বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩

অশিক্ষার তিমিরে শাসক

 :১:

প্রথমবার যখন পুলিশ আমাকে ধরে নিয়ে গেল, আমি জুভেনাইল। স্কুলের গন্ডি পার করে কলেজ ছাত্র। সবে মাত্র বাংলা মাধ্যম পাল্টে ইংরেজি মাধ্যমে লেখা পড়ার শুরু। বিজ্ঞানের ক্লাস তখন বাংলায় হতো না। ইংরেজিতে কিছু সুবিধেও ছিলো । বইপত্র পাওয়া যেত বিস্তর। বাংলা ভাষায় যা অমিল। 

প্রথম দিকে একটু সমস্যা ছিলো। সমাধানে সময় লাগলো সামান্য। বেশ লাগতো এক মাধ্যম ছেড়ে অন্য মাধ্যমে পৌঁছে।

এটা আশির দশক। রাজনৈতিক ট্রানজিসান। বই পড়ো না পড়ো সস্তায় বিজ্ঞানের বই পেতাম সোবিয়েত ইউনিয়নের কৃপায়।  বেশ চলছিলো।

পড়া-পাঠের সাথে শুরু হলো নতুন এক জীবন। তখনই রাজনীতির হাতেখড়ি। অনেক সংগ্রামের পর কংগ্রেস দলকে তখন এই বাংলা বিদায় দিয়েছে। তখনও দেওয়াল লিখন মোছা হয়নি। কোথাও গাই-বাছুর, কোথাও কাস্তে ধানের শীষ, কোথাও কাস্তে হাতুড়ি আরো কত কি। 

এর আগের অধ্যায় ছিলো আদর্শের নিরিখে এক বিভাজন। সেইকালেই ফ্রন্ট শব্দটা এসেছিলো রাজনীতিতে। সেই প্রথম গু আর গোবর মিলে মিশে একাকার।  মানুষ দেখলো। শিখলো। 

কি শিখলো?

শিখলো রাত আর দিন একসাথে চলছে হাত ধরে। শিখলো নীতি আর দুর্নীতির সহাবস্থান। শিখলো লঙ্কার সিংহাসনে যে বসে সেই হয়ে পরে রাবণ।

:২:

আমি সবেমাত্র কলেজে। বিজ্ঞান এর ছাত্র। পড়ার ভাষা ইংরেজী। প্রশাসক তখন মাতৃভাষা-মাতৃদুগ্ধ বলে ইংরেজি তুলে দিচ্ছেন। আন্দোলন শুরু হয়েছে। শত শত ছাত্রের ভীড়ে সেদিন আমিও ছিলাম। গ্রেফতার হলাম।

এদিকে আবার তাদের মিথ্যে ভাষণ চলছে। কতজন, কোথা থেকে এই সব । 

রাজনীতিতে মিথ্যে ভাষণ সেই প্রথম শোনা। সেই ট্রেডিশন আজও চলছে।

সন্ধ্যা নামার আগে কোনো এক অর্বাচীন এসে বললো বেল হয়ে গেছে। কয়েদ মুক্ত হলাম।

তবে রাজনীতির সংজ্ঞা বদলানো সেদিন থেকেই জানি। 

:৩:

এরপর কেটে গেছে অনেক বছর। মাথা ছিলো মাথাতেই। যেদিন ঠগদের অভিন্ন ন্যূনতম কর্মসূচির কথা শুনলাম বড় রাগ হলো। 

কোনো এক দশকে যে কারণে বিভাজন, সেই কারণ ভুলে এ কেমন সখ্যতা? 

এরা ডানা ছাঁটা পরী, নাকি পেখম লাগানো কাক?

আসলে এই সুবিধাবাদ এদের হাতেই তৈরী। এদের হাতেই তৈরী আজকের ফ্রাঙ্কেস্টাইন।

লাজ লজ্জার যারা ধার ধারেনা, যারা আদর্শের শ্রেণী নিয়ে উৎপাত করে তাদের কফিনে শেষ পেরেক কে পুঁতবে?

সেই মুসোলিনি কে মনে পরে? লাইটপোষ্টে ফাঁসি।

আর এই নতুন প্রশাসকের মনে রাখা উচিৎ ইতিহাস।

মানুষ সমাজ তৈরীর কারিগর। তাকে ঠকিয়ে, উপেক্ষা করে চললে ফল ভয়ংকর।

মনে হচ্ছে এই শিক্ষা নেয়নি এই প্রশাসক।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন