লেখার অশ্বমেধ ঘোড়া খুব বেশীদূর দৌড়তে পারে না। মাঝপথে হোঁচট খায় আবার উঠে দাঁড়াতে চেষ্টা করে। উঠে দাঁড়িয়ে নতুন দৌড় শুরু করে ভয়ে ভয়ে। পাছে আবারও মুখ থুবড়ে পরতে হয়! তবুও তাকে ছুটতেই হবে। লেখক তাকে বেতো ঘোড়া হতে দেবে না। দাঁড়িয়ে ঘুমোনোর অভ্যাস তার জন্মগত। আর শুয়ে পরতে চাওয়ার অর্থ, চলার শেষ।
কে চায় সে পথে যেতে?
প্রথম ছুটতে দেখা টাট্টু ঘোড়ার দোল খাওয়া দৌড় ছিলো আমার ছুটে চলার হাতে খড়ি।
তখন মা-বাবার দেওয়া পাঠ ছিলো 'জল পড়ে পাতা নড়ে...'
কলম থপর থপর চলতে চায় না।
কলম-কালি যখন খাতার পাতায় আরশোলা ছেড়ে পায়ের ছাপের কথা লিখতো, মনে হতো এই প্রাগ-পতঙ্গ আমার অলেখা কথাও বুঝতে পারে, তাই হেঁটে ফেরে আমার খাতার পাতায়।
এর পর শুরু হলো কম্পাস আর কাগজে ঈদের চাঁদ আঁকা। আঁকার পরে লিখে দিতাম জ্যা। গণিত আর সাহিত্যের সমমেলে বাজার সেই শুরু।
তার পর ঘোড়া ছুটলো কবিতার অক্ষরে। সেখানে ঘোড়া কখনও টকবক টকবক ছন্দে কখনও বেতাল।
আসলে গদ্যের ছন্দ নেই।
ঘোড়া ছুটলে যে শব্দ শোনা যায়, তা পদ্য।
আমি গদ্যের ছন্দ বুঝিয়ে সেই তালে লয়ে ছুটিয়ে ছিলাম আমার অশ্বমেধ ঘোড়া।
ঘোড়াটা চিঁহি চিঁহি শব্দ করে বললো আমার পিঠে চড়ো। ঘুরে বেড়াও যেখানে ইচ্ছে হয় সেখানে। তুলে আনো ফুল, ফল, পাতা। প্রয়োজনে গোটা গাছটা।
বললাম ওসব রবিঠাকুর পারতো।
বললো তুমিও পারবে।
ওর কাছেই শেষ শেখা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন