:১:
আকাশ পথে সারি সারি বিমান চলছে দেখলে ভয় লাগতো। মনে হত যুদ্ধ লেগেছে। এখন চলেছে বিমান কেনার হিড়িক।
মানুষ মনে হয় আকাশ পথ ধরছে স্বর্গের কাছে পৌঁছতে। কে যেনো একবার আমায় বলেছিলো এবার আকাশ পথে ট্রেন চলবে। এমন হলে কম খরচায় আকাশ পথ ধরে চলার ইচ্ছে আমার হয়নি। ঠিক যেমন আজ বিমান বাড়ছে ভাড়া কমছে শুনেও আমার সামান্যতম আনন্দ হয়নি ঠিক তেমন।
আসলে এই মাটিতে জন্মেছি বলে, মাটি থেকেই স্বর্গে যাওয়ার একটা সিঁড়ি বানানো আমার স্বপ্ন।
ধান খেত, পাট খেত যেমন থাকবে এই সিঁড়ির পাশে, তেমন আম, লিচু, জাম, জামরুল সবার মুকুলের গন্ধে ভরে উঠবে সিঁড়ির আশপাশ।
এই স্বল্প মেয়াদী চিন্তার সাথে দমবন্ধ আকাশযানে চড়ে বসতে আমার মন চায় না।
কিছু দরদার মানুষ এখন নতুন পন্থার কথা বলে। বলে পেটের উপরিভাগে নতুন একটা পেট বানাবে। সেই পেটের জন্যে খাবার লাগবে না। লাগবে কিছু দস্তা আর অ্যাসিড। দিব্যি তৈরী হবে হাইড্রোজেন। ভরে উঠবে নতুন পেট। শরীরটাকে উড়িয়ে নিয়ে যাবে আকাশ পথে। সে পথ হবে অক্সিজেনে ভরা। দেখা যাবে চোখ খুললেই তাল-তমালের বনরাজি। আইসুদিং সবুজের সমরোহে চোখ শান্তি পাবে। শান্তি পাবে যানজটে ভরে থাকা রাস্তা দিয়ে চলার বিভ্রাট এড়িয়ে।
আমি এসব ভাবি না। আমি এই মাটিতে জন্ম মৃত্যু থাকতে চাই। ইচ্ছে হলেই নদীর পাড়ে, জলা জঙ্গলে, সমুদ্রের তটে অথবা পাহাড়ের চূড়োয় পায়ে হেঁটে যেতে চাই।
দূর প্রান্তর যতটাই অধরা থাকে আমার কাছে ঠিক ততটাই আমি এই দু-পায়ে ভর করে পৌঁছতে চাই।
:২:
আসলে বায়বীয় জীবনের যে অবয়ব তা আমি দেখতে পাই। এসবের সাথে নাকি দেখা হয় মৃত্যুর পর কয়েক দিন। ওটা এমন এক সময় যখন আমরা থাকি বায়ু-ভূত-নিরাশ্রয় নামের পুরাতন কোনো আঙ্গিকে। এগুলো ব্যর্থ ধারণা অনেকেই বলেন।
আমি বলি অব্যর্থ। আমি বলি যদি এই আকাশে বাতাস উধাও হয় তখন বিহঙ্গ ফিরে আসবে মাটিতে। যে মাটিতে ওই বিহঙ্গেরও জন্ম হয়েছিলো।
আসলে হেঁটে চলা, সাঁতার দেওয়া, ভেসে চলা সব কিছুর মধ্যেই লুকিয়ে থাকে একটা মাধ্যম। একটা অবলম্বন। তাকে অস্বীকার করতে আমার মন চায় না।
তাই ওই স্বর্গে পৌঁছনোর সিঁড়িটা আমিই বানাবো। দেখতে পাবো সবাই চলেছে ওই পথ ধরে।
যেদিন এই সিঁড়ি বানানো শেষ হবে সেদিন লক্ষ-কোটি বুলেট আমার শরীরকে শতচ্ছিদ্র করে দেবে।
সেদিন হয়তো এক লহমায় আমি বায়ু-ভূতের কাছে আশ্রয় পাবো।
আমি সেই আশাতেই বসে আছি!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন