বসন্তের দেখা মেলে ফাল্গুনের ফল্গুধারার সাথে। তারপর আসে কাঠফাটা চৈত্রের তাপ। তখন শিমূলের লাল ফুল গুলো রেশমের গুটি ফেটে বেড়িয়ে সাদা তুলোয় ভরিয়ে তোলে আকাশ। কাঁটাআলা গাছের গভীরে এই পেঁজা তুলোর জন্মানো এক চরম বিষ্ময়। প্রকৃতিতে কি না ঘটে। বাঁশ গাছে ফুল আসে, মহামারি ছেয়ে যায় সারা দেশে।
এবছর প্রকৃতির নতুন এক রূপ দেখলাম। মাঘমাসে সুন্দরবনের বাঘ, লেপ-কাঁথা ছেড়ে খাঁড়ির জলে গা ভিজিয়ে জিভ বার করে লীনতাপ মেলে সব হেলদোল বাদ দিয়ে শেষ বেলার ঠান্ডার জন্যে হাপিত্যেস করছে। শিমূলের ফুল ফোটার আগেই তার তুলো ফোটার উপক্রম। যদিওবা লাল লাল ফুল পাখা মেললো তাও ঝরে গেলো কালের আগেই কারণ ফাগুনের বসন্ত যে তার প্রাণ। বসন্ত না এসে গ্রীষ্ম এলো মাঘের শেষে। বসন্তের এই বার্ধক্যে মলীন হলো তার ফুটে ওঠা। দেহগুলো বহুকাল আগেই দেশলাই এর কাঠি বানাতে কেটেকুটে নিয়ে গেছে কেউ। কাঠির মাথার উসখুস করা বারুদগুলো মনে হয় রাগে তাপে জর্জরিত হয়ে একসাথে জ্বলে উঠে বসন্তকে বিদায় দিয়েছে। যারা বেঁচে ছিলো ফুল ফুটিয়ে গান তুলিয়ে বসন্তকে আহ্বান করতে, তারাও আজ হারিয়ে গেলো মাঘ মাসের বারুদের গন্ধে।
এসব দেখে পলাশও ঝরে পরলো, মাধবীলতা আর গন্ধরাজ বিদায় জানালো। একটা বকফুল গাছ তন্যির মতন কনুই বেঁকিয়ে নাচের ঢংয়ে তার কুঁড়িকে ফুল হওয়ার আগেই বুড়ি করলো। পরে থাকলো আম আর বট। আমের মুকুল এলো, বট ছড়ালো শাখাপ্রশাখা।
তবুও ব্যাতিক্রম নেই বসন্তে আসা বসন্তের। চাকাচাকা দাগ ধরানো বসন্ত এলো মাঘের মাঝখানে।
বসন্ত উৎসবের মতন বসন্তের গুটিতে ভরে উঠলো মানুষের শরীর। জল শুকিয়ে গেল সেচ খালগুলোয়। ধানের তলাগুলো শুকিয়ে গেলো জলের অভাবে।
শুধু এসবেই থামলো না প্রকৃতি। ফাল্গুনের ঝড়ে ঝরে গেলো আমের মুকুল, লিচুও বাদ পড়লো না। রসালো ফল গুলো গ্রীষ্মের তাপে জল দেয় যাদের তারাও পরলো বিপাকে।
সবকিছু শেষ হলো তখন, যখন কোকিল ডাকলো না, বক পেলোনা মাছ ধরার সুযোগ, বাবুই বাসা বানালো না, ফিঙে-তাতার-দোয়েল-শালিখ সবাই হারিয়ে গেলো প্রকৃতির রোষে। শুধু কাক আর শকুন একসাথে ঝাড়ু হাতে বসে থাকলো রাস্তার পাশে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন