদার ছিলো না ঠিকই তবে তাঁবেদারের অভাব ছিলো না। জমিদারি প্রকৃয়া ছিলো অটুট এই সব তাঁবেদারের হাতে। এই সব শিংহীন সিংহ সে দেখেছে। প্রতারকের রূপে এই সমস্ত রাজনীতির কারবারিদের সে চিনে ফেলেছিল অনেক আগেই। তাদের সেই বেয়াদপ চাহনি শুধু তার মতন উঠতি যুবতীদের শ্যেন চোখে দেখা সে দেখেছে। তাই ডাকাতের দল গ্রাম উজার করেও যখন কিছু না পেয়ে, কিছু কন্যাধন তুলে আনলো সেদিন সে চিন্তিত হয়নি। সে জানতো মেয়েরা বড়ো হয়ে ওঠার অর্থ কাপুরুষের খোরাক হওয়া। হয়তো এ কারনেই ডাকাতদের তুলে নিয়ে আসায় তার ভয় হয়নি বরং মনে হয়েছিলো এই প্রথম প্রকৃত কোনো পুরুষের হাতে সে পরেছে।
এরপর জঙ্গলের কোনো এক কালীমন্দিরে মালা বদল। তারপর সে আর অভাব বোঝেনি। সে অভাব প্রেমেই হোক আর অর্থেই হোক।
:৭:
বৃন্ধ্যা লকুরের ছেলেবেলায় তার পিতৃ পিতামহে যত গল্পই শোনাক না কেনো মনের গভীরে ছিলো তার ছেড়ে আসা নিজের গ্রাম। গরীব হলেও সেখানে লেখা পড়া বাদ ছিলো না।
ভোরবেলায় রোল উঠতো সুর বেঁধে বই পড়া অথবা হারমোনিয়াম নিয়ে গলা সাধা। তার মন চাইতো না তার একমাত্র ছেলে চোর-ডাকাত-গুন্ডা-বদমাস হয়ে উঠুক। বরং তার চোখের কোনে উঁকি দিতো মার্জিত, শিক্ষিত, হৃদয়বান এক লকুর।
এ জন্যেই লকুর পড়াশুনোয় পিছিয়ে থাকেনি কখনো।
তবে রক্তের দোষ বলে একটা কথা আছে।
ছোটো বেলায় গুলতি মেরে শিকারের আনন্দ, বঁড়শি দিয়ে মাছ ধরার আনন্দ দেখে সে সেকথা বুঝেছিলো। যা বুঝে ওঠা হয়নি সেটা বুঝলো সেদিন, যেদিন লকুর হয়ে উঠলো রবিনহুড।
এটাও মন্দ লাগে না বৃন্ধ্যার। কারন সংশোধনাগারে মাসে দু'মাসে ওর যাওয়ার ইচ্ছে দেখে।
বৃন্ধ্যা এ কথা বুঝতে পারে, তার ইচ্ছেতে আজ লকুর যে অবস্থান নিয়েছে সেটা সংশোধনাগারের শুদ্ধিকরণ।
এটা গুপ্তপ্রেস পঞ্জিকা মতে নয়, এটা বিশুদ্ধ সিদ্ধান্ত। বেশ লাগে বৃন্ধ্যার।
রবিনহুড বুঝলো তার মা তার সাথেই আছে। তবে ঘর সংসার করার তার ইচ্ছে নেই।
:৮:
শিক্ষার রসদ যার কাছে পাওয়া তার সব ইচ্ছা পূরণ সম্ভব না হলেও কিছু ইচ্ছা সে যে পূরণ করতে পারবে সে কথা সে বুঝেছিলো। বুঝেছিলো বংশবীজ রক্তবীজ হওয়াটাই স্বাভাবিক। এজন্যেই সে সংসার পাতলো না। বৃন্ধ্যার চোখে এসব এসেছে ছেলের সাথে থেকে।
শেষে রবিনহুড হওয়ার পর তার বিবাহে ইচ্ছে জাগলো। প্রেম প্রণয় কবে জেগেছিল বৃন্ধ্যা জানে না। সাদা ধবধবে ওই মেয়েটা বিদেশিনী।
কালো-সাদা চিরকাল বৈচিত্র্যময়। হয়তো বৈচিত্র্যময় জীবন আখ্যান ওদের এক করেছে।
এরপর এক ফুটফুটে নাতনী পেলো বৃন্ধ্যা। বৌমাকে বললো যাবে আমার পুরোনো সেই গ্রামে?
বৌমাও একপায়ে রাজি।
বৃন্ধ্যা চললো ফিরে পেতে হারিয়ে যাওয়া অতীত। সাথে বৌমা আর নাতনি।
এর পর কেটে গেছে কতেক বছর। বৃন্ধ্যা তখন বৃদ্ধা। নাতনি তখন নেত্রী, বিদেশীনি ফিরে গেছে দেশে।
আর রবিনহুড?
বেশ আছে মা আর মেয়ের সাথে। মাঝে মধ্যে দেশান্তরে যায়। কাটায় কিছু সময়, যে সময়টা সে কাটাতো এ দেশের সংশোধনাগারে।