:১:
বার্ধক্যজনিত কারণে রাজনৈতিক সন্ন্যাস বিষয়টা আজকের রাজনীতির দস্তুর। নতুন প্রজন্মকে সামনে নিয়ে আনার তাগিদ এখন ত্রিভুবনে। সাজের কার্তিক হবেন সেনাপতি, ইন্দ্রজিতের কাছে হেরে যাওয়ার পরেও তারুণ্যকে মেনে ইন্দ্রকেই রাজা রেখে, বিশ্বকর্মাকে প্রতিরক্ষামন্ত্রী বানিয়ে নাক ডেকে দিবানিদ্রা আর রাতে ঐ ঊর্বশীদের নাচ দেখে ভালোই কেটে যাচ্ছিল সময়।
এই মর্ত্যও পিছিয়ে নেই। যুবক হওয়ার আগেই মামা কংসকে নির্দ্বিধায় সরিয়ে মহাভারতের এক কুটিল যুদ্ধে পাঞ্চজন্য শঙ্খের ধ্বনিতে অর্জুনের সারথী হলেন এই কলির কেষ্ট।
আর নরকে কি হয়েছিলো বলতে পারবো না। তবুও নাটুকে মানুষজন মঞ্চস্থ করে দেখালেন "নরকগুলজার"।
যৌবনের আহ্বান সব লোকেই এসেছে, আর এখান থেকে জন্ম হয়েছে মাথার উপর একজন প্রাজ্ঞকে রাখার প্রয়োজন। সেখেনেও আবার কম্পিটিশন পিতামা না পিতাশ্রী।
একটা কথা বলা দরকার প্রাজ্ঞজনকে বেশোরকাঠ বানিয়ে বৃষোৎস্বর্গের প্রতীক বানিয়ে যৌবনকে যথেচ্ছ সিদ্ধান্ত নেওয়ার অধিকার এই কলিকালেই প্রবর্তিত।
এখানে বলতেই হয় রাম-রাবণের যুদ্ধের কথা। দশরথ মহারাজ এর বংশ রক্ষার্থে অন্ধমুনির অভিশাপ শাপ না হয়ে ব্যাঙ হয়েছিলো। সেই কোলাব্যাঙের ঘ্যানঘ্যান শব্দের তারণায় রামচন্দ্র বনবাসে গেলেন বেকার অনুজ লক্ষ্মণ কে সাথে নিয়ে। সেই সাধের ভাই লক্ষ্মণ আবার ইন্দ্রজিতকে আজ-কালকার উঠাইকিরা মস্তানের মতন, স্বর্গজ্বয়ী ইন্দ্রজিতকে মেরে মহামহীম হওয়ার পর রাবণ এর শক্তিশেল খেয়ে যখন মূর্ছ গেলেন, ডাক পরলো ঠিক আমার মতন এক হনুমানের। ডাক পেয়ে পৌঁছলাম সবার প্রথম।
এরপর ধৃষ্টতার আধারে মাথায় করে নিয়ে এলাম 'গন্ধমাদন'।
তবে পূজার্চনার কারনে দৈন্যতার পরেও আমি ধন্য।
:২:
এই আধুনিক সভ্যতা শুরু হয়েছিলো রাজা রামমোহন রায় মহাশয়ের সময়ে। উনি ভারতের রেনেসাঁর প্রবক্তা। এরপর এলেন বিদ্যাসাগর মহাশয়। এটা আমি আমার শিক্ষা থেকে বলছি। এরপর আর একজনকে এই উত্তরণে পথপ্রদর্শক বলতে পারি। তিনি আমার 'শরৎবাবু।'
আজ খুব মনে পরছে উত্তরবঙ্গের পতিতযশা কবি পূণ্যশ্লোক বাবুর কথা। তিনি আমাকে বলতেন লেখো লেখো।
বলেছিলাম 'ভাব আমার ভাষার পিছনে দৌঁড়ায় কিন্তু নাগাল পায় না'। যৌবনের এই ঔদ্ধত্যপূর্ণ কথা আজ আমাকে লজ্জা দেয়। থাক এসব, প্রসঙ্গে ফিরতে হবে।
ইহকাল আর পরকাল না ভেবে যারা চলে তাদেরকে নিয়মের নিরিখে বলতেই হয় নরকের কীট। এই যুগান্তরে লজ্জা নারীদের ভূষণ নয়, আর আমি তো পুরুষ। আমার আবার লজ্জা?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন