রাগ শ্রী
:১:
প্রতিদিনের অভ্যাসের মতন সেদিনও আয়নার সামনে দাঁড়িয়ে কলেজ জীবন থেকে ক্লিন সেভ সৌম্যবাবু দাঁড়ি সেভ করছিলেন। রঞ্জনা কখন পিছনে এসেছে তা দেখেনি। প্রতিদিনের মতনই রঞ্জনাকে সেভ করার পর ডাক দিতে গিয়ে বুঝলেন রঞ্জনা তাকেই দেখছে এক মনে।
সৌম্য উৎসাহিত হয়ে বললো কি দেখছিলে?
রঞ্জনা ম্লান হেসে বললো, তোমার গলার চামড়ায় ভাঁজ পরেছে দেখোনি?
সৌম্য বললো ওটাতো পরারই আছে। কালে কালে তুমিও তো বুড়ো হচ্ছো। তবে তুমি আমার থেকে অনেকটা ছোটো হলেও বয়েসের ছাপ এসেছে অনেকটাই আগে। আমাকে কড়া নাড়ছে বার্ধক্য, আমি সারা না দিলেও শরীর তো বাধা মানে না।
রঞ্জনা শুনছিলো আর ভাবছিলো, এই সেদিন কলেজের পিছনের মাঠটা, একাডেমির পিছনের কৃত্রিম পরিখাটা কিংবা রবীন্দ্র সরোবরে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলে মন খারাপ হত। ও এবার চলে যাবে আর আমাকেও যেতে হবে বাড়িতে। আবার অপেক্ষায় থাকতে হবে আগামীকাল এর জন্যে। কোনোদিন সৌম বলবে ছাত্রদের নিয়ে বসে প্রোবাবিলিটি-ডিস্ট্রিবিউশন বোঝাতে সময় কেটে গেছে, কোনোদিন বলবে ভাগ্নিকে নিয়ে বসেছিলাম। ওকে অনেকগুলো ছবি প্রাকটিক্যাল খাতায় এঁকে দিতে হলো, আরো কত কি। আসলে আসবো বলে না আসার কারণ দেখাতেই এত সব কথা, রাগারাগি, কথা বন্ধ আরো কত কি!
সৌম্য বললো, এত আনমনা হলে চলবে? আমি এখনও তোমার মতন হইনি।
রঞ্জনার মনে হলো সত্যিই কি আমি এতটাই বুড়িয়ে গেছি? তবে কি অন্য কোনো এক এসে পরেছে ওর মনে? মনে হয় ও কি দেখেনি ওর ত্বকেই পরেছে বয়েসের ছাপ? বললো তুমি নিজেই জানতে না তুমি কত সুন্দর।
সৌম্য হাসলো না। মনের মধ্যে একটা কথা গেড়ে বসলো, গলার চামড়া আমার কুঁচকেছে।
:২:
অন্যদিনের মতন সেদিনও সময়েই বাড়ি থেকে অফিসে পৌছে কাজে মন লাগলো না সৌম্য'র, বেড়িয়ে পরলো কোলকাতার রাস্তায়। স্টিয়ারিং টা কখন যে একাডেমির দিকে ঘুরিয়ে ফেলেছে তা আগে বোঝেনি। মোহরকুঞ্জের উল্টোপাসে গাড়ি থামিয়ে এক মনে ভাবছিলো পুরোনো এই মাঠটা। এখানে আগে বইমেলা বসতো। রঞ্জনাকে নিয়ে এই মাঠে বই দেখা আর কেনা নিয়ে কাটতো দশদিন। এই জানুয়ারির শেষ দিনেই শুরু হতো বইমেলা।
কিছুই আজ কেনো যেনো ভালো লাগছে না। রঞ্জনাকে পাশে পেলে আজ বেশ হতো। এই মোহরকুঞ্জের পাশেই না হয় বসতাম দুজনে মৃত নয় জলজ্যান্ত দুই সহপাঠী।
সেই মেট্রোরেলে মাটির স্তুপ ভেবে ঠিক হাড়িয়ে যাওয়ার মূহুর্তে হাত ধরে কে যেনো বললো, তুমি হারাবে না। আর মনে হল কোনো এক দিদিই বললো আজ তুমি অফিসে যাওনি।
তখন আমার রাগ বাঁধ মানছিলো না। মনে হচ্ছিলো বলি, কটাকা নিবি বল; এই ময়দান আমি চিনি, আর জ্বালাস না। কিন্তু হলো ঠিক উল্টো।
হাত ধরেছে আমার রঞ্জনা। ঠিক আগে যেমন ছিলো তেমনই। মুখটা বসন্তের শিমূল ফুলের মতন আর হাসিটা শিমূলের কাঁটার মতন।
বললাম, তোর কথাই ভাবছিলাম। ভাগ্যিস এসেছিস, না হলে এখানে কাকে পেতাম বল। এই মোহরকুঞ্জে আমি কি করে বসবো বল। এটা যৌবনকে ছুড়ে ফেলে দিয়ে মৃত মানুষের শ্রদ্ধাজ্ঞাপনের জায়গা হয়ে পরেছে। তুই বল এখানে আমি বসে থাকতে পারি?
রঞ্জনা বললো তুমি সব পারো।
:৩:
রঞ্জনার কথাটা বড়ো বিঁধলো। তুমি সব পারো কথাটায় যে শ্লাঘা, সেটা সৌম্য'র পিছু ছাড়লো না। মনে হচ্ছিল অতীতের দিনগুলোতে যেটা ছিলো এগিয়ে চলার মন্ত্র, এই মধ্য বয়েসের সায়াহ্নে সেটাই হয়ে উঠেছে বিদ্রুপাত্মক।
বসন্ত উৎসবে যে শিমূল যে পলাশের হাতছানিতে সেদিন শান্তিনিকেতন ছিলো আকর্ষণীয় সেখানেই যেনো আজ বসন্তের বিলাপ।
কার্জন পার্কের পাশে বসন্তের দিনগুলোতে থেমে থাকা ট্রামের সিটে বসে জমিয়ে আড্ডা অথবা নিদেনপক্ষে এলবার্ট হলে কবি -সাহিত্যিকদের সাথে দুজনের আলাপচারিতার যে সব দলিল সেগুলো কি শুধু কুঁচকোনো চামড়ার তলায় তলিয়ে যেতে পারে?
বিমূর্ততার শিকল যখন আমাকে পিছমোড়া ভাবে বেঁধে গভীর সমুদ্রে ফেলতে যাচ্ছে ঠিক তখন আমার হাতের বাঁধন খুলে হাত ধরে ঝাঁকিয়ে রঞ্জনা বললো ঘড়িতে কটা বাজলো দেখেছো? বললো কি ভাবছো এতক্ষন ধরে?
প্রায় দু'ঘন্টা কথাহীন সময় কাটিয়ে সেদিন বাড়িতে ফিরলাম।
:৪:
মনে হলো ভালোবাসার গভীরে হারিয়ে যাওয়া আর হবে না। এখন অন্য এক ভালোবাসার জগতে দুজনেরই যেতে ইচ্ছে হয়।
রঞ্জনা বললো জানো আমাদের মেয়েটা আজকাল একটু মেলামেশা করছে।
বললাম, বুঝলাম না।
বললো থাক তুমি না হয় না'ই বুঝলে।
বললাম মানে?
বললো এই সংসারে আবদ্ধ হওটাই তোমার উচিত হয় নি। তুমি আমাকে কেওস বুঝিয়েছিলে। আমিও তোমার কাছেই এটা শিখেছিলাম। এখন মনে হয় কেওস কথাটা তোমার মতন কোনো কারুর পক্ষেই বোঝা আর বোঝানো সম্ভব।
কারণ পুতুলের সম্ভারের কথা ঐ একটা পুতুল পরে যাওয়ার সাথে যুক্ত একথা তুমি কলেজে বুঝিয়েছিলে। তোমাকে সেই অনুভবেই আমি আজও খুঁজে পাই।
আমাদের মেয়েটা এসে খবরদারি করে বললো, শরৎবাবুর দুটো প্রেমের চরিত্রের সাথে তোমাদের কোনো মিল পাই না।
সৌম্য বললো মনে হচ্ছে পথের দাবী পড়েছিস।
বললো, হ্যাঁ তাই।
বললাম আমরা দুজন কি শশী-তারা নাকি অপূর্ব ভারতী?
বললো না এরা নয়।
বললো মা যদি সুমিত্রা হয় তোমার আপত্তি আছে কি?
মেয়ের কথাগুলো ঠিক ওর মা'এর মতন।
বললাম ' বাবা পড়াশুনো কর।'
:৫:
এ যেন মেয়ের সাথে কথা বলার ফল। এ যেন মনের কথা যন্ত্রের শব্দে প্রকাশ করা। এ যেন রঞ্জনাকে নতুন করে পাওয়া কিংবা মেয়েটাও আজ বড় হয়েছে এ কথা ভাবা।
রাত দুপুরে সেই পুরোনো সম্বল সেতারটাকে নিয়ে কিছু সুর বাঁধতে বসা। সে অনেক কাল পরে বেজে উঠলো সামান্য কিছুক্ষণ।
আঙুলের কড়া আর নেই। টেনিস এলবো কেড়ে নিয়েছে সেতার বাদন। তবুও সেদিন সেতারের তার বেঁধে বাজাতে বসলো সৌম্য।
কখন যে আঙুলটায় ফোস্কা ফেটে জল ঝরছে বুঝতে পারলো না।
মেয়ে এসে থামালো বাজনা।
তখন সেতারে বাজছিলো রাগ শ্রী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন