রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩

আজ সায়াহ্নে এসে সব বুঝি

 :১:

'তুঁহিরে তুঁহিরে তেরে বিনা মে ক্যায়সে জিউঁ ' নব্য যৌবনের এক মধুর আহ্বানে সারা মিললে বদলে যেত পেলব শৌখিন মনটা। নতুন পাতায় সবুজ হয়ে উঠতো আশেপাশের গাছপালা, ফুল ধরতো মনের গাছে। তালকাটা লেখাপড়া নতুন তালে নেচে উঠতো। ময়ূর পেখম তুলতো। বাবুই বাসা বাঁধতো। শুঁয়োপোকা তখন গুটি কেটে পাখা মেলতো নানা রংয়ে। 

মুকুলেই ঝরে যাওয়া সেটাও তখনই শেখা। যার ডাক্তার হওয়ার কথা ছিলো সে হয়ে পরলো সাহিত্যিক, যার গণিতবিদ হওয়া ছিলো দস্তুর সে হয়ে উঠলো বেহালা বাদক আর বাকি সব উকিল, ইঞ্জিনিয়ার আরো কত কি। থাক সে কথা।

শুধু সুন্দর এক জীবন পেয়েছেন দরাজ বুকে সঠিকভাবে সামাজিক বোধ এর নিরিখে কতিপয় অতি সরল মনের ছেলেমেয়ে। তারা আদর্শের জন্যে সব কিছু ছেড়ে নতুন এক সমাজ তৈরির কাজে ব্রতী হয়েছে। তাদের মা-বাবা বড়ো অসুখি। ছেলে মেয়ের সুখ সৌন্দর্যেই তাদের আনন্দ। তাদের আক্ষেপ আজও আমি দেখতে পাই। এ কথাতেও বাধ সাধছি।

:২:

লক্ষ্মী নারায়ণ বা লক্ষ্মী গনেশ প্রতীকি ভাবে সংসার আর সমাজের সাথে হাড়ে মজ্জায় বিলীন। এই সামন্ততান্ত্রিক সমাজে , সমাজ ছিলো একটা প্রতিপাদ্য। সেখানে পেশাগত ভাবে বিভাজিত মানুষেরা নিজের কাজে কর্মে ছিলেন অটুট ও সৎ। অসাধুতা তখন ছিলো ব্যাতিক্রম। এযুগে এটাই হয়ে উঠেছে বৃহদাকারে, প্রযত্নে বিজ্ঞান।

তবে বিজ্ঞান না মানলে, অজ্ঞানতার পাপ থেকেই যাবে।

:৩: 

এই বাংলায় বর্ষা এক ধ্রুবক, শীত-গ্রীষ্ম ব্যাতিক্রমী। এজন্যেই চন্দ্রমল্লিকা কখনো কখনো চাঁদ না দেখেই বিদায় নেয় আর বসন্ত বিলাপ করে ঠিক আমাদের প্রাত্যহিক জীবনের সাথে সাযুজ‍্য রেখে। ওরা যেমন হারিয়ে যায় আমরাও হারাই আমাদের। কাকগুলোর কর্কশ কন্ঠ যেমন জানিয়ে দেয় আগামীর কোনো এক শুভাশুভ ঠিক তেমনই যৌবন এগিয়ে চলে কোকিলের কুজনে। সময়ের শেষে যখন সে চলে যায় অন্য কোথাও তখন হোগলা গাছের শিষ খেয়ে, ফিঙেদের উড়ন্ত পোকা ধরে খাওয়া দেখে মনে হয় এবার না হয় কোনো এক প্রত্যন্ত গ্রাম হোক আমাদের ঠিকানা।

এই ছোট্ট জীবনে হারিয়ে যেতে ইচ্ছে হয় না। এই ভাবেই কেটে গেছে কয়েকটা দশক। আবার এক পুনরাবৃত্তির কথা বলবো আগামীকাল।

:৪:

আমার মা'কে সেদিন বলেছিলাম, দেখো আমি আমি কত বড় হয়েছি? মা বললো খোকা তুই আমার কাছে একদম এক ছোটো খোকা। বললাম যেদিন তুমি থাকবে না সেদিন এ কথা কে বলবে? মা বললো, আমার ঈশ্বর। বললাম এতে আমি বিশ্বাসী নই। মৃদু হেসে বললেন এরকম আমিও ছিলাম আগামীতে তুইও হবি।

এখন কেনো জানি না এই সত্যি কথাটাই খুঁজে পাই।

:৫:

হায়রে জীবনের সায়াহ্ন। কানের পাতায় চুল গজায়, নাক অযথা ডাক পারে সকাল সন্ধ্যায়। ভুরুর চুল গুলো বেনিয়মে বেজায় বেদনা দেয়। অযথা লেখালেখির শেষে বুঝি বয়স বেড়েছে বেজায়। আর বঁধুুও এখন  কতিপয় কাজ শেষে বলে, কিগো শুতে যাবে?  শিয়রে বালিশ রেখে বলে, ঘুমোবে? 

এ যেনো এক জীবনের প্রেমের ঠিকানা। যে ঠিকানা রাখতেই চাইনি কোনোদিন সেখানেই আজ নতুন করে ফিরে আসা।

আসলে মরে যাওয়ার পর যে কিছূ থাকে না সেটা বুঝেছিলাম ছোটো বয়েসে। আর প্রেম নামে অলীক বিষয় এলো মধ্য যৌবনে।

এই শেষ কালটা আজ বড়ো সুন্দর লাগে। ওরা সবাই আমাকে বাঁচতে বলে আর আমি এই জীবনের ঊর্ধ্বে উঠে পরলোক প্রায় দেখে ফেলছি।

তবে আমার বঁধুকে ছেড়ে যেতে সত্যিই মন চায় না, সাথে আছে একটা ছোটো বাচ্চা। 

থাক এসমস্ত কথা। আম না আমলকির ফুল ঝরা দিনে  আমি বেঁচে আছি।

আমাকে থাকতেই হবে।

এ যেন আজ যাহা কিছু করিবার আছে আজ তাহাই করিতে চাই।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন