সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩

পাছে ভেড়ারা কিছু বলে

 ভাজা-পোড়া খাওয়া আমাদের অভ্যাস। আলুভাজা, বেগুন পোড়া খেতে আমরা অভ্যস্ত। এখন আবার এই ভাজা আর পোড়া তাদের চরিত্র বদলেছে। ভাজা হয়েছে হরিদাসের বুলবুল আর পোড়া? আলু, বেগুন এখন পোড়ানো হয় না। ওখানে এখন মুরগি আর খরগোশের বাস। সেই সুবাসের একটা নতুন নাম হয়েছে তন্দুর। একটু পিছিয়ে ভাবি। শ্মশানে মরা পোড়ানো হতো কাঠের চুলায়। গাঁজাসক্ত কোনো বিজাতিয়েরা পোড়া মাংসের স্বাদ নিতে বসে থাকতো চিতার পাশে। এদের একটা নাম ছিলো। এরা অঘোরী। 

একালে সেখানে আমরা সবাই। দই, পেঁয়াজ আর শশা একসাথ করে যা তৈরী হলো, নাম তার রায়তা। এটা ছিলো গো-বলয়ের প্রিয়। এ যুগে মানুষ অঘোরী হয়ে গো-বলয়কে পাশে রেখে, মুরগি, খরগোশ পুড়িয়ে রায়তা সহযোগে সুস্বাদু খাবার খেয়ে বলছে 'আহা কি খাইলাম।'

আজকাল আবার পোড়া আইসক্রিম, পোড়া রসগোল্লা খাওয়ার চল হয়েছে। পোড়া খাবারের এই পপুলারিটি দেখে আমার মনে হলো, পোড়া রুটি খারাপ কিসে? গরীব মানুষ খায় বলে? 

আগে বলা হতো, রেগে আগুন তেলে বেগুন। এখন কি বলা যেতে পারে বিকল্প শব্দে?

যেমন আগে  রসিকতার সাথে বলতাম 'আরশোলা মুখে নিয়ে স্বাদে খায় চিনারা ...' এখন আমরাও তেমনই বলি।

এখন আবার নতুন স্বাদিষ্ট হয়েছে থাই আর মাঞ্চুরিয়ান। 

এই আগুয়ান খাদ্যসংস্কৃতি দেখে মনে হলো মন্দ কি? নাহয় নারকেল মুড়ি হারিয়েছে, না হয় ইতালির পাস্তা টাস্তা, চীন থেকে আসা আটা বা ময়দায় বানানো কেঁচোর মতন নুডলস টুডুলস্।

আরো কিছু বাকি আছে। যেমন কামড়ে ধরে টানাটানি করলে ঠিক রবারের মতন একটা কিছু দেখতে পাওয়ার পর বুঝি এটা পিৎজা। আর সব শেষে যেটা আজ আর পাওয়াটা দুরূহ তা হলো পাউরুটি আর ভেলিগুড়।

মানুষের দাঁতের গঠন যেমনই হোক ওই মানুষ আর  মাংসাশী কথাটা সমার্থক। মা মা ডাক ছেড়ে গলায় কোপ খাওয়া পাঁঠারাও একথা স্বীকার করে।

এখন আবার পাঁঠা নেই আছে খাসি। খাসি হলো পশু আর খোজা হলো মানুষ। পুরুষ ছিলো এরা জন্মগত ভাবে। পরে এসব।

তবে ভেড়া আছেন ভেড়াতেই, ঠিক আমার মতন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন