বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩

ইতিহাসের বসতবাড়ি

ইতিহাসের বসতবাড়ি

এটা ছিলো তিন পুরুষ আগের এক বসতবাড়ি। দাদু, মেজদাদু, ছোড়দাদু ছাড়াও কাকু আর পিসির দল চলতো ফিরতো এই প্রকান্ড বাড়িটাতে। আরো অনেকেই ছিলো তারা বয়সে বড় হলেও এ বাড়ির বাচ্চা থেকে বুড়ো সকলেই তাদের নাম ধরে ডাকতো। যেমন নায়েব ভুবতিবাবু, কেয়ারটেকার সুজ্জিবাবু,  দারোয়ান পাঁড়ে কিংবা নাপিত বালেশ্বর। তবে বাড়ির পুরুতমশাইকে সবাই ঠাকুরদা বলতো। যারা বয়েসে বড়ো তারাও বলতো যারা কচিকাঁচা তারাও বলতো।

পৃথিবীর ঘূর্ণন ঘড়ির কাটা ঘুরিয়ে যখন আজকের দিনে পৌঁছলো তখন বাড়িটার দশা আর দেখে কে। পলেস্তারা খসে পরা বাড়িতে তখন পেঁচা আর পায়রার সংসার। পরিবার ছোটো হতে হতে প্রায় শেষ দশা। জরাজীর্ণ ওই বাড়ি কোনো এককালে যা ছিলো প্রাসাদ তাকেও তখন অখন্ড রাখা গেলো না।

ন-কাকার ছেলে বিদেশ থেকে এলো, সেজো কাকা নিঃসন্তান তাই কাকিমার ভাই, মেজ কাকার অষ্টম গর্ভের পুত্র এছাড়া পিসি, পিসির ছেলে, আর এক পিসির ভ্রাতুষ্পুত্র, মেজ দাদুর শালার ভগ্নিপোত আরো কত কে।

অসংখ্য তর্জা, কবিগান, ঝুমুরনাচের শেষে প্রাসাদটা মাংসের দোকানে কষাই যেভাবে টুকরো টুকরো করে কেটেকুটে ক্রেতাদের হাতে তুলে দেয়, ঠিক তাই হলো।

এরপর শুরু হলো বিকিকিনি। ধুম পড়লো ক্রেতাদের। আর এই ধুম আসার যে প্রক্রিয়া অর্থাৎ অগণিত ব্রোকার মায় সকাল থেকে দুপুর আর দুপুর থেকে রাত, যারা ওই এক বা হাফ পার্সেন্ট পাওয়া মানুষজন,  ধামসা মাদোল কিংবা জয়ঢাক পিটিয়ে বিড়ির পর বিড়ি ধরিয়ে সাথ দিলো, বন্টিত প্রাসাদ বিকিকিনিতে তাদের উল্লাস দেখে কে?

খন্ডিতাকার বাড়িটা কেন জানিনা দিনরাত শুধু অশ্রুপাত করে। তার মনে হয় আমার রক্ত-মাংস, হাড়-মজ্জা, মন-প্রাণ সব কেড়ে নিয়ে যাচ্ছে কোনো এক সভ্যতার শেষ রজনীতে ঘুমিয়ে পরা মানুষের দল। আমাকে যে বা যারা বাঁচাতে  পারতো তারা আজ আমাকে হত্যা করতে উন্মুখ।

চোখের জলের ধারা ভাসিয়ে নিয়ে গেলো ইট-কাঠ। হুড়মুড়িয়ে ভেঙে গুড়িয়ে গেলো সামন্তযুগের সেই প্রতিনিধি একদম নিজের মতন।

সেদিন কোলকাতার রেসকোর্সের মাঠে একটা উড়ন্ত চাকি এসে পড়লো। সেই চাকিতে চেপে যারা এসেছিলো তারা হলেন নায়েব, কেয়ারটেকার, দারোয়ান আর নাপিত।  

তারা বললেন এ বাড়ি যেমন ছিলো তেমনই থাকবে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন