বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩

উর্বশী আজ নেই

          


উর্বশী আজ নেই

:এক:

:১:

ফুটফুটে বাচ্চাটা জন্মানোর পরে পরিবারের সবাই একটু আশাহত হলো। তারা যা ভেবেছিলো ঠিক তা হয়নি। মনে থাকা কথাগুলো ছিলো অব্যক্ত। অথচ দু-একদিন আগেও কত আনন্দ সবার মনে। 

কেউ বলছে বউমার যা চেহারা হয়েছে?

কেউ বলছে ওর রং হবে সাহেবের মতন।

আসলে ওর বাবাকে সবাই সাহেব নামেই চেনে সেই ছোটো বেলা থেকে। ওর গায়ের রং যেন দুধ আর আলতায় মেশানো।

সাহেবে আবার পছন্দ কালো রং। সে ঘরে এনেছিলো টানা চোখ, কামকাঠির সুনিপুন ছোঁয়ায় বানানো নাক, চিকন ঠোঁট, ছোট্টো মুখের হাঁকার, আনিতম্ব মাথার কালো চুল; এক কথায় ডানা কাটা পরী।

সাহেব বলতো, ভাগ্যিস তোমার গায়ের রং কালো; না হলে স্বর্গের দেবতারা তোমাকে স্বর্গের অপ্সরা বানিয়ে নিয়ে যেত আকাশের ওই নক্ষত্র-গ্রহের জগতে। 

তোমাকে পাওয়া হতো না। 

তুমি সুন্দর। তুমি সাদা সাহেবের বুকে পা তুলে দাঁড়ানো এক দেবী। 

সাহেবের কথা শুনে সেদিন ধুন্ধুমার বাধলো।

শৈবেরা বললো দেবাদিদেবের অপমান।

শাক্তেরা বললো দেবীর জয় হয়েছে।

কতিপয় আধুনিক বিজ্ঞান বিশ্বাসী মানুষ  বিষয়টাকে আর্য আর দ্রাবিড় সভ্যতার নিরিখে টেনে আনলো। তাদের দর্শন বোধে ফুটে উঠলো উন্নত ও অনুন্নত সভ্যতার এক রূপক কথন।

তারা বললো উন্নতির শিখরে থাকা কৃষ্ণবর্ণের দেবী আসলে দ্রাবিড়। আর ওই সাহেব, মানে মহাদেব পিছিয়ে থাকা আর্য সভ্যতার প্রতীক।

থাক এসব ক্লাসিকাল ধর্মাবতরণ।

:২: 

দিনটা ছিলো দোল পূর্ণিমার রাত। আগের রাতে চতুর্দিকে আলোর ছটা দেখে মন ভরেনি। ওটা ছিলো বুড়ির ঘর পোড়ানো। যেদিকে জ্বলে উঠছে ঝকঝক করছে লালাভ আলোর ছটা আর ফুলকি। কখনো কামার পাড়ার মাঠে, কখনো নেনী বাগ্দীর বাগানে আবার কখনো ব্রাহ্মন বাড়ির শেতলা খোলার সামনে। 

গত সন্ধ্যায় দোতলার বারান্দায় বসে এসব দেখেছে সাহের বৌ। শ্বশুর মশাই রসিকতা করে বলছিল বৌমা এই আনন্দ নিয়ে থাকো, সন্তান হওয়ার কষ্ট থেকে রক্ষা পাবে।

পরের রাতে হাসপাতালের বিছানায় ফুটফুটে বাচ্চাটাকে নিয়ে বারবার এই কথাই মনে হচ্ছিল তন্বীর।

তন্বী হলো সাহেবের বৌ।

মনটা বাঁধ মানছিলো না অন্য কারণে। 

সাহেব সন্তানের মুখ দেখার পর বলেছিলো, মেয়েটা অবিকল তোমার মতন সুন্দর দেখতে হয়েছে। কিন্তু গায়ের রংটা আমার মতন।

বড্ড ভয় লাগছে দেবতার দল এসে ওকে তুলে নিয়ে যাবে না তো?

স্বর্গে যে আজ উর্বশী নেই।

:৩:

জীবনের স্থায়িত্বের কথা জেনেও আমরা সময় নিয়ে ভাবি না। এই যে প্রতিদিন সকাল হয় আবার সন্ধ্যা নামে নিজের নিয়মে তাকে আমরা মনে রাখি না। ঠিক যেমন প্রতি বছর শীত আসে, গাছের পাতা ঝরে পরে, বসন্তে নতুন পাতা গজায় অথবা চৈত্রে তাপে মাঠের জল শুকিয়ে মাটি ফেটে যায়, বৈশাখের সন্ধ্যায় উত্তর-পশ্চিমের আকাশ কালো মেঘ ওঠে, কালবৈশাখী ছুটে আসে,  উজার করে গ্রামের ঘরবাড়ি আরো কতো কি।

এই বিচিত্র রূপের সাথে মিলে মিশে চলতে চলতে সময় কমে আসে জীবনের। ছোট্ট বাচ্চার শেষ হয় স্কুলের পাঠ। কৈশোর পার করে কখন যে সে যৌবনে পৌঁছলো সেটা হাতরে দেখার মনও তখন তৈরী হয় না। সে যেনো নিত্য নতুনের সাথে সহাবস্থানের পথ বেয়ে খুঁজতে থাকে অনাবিল এক আনন্দ। সে আনন্দের সামনে কোনো দুঃখ-দারিদ্র, পাওয়া না পাওয়া হারিয়ে যায় অসীম কোনো এক মানসিক সৌর্যে।

ঠিক এরকমই হলো। সাহেবের সেই ছোট্ট মেয়ে তনয়া কবে যে লাবণ‍্য হয়ে উঠেছে সে কথা সাহেবের মনে পরলো না। শুধু মনে পড়লো মেয়ের তনয়া নামটা দিয়েছিলো সাহেবের বাবা যে আজ লাবণ‍্য নামে স্বপরিচিত।

:৪:

তনয়ার এই লাবণ‍্য নামে পরিচিত হওয়া কলেজ জিবনে। শুধুমাত্র মেধা নয় , মা'র কাছে গান শেখা, বাবার কাছে বিজ্ঞান আর দাদুর হাতে দাবা খেলার তালিম একদম ছোটোবেলা থেকে। একটু বড় হওয়ার  পর জুটে গেছিলো সাহিত্য, রাজনীতির আরো এক নতুন বলয়। সব কিছুকে নিজের মতন করে তার শেখা।

বন্ধু শিলাদিত্য কখনো কখনো বলতো লাবণ্য তুই কোনো একদিন আমাদের মধ্যে থেকে হারিয়ে যাবি না তো?

লাবণ্য বুঝতো না কেন এসব মনে হয় সবার।

আমি কি বদলাচ্ছি?

আবার কখনো মনে হতো সবাই যদি শুধু দাঁড়াতে শিখে হেঁটে চলার পাঠ না নেয় তাহলে আমার হারিয়ে যাওয়া কি ভবিতব্য নয়?

দিন রাত না আসা, পাতা না ঝরা, নতুন সবুজ পাতার হারিয়ে যাওয়া এই নিয়ে সময়ের কাঁটা কি দমবন্ধ ঘড়ির সাথে আমাকে পাষাণী হয়ে থাকতে হবে?

ওদের কি এমনই ইচ্ছে?

ওরা কি হাঁটবে চলবে এগোবে, পাহাড়, নদীর সাথে নিজেদের মেলাতে অসীম আকাশের কাছে আত্মসমর্পণ করতে?

নাকি চরাই উতরাই পেরিয়ে, সমুদ্রের ঢেউ ভেঙে, মানমন্দিরে টেলিস্কোপে চোখ রেখে খুঁজে বেড়াবে সেই নক্ষত্র যাকে আগে কেউ দেখেনি?

নিজের সাথেই নিজের লড়াই বাঁধে। পাশে থাকার পাথেয় একমাত্র তার বাবা আর মা।

আজকাল শিলাদিত্য বাড়িতে এলে লাবণ্যর সাথে খুব বেশী কথা হয় না। শিলাদিত্য কেন যেন এখন ওর মা-বাবার সাথেই বেশী সময় কাটায় বুঝতে পারে না। সাহেব কখনো কখনো শিলাকে বলে এবার কিছু একটা কর। শিলা মৃদু হেসে বলে কেনো এইযে আপনাদের সাথে সময় কাটাই এটা কি কিছুই নয়? থাক কাল থেকে তাহলে আর আসব না। তন্বী একদৃষ্টে তাকিয়ে থাকে শিলার সহজ সরল চোখের দিকে। 

:৫:

শিলা দৌড় শুরু করতো সেই বলটা পায়ে নিয়ে। যে বলটা তার পায়ে লেগে থাকতো আঠার মতন। আনায়াসে দু-চার জন ছিটকে পরতো তার সর্পিল গতিতে হার মেনে। বলটা জড়িয়ে যেত জালে। গোল গোল শব্দে তাকে ছুঁতে দৌড়ে আসত সবাই আর তখন ধরাছোঁয়ার বাইরে থাকতে সে দৌঁড়তো মাঠের পাশে। তারপর শূন্যে কয়েকটা ভোল্ট খেতো উড়ন্ত পায়রার মতন ঠিক স্থির হওয়ার আগে।

সেটা ছিলো বর্ণময় সুন্দর এক কলেজ জীবন। কোনো করতালিই তাকে দাঁড়াতে বলতো না। বলতো আরো গোল আরো গোল। সেই খেলার জীবন আজ সে দেখতে পায় লাবণ্যর জীবনের খেলার গতিতে। দেখতে পায় কলেজের মাঠে এরকম গোল দেওয়ার পর লাবণ্যর সেই উচ্ছাস, যে উচ্ছাস সে কেন জানি না আজ দেখাতে পারে না লাবণ্যর প্রতিনিয়ত নতুন গোল করার অদম্য  ইচ্ছে দেখেও।

আজকাল নিজেকে তাই খুব স্বার্থপর মনে হয়। ফুটবল মাঠের পাসে বসে এসব ভাবতে ভাবতে সন্ধ্যা এলো। পাখিরা সব কখন যে বাসায় ফিরে গেছে হুঁশ হয় নি। উঠে দাঁড়ালো বাড়ি ফিরতে। 

লাবণ্য কখন যে পিছনে এসে দাঁড়িয়েছে তা বোঝেনি। তার ডাক শুনে চমক লাগলো।

বললো কিরে বাড়ি যাবি না?

সেদিন গুটি গুটি পায়ে একসাথেই পৌঁছলাম লাবণ্যর বাড়িতে। কোনো কথা সরলো না কারো মুখে।

:দুই:

:১: 

চন্দননগরের এই মুখার্জি বাড়ির নতুন নাম হলো ব্যারিস্টার বাড়ি। কালেক্রমে মুকুজ্যে নামটা হাড়িয়ে গেছিলো। ফরাসি উপনিবেশ চলে গেলেও ব্যারিস্টার বাড়িটা রয়ে গেছে অকৃত্রিম। শিলাদিত্য সেই বাড়ির শেষ দৌহিত্র। বাবা'র ব্যবসার ভার সে নেয়নি। এখন থাকার মধ্যে পরে আছে কোলকাতার অফিসটা। বাকি সব কালের নিয়মে যা হওয়ার তাই হয়েছে। ছোটো বয়েসেই পশ্চিমী সুরের সাথে পরিচয়। দাদুর রেখে যাওয়া ভায়োলিনটা কাঁধে নিয়েছিল ছ-বছর বয়েসে। ফরাসিরা চলে গেলেও থেকে গেছিলেন যে কয়েকজন সাহেব , তাদের কুঁচকে যাওয়া চামড়ার হাতে ভায়োলিনের শিক্ষা শুরু শিলার। ঘরে থাকা পিয়ানোটা বাজতো ওই গালের চামড়া ঝুলে পরা সাহেবেরই হাতে। তার কাছেই পশ্চিমের সুর তোলা।

এর পরে সুরের খেয়ালেই শুরু ভারতীয় মার্গ সুর। পশ্চিম আর পূর্বের সুরের সহাবস্থান শিলার কাছে ছিলো এক সৃষ্টির আনন্দ। এজন্যেই অন্য পাঠ যা কিছু সে পেয়েছিলো তাতে মন ভরেনি।

সেই পুরোনো গোলাপের বাগান আজও আছে বাড়ির সামনে। শুধু রূপ একটু বদলেছে। প্রতিরাতে আকাশ থেকে বৃতিতে পরা ওস সূর্য ওঠার পর চিকচিক করে রুপালি রংয়ে। এসবের সাথেই তার বড় হয়ে ওঠা। 

ভালোবাসার এই রূপ সে দেখেছে। অন্য যা কিছু জীবনে উঁকিঝুঁকি দিয়েছে সে সব এক লহমায় ঢাকা পরে গেছে অধীত এই ভালোবাসার ধনের আড়ালে।

তনয়ার সাথে তার বন্ধুত্ব কিন্তু সেই ছোট বেলায়।

:২:

কয়েক দিন শিলা আসছেনা দেখে সেদিন লাবণ‍্যকে ডেকে সাহেব বললেন, হ্যাঁ রে শিলা কি কোলকাতায় গেছে?

লাবণ‍্য বললো কেনো?

সাহেব বললো সন্ধ্যায় সময় কাটতে চায় না।

লাবণ‍্য বললো একবার ওর বাড়িতে যাও। হয়তো পেয়ে যাবে।

কথাটা একটু বেসুরো লাগলো সাহেবের। বললো, কেনো তোকে কিছু বলেনি?

উত্তরে বললো আমার শোনার মতন সময় কোথায়? 

কিছু না বুঝেই সেদিন সন্ধ্যায় সাহেব চললেন ব্যারিস্টার পাড়ায়। গেট খুলে বুঝলেন একটুও বদলায়নি বাড়িটা। বাগানটা আছে বাগানেই। পিয়ানোর সাথে ভায়োলিনটাও বেজে চলেছে একদম পুরোনো আদলে।

শুধু হারিয়ে গেছে হাঁকডাক গুলো। পরিবর্তে বসেছে গেটের পাশে একটা কলিং বেল আর সিসিটিভি ক্যামেরা।

বেলের শব্দের পর মনিটরে চোখ পরতেই ব্যালকনিতে এসে সাহেবকে দেখে হতবাক শিলার বাবা।

বললেন, কি ব্যাপার সাহেব? এই সময়েতো কখনো আপনি আসেননি।

ওদিকে পুরোনো বাড়ির ফ্লোরে রাত বাড়ার সাথে সাথে ভায়োলিনটা  নিজেই বেজে চলেছে পিয়ানোর সাথে লয় মিলিয়ে।

সাহেব বসলেন, একসাথে এক কাপ চা শেষ করে বললেন আজ চলি?

মুখার্জী বাবু শিলাকে ডাক দিলেন। উত্তর এলো না। সাহেব বললো থাক আর ডাকবেন না। ওরা থাক ওদের জগতে। চলি।

দুজনেই দুজনের চোখের দিকে তাকালেন। কেউ কোনো কথা বললেন না।

:৩: 

আজকাল শিলার বড়ো বেশী একটা যাওয়া হয়ে ওঠে না লাবণ্যর বাড়িতে। ঠিক অনীহায় নয়। অপাংক্তেয়  হতে কে চায়? এসব ভেবেই পার হয়ে যায় ওই বাড়িটা।  যেখানে না গেলে এই সেদিনও মনে হতো কি যেন বাকি রয়ে গেছে,  আজকাল আর তা মনে হয় না।

আসলে বন্ধুত্ব আর প্রেমকে যে চিহ্নে ব্যাখ্যা করা হয়, সেই ব্যাখ্যা নর-নারীর সহাবস্থানকে অন্য চোখে দেখে। বন্ধুত্বের যে অটুট বন্ধন সেই রশি তখনই ছিঁড়ে যায় যখন কোনো অলীক এক চিন্তন কোনো কারোর মনে চেপে বসে।

সেই একটা নিয়ম আছে না, দিনের বেলায় ঠাকুরের পূজো শেষ হলেও, সন্ধ্যায় তাকে আরেকবার ধূপ-ধূনোয় স্মরণ করতে হয়? বিষয়টা আজ ঠিক তেমন।

তাই এখন লাবণ‍্যর বাড়িতে যাওয়াটা সাহেব কাকুর সাথে দেখা করার মতন । যাওয়া আর না যাওয়া নিজের ইচ্ছায়।

:৪:

মুখার্জি পরিবারের সুসময় বা সংকট যাই হোক শুরু হয়ছিলো কয়েক দশক আগে। ব্যারিস্টার মুখার্জি যখন গত হন একমাত্র ছেলেই ছিলো তার পায়ের কাছে। শেষবারের মতন একমাত্র ছেলের দিকে তাকিয়ে তিনি চিরনিদ্রা গেলেন। তার দৌহিত্র তখন সবেমাত্র ভায়োলিনে 'পুরোনো সেই দিনের কথা বলবো কিরে হায়' তারের শব্দে বলতে শিখেছে। বাকি দুই মেয়ে থাকেন দেশান্তরে। তারা যেদিন এলেন সেদিন ছিলো স্মৃতিমেদুর এক সন্ধ্যা। একটা ফ্রেমে বাঁধানো ছবি ফুল আর ফুলমালায় বেষ্টিত। নীরবতা রক্ষার তাগিদে মুখার্জি বাবু ঘর ছাড়লেন। 

আজকাল মুখার্জি বাবুর ইচ্ছে হয় ছেলেটা সংসারী হয়ে উঠুক। কিন্তু কোথায় কি? সেই দাদুর থেকে পাওয়া ভায়োলিন আর পিয়ানোর মধ্যেই তার সংসার। মনে মনে ভাবেন এটাই হয়তো তার বাবার শেষ ইচ্ছে ছিলো।

:৫:

শিলাদিত্যের আকর্ষণে আজকাল সাহেবের এ বাড়িতে যাওয়া আসা বেড়েছে। দু-চার কাপ চা আর তার সাথে এই সৃষ্টিছাড়া দুই কুশীলব নিয়ে ঘোর আলোচনা।

ছেলেটাকে সংসারী করতে পারছেন না এই আক্ষেপ শুনে সাহেব একটা প্রস্তাব দিলেন।

বললেন মেয়েটি শিক্ষিত, সুন্দরী এবং পারিবারিক ভাবে সমৃদ্ধ। আরো বললেন মেয়েটি তার বড় পছন্দের। বললেন, যদি মনে করেন শিলার সাথে একটু আলাপ করান।

কে বলতে পারে অন্তরমুখী বন্ধনের কথা? 

 রাতের শেষ লগ্নে যখন সবেমাত্র মাড়োয়া রাগ থেমে গেছে, পুব আকাশের কোনে সুজ্জিমামা চোখ মেলেছেন তখন ভৈরবের কলতানে জেগে ওঠাটাই স্বাভাবিক। 

সাহেব বললেন, দেখুন শিলা এই বৃষ্টির জলপ্রবাহে নরম হয় কি না। আমি কিন্তু বিশ্বাস ক‍রি ও পেয়ে যাবে যা ও চায়।

অবশেষে মুখার্জি বাবু রাজি হলেন।

:৬:

মেয়েদের রূপ তার বয়সের সাথে একটা সাযুজ্য  রেখে চলে। সে কারণেই দাদুর দেওয়া তনয়া নামটা কালের গভীরে তলিয়ে যায়। তনয়া সেন নতুন ভাবে লাবণ্য সেন হয়ে ওঠে। 

সাহেবের মনে হয় তন্বীর রূপ লুকিয়ে ছিলো আঁধারে আর তনয়া সূর্যের ছটায় হয়ে উঠেছিল লাবণ্য। 

আজকাল শিলাদিত্যের এ বাড়ির প্রতি কোনো এক অনীহা দেখে তার মনে হল রূপ আর অরূপের ভেদাভেদ। মনে হল প্রেম শুধু রূপ-অরূপের বস্তু নয়। নিজের উপলব্ধি সেদিন ভাষা পেলো। সাহেব বুঝতে পেরেছিল রূপ নির্ভর প্রেম আসলে প্রেম নয়। রূপ আর কৃষ্টির বন্ধন হলো প্রেম। 

এই ভাবনা থেকেই সে খুঁজে পেলো এমন একটা মেয়ে যার হাতে হাত রাখলে ভায়োলিনের তারে শিলা'র আঙুলের স্পর্শ হয়ে উঠবে মেঘমল্হার। প্রখর গ্রীষ্মের দিনে আকাশ হয়ে উঠবে কালো। ঝমঝমা বৃষ্টিতে চাতকের তৃষ্ণা মিটবে। মাঠের ফেটে যাওয়া মাটি হয়ে উঠবে শস‍্য শ্যামল। 

:তিন:

:১:

ফাল্গুনের শেষ লগ্ন। শিমূল, পলাশ তখন বলছে আগামী বছরে আবার আসবে রাঙিয়ে তুলতে। মুখার্জি বাবু শিলাকে ডেকে পাঠালো। 

নিজের মনেই ভাবছিলেন শুক্লার জন্ম ওই পঞ্চমীর রাতে। ঠিক যেন শুভ্রকান্তি নমিতাঙ্গি সরস্বতী একটা মেয়ে। ভাবছিলেন নাই হলো স্বর্ণের উর্বশী। দেবতা নয় আমার ছেলের খুশিতেই আমি সুখি।

শিলা বললো, বাবা তোমার চা ঠান্ডা হয়ে গেছে। কি ভাবছো এতো বলবে?

লাবণ্য কখন এসেছে তা ওরা টেরও পায় নি। 

লাবণ্য বললো আমি কি আনতে পারি না জ্যেঠু?

ঘোর ভাঙতে একটু সময় লাগলো। মনে হলো স্বপ্ন দেখছেন। না তা নয় সত্যিই লাবণ্য কথা বলছে।

শিলা বললো বাবা কথা বলো। লাবণ্য অনেকদিন পর এসেছে। একসাথে বসে চা খাও আর গল্প করো।

:২:

ছেলেবেলায় যেটা দুষ্টুমি যৌবনে সেটাই মনে হয়  খুনসুটি। আজকের এই নতুন করে লাবণ্যর ফিরে আসার মধ্যে ঠিক তেমনই এক অনুভূতি তৈরী হলো মুখার্জি বাবুর মনে। তবে খুনসুটি দেখা হলো না।

শিলাদিত্যের মান্যতা না দিয়ে সরে যাওয়া তাকে ব্যাথা দিলো। সাহেব যে শুক্লাপঞ্চমীর চাঁদ দেখতে যেতে বলেছিলো সেখানেও আর যেতে ইচ্ছে হলো না। সেই ছোটবেলায় দোলনায় দোলা, ঝগড়া করা, ছবি আঁকা, একে একে সব কিছু ভেসে উঠতে থাকলো বন্ধ করা চোখের সামনে। হারিয়ে যাওয়া শৈশবকে আজ যদি ওরা ফিরে পেতো মুখার্জি বাবু হয়তো আনন্দে উদ্বেল হতেন। কিন্তু তা হলো না।

লাবণ্য ফিরে যাওয়ার আগে শুধু বলে গেলো সবাই বদলে গেলেও জ্যেঠু তুমি কিন্তু ঠিক তেমনই আছো।

:৩:

ফুলের জলসায় কবি চিরকাল নীরব থাকেন। তিনি জানেন ফুল ফোঁটে যখন তখনই তার ঝরে যাওয়াও এক স্বাভাবিক স্বত্ব। 

আর যদি ফুল ফুটলো না, ফল ফললো না এমন এক সময় আসে তখন গাছ গুলো কি বেঁচে থাকবে?

হ্যাঁ থাকবে।

আর কি থাকবে?

থাকবে প্রাণের হিল্লোল। যেখানে জন্মাবে শতেক ছত্রাক। আজকের জীবনযাত্রায় তার নতুন ভাবে একটা নাম এসেছে। সুন্দ‍র সে নাম। মুসকান নয় নাম তার মাসরুম।

এই বস্তুটা না ফুল, না পাতা, না ফল। 

অথচ কি আল্লাদে তাকে পাতে বরণ করে নিয়ে জাতে তুলেছে অনন্য এক স্তন্যপেয়। 

শিলাদিত্য বললো আমি তাদের সাথে নেই।

:৪:

দেখার পরেই মনে হলো বড় চেনা মুখ। মনে হলো গুনগুন সুর করে রান্নাঘরের চলাফেরার শব্দ। ঝনঝন করে বাজা চুড়ির শব্দ যা অনেক কাল শোনা হয়নি। সেই যৌবনের দিনগুলো মনে পরে যায় মুখার্জি বাবুর। যখন শিলাদিত্য ঘরে এলো তোলপাড় হলো গোটা পাড়া। মুখার্জি বাবুর বাবার সেদিন আনন্দে মিষ্টি বিলোনো আরো কত কি। এর পরেও চুড়ির শব্দে মেতে উঠতো রান্না ঘরটা। আর গুনগুন গানের এক মোহ মাতিয়ে রাখতো গোটা পরিবারকে। শিলাদিত্যের এই সুররসিক মনটা ওর মায়ের থেকেই পাওয়া।

দোল-দুর্গোৎসবের দিনগুলোতে শিলার মা হয়ে উঠতো সেলিব্রিটি। চতুর্দিক থেকে অনুরোধ শুনলে মনে হতো যেন একটা অনুরোধের আসর চলছে।

শিলাদিত্যের সেই শিশু কন্ঠস্বর আজও তার কানে বাধে। আর আজ সেই শিলাদিত্যের জন্যেই এখানে আসা। 

দেখাশোনার পর সাহেব বললেন, কেমন লাগলো বলুন। অনেকক্ষণ চুপ করে ছিলেন মুখার্জি বাবু। সাহেব ভাবলেন শুক্লা তো লাবণ্য নয়।

মুখার্জি বাবু মৃদু স্বরে বললেন আমি মুগ্ধ। জানি না শিলা কি বলবে।

ও যদি না বলে, আমি কি বলবো বলতে পারেন?

সাহেব তখন তার মেয়ের কথা ভেবে অত্যন্ত আনমনা। একদিকে লাবণ্য অন্যদিকে শিলাদিত্য।

গাড়িটা থামলো মুখার্জি বাবুর গেটের সামনে।

:৫:

মৈত্র বাড়িতে যে ব্যাপার আলোচনার বিষয়, সেটা বয়েস সংক্রান্ত। শিলা তিরিশ গ্রীষ্ম পার করেছে আর শুক্লা একুশ।

শুক্লার সাধনা বেড়েছে। মনটা রঙিন হয়েছে রাগপ্রধান গানের সুরে। না বসন্ত সঙ্গীত নয়। কখনো জয়জয়ন্তি, কখনো জনসম্বির্ধিনিতে।

বেশ লাগে সংসার ভেবে। আরো বেশি করে ভালো লাগে যার সাথে থাকবে তার সময় কাটে ভায়োলিন আর পিয়ানো নিয়ে।

ঠিক যেন এমন কিছুই পাওয়ার ছিলো এই জীবনে। মনে মনে পেয়েছে ভেবে আজ সে খুব খুশি। 

সুন্দর একটা গানের কলি ভাবতে ভাবতে ঘুম এলো চোখে। ঘুম ভাঙলো পিয়ানোর টুং টাং শব্দে।

:চার:

:১:

যৌবনে সংসারে প্রবেশের মাথার উপর ছিলেন তার বাবা। পরবর্তীতে সন্তান-সংসার সবটুকু দেখার দায়িত্বে ছিলেন তা স্ত্রী। তিনি গত হওয়ার পর যা কিছু দরকার হতো একমাত্র ছেলে'ই ছিলো আলোচনার করার সম্বল।

আজ নিজেকে বড় অসহায় মনে হলো মুখার্জি বাবুর। যে সিদ্ধান্ত সে নিতে চলেছে তা তার অধীনে নয়। নানা অন্তর্জালে রাত কাটলো আকাশের দিকে তাকিয়ে। একতলার ফাঁকা ছাদে দাঁড়িয়ে লক্ষ-কোটি তারার ভিড়ে কিছুতেই খুঁজে পেলেন না শিলার মা'কে। 

যখন পূব আকাশে শুকতারা জ্বল জ্বল করে তার মুখের দিকে তাকালো, বুঝলেন সকাল আসছে তার নিজের নিয়মে।

শেষ লগ্নে এসে তার মনে হলো যে রক্ত ছেলের শরীরে বহমান সে তো ওর মায়ের। শুক্লাকে ও'ই দেখে আসুক। ওর পছন্দের সাথে ওই খুঁজে না পাওয়া তারা'ও দেখতে পাবে শুক্লাকে।

:২:

রাত শেষে যখন ঘুম এলো স্বপ্নের পুরোনো এক দিন এলো চোখের তারায়। বাবার সাথে কথা বলে তার স্ত্রী বললেন একেই বউ করে আনবে। কথায় আছেনা ভোরের স্বপ্ন সত্যি হয়? 

মুখার্জি বাবুর ঘুম ভাঙলো যখন, তখন সকাল গড়িয়ে গেছে। 

আজ আবার সকালের শুরুতেই এলো লাবণ্য। এসেছিলো জ্যেঠুর সাথে সময় কাটাতে। তা হয়ে উঠলো না। 

শিলাকে বললো এই আমি যাই। পরে আসবো।

শিলা বললো বাবা ওঠেন নি বলে আজ চা বানাইনি। কাজ থাকলে আটকাবো না।

লাবণ্য বললো জ্যেঠু এ কথা বলতো না। আমি যদি এতোটাই অপাংক্তেয়, তবে কখনোই আর আসবো না।

মুখার্জি বাবু লাবণ্যর কাঁধে হাত রাখলো।

:৩:

ভালোবাসার সৃষ্টি শরীর আর মন নিয়ে নয়। তার সিংহভাগ জুড়ে থাকে এক পরিবহ। এটা তার সংস্কৃতি। এই সব ব্যাতিরেকে প্রেম হয় না। প্রেম পাশবিকতার বিরুদ্ধে দাঁড়িয়ে বড় হয়েছে। সে প্রতিপালিত কৃষ্টির সাথে। এভাবে তাকে হত্যা করা যায় কি?

মনে হয় যায়। 

কখন যায়?

যখন মাথার উপরে নাক উঠে পরে।

আসলে এই নাক আর মাথার ব্যাখ্যায় হৃদয় উঠে পরে মস্তিষ্কে। সেখানেও শতেক জট। সেই জট ছাড়িয়ে যখন এলোকেশরাশি চোখে পরে তখন দুটো মন কান্নায় ভেঙে পরে।

জানা আর না জানার এটাই বহিঃপ্রকাশ।

:৪:

লাবণ‍্য চলে যাওয়ার পর শিলা বাবাকে বললো, তুমি তো অনেক বিয়োগান্ত দেখেছো। আমি আর চাই না এসব।

আমি আর তুমি বেশ আছি।

তুমি যেদিন চলে যাবে আমি অধরা থাকবো। কোনো বন্ধন থাকবে না।

লাবণ্য থাকুক তার মতন। আর আমি?

ব্যারিস্টার দাদুর দেওয়া ভায়োলিন আর পিয়ানোর মধ্যে থেকে না হয় জীবনটা কাটিয়ে দেবো।

তারপর মা এর সাথে মিলেমিশে এক হয়ে যাবো।

মুখার্জি বাবুর মন মানলো না ছেলের কথায়।

:৫:

ভেবেছিলেন লজ্জায় ভরা মুখে শুক্লা আসবে এ বাড়িতে। ভেবেছিলেন বরণ করে আনবে সাহেব কাকিমা। ভেবেছিলেন লাবণ্য সেদিন বলবে জ্যেঠু তুমিও?

না তা আর হওয়া হলো না।

শিলার আক্ষেপের কিছু রাখলেন না তিনি। চলে গেলেন অসংখ্য তারার ভিড়ে খুঁজে না পাওয়ার মাঝে।

তিনি নিজে যেদিন হারিয়ে গেলেন সেই সেদিন'ই শিলার জীবনের প্রথম সূর্যোদয়।

সকাল হলো মানুষের ভিড়ে।

সেই শেষবারের মতন ফুলের জলসায় নিরবে শুয়ে থাকা। 

মনের মানুষদের চোখের জল ভাসিয়ে দিলো মন-প্রাণ-অন্তরীক্ষ যা তার থেকে গেলো অদেখা।

সেদিন শিলাদিত্য অশ্রুহারালো। মনে হলো অনেক কাল পরে আজ আমি স্বাধীন হলাম।

চলবো নিজের মতন। বাজবে ওই তার আর বেতারের দুটো যন্ত্র। দাদু, বাবা আর মা থাকবে চারপাশে‌।

জীবন থাকবে অশোকের মতন শোক শূন্য।

না হয় না'ই থাকলো লাবণ্য বা শুক্লা। 

না  হয় আমি'ই হলাম অনাদি, অনন্ত, অরূপ ও অক্ষয়।

                           --------●--------
























কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন