মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩

ফিরিয়ে দিলাম

ফিরিয়ে দিলাম 


যাদবপুরের হস্টেল হোক অথবা

শহরের ফুটপাত হোক

হাহাকার করে মানুষ 

শুধু বেঁচে থাকার তাগিদে।

নেমে আসে সরকারি বেসরকারি

এবং যার পর নাই মাধ্যম থেকে।

এই পড়ে থাকা রাস্তার জীবন

তারাই জানে যারা ঘর বাড়ি ফেলে

রাস্তায় চোখ মেলে।

গ্রামের পথ ছেড়ে শহরের পথে

এরা বারবার এসেছে।

তাচ্ছিল্য যত জুটেছে

শিক্ষা জুটেছে অনেক বেশি।

তাই এভাবে ফিরে আসা

এভাবেই ভালবাসা 

এই শহুরে প্রকৃতিকে।

তবে এ শহর কখনোই

আমাদের ভালোবাসে না একথা সে বুঝেছে।

শহর ভাবে এ কেমন উপদ্রব?

চেনা গ্রাম ফেলে এই অচেনা শহরে

কোন অধিকারে তুমি এসেছো?

গন্ড গ্রামের ছেলেটা প্রথমে বোঝেনি

এসব কথার মানে। 

একবারও তার মনে হয়নি এ কথা বুঝতে।

তবে যেদিন এই শহরে শত্রুর বিমান

বোমা ফেললো, শহুরেরা শহর ছেড়ে

দৌঁড়োলো তাচ্ছিল্যের ওই গন্ডগ্রামে

সেদিন তারা মুখ খুললো।

বললো পাশবিকতা তোমাদের পরিচয়

এটাই আজ তোমাদের ফিরিয়ে দিলাম।

রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩

কে বাঁচাবে তাদের?

কে বাঁচাবে তাদের?


শিশিরের জলে পা ভেজেনি। সন্ধ্যায় আর শিশির পরে না । ভেবেছিলাম ভোরের দূর্বাতে পা ভেজাবো। ভিজলো না।চললাম কংক্রিটের পথ ধরে। পথের পাসে পরে থাকা প্লাস্টিকের জঞ্জাল গুলো বেশ রাত্রের শিশিরে ভিজে আছে। 

তৃণেরা এখন সিক্ত হয় না, হয় প্লাস্টিক। হয় আরো অনেকে মনে মনে, কল্পনায় আর অতীতের স্মৃতিকে সামনে রেখে।

মেয়েটাকে বরণ করে আনতে শিশিরের জল লাগে। সেই জল  কোথায় পাবো বলতে পারলো না দুগ্গা। চলে গেলো বিনা জলে। অথচ চতুর্দিকে জল শুধু জল। দমবন্ধ হওয়া এক পরিবেষ্টনি।

ওদিকে আর বার বোমারুরা নির্বিচারে বোমা বর্ষণ করে চলেছে। অসুস্থ সমাজ আবার তাদের রসদ যোগাচ্ছে। মৃত শিশুটার মুখ দেখতেও চোখ বাঁধ মানছে না। সেই জল পড়লো তার পা এ। 

এর পর সে বলেছে শিশির চাই না। যে জল পরেছে এই পা এ এই জল যেন লেগে থাকে আমার পা জুড়ে।

আসলে রম্য গীতি আর রম্য রচনার মতন রম্য রস বিদায় নিয়েছে। 

শিশিরেরও তাই দেখা মেলেনি দূর্বা ঘাসে। সে এখন পাখা মেলে উরুক্কু মাছের মতন জলের উপরে এসে ছটফট করে। আর তারপর মৃত দেহটাকে ফেলে দেয় আবর্জনার স্তূপে ঠিক সদ্য জন্মেই মরে যাওয়া বাচ্চাটার মা এর মতন।

মা একবার নিজের পা দেখেন আরেকবার মৃত সন্তানের মা এর লাল চোখ দুটো দেখেন। হতে পারে তিনি কিছুই দেখেন না। সন্তানের অভিসম্পাত হয়তো তার চোখ দুটোকে উপড়ে দিয়েছে।

ব্যবহারিক জীবনের দৃষ্টিতে এমন না হওয়াটাই স্বাভাবিক। তবে শিশির আর চোখের জলের মেল বন্ধন সে কথা বলে না। সন্দেহ জাগলো তার মনে। তার মনে হলো সনাতন আজ সেই রূপ-সনাতন পর্যায়ে পৌঁছে আমাকে প্রশ্ন করছে?

সন্ধ্যা এলে সূর্য নিভে না। সে তখন অন্য গোলার্ধে আলো দেয়, তাপ দেয়, পথ দেখায় আর আমরা ভাবি সে ডুবে মরেছে। পরের প্রভাত যখন সে এনে দেয়, বুঝতে পারা যায় তার অস্ত নেই।

এই উদয়-অস্ত আমাদের জৈবিক জীবন বৃত্তান্ত। আর ঐ আকাশ ভরা সূর্য-তারার দেশে জৈবিক বিষয় আশয় নেই। আছে শুধু সৃষ্টি আর সৃষ্টি।

ওনারা সৃষ্টিতে আছেন ধ্বংসে নেই। ওনারা আপন মনে আলোয় ভরান, ওনারা অন্ধকারের যাত্রীকে আলোর দৃষ্টি দিতে আছেন। এটাই ওনার স্বত্তা।

সূর্যের শিখায় কুন্তি শুনেছি সন্তান-সম্ভবা হয়েছিলেন। আর কোনো এক ব্রহ্মজ্ঞান তাকে মিথ্যাচারের অপরাধে অভিসম্পাত করেছিলো। মহাভারতের যুদ্ধে তার মৃত্যু আমরা দেখেছি।

হায় হায় করে একালের রবী লিখে ফেললেন কর্ণকুন্তী সংলাপ। মিথ্যা প্রতিষ্ঠা পেলো আমাদের আবেগকে মাধ্যম করে।

এরপর নানান যুক্তি কুযুক্তি  হয়েছে। এই আধুনিক বা আধুনিকারা এসব কে অগ্রাহ্য করে দিন রাত। কি পেয়েছে তারা?

শুধুমাত্র রক্তস্খলন পেয়েছে তারা। পায় নি অমৃতস্বপুত্রা এই জন মানুষ। 

মা দূর্গার কাছে তারা নির্বাক প্রতিনিধি। প্রজন্ম তার উত্তর দক্ষিণ ভুলে স্রোতে ভেসে গেছে। 

কে বাঁচাবে তাদের?

শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩

অধরা নাম রেখেছি

অধরা নাম রেখেছি


পঙ্কে ডোবানোর অধিকার কে দিয়েছে তোমাদের?

এ বাংলার মানুষ তোমাদের সে অধিকার দেয়নি।

এরা বেঁচে থাকে এদের শৈশবের সাথে

সেখানে কোনোদিন তোমরা জায়গা পাবে না।

সেখানে মৃত্যুহীন ভাবে রয়ে যাবেন, 

সেখানে বেঁচে থাকবেন রামমোহন, বিদ্যাসাগর,

শরৎচন্দ্র আর বিশ্ববন্দিত রবীন্দ্রনাথ।

থাকবেন দেশবন্ধু, থাকবেন নেতাজী।

থাকবেন জগদীশচন্দ্র, সত্যেন্দ্রনাথ

থাকবেন মেঘনাদ এবং প্রশান্ত চন্দ্র।

থাকবেন অসংখ্য বাঙালির মস্তিষ্ক।

থাকবেন অমর্ত্য, থাকবেন অভিজিৎ বিনায়ক।

আর থাকবো আমরা যারা সাধারণ মানুষ।

বাংলায় জন্মেছি বাংলাতেই মরতে চাই।

তোমরা যে যতই চেষ্টা করো

এই মস্তিস্ক তোমাদের 

ধরা ছোঁয়ার বাইরেই থেকে যাবে।

মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩

যার খবর কেউ রাখেনা

যার খবর কেউ রাখেনা 

:১:

তার অভাব নেই। জীবনের শুরুতে ছিলো না সায়াহ্নেও নেই। শুধু কোনো এক না পাওয়ার ব্যাথায় সে কাতর। খুঁজে ফেরে সকাল সন্ধ্যা। প্রশ্ন করে একে তাকে। ব্যার্থ হয়ে ফেরে বারবার। তবুও হাল ছাড়েনি। যখনই সময় মেলে খুঁজে বেড়ায়। কখনো কখনো মনে হয় এ কেমন খুঁজে পাওয়ার চেষ্টা? অতীতকে এ ভাবে খুঁজে কি লাভ? স্কুলের বেঞ্চ, কলেজের মাঠ, ফেলে আসা রাস্তাঘাট অথবা পুরোনো বইয়ের প্রথম পাতার লেখা দেখে শেষ বারের মতন একটা বই কিনে সেই পুরোনো ঠিকানায় পোষ্ট করা, আরো কত কি।

এই বেঁচে থাকা দিনগুলো দিনেদিনে বড় নষ্টালজিক হয়ে পরছে। যারা এসব বুঝতে জানে তারা আজ আর আসে পাশে নেই। আর যারা আছে তারা এসবের মর্ম বোঝে না।

হাত পা ছুঁড়ে রাগ আর বিরক্তের শেষে সেদিন মহিম ঘর ছাড়লো। সংসারের শরিকেরা বুঝলো না কেনো এমন হলো।

মহিম কপর্দকহীন ভাবেই ঘর ছেড়েছে। ভেবেছে যা কিছু রেখে গেলাম ওদের চলে যাবে কয়েক যুগ। ভেবেছে পরিবার ছেড়ে গেলেও ওরা যেন ভালো থাকে সুখে থাকে।

:২:

সামাজিক পরিসরে এই প্রথমবার পৌঁছেছে মহিম; পকেটের ওয়ালেট এ যেটুকু ছিলো সেই সম্বল এর উপর ভর করে। প্রথম রাতটা ভালোই কাটলো পার্ক স্ট্রিটের ফুটপাতে। নিশিরাতে পুলিশ একবার ধাক্কা দিয়ে ঘুম ভাঙালো। তারা ভেবেছিল কোনো এক মদ্যপ রাস্তার পাশে পরে আছে। নিশ্চিন্ত ঘুমের ব্যাঘাত ঘটানো ছাড়া আর কিছু হয় নি। সেদিন ওই পুলিশের যে আধিকারিক তার সাথে কথা বলেছিল, শিক্ষার বিচারে সে অনেকটাই পিছিয়ে থাকা মানুষ। ফুটপাতে শুয়ে থাকার স্বাধীকার সেদিন লঙ্ঘন হয় নি।

সকাল হয়েছিলো সূর্যোদয়ের অনেক আগেই কাঁচা কয়লায় ধোঁয়ায়। ফুটপাতের পাশে এক কাপ চা নিয়ে মহিম বাড়ির কথা ভাবতে বসেছিল। ভাবছিলো তবে কি পুলিশের খাতায় তার বাড়ির কেউ কোনো ডায়েরি করে নি? 

চা শেষ করে সিগারেট ধরিয়ে তার হাসি পেলো। প্রাণ খুলে হাসলো। তারপর চা এর দাম মিটিয়ে শুরু করলো নতুন ভাবে হাঁটা। 

হাওড়া স্টেশন পার করে গ্রান্ডট্রাঙ্ক রোড ছাড়িয়ে দিল্লি রোডে যখন মহিম পা রাখলো তখন সূর্য মধ্যগগনে। সে বুঝলো প্রতিদিনের স্নানের সময় পার হয়েছে। 

সেদিন বেলুড় মঠের গঙ্গায় সে স্নান সারলো আর পেট ভরাতে লাইন হোটেলে গিয়ে বসলো। ওই রান্না করা খাবার মুখে রুচলো না। পেট ভরাতে শুকনো ভাত আর নুন সেদিন বেশ লাগলো।

চললো পথ বেয়ে এগিয়ে চলা। সন্ধ্যা এলো শ্রীরামপুর স্টেসানে। মনে হলো আজকের রাতটা সে এখানেই থাকবে। ওয়ালেট থেকে টাকা দিয়ে একটা প্লাটফর্ম টিকিট নিয়ে সে পৌঁছলো প্লাটফর্মে। 

ক্লান্ত শরীরে কখন যে তার ঘুম এসেছে সে জানে না। ঘুম ভাঙলো কর্কশ মাইক এর শব্দে। মহিমের মনে হলো যে ট্রেনই হোক চেপে বসি। মনে হলো বিনা টিকিটের অপরাধ মেনে না হয় একদিন হাজতবাস হবে। কি আসে যায়? থাকা, খাওয়া তো পেয়েই যাবো।

টিকিট চেকার নামিয়ে দেয় নি। আটক করেছে বিনা টিকিটের যাত্রি হিসাবে। সেই রাতটা বোলপুর স্টেশন এর লক আপে ভালোই কাটলো।

একদিন পর আবার শুরু হলো পথ চলা। মহিম বুঝলো দিন যে ভাবেই কাটুক রাতটা রেলের কামরায় থাকাই ভালো। পথের ভুলে সেদিন সে পৌঁছলো সিউরিতে। সেদিন কোনোভাবেই রেলের স্টেশন এ পৌঁছনো হলো না। সরকারি বাসস্ট্যান্ড এ কাটলো সে রাতটা। মহিম ভাবেনি সেই রাতটা এত সুন্দর হবে। ঠিক তার ছেলের বয়সের একটা ছেলে মহিমকে কাকু বলে ডেকে তুললো মাঝ রাতে। মদ এর গন্ধে তখনও ভাটা পরে নি।

মহিম বললো বাবা তোমাকে আমি চিনতে পারছি না। তুমি কি আমাকে চেনো?

সে বললো হ্যাঁ চিনি। আপনি একটু মনে করে দেখুন কয়েক দিন আগের কথা।

মহিম অনেকক্ষণ ধরে ছেলেটার মুখটা দেখছিলো। মনে পরলো পার্কস্ট্রিট এর ফুটপাথে রাত কাটানো। মনে পরলো পুলিশ আধিকারিক, যারা তাকে ছেড়ে দিয়েছিলেন। মনে পরলো নিজের ছেলেটার কথা।

মহিম বললো তুমি আমার ছেলের মতন। আমি চলেছি সমাজ দর্শন করতে। হয়তো শরীর খারাপ হবে, হয়তো রাস্তার পাশে মরে পরে থাকবো, তবুও আমি দেখতে চাই আমার জীবন শক্তি।

মহিম বললো তোমার নাম কি বাবা?

বললো আপনি চলুন আমার সাথে। নাম না হয় নাই জানলেন। আমি দিল্লী যাচ্ছি। আপনিও চলুন আমার সাথে।

অনেকক্ষণ ভেবেছি। ভেবেছিলাম তবে কি আমার নামে থানায় রিপোর্ট হয়েছে? ভেবেছিলাম তবে কি আবারও আমাকে বাড়িতে নিয়ে যাবে?

তবে তা হয় নি। কাকু কে নিয়ে দিল্লির পথে পৌঁছে দিলো মধু।

এই প্রথমবার মহিম বুঝলো স্নেহ, প্রেম আর শ্রদ্ধার বিষয়। সে যে এসবের ঊর্ধ্বে এই প্রথম সে বুঝলো। দিল্লির দরবার তার ভালো লাগলো না। জেনারেল টিকিট নিয়ে সে চরে বসলো উত্তর -পূর্বের ট্রেন এ।

সবুজ আর ভঙ্গিল পাহাড়ের কোলে পৌঁছে সে বুঝলো তার ওয়ালেট কপর্দকহীন। জামা কাপড় নোংরা আর মলিন। মাথার চুল গুলোয় জট ধরতে বাকি আর দাড়ি-গোঁফ নিজের মতন বেড়েই চলেছে।এই প্রথম তার মনে হলো সত্যিই তার খবর কেউ রাখে না। দুঃখ শোকে সে শেষে প্রাণ হারালো। দেহটা পরে থাকলো মর্গে বেওয়ারিশ লাশের সাথে। 

ফেলে আসা স্কুল কলেজের বেঞ্চ যেমন ঠিক তেমনই এই সংসার, এ কথা তিনি প্রমাণ করেই মৃত হলেন।

সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

নবমীর শ্লেষ

দূর্গা পুজোয় নবমীর রাত বড়ো দুর্বোধ্য। সূর্যোদয় না আসার অপেক্ষায় থাকে সকলেই। অথচ সকাল হয় নিয়ম মেনেই। পূজোর ঘোর কাটাতে যে সময় লাগে নবমীর তিথি তা বোঝে না। 

অতঃপর সকাল আসে, তিথি উত্তীর্ণ হয়,  দর্পনে ফুটে ওঠে চলে যাওয়ার রূপ। এই অপরূপ রূপ আসছে বছরের পর বছর ধরে। কাশ ফুল ফোটে, ঝরে আবার ফোটে। কিছুতেই কোনো একঘেয়েমি আসে না কারোর। আজকাল এই একঘেয়েমি এসেছে পদ্মের, শিউলির। তারা সময়ের সাথে নিজের বদলাতে পেরেছে। আসে না তারা আজকাল সময়ে। সময় পার হয়ে যায়। পদ্ম শুকোয় নয়নজুলিতে আর শিউলি ঝরে পরে শীতের প্রাক্কালে । ভোলেনি শুধু কাশ। তবে সে বলেছে এ কথা সে ভাববে। 

মানুষের কাছেও এটা আজ ভাবনার বিষয়। কেনো এমন হচ্ছে? শুধু আসা যাওয়ার বিষয় নয় এটা। এটার একটা সামগ্রিক রূপ ছিলো। ছিলো শ্রদ্ধা, ভালোলাগা, ভালোবাসা, নতুন করে পাওয়া, হারিয়ে যাওয়া মানুষদের খুঁজে পাওয়া। ছিলো নতুন গান, নতুন লেখা, নতুন সূর্যের স্পর্শ। 

ছিলো দাদু-দিদা, ঠাকুমা-ঠাকুর্দা। ছিলো মা-বাবা, কাকু-জ্যেঠু, কাকীমা-জ্যাঠিমা। 

ছিলো না একাকিত্ব, ছিলো না ঐশ্বরিক চাওয়া, ছিলো না প্রেম হীন জিবন। ছিলো না পছন্দের মানুষ খোঁজা ঘরের কোনে বসে, ছিলো না সমুদ্রের পারে বসে যৌবনের ঢেউ গোনা। এসব এখন হয়েছে।

এখন মহালয়া হয়েছে দেবীর আগমনের তিথি। যথারীতি নবমীর ও সেই শ্লেষ আর আসে না প্রকৃতির বুকে। 

ব্যাভিচারের সাথে প্রকৃতির কোনোদিনই সখ্যতা ছিলো না। আজকেও তা তেমনই আছে।


শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩

মাছ ও মানুষ

 হাঁটছিলাম সাগরের ঢেউ এর উপর পা দিয়ে। জেলে ডিঙি গুলো আমার পাশ দিয়ে চলেছে গভীর সমুদ্রে। আমিও চলেছি। মাছগুলো আমাকে এভাবে এগোতে দেখে হতবাক। তবুও আমি চলেছি আমার মতন। এরপর যখন মাঝ সমুদ্রে পৌঁছলাম তখন ঝড় উঠলো।মাছ গুলোর তখন ফূর্তি দেখে কে? আমি দেখলাম। দেখলাম জলের উচ্ছাসের সাথে জলজ দের উচ্ছাস। একবারও আমার মনে হয় নি আমি এর পর কোনো এক অন্তরীক্ষেও চলে যেতে পারি।

মাছেরা মনে হয় বুঝেছিলো। ওরা দল বেঁধে এলো ঢেউ এর নিচে। উত্তাল সমুদ্রকে লেজের ঝাপটায় ওরা প্রথমে ঢেউহীন করলো। তারপর আমকে নিয়ে চললো সমুদ্রের তীরে।

ওরা সবাই চলে গেলো সমুদ্রে। আমি তখন তারে বেতারে ওদের খোঁজ নিতে ব্যাস্ত।

আসলে দূর্গা পূজার ভীড়ের ঢেউয়ে সবাই গা ভাসিয়েছিল, আমি অ্যাম্বুলেন্সে আমার এক বন্ধুকে নিয়ে চলেছিলাম হাসপাতালের পথে। পৌঁছোনো হয়নি কখনো। ছুটে এল কতিপয় লোকজন। মৃত বন্ধুকে নিয়ে পৌঁছলাম হাসপাতালে। ডাক্তারেরা তখন ছুটিতে আছেন। শ্মশান থেকে ফিরে আসার পর সমুদ্রের ঢেউয়ে পা দিয়ে চলা আমার শুরু, মাছেরা কিন্তু আমায় ডাঙায় ফিরিয়েছে!

বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩

পাগলেরও একটা মন আছে

কোনো এক কালে কাঁধে ঝোলানো ব্যাগটা

যে সাদা রঙের ছিলো,

ছিলো শান্তিনিকেতনি কারুকাজ এ সমৃদ্ধ,

ধূলো ময়লায় মলিন হওয়ার পরেও 

সেটা উঁকি দেয়।

সূতোহীন জন্মগত শরীরটাও 

রাস্তার পাশে বসে থাকার 

জায়গা  করে নিয়েছে।

ঝোলা ব্যাগে বোঝাই করা আছে,

নানান রঙের পেন আর পেন্সিল।

শরীরটা দিনে দিনে সরু হয়েছে,

হাত-পা দেখলে শ্রদ্ধা নেমে আসে মনে।

মনে হয় স্বশরীরে সেই আজানুলম্বিত লোকনাথ।

হায় নাথ, তোমার এ দশা কেন?

এমন উলঙ্গ তোমায় কে করেছে?

হাত কেউ না ধরলেও ভাঙা লাঠিটা

হাত ছাড়ে নি।

সংসার ছেড়ে যেদিন সে স্বাধীন হয়,

সেদিন থেকেই চুল, দাড়ি, নখ 

সব অক্ষত রেখেছে সে।

কানের চুল গুলো বেড়েছে বেজায়,

জট লেগেছে তাতে।

কোথা থেকে কুড়িয়ে পেয়েছে সে

একটা স্মার্ট ফোন।

ওটাতে কথা বলা যায় না ঠিকই,

তবে শরীরের অবয়বটা সুন্দর ধরা পরে,

কাঁচ হীন প্লাস্টিক স্ক্রিনে।

আমি ওকে দেখছিলাম এক মনে।

রাস্তার পাশে বসে সে তার অবয়বটা

নিশ্চিন্তে পেন্সিলের ছোঁয়ায় বানিয়ে চলেছে।

একই ছবি একটা নয় দুটো এঁকেছে সে এক সাথে।

একটায় রইলো বাস্তবিক চুল-দাড়ির বহর,

অন্যটায় নিজের মনেই সে মুছে চলেছে

পেন্সিলের টাচ।

একে একে সে চুল ছাঁটলো, দাড়ি চাঁছলো,

গোঁফটা, কানের-ভুরুর চুল গুলো

ক্রমেই হয়ে উঠলো স্বাভাবিক।

এর পর শুরু হলো পেন্সিলের পরে থাকা

কালো ছোপ ছোপ দাগ গুলো।

পরিস্কার  মুখটা দেখে আমি হতবাক।

বুঝলাম পাগলেরও একটা মন আছে

অবিকল আমার মত।

মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩

অসহ্য তিরষ্কার

পথ চলা শেষ হলো

পথের পাশে বসে থাকা 

শিশুটাকে দেখে,

ধূলো বালি মেখে

নিশ্চিন্তে গড়াগড়ি খায়

গাড়ির কাঁচে টোকা দেয়

তার জন্মদাতা মায়

নিজের পেট ভরাতে।

পেট ভরে ছিলো যেদিন

সন্তানটা এসে

যৌবনের ক্ষুধায়

সেদিন সে বোঝেনি।

শেষে সে বুঝলো

সন্তানের যন্ত্রণা দেখে।

পাত পেড়ে খাওয়ার শেষে

পরে থাকা উচ্ছিষ্টে 

তারা বেঁচে আছে।

খাবার দাবার সব

মা খেয়ে গেছে।

শুধু পরে আছে

কুকুরের চিবোনোর জন্য

হাড় গিলগিলে কিছু হাড়।

লক্ষ্য ভেদের শেষে

অসহ্য ঐ তিরস্কার।

সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩

একটু প্রেমকথা

 আগে জানতাম প্রেম পনেরো থেকে একান্ন বছর বয়স পর্যন্ত আসে। লাগে রহো মুন্নাভাই সিনেমাটা দেখে বুঝলাম না তা নয়। তার পরে প্রেম থেকে যায় মানুষের জীবনে। তবে সে প্রেম জৈবিক নয়, নৈস্বর্গিক।

স্বীকার করুন বা না করুন বুকে হাত দিয়ে কোনো নরনারী বলতে পারবেন না এ কথা অসত্য। 

আজ এই এই সত্যের সন্ধানে নিজেকে নিয়ে পরেছি। এখানে অন্য কোনো চরিত্র আনলে আমাকে ব্যাভিচারী বলবে। এ জন্যে নিজেকেই বেছে নিলেম।

আমার বাবা-মা বেঁচে থাকলে সাহস পেতাম না। না তারা নেই। তারা আমার এই অনুভব উপরে বসে পড়বেন এবং তওবা তওবা করবেন আমার বিশ্বাস।

প্রথমে নিজেকে নিয়ে বলা'ভালো। যেমন ধরা যাক শিশু বয়েস বিষয়ক প্রেম।

ছেলেটা আর মেয়েটা দিব্বি মিলেছে নিজেদের মতন। প্রাজ্ঞেরা নাম দিলেন। 

ধরুন উৎস ছেলেটার নাম রাখা হলো উচ্ছে আর অনুরাধার নাম দিলো অন্ধ।

প্রাজ্ঞেরা গান বাঁধলো রবিঠাকুরের গানের কথা ও সুরে ঠিক এ ভাবে, "অন্ধকারে উচ্ছে ক্ষেতে।"

ওরা দুজনেই রেগে আগুন আবার  প্রেমেও উদ্বেল।

এ সব ওই সময়েই ঘটে। ফল কিন্তু সুদূর প্রসারী। 

এরপর আসে সেই পনের বছর বয়সের প্রেম। সেটা সত্তিকারের প্রেম। সেই প্রেম ঠিক পুড়োণো গানের কলির মতন। 

বলতেই হয় " মন মানে না খুলে দে না। বাতাস লাগুক প্রাণে।"

তারপর? না তার আর পর নেই।

এই বহমান জীবন বড় সুন্দর।


শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩

বিষয় তর্পণ

রাখালদা আজ পিতৃপুরুষ কে তিল জল দিয়ে দেবী পক্ষের শুরুতে অসাধারণ একটা কথা বললেন তার বান্ধবী রাধাকে। বললেন বর্তমান সমাজে বাংলার রাজনীতি তার সংস্কৃতির সাথে সম্পৃক্ত নয়।

রাধার ভ্রম বাঁধলো। বললো তোমার মুখে এই কথা?

রাখাল দা বললেন, বুঝবে না। সংস্কৃতির সাথে সমাজের যে নিবিড় সম্পর্ক তা কজন বোঝে?

রাধা এসব শুনে ধর্মাচারণ নিয়ে ভাবতে বসলো। ভাবলো তবে কি মৃত মা-বাবাকে এক কুশী তিল জল দেওয়া ভুল? কন্যা সন্তানের কি সে অধিকার নেই?

রাধা বিরক্ত হয়ে বললো, এই পুরুষশাসিত সমাজে যে নিয়ম বহমান সেটা মানতে আমি রাজি নই।

রাখালদা অনেকক্ষণ তাকিয়ে থাকলো রাধার মুখের দিকে। শেষে বললো আমি কি এমন কথা বলেছি?

না সেকথা বলেননি ঠিক তবে তোমার কথার মধ্যে একটা শ্লেষ রয়ে গেছে।

একটা ফুলের স্তবক হাতে তুলে দিয়ে তিনি রাধাকে বললেন এটা তোমার বাবা-মা এর ছবির সামনে রেখো। আর বলে দিও সেই ছোটো বয়সে বাবাকে হারিয়ে যাওয়া রাখাল নামের ছেলেটি আজ মাষ্টার হয়েছে। সেই ছোটো বেলা থেকেই তার পিতৃ‌পুরুষ দের এক কুশী জল দেওয়া তার অভ্যাস। তিনিই এই পুষ্পস্তবক পাঠিয়েছে তোমাদের।

রাধা কুন্ঠিত হয়ে পরল। ভাবলো তবে ধর্মাচারণে ভুল হয়েছে?

আসলে বিষয়টা এমন নয়। সামাজিক পরিসরে অসংখ্য বিষয় আছে, যার কার্যকারণ বুঝতে সামান্য শিক্ষার প্রয়োজন হয়। রাধা এটা বোঝে তাই সে রাখাল দা কে কিছু বলতে পারলো না।

বুঝতে পারলো সত্যিই তো সাত পাঁচ না ভেবে সে কোনো এক স্রোতে সাঁতার দিয়েছে। সেই জলে সে ভেসে থাকবে না ডুবে যাবে সে কথা এক বারও ভাবেনি! 

এটা ধর্মের কথা নয়, কথাটা পারিবারিক। এই পারিবারিক বিষয়েও ধর্মের প্রবেশ অবাধ। তাকে রুখবে কে?

এখানেই সংস্কৃতি। 

তার জন্ম আবহমান কালের সাথে। তার মৃত্যু নেই। সে চলে কোনো এক পানসি নৌকো বেয়ে।

রাধা আর রাখালদা বয়সের নিরিখে যতই ছোটো বড়ো হোকনা কেন শিক্ষার বন্ধনে সে অটুট।

অমাবস্যা শেষ হলো, শুরু হলো দেবীপক্ষের। স্কুলের ছুটি পরলো পঞ্চমীতে কিন্তু এই তর্পণ এর সারবত্তা জানার ইচ্ছে রাধার পিছন ছাড়লো না।

ষষ্ঠীর সকালে নতুন জামা কাপড় নিয়ে সে চললো রাখালদার বাড়িতে ।



শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩

সভ্যতার সামাজিক অধিকার

যুদ্ধ কোনো দিনই থামেনি। এটা একটা দখলদারদের স্বনির্ভর প্রকল্প। সভ্যতার বিকাশ হয়েছে একথা সত্য তবে ধর্মের নিকাশ হয়নি।

অর্থের ক্ষেত্রেও বিষয়টা সদৃশ। সামাজিক প্রেক্ষাপটে যারা এই পরিকল্পনার স্রষ্টা তারা মানুষের ধর্ম নিয়ে চলে না। তাদের চলন মানুষের স্বার্থে নয় বিভাজনের সাথেই সম্পৃক্ত। 

বিজ্ঞান এর বাস্তবতার সাথে তাদের বাস্তবতার ফারাক আজকের উন্নত সভ্যতার নিরিখে এক তথাকথিত উন্নয়ন জাতির নিরিখে।

এসব লেখাও আজকের দিনে বিপজ্জনক। পাছে কেহ বলে ফেলে শহুরিক ন্যাক্সাল।

এই যুগে গনতন্ত্র শব্দটা ভুলভাবে বর্ণিত। এই রাজ্যের নিরিখে বললে বলতেই হয় ধনতন্ত্রের বাহক সকলেই। সে কংগ্রেস বলুন আর কংগ্রেস থেকে স্বঘোষিত নতুন নীতিবান দল বলুন অথবা বাম নামের দক্ষিণপন্থী বলুন। 

সামাজিক সম্পদ বন্টনে এরা কেউই সমাজের সমস্ত মানুষের পক্ষে কিছু করেননি।

তবে তারা কি করেছেন?

দীর্ঘ সময় ধরে ক্ষমতা ধরে রাখার স্বার্থে গরীব, অভুক্ত, মানুষকে  প্রতারিত করেছেন এবং আজও করে চলেছেন।

কেহ যদি প্রশ্ন করেন এ থেকে উত্তরণের পথ কি?

কে কি বলবেন আমি জানি না। তবে সম্পদের সমবন্টন ছাড়া এর থেকে নিষ্কৃতি নেই। আর এই অসমবন্টিত সম্পদ কে সমবন্টন কে করতে পারে?

করতে পারে একমাত্র মানবিক মূল্যবোধ।

কে বলবে একথা?

সমাজে জাগ্রত সুশিক্ষিত মানুষকে এ কথা বলতে হবে।

তারা কোথা থেকে আসবেন?

এই সমাজ থেকেই।

এতকাল তারা আসেননি কেনো?

এসে ছিলেন। দমন পীড়নের কারণেই তারা মৃত।

এরপর?

এই একশ বছর পরে একথাই আজ প্রাসঙ্গিক, মানুষ নামের যত কিছু আজকের সামাজিক জীবনে প্রতিষ্ঠিত, প্রকৃত পক্ষে তারা মানুষের আদিম চরিত্রেই বহমান।

তা হলে কি হবে?

অশিক্ষার আঁধার থেকে মুক্ত হতে হবে মানব সভ্যতার। সেটা ধর্মীয় শিক্ষা নয়, সেটা বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে।

তারপর কি হবে?

কি হবে?

সমস্ত পৃথিবীর মানুষ যেদিন দেশবন্ধু হবেন সেদিন এসব হতে পারে।


সে দিনই  হবে এক নতুন সূর্যোদয়।

শনিবার, ৭ অক্টোবর, ২০২৩

মৃত্যু এত সহজ নয়

মৃত্যু এত সহজ নয়


দিন দুপুরে কোলকাতা হয়ে পরছিলো শ্বাপদের আস্তানা। রাত নয় নিঝুম দিন ঠিক যেন মরুভূমির নিস্তব্ধতা। চৈত্রের শেষে নতুন বছর যেন আর আসতে চায় না। কুকুর গুলো ধূলো শোঁকে না। ধূলো তখন স্বাদহীন, গন্ধহীন সভ্যতার স্তব্ধতায়। রোজকার খাবার সংগ্রহ করাও কঠিন। রাস্তার পাশে মুখ ঢেকে, হাঁটু অব্দি পা ঢাকা জুতোয় সাদা পোষাকের প্রহরীরা সময় গোনে। এটা অতিমারীর দু-হাজার কুড়ি। মোবাইল ফোনটা অসভ্যের মতন সারাদিন ঘন্টা বাজায়। অন্য প্রান্তের গলার স্বরটা ভয়ে ভেজা। 

একটা প্রশ্ন চলাফেরা করে, কি রে ভালো আছিস? 

সেদিন ফোনটা নতুন কথা শোনালো। ভাঙা ভাঙা গলায় কে যেনো বললো, মা এর কোভিড হয়েছে। কি করবো ভেবে পাচ্ছি না। একবার আসবি?

প্রথমে না চেনার ভান করলাম। বললাম কে বলছেন?

ও প্রান্তের কন্ঠ, তখন কান্নার মতন শোনালো। বললো আমি রেখা বলছি। 

চোখে ভেসে উঠলো ওর মা এর মুখটা। মনে পড়লো ওনার কন্ঠস্বর। ওনার কন্ঠে শোনা অনেক গুলো গান।

রেখার বাবা মারা গেছেন কয়েক বছর হলো। উনি ছিলেন মার্গ সঙ্গীত শিল্পী। খুব জমতো আমি ওদের বাড়িতে গেলে। মেতে উঠতাম ওনার সাথে, আর ওর মা একের পর এক রবীন্দ্রসঙ্গীত দিয়ে আমাদের দমিয়ে দিতেন।

খুব খারাপ লাগছিল আমার এই চিনতে না পারার অছিলা ভেবে।

বললাম কাল তোর বাড়িতে আসছি।

আসলে রেখার দাদা অভিরূপ আমার বন্ধু ছিলো। তখন আমরা ফার্স্ট ইয়ার বিজ্ঞান এর ছাত্র। অভিরূপ লম্বা চওড়া সুঠাম সুন্দর স্পোর্টস ম্যান। চাকরি পেলো আর্মিতে। ওর বাড়িতে সেই থেকেই আমার যাতায়াত। এরপর ভূস্বর্গ থেকে কফিন বন্দী দেহটাও যেদিন ওদের বাড়িতে নিয়ে এলাম, বুঝলাম ওর জায়গাটা খালি হয় নি।  

সেই থেকেই আমি দাদা। আর ও ছোটো বোন। 

পরের দিন সকালে পৌঁছলাম ওর বাড়িতে।  ওর মা'কে দেখে তেমন অসুস্থ আমার মনে হয় নি। পরিবারের সুরক্ষার কথা বললো রেখা। 

বললাম মা থাকুক একটা ঘরে। আর বাকি সব কিছুর দায়িত্ব আমি নিচ্ছি।

রেখা রাজি হলেও বাকি সকলে নারাজ। শেষে সরকারি হাসপাতালে রেখে এলাম মাসিমাকে।

হাসপাতাল খুব বেশী সময় তাকে বাঁচিয়ে রাখেনি। 

রেখা ফোন করে জানাল, মা মারা গেছেন।

মরে যাওয়ার পর মানুষ তার নাম পরিচয় হারায়। রেখার মা এরও এই ব্যাপারে ব্যাতিক্রম হলো না। লাশ আনতে কে যাবে?

হায়রে কয়েক দশক ধরে যিনি ছিলেন সংসারের নয়ন, তাকে আনতে যেতে কেউ রাজি নয়।

আমার অন্তর এই প্রথম আমাকে বুঝতে শেখালো, কেনো দস্যু রত্নাকর বাল্মীকি হয়েছিলেন।

রেখার হাতটা শক্ত করে ধরলাম। চললাম মাসিমাকে আনতে। 

রেখা বাড়িতে ফিরে আসার সময় আমাকে বললো, সবাই মায়ের মৃত্যুর পর বলেছে লাশ আর তুই?

হ্যাঁ উনি আমার মাসিমা।

এর পরে জ্যেঠু-জ্যেঠিমা, কাকু-কাকিমা, মেসো-মাসীমা কিংবা দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুরদা এছাড়াও অনেক ছোটো ভাই, বোন, বন্ধু চলে গেছে মৃত্যুর আড়ালে।

রেখা আর আমি বুঝেছি, মৃত্যু এত সহজ নয়। 

কারণ এর পর এলো নভেম্বর একে একে আমি, আমার পরিবারের সকলেই কোভিড আক্রান্ত হলাম। 

মাসের প্রথম দিক। ঘরে মাসের প্রয়োজনের চাল, ডাল, আলু ডিম পর্যাপ্ত কেনা হয়েছিলো। 

দরজায় তালা পরলো। প্রতিবেশী সকলেই ভীত সন্ত্রস্ত। শুরু একসাথে খিচুরী আর ডিম দিয়ে পেট ভরানো। প্রয়োজনের যা কিছু দরকার পরত, এক বন্ধু এসে বাইরের বারান্দায় রেখে যেত।

সেই একুশটা দিন এক নির্মম সমাজ জীবনের সাথে নতুন করে পরিচয়।

পুরাতন দিনে যেমন পরিবারগুলোকে এক ঘরে করা হত এটা ঠিক সেই অবস্থা। 

এক সময় সুস্থ হলাম। রাস্তায় পরিচিত মানুষ জন কেমন যেন এড়িয়ে চলতো। 

রেখাও ব্যাতিক্রম নয়। ওর মা চলে যাওয়ার পর ওকেও একঘরে হতে হয়েছিল।

এরপর একে একে ভ্যাকসিন এলো, লাইন পরল ভোর চারটে থেকে । 

আমরা যাইনি। শেষের দিকে যখন ভ্যাকসিন নিয়েছিলাম বুঝলাম ট্রায়াল চলছে আমাদের উপর। অদ্ভূত লাগলেও না নিয়ে উপায় নেই।

স্কুল, কলেজ, কর্মক্ষেত্র  সর্বত্র ওই ভ্যাকসিন এর সার্টিফিকেট দেখানো বাধ্যতামূলক হয়ে উঠলো। 

এক অজানা প্রতিশেধক নামের কোনো কিছু শরীরে প্রবেশ করল। শুরু হলো শারীরিক নানা রকমের সমস্যা। সভ্য সমাজ সেটাও মেনে নিয়েছিলো।

বছর ঘুরলো খুব তাড়াতাড়ি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মুচলেকা দিলো " এটা অতিমারী ছিলো না।"

না আশ্বস্ত হতে পারিনি তাদের কথায়। শুধু মনে হয়েছিলো কত সিনিয়র মানুষজন, কেউ কারোর মা-বাবা, দাদা-দিদা, কাকু-কাকিমা যারা সেদিন চলে গেছিলেন, যাদেরকে ধরা ছোঁয়াও নিষিদ্ধ ছিলো তারা সেদিন প্রকৃতই মারা গিয়েছিলেন কি?

নাকি ওই প্লাষ্টিকের মোড়কে অনেক জীবিত আত্মীয়েরা অত্যন্ত অসহায় ভাবে জীবন্ত পুড়ে ছাই হয়ে ছিলেন!

যাক যা কিছু চলে গেছে তা নিয়ে অনুশোচনা নাস্তি। শুধু মন হয় যদি একদিন তারা প্রশ্ন করেন সেদিন কি উত্তর দেবো তাদেরকে?

এই সহজে মৃত্য হওয়ার কথা মানুষ চিরকালই মনে‌ রাখবে আর এই কৃত্রিম জীবন যাত্রার মুখোশ হয়তো বেড়িয়ে পরবে এই দেশে এই সমাজে যা কিছু শুধুমাত্র আন্তরিকতা দিয়েই রুখে দেওয়া যেতো অথচ রাষ্ট্রব্যবস্থা তা হতে দেয় নি।

শেষে বলি মানুষের সাথে যে কৃতঘ্নতা কুড়ির কুড়িতে গোটা বিশ্ব সংগঠিত হয়েছে সেই পাপ স্বয়ং পরমাত্মা ও কোনোদিন ক্ষমার চোখ দিয়ে দেখবে না।

মৃত্যু এতটাই সহজ কি?



মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩

শুধু হনুমান নয় হাতি'ও

শুয়ে পরলেই হবে। কে আঘাত করলো, কোথায় আঘাত লেগেছে, কেনোই বা লাগলো সেটা বিচার না করলেও চলবে। লাল কার্ড দেখিয়ে তাকে বিদায় করাটাই দস্তুর। 

এটা মানুষের মাথা নিয়ে মানুষের লাথা-লাথি। রাজকার্যে এমন হওয়াটা সেই পুরাকাল থেকে। এটাই মানুষের এনিম্যাল ইনস্টিংক্ট এর আনন্দ নির্ভর খেলার সাথে ছিন্ন মস্তক হাতে নিয়ে উল্লাস দেখানোর চিত্র।

সামন্ততান্ত্রিক সময়ের বলি প্রথা এখনো প্রচলিত। বলির পর ওই ছাগ পশুর মাথাটা পুরোহিতের প্রাপ্য।

পরহিত করেন বলে কথা। তাই সেই সে সময় থেকেই তিনি সমাজের গোল রক্ষক। 

যদিও গোল কথাটার মধ্যে একটা গোল আছে। অনেকে বলেন সঠিক লক্ষ্যে পৌঁছনো। 

গাণিতিক কথায় কেন্দ্র থেকে সূতোয় বেঁধে কোনো এক সমাজ পরিক্রমা। 

তবে ওই সূতোটা ছিঁড়লেই পুনর্মুষিক ভবঃ।

তবে পৃথিবী কিন্তু ঘুরছে সূর্যের চারিদিকে। গ্যালিলিও এ কথা বলার অপরাধে অপরাধী।

আসলে মূর্খেরা চিরকালই সমাজে সংখ্যা গরিষ্ঠ অংশ। এমন কি আজও এই আধুনিক সমাজেও তা অধিষ্ঠিত । এই সম্প্রদায়ের হাতে সামাজিক সুরক্ষার অধিকার সেই আদ্যিকাল থেকেই প্রতিষ্ঠিত। 

যে রাজতন্ত্র বলা হয় শেষ হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে গনতন্ত্র সেটাও এক নব নির্মিত রাজতন্ত্রের প্রতিরূপ। এ জন্যেই সাধারণ মানুষেরা এ কথা বলেন লঙ্কায় যে যায় সে'ই রাবণ।

তাদের বুঝে ওঠার সারবত্তা সহজেই অনুমেয়।

আসলে সব সেন্স লুপ্ত হলেও কমন সেন্স লুপ্ত হয় না। এটা এক স্বাভাবিক প্রবৃত্তি এই উন্নত প্রাণীর। 

যে দিন যুদ্ধ জয়ের পর বিপক্ষ মানুষের মুন্ড নিয়ে লাথালাথি সংগঠিত হয়েছে, আর আজকেও তা হচ্ছে সামাজিক জীবনে রাজনৈতিক বাতাবরণে তখন কি মানুষ নৃশংসতা বুঝতে পারেনি বলবো? না কি এ কথা বলবো গ্যালিলিও, কোপারনিকাস এই সাধারণ মানুষের মধ্যে থেকে এসে আবার প্রতিবাদ করবে যুক্তিগ্রাহ্য ভাবে এবং গিলোটিনে তাদের শিরচ্ছেদ একটা স্বাভাবিক প্রক্রিয়া।

মার্গারেট নোবেল মহাশয়ের অশ্রুসিক্ত চোখ আজও আছে আমাদের অনুভবে। তাঁর অশ্রুপাত এই বর্বরতার বিরুদ্ধে, মানবতার পক্ষে বিজ্ঞান এর প্রতিবাদ।

মনে পরছে জ্যাক লন্ডনের সেই ঐতিহাসিক উক্তি। একশ ছাগলের জন্যে একটা নেকড়েই যথেষ্ট।

না এখানে নেকড়ে সমাজ উত্তরণের সহায়ক কোনো মানুষ নয়। এটাই প্রবৃত্তি বেগ।

হায় রে প্রবৃত্তি বেগ!

একজন স্বঘোষিত সমাজ সংস্কারক বলেছিলেন সমাজের সমস্ত মানুষ যদি সুরক্ষিত থাকে তাহলে কাজ করার মানুষ খুঁজে পাওয়া যাবে না। এ নিয়ে এই মানব ভূভারতে আজকেও এক প্রতিষ্ঠিত নাম।

নাম না হয় না'ই বললাম। তবে এ কথা না লিখলেই নয় যে ইনি ব্রিটিশদের সহচরী। ভাগ্যিস তার অকাল প্রয়াণ হয়েছে!

এই প্রয়াণ সমাজের কাছে একটা আশীর্বাদ।

রবিঠাকুরের সেই শব্দচয়ন এক রূঢ় সত্য। তাঁর কলমের সেই কতিপয় কথা আজ বড় প্রাসঙ্গিক।

ভগবান তুমি যুগে যুগে দূত 

পাঠায়েছো বারে বারে

দয়াহীন সংসারে।

না অন্তর থেকে বিদ্বেষ তারা ত্যাগ করেননি বরং বিষ আরো বেড়েছে।

বাড়বে না'ই বা কেনো?

We are not human being. We are still rearing our animal instincts.

আমার এই কথাগুলো শুনে শুধু হনুমান নয় হাতি'ও হাসলো। 

কারণ তাদের বুদ্ধি বৃত্তি আজ চর্চার বিষয়।


সোমবার, ২ অক্টোবর, ২০২৩

ফল আছে‌ দানা নেই

 গাছটা যতই হচ্ছে মোটা,

হচ্ছে সরু পাতার বোঁটা।

ফলগুলো বেশ হচ্ছে বড়,

দানা নেই ভাবতে পারো?

ভাবতে পারো ফলের গুনে,

গাছটা অনেক কথা শুনে,

বললো কোথায় দানা?

গাছের পাশের বাঁশ ঝাড়টা,

শুনলো ষোলো আনা।

ষোলো আনা শোনার পরে,

দানা হীন ফল ঝরলো পরে,

বললো দানা থাকবে কোথা থেকে?

বণরাজি পরলো শুয়ে বেঁকে।


শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩

তার চোখ দুটো

তার চোখ দুটো দেখেছিলাম

ঠিক যেনো নয়ন ভুলানো আঁখি।

রঙ নয়, শরীর নয়,

শিক্ষা নয়, সঙ্গীত নয়।

শুধু ওই আঁখি দুটো।

এরপর সংসার, সন্তান

আরো কিছু।

এর পরে চোখে ছানি পরলো,

ভাটা পরল দৃষ্টিতে।

তারপর কোনো এক সুপ্রভাতে

চোখ দুটো দৃষ্টি হারালো;

পরে থাকলো অবয়ব শরীর।

যখন চিতার আগুনে সে জ্বলছে,

ঠিক তখন

আমি  সেই প্রথম দেখা

চোখ দুটো দেখছি

অন্যমনে।

শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩

আমি বিকলাঙ্গ

 যদি হাঁটতে পারতাম

গোটা বিশ্ব আমার হাঁটার পথ।

যদি বসতে পারতাম

হিমালয়ের চূড়ো আমার আসন।

যদি হাসতে পারতাম

তিনশ কোটি মানুষের সাথে আমি হাসতাম।

তবে কাঁদতে শিখেছি জন্মে'ই।

তাই বৃষ্টি হয়, বরফ পরে

আকাশ থেকে।

এই বিকলাঙ্গ জীবনে

মহার্ঘ শুধু বেঁচে থাকা।

শত সহস্র সম্পদের

ভাগিদার আমি নই,

আমি বিকলাঙ্গ এক মানবিক সত্ত্বা।



বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

রক্তের স্বাদ

রক্তের স্বাদ না কি নোনতা। না আমি চেখে দেখিনি। কবিও দেখেন নি। শুনেছেন কি না জানি না, তবে লিখেছেন।

শুনেছি ফায়ারিং স্কোয়াডে পিস্তলের গুলিটা ঠিকঠাক ভাবে স্নায়ু সন্ধিতে ঠেকিয়ে ট্রিগারে চাপ দেওয়ার কথা। সেখানে তার হাতে গান পাউডার লাগলেও রক্তের ছিঁটে ফোটাও লাগে না। একের পর এক যখন এভাবে ধূলোয় লুটিয়ে পরে, কাকপক্ষী ছাড়া কোনো কেউ তার স্বাদ নেয় না। 

না তেমন নয়। মানুষের মধ্যে নিশ্চয় তেমন কিছু আছে যার কাছে এই স্বাদ কথা কবি শুনেছেন।

থাক কবির কথা। জনারণ্যে ফিরি।

যেদিন নাটা ফাঁসুরে মাষ্টারদাকে ফাঁসি দিয়েছিলো সে জানতো না ইনি সূর্যসেন।

দেহটা যখন শ্মশান ঘাটের পথে চলেছে তখন অগণিত মানুষের ভিড়।

নাটা মল্লিক তখন কোনো এক নোনতা বা তিক্ত স্বাদে শিক্ত হয়ে নিদ্রাচ্ছন্ন।

এই নিদ্রাতেই মানুষ নিমজ্জিত সেই সময় থেকেই। 

এর পর কত যুগ শেষ হয়েছে নিদ্রায়। অথচ বিনিদ্র রজনী আর শেষ হয় না আজকের দেড়শত কোটি মানুষের।


বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩

মস্তিষ্ক বিকৃতি

শোনা গেলো বিকৃতমস্তিষ্কের মস্তিষ্ক বিকৃত হইয়াছে। ইহ পূর্বে তিনি হিন্দু ধর্মাবলম্বী ছিলেন অধুনা ত্রিপিটক, কোরান, বাইবেল, রামায়ণ, মহাভারত তৎসহ ইলিয়াড ও ওডিসি সক্কল গ্রন্থ বিষয়ক বক্তব্যে বাগ্মীতায় ভূ-ভারত সহ সমগ্র বিশ্বের দরবারে এক বিস্ময় বৃদ্ধের স্বরূপে আপনাকে উন্মোচিত করিয়া, গাড়ি চড়িয়া অবশেষে কিংবা সর্বশেষে খেউড় গীতবিদ্যায় সমৃদ্ধির সায়াহ্নে মূর্ছা গিয়াছেন।

অশীতিপর কৃয়ৎ ব্যক্তিবর্গ তাঁহার শিহরে দাঁড়াইয়া শেষ শব্দ শুনিতে ব্যাকুল।

শেষমেষ শেষ শব্দ স্বর্গ হইতে বর্ষিত হইল। 

সেই শব্দ সকল না হয় না'ই বলিলাম।

রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩

শেষ অধ্যায়

শেষ অধ্যায় 

:১: 

আকাশ আর ভারী হয় না। পতিত জমিতে কুশের বনে ফুল এসেছে। দক্ষিণ দরজা খোলা ছিলো। হাওয়া দিচ্ছে। মাঠের জলে ঢেউ উঠছে। এই দখিনে হাওয়া কে বলে ঢেউ কাঁপা হাওয়া। 

কুমোরটুলি রং এ রং মিশিয়ে মাটির মূর্তির গালে আঁক কাটছে। দূর থেকে তাকিয়ে দেখছিলো সুমিতা। ওর বাড়ি ওই কুমোরটুলি থেকে একটু পিছিয়ে। 

শুনেছি ওই জায়গাটা ভালো নয়। তবুও গিয়েছিলাম ওর বাড়িতে। ওর মা আছে বাবা আছে। এটাই ওর পরিবার। সিঙ্গারা আর বাগবাজার এর রসগোল্লা আনালো। খেলাম আর উঠলাম।

বাইরে তখন মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। মূর্তি গুলো ঢাকতে বেজায় ব্যাস্ত কুমোরেরা। 

আর আমি ব্যাস্ত বাড়িতে ফিরতে।

এই সুমিতার সাথে পরিচয় এর পিছনে একটা অধ্যায় আছে। কোনো এক শ্রাবণের সন্ধ্যায় কলেজ পাড়ার বই এর দোকানে ওর সাথে শাওনের পরিচয়। পরিচয় এর সময় শাওন কে সুমিতা নাম দিয়েছিলো সন্ধ্যার শাওন। এর পর সম্পর্কটা থেকে যায়। ক্রমে নাবালক থেকে সাবালক হয়ে ওঠে সম্পর্ক। কোন এক পিছু টান বার বার একসাথে এক পথে নিয়ে আসে শাওন বুঝতে পারে না। তবে আজকাল সে বোঝে কোনো এক অচিন সম্পর্কে সে বেশ জড়িয়ে পরেছে। 

সেদিন বেশ বেগ পেতে হলো শাওনকে। ট্রামলাইন, বাস রাস্তা সব জল জমে একাকার। 

যখন ধর্মতলায় পৌঁছল ঘড়ির কাঁটা রাত এগারোটার কাছে। ফোনটা হাতে নিয়ে বাড়িতে কল করতে যাবে, সুমিতার ফোন এলো। 

বললো বাড়িতে পৌঁছে গেছো?

ইতস্তত ভাবে বলল, ধর্মতলায় সাটেল ট্যাক্সির অপেক্ষায় আছি।

বললো গাড়ি আছে?

মিথ্যে বলতে যাবে ভাবছে, তবে বলতে হলো না। সুমিতা বললো ফিরে এসো। থেকে যাও রাতটা।

ভাবনার ইতি পড়লো বাড়ি থেকে আসা মা এর ফোনে। 

বললো আজ বড় দুর্যোগ রাতটা নাহয় ওখানেই থেকে যা। 

হতভম্ব হয়ে পড়লো শাওন। একদিকে দুর্যোগ, অন্যদিকে সুমিতার বাড়িতে ফিরে যাওয়া।

সুমিতা তখন স্কুটি নিয়ে শাওনের পাশে দাঁড়িয়ে।

:২:

আকাশ পাড়ে পূবের কোণে কখন যেন অন্য মনে এই ভাবনা এসেছিল। সে ভাবনা সেখানেই এতকাল থেমে ছিলো। এই শরৎ এর রাতে সে জেগে উঠলো। এ মন বললো শাওন তুমি কোথায় চলেছো? অন্য মন বললো তুমি তো এরই অপেক্ষায় ছিলে।

ভাবনাটা শেষ হলো সুমিতার বাড়ির সামনে পৌঁছে। এ যেন কোনো এক বাস্তবতার প্রকাশ। এ যেনো মা এর আশীর্বাদ। এ যেন অলীক ভাবনার কোনো এক বাস্তবতা।

এর পর রাত পোহালো ফর্সা হলো। তবে কোনো ফুল ফুটলো না। সারা রাত ধরে ধর্ষিত গাছ গুলো ঘুমিয়ে আছে। ভ্রূক্ষেপ নেই সূর্যের আলোর। 

সকালে বিছানা ছেড়ে উঠে নিত্য দিনের মতন দাঁত ব্রাশ করা হলো না। আঙুলে পেস্ট লাগিয়ে মুখ ধুয়ে শাওন বেড়িয়ে পরল বাড়ির দিকে।

এই প্রথম সুমিতার নিজেকে হীন ক্ষীণ মনে হলো। মনে হলো এমন বন্ধুত্ব তার চাই না।

অন্য মন বললো‌ বাস্তবতাই জীবন, তাকে মেনে নিতেই হয়। এরপর এক নিস্তব্ধতা তাকে ঘিরে ধরলো। ইচ্ছে হলো না আর শাওনের সাথে কথা বলবার।

শাওন বাড়ি পৌঁছে সুমিতাকে ফোন করলো। ধরলো না। আবারও করলো তখনো ধরলো না। তৃতীয় বার যখন নিঃশব্দ থাকলো তখন বড় খেদ লাগলো।

মা এসে বললো বড় মলিন লাগছে তোকে। তোর কি হয়েছে বলবি? 

চোখের জল চেপে শাওন বললো সুমিতা আমার ফোন ধরছে না।

মা বললেন পাগল ছেলে তুই। হয়তো কোনো কাজে ব্যাস্ত। বললো এমনও তো হতে পারে ও অসুস্থ।

বললো দে ওর নাম্বার টা দে, দেখি একবার।

কথা হয়েছিল বিস্তর তবে কি কথা হয়েছে মা আমাকে বলে নি। কথার শেষে শুধু বললো, চল্ একদিন যাই ওদের বাড়িতে।

এত সব কথার মধ্যেই সুমিতার ফোন এলো। শাওন সে ফোন ধরেনি। 

:৩:

মান অভিমান বিষয়টা মানসিক। এর ফল কখনো সুখ স্মৃতি হিসেবে মনে গেঁথে থাকে কখনো সম্পর্কের বাঁধন ছিঁড়ে যায়। 

শাওনের অভিমান সুমিতাকে সেদিন বন্ধন মুক্ত হতে বললো। বললো তোমার শিক্ষা যা'ই হোক এই পঙ্কে নিমজ্জিত পরিবেশ তোমাকে সুশীল সমাজে স্থান দিতে চায় না। এই যে সারা রাত ব্যাপি দেহ উৎসব, শরনার্থীদের ভীড় সেই কলুসতা তোমার মনে না হলেও শরীরে গেঁথে গেছে সামাজিক কোনো এক অসহনীয় ধৃষ্টতায়। 

শাওন এ কথা তখন বুঝে উঠতে পারেনি। পারলো সেদিন, যেদিন মা আর দিদিকে নিয়ে পৌঁছল সুমিতার বাড়িতে। 

তখন বেলা গড়িয়ে দুপুর হয়েছে। এ সময় কখনো কলিং বেলটা বাজে না। দরজা খুলতে এসে সুমিতা একটু অস্বস্তিতে পরল। ও আশা করেনি এই সময় শাওন এভাবে আসতে পারে।

স্নান শেষে ধূপ জ্বেলে সবে মাত্র দুপুরের খাওয়ার আয়োজনে ব্যাস্ত সুমিতার মা। দুদন্ড কাটলো এই অবস্থা সামলে নিতে। দরজা খুলে দিয়ে ওদের বসালো। মা'কে বললো শাওনরা এসেছে।

আতিথেয়তায় ভাটা পরলো না। অনেক গল্প কথার পর বিকেল গড়ালো। ল্যাম্প পোষ্টের আলো জ্বললো। শুরু হলো কেতাবী ঢংয়ে বাবুদের গাড়ী আসা। মৃতপ্রায় পাড়াটা হঠাৎ যেন জীবন খুঁজে পেলো। ফুচকা, ঝাল মুড়ি, ছটফটি, ভেলপুরির দোকান গুলো সারি বেঁধে রাস্তার দুপাশ ভরিয়ে তুললো। চা'এর দোকানে কাঁচা কয়লা জ্বলতে শুরু করলো কালো ধোঁয়া উড়িয়ে। কচি-কাচাদের খোলা রাস্তায় খেলা শুরু হলো, আরো বিচিত্র কত কিছু!

শাওন তার মা আর দিদিকে নিয়ে যখন রওনা দেবে তখন বুঝতে পারলো সুমিতাদের আজ দুপুরের খাওয়া দাওয়া কিছুই হয় নি।

সুমিতা প্রশ্নের সুরে দিদিকে বললো, আবার আসবেন তো?

কারো কিছু বলার আগেই শাওন বললো হ্যাঁ আসবো।

বাড়িতে ফিরে শাওন বুঝলো দুটো আগ্নেয়গিরি দুভাবে জ্বলছে। একজন গরম লাভার স্রোতের মতন। সে সুমিতাকে ভাজ মানতে নারাজ আর অন্যজন তাকে ছেলের বৌ মেনে নিয়েছে। 

আর সুমিতা?

কোনো এক ভাবাবেগে দু চোখ তার জলে ভরে উঠলো। সুমিতার এই অশ্রু কারো কাছে আনন্দাশ্রু আবার কারো কাছে এই পুঁতি গন্ধ সমাজে বেড়ে ওঠার আক্ষেপ এর বহিঃপ্রকাশ ।

অন্য প্রান্ত শাওন এর দিদি শিউলির নারাজ হওয়ার বিড়ম্বনা তার মা'কেও অশ্রুসিক্ত করে তুলল। তিনি প্রশ্ন করলেন মানুষের দরবারে। মনের কথা প্রকাশ করলেন পুরোনো এক প্রবাদ দিয়ে। বললেন, তবে কি গোবরে পদ্ম ফুটতে পারে না?

শাওন দিদিকে বললো, এই পরিবেশের স্রষ্টা কে একথা একবার ভেবে দেখিস। আমি না হয় সুমিতাকে নিয়ে আর ভাববো না।

শিউলি কোন উত্তর দিলো না। সেদিন টা এভাবেই শেষ হলো।

রাতে শাওনের মা রাতে স্বপ্ন দেখলেন। দেখলেন এই পথ বেয়ে হেঁটে চলেছেন রবীন্দ্রনাথ, স্বামীজি, বিদ্যাসাগর, ঠাকুর রামকৃষ্ণ, নাট্যাচার্য গিরিশ ঘোষ আরো অগুন্তি মনিষী। তাঁদের চোখে যদি এ সমাজ অস্পৃশ্যের  না হয়ে থাকে তাহলে আমরা কেনো এই নিয়ে এত ভাবছি?

তিনি গাছের ফুটে থাকা ফুল দিয়েই ঠাকুরকে পুজো করতে দৃঢ় সংকল্প হলেন গাছের শেকড় কোন নর্দমার পচা জলে বড় হয়েছে তা দেখার কোনো প্রয়োজন মনে করলেন না।

পরের দিন সকালে শাওনকে ডেকে একটাই কথা তার মুখে এলো।

এই মেয়েকেই আমি বৌ করে ঘরে আনবো।

:৪:

স্বভাব সুলভ ভাবেই শাওনের মনের কথা কখনো প্রকাশ্যে আসে নি কিন্তু মা কিংবা দিদির  ইচ্ছার বিষয়েও সে ছিলো নিশ্চুপ।

সময় প্রবহমান। সেই আবহেই অতিবাহিত হল সময়ের কাঁটা। শাওন চাকরি পেলো কলেজ পাড়ার হিন্দু স্কুলে। মা-ছেলের সংসার দিব্বি চলমান  হয়ে পরলো। পাঁচ বছর আগে এভাবেই সকাল থেকে শুরু হতো তার মা এর রান্না পাঠ। শাওন তখন মাস্টার্স পড়ছে কাজেই তার ইউনিভার্সিটি যাওয়া  আর তার বাবার অফিসে যাওয়ার আগে ছিলো রান্না ঘরের ব্যাস্ততা। এর পর দুপুর থেকে সন্ধ্যা কাটতো শিউলি আর ছোট্ট নাতিকে নিয়ে। আর যেদিন মেয়ে-নাতি আসতো না সেদিন গল্পের বইয়ে চোখ বুলিয়ে কখন ঘুম এসে পরতো সে নিজেও বুঝত না।

সন্ধ্যার পর একে একে বাপ-ছেলে বাড়িতে ফিরতো। গল্প গুজবের সাথে সারাদিনের পরিক্রমা শুনে সামান্য কিছু খাবার এর সাথে পরের সকালের কিছু কাজ এগিয়ে রেখে তার রাতের নিদ্রার সময় হতো। 

অবসরের পর বছরও ঘোরে নি শাওনের বাবার চলে যেতে। এরপর শুধু মা আর শাওন। শিউলি বা নাতির আগের মতন আসা যাওয়া ছিলো ঠিকই কিন্তু কোথায় যেন কিছু একটা না থাকার অনুভূতি তাকে নিস্প্রাণ করে রাখতো। শাওন চাকরিটা পাওয়ার পর মনে হয়েছিলো একটা বৌ ঘরে আনবে। জুটেও গেছিলো সময়েই। মনে হয়েছিলো সুমিতা ছোটো থেকে না হয় তার বাড়ির পরিবেশে বড় হয় নি কিন্তু ওই সামান্য সময়ের আচার আচরণ তাকে মুগ্ধ করেছিলো। 

শাওনের আফশোস হয় মা এর সে আশা পূরণ হয় নি। কোনো এক সন্ধ্যায় মা অসুস্থ হলেন। খবর পৌঁছলো স্কুলে। বাড়িতে ফিরে লোকজনের ভীড় আর দিদির কান্না দেখা ছারা তার আর কিছু করতে হয় নি।

তারপর?

তারপর কোলকাতার চার কামরার বাড়িতে সে একা। প্রথম কিছু দিন শিউলি আসতো। তবে তারও সংসারের কাজ বেড়েছে। ছেলের স্কুল, অফিসের রান্না এসবের পর এখন আর তেমন আসা হয়ে ওঠে না।

এখন শাওন সকালে সামান্য চাল-ডাল ফুটিয়ে নেয় আর রাতে আড্ডার শেষে হোটেল থেকে হাতে সেঁকা রুটি আর তড়কা হয়েছে নিত্য সঙ্গী।

কখনো কখনো সুমিতার কথা মনে পরে কিন্তু দেখা করতে মন চায় না। ও জানে সুমিতাও এখন সরকারি চাকুরে। বৃদ্ধ মা-বাবার যত্ন-আত্তির পর সে ও কাটায় নিজের পৃথিবী নিয়ে।

আশ্চর্য এই যে এত সব কিছুর পরেও বাড়ির তুলসী মঞ্চটা প্রদীপ হীন ভাবে দাড়িয়ে আছে, ফুলের টব গুলোয় আগাছার ভীড়, ঠাকুর দেবতার ছবি গুলোতে মাকড়শা জাল বিছিয়েছে, রান্না ঘরের জানলাটা খোলা থাকতে থাকতে ঝুলে পরেছে, থাকার মধ্যে আছে শুধু বাবার কেনা বই গুলো। ওগুলোই শুধু আজও প্রানবন্ত।

তার মা যেভাবে এগুলোকে যত্নে রাখতো, ধুলো ঝাড়তো, সময় পেলে দুপুরে বা রাতে মা-ছেলে দু পাতা উল্টে পাল্টে দেখতো, শাওন সেই অভ্যাসটা ভুলতে পারে নি।

এখানে সে ওই দুজনকে প্রতিদিন খুঁজে পায়!

:৫:

নষ্টনীড় বা না-চারী নয় এরা কেউ। এদের প্রেমও নৈস্বর্গিক নয়। বরং কঠিন কঠোর বাস্তব ছিলো এদের জীবনের প্রতিপাদ্যে। এরা কখনো একে অপরকে ভোলেনি, দোষারোপ করেনি, ভাগ্যের দোহাই দেয়নি। এরা চলেছে নিজের নিজস্বতার সাথে। প্রেম এর মধুরতা এরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছে প্রতি দিন প্রতি মূহুর্তে। 

এই আনন্দ সকলের কপালে জোটে না। প্রেম যখন জৈবিক সত্তা ছেড়ে শিক্ষা-সংস্কৃতির পর্যায়ে পৌঁছয় তখন এমন হয়। 

সুমিতার বাবা যেদিন অসুস্থ হলেন সেদিন হাসপাতালের লাউঞ্জে বসে তার প্রথম মনে পড়লো শাওনের কথা। কোনো এক আত্মিক গরিমা বাধ সাধছিলো শাওনকে ডাকতে। কিছু মূহুর্ত এভাবে কাটলো। মনে পড়লো প্রথম পরিচয় এর কথা। মনে পড়লো শাওনের মা এর মুখটা। আয়নার দিকে তাকিয়ে সে বুঝলো সে এখন শাওন কে বাদ রেখে আর কোনো অবলম্বন দেখতে পাচ্ছে না। মনে পড়লো সেই বৃষ্টির রাত যেদিন শাওনকে প্রেমের বন্ধনে বেঁধে বাড়িতে নিয়ে এসেছিলো।

সুমিতার ডাক পরলো । ডাক্তার বললেন রক্ত লাগবে। সুমিতার চোখে জল এলো না। সে সরাসরি ফোন করলো শাওন কে। বললো বাবা অসুস্থ। রক্ত লাগবে। কি করি বলোতো। 

সুদীর্ঘ নির্লিপ্ত জীবনের শেষে, মধ্যরাতে এমন এক আবেগঘন আবেদন শাওনকে ছুঁয়ে গেলো। কয়েক কিলোমিটার পথ পৌঁছতে ঘড়ির কাঁটার সময় মিললো না। 

সুমিতা বললো এইতো তুমি এসে গেছো। আমি নিশ্চিন্ত হলাম।

রক্ত, অক্সিজেন সব শেষ হলো হৃদস্পন্দন থেমে যাওয়ার সাথে। 

শাওনের বুক সেদিন ভিজে গেছিলো সুমিতার চোখের জলে। এরপর আর ওরা দূরে থাকেনি। 


বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩

না বারবঁধূ নয়

বিহারের শেষে অকস্মাৎ আহার আসিলো। আহারে, আহার দেখিয়া তিনি চক্ষু মুদিলেন। বিহারের শেষে যাহা অনিবার্য তাহা তাহার পেটে সহে না। তিনি বলিলেন আহার না হয় নাই করিলাম। ঔষধপত্র বিহারে আসার প্রাক্কালে আনিতে ভুলিয়াছি। কেবল এক পাত্র পানীয়েই আমি সন্তুষ্ট।

রাজার এ রূপ আচরণে যার পর নাই তাহার সহচরেরা উদ্বিঘ্ন হইলেন। অতঃপর তাহার চেতনা ফিরিলো। বলিলেন খাবার ছাড়িয়া পাণি গ্রহণের অর্থ যাহারা বুঝিতে অক্ষম তাহাদের ফাঁসি কাঠে ঝুলাইবেন। 

সংকট যাহাদের পিছন ছাড়ে না তাহারা পাঞ্চালির ন্যায় কোনো এক নারীর কথা ভাবিয়া বিজ্ঞাপনে ভরিয়া তুলিলো মেদিনী। মেদিনী কথা কহিলো না।

কথা কহিলো তাহার স্বঘোষিত পত্নী। তিনি কহিলেন যাহাকে ঘরে রাখিয়া আপন মনে সভা সংসদ লইয়া ধনুর্বীর হইয়াছো ইহা সমাজের অন্তরীক্ষে ক্ষমা হীন অপরাধ।

অবিলম্বে তাহাকে ডাকিয়া, আপ্যায়ন করিয়া, বঁধূ বলিয়া চার পা তুলিয়া নৃত্যে ব্যাপৃত হও।

শেষে তাহাই হইলো। 

আসলে বঁধূ আর বারবঁধূ কখনই এক নয়।

মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩

কলকাতার উত্তর দক্ষিণ

কলকাতার উত্তর দক্ষিণ 

কোলকাতা শহর এর ঘেরাটোপ সলিল দেখেছে। আদি ও অকৃত্রিম কোলকাতার সুতানূটি তে সে জন্মেছিলো। পশ্চিমের বহমান গঙ্গার হাওয়া গায়ে মেখে কম আলোর বৈদ্যুতিক বাল্বের আলোয় শুরু হয় পড়াশোনা। সকালে গঙ্গায় বাবার হাত ধরে স্নান সারা সাঁতার শেখা, টং টং করে চলা ট্রামে চেপে মিত্র ইন্স্টিটিউশন স্কুলে যাওয়া-ফেরা, বিকেলে হেঁদুয়া পার্কে আড্ডা দেওয়া, সন্ধ্যা নামার আগে মুক্তারাম বাবুর রাস্তা ধরে সিমলা ছাড়িয়ে লক্ষ্মীদত্ত লেন এর বাড়ি পৌঁছনো প্রথম জীবনের স্মৃতিতে আজও চক চক করে ওঠে। 

এর পরে স্কটিশের দিনগুলোর শেষে কলেজ পাড়ার ইউনিভার্সিটি, কফি হাউসে সিগারেট মুখে নিয়ে ব্ল্যাক কফির কাপে চুমুক দেওয়া, কলেজ স্কোয়ারে হিন্দু স্কুলের পড়া কচি কাচা ছাত্রদের সাথে সামান্য পড়াশোনার তালিম দেওয়া, সচেতন ভাবে রাজনীতির পাঠশালায় সামান্য পাঠ নেওয়া, আদর্শবান হওয়ার স্বপ্ন ফেরি করা, অবশেষে ভারতের সেনাবাহিনী তে চাকরি নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে এক নিয়মানুগ জীবন যাপন। 

গোটা বিষয়টা ঠিক পর্যায় সারণীর নিয়মে বাধা তিড়িশটা বছর। এর পর সংসারী হয়ে ওঠা, কোলকাতার দক্ষিন প্রান্তে এঁদো পুকুর, উঠে যাওয়া রেল লাইনের ধারে হোগলা বন আর সবুজ ধান খেতের পাশে ছোটো একখন্ড জমি কিনে নতুন বাড়ী বানিয়ে মা-বাবা, ভাই-বোনদের নিয়ে আরও এক নতুন অধ্যায়ের শুরু। ওই ফেলে আসা সুতানূটির বাড়িতে আজও যাওয়া আসা আছে, তবে সেটা নিছক পুড়োনো বাড়ীর ভাড়াটিয়াদের কাছে মাসের ভাড়া আনতে। ওখানে শ্যামাচরণ কাকু এখন নেই আছে তার ছেলেরা। ওরাই এক কথায় ওই পু্রোনো বাড়ীটাকে আগলিয়ে রেখেছে।

এই এঁদো দক্ষিণে এসে নতুন বসতি বানানোর একটা কারন ছিলো। সলিলের বাবা বলতেন যাকে তুই এঁদো বলে নিচে রাখিস সেখানে এই সুতানূটি, গোবিন্দপুর, কোলকাতার মালিকের সাবেক নিবাস। 

কথাটা অকাট্য। বাড়ো শিব মন্দিরের পাশে মেয়েদের স্কুল। চন্ডী মন্ডপ, চন্ডী মেলা, রায়চৌধুরী পরিবারের সাবেক বাড়ি এসব সত্যিই এখানে আছে। আছে পাঠা বলি, মোষ বলি, চড়ক যেগুলো সলিল আগে কখনো দেখেনি। 

সলিল দেখে নি সাঁওতাল সম্প্রদায়ের বিয়ে, তাদের ভাম বিড়াল শিকার করে কাঁধে ঝুলিয়ে নিয়ে আসা, গেঁড়ি-গুগলী-ঝিনুক  রান্না করে খাওয়া। সে দেখে নি ধান খেতে, কাশের বনে দোলা লাগা, শীতকালে শিউলি দের খেজুরের গাছ থেকে মিষ্টি রস সংগ্রহ করা, ক্ষেতে সরষে ফুল ফোটা, পুকুরে খ্যাপলা জাল দিয়ে মাছ ধরা এরকম অজস্র বিষয়।

যদিও আজকের নিরিখে এটা অতীত। এখন ধান-হোগলার জলা জমি নেই। আছে অপরিকল্পিত ঝুপড়ি কোঠা বাড়ি, খোলা নর্দমা, উঁচু ইমারত যার কোনো শ্রী নেই। আছে উন্মুক্ত ইলেকট্রিক লাইন, ল্যাম্পহীন ল্যাম্প পোষ্ট, পঙ্কে নিমজ্জিত পার্ক, ওপার বাংলা থেকে আসা উদ্বাস্তুদের হুঙ্কার, আছে মৃৎ শিল্পীর অব্যবহৃত চাক, সন্ধ্যা গড়ালেই উৎপটাং কিছু মদ্যপ লোক জনের বেলল্লাপনা, আছে মোটর লাগানো দু'চাকার কর্কশ শব্দ, আছে মূর্খের আস্ফালন আরো কত কি!

আসলে ছোটো থেকে বড় হয়ে ওঠা পর্যায়ে যে সংস্কৃতি ওখানে পেয়েছে এখানে সে সব নেই। শিয়াল হুক্কা হুয়া এখানে এখন করে না সেটা করে বেড়ায় মানুষ। 

এখানকার পাড়া গুলোর নামও কেমন ব্যাতিক্রমী। ছোটো বেলা অথবা এর পরে যে পাড়া গুলোর নাম বা রাস্তার নাম এখনও মনে আসে সে গুলো নিজেদের নামেই সমৃদ্ধ। যেমন কুমোরটুলি, জোড়াসাঁকো, নলিনি সরকার স্ট্রিট, রামতনু লাহিড়ি, বিবেকানন্দ রোড, শোভারাম বসাক স্ট্রিট, কেশব সেন স্ট্রিট যাক এসব।

এখানে আছে মুচি পাড়া, মাইতি পাড়া, চোঙার বন, নব পল্লী, পূর্ব বড়িশা, নতুন পাড়া, নতুন পল্লী এই সব নানাবিধ। আজকাল অবশ্য জাতে ফেরার স্বার্থে কতিপয় মনিষীর নামে রাস্তার-পাড়ার নাম হচ্ছে। তবে পোঁদ পাড়ার নাম যতই পূর্ব পাড়া হোক না কেন চরিত্রগত ভাবে ওটা পোঁদ পাড়াই থেকে গেছে।

এই এঁদো দক্ষিণেই প্রথম শরৎকালে থিম পূজোর প্রাদূর্ভাব। আমরা এজন্যেই এই উৎসবে এখানে নেই আছি ওখানে। 

দিদির মেয়ে বলুন, বোনের ছেলে বলুন অথবা আমরা সবাই এই পূজোতে বাগবাজার যাই। ওখানে পূজোর কদিন পুরোনো বাড়িতে থাকি।

বড়ো আক্ষেপ হয় বাবা শেষ বয়েসে অ্যালজাইমার এর ফলে নিজেকেই নিজে চিনতে পারতেন না। তবু শেষ পূজোয় তিনি নিজের পুরোনো বাড়িতে থেকে আনন্দে মা দূর্গার মুখ দেখে স্বর্গে গেছেন।


শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩

INDIA

তিনি বিদেহী। তিনি বহু রাজ্য সম্বলিত রাষ্ট্রে অনেকটা পরিব্রাজক এর মতন মত প্রদানকারী। তাঁর হাতের তালুতে এই দেশ। তাঁর শব্দের অলংকরণে 'নানা ভাষা, নানা মত, নানা পরিধান। বিবিধের মাঝে দেখো মিলন মহান।" এই শিক্ষা বর্ণিত হয়েছে। 

এই দেশের মহান মনিষী তৎসহ সমাজ সংস্কারক বুঝতেন নানা ভাষাভাষী এই দেশকে যে ভাষা নিরপেক্ষ ভাবে এক পরিবারের সদস্য করতে পারে, সেটা ইংরাজি। 

এজন্যই আজও  INDIA আর ভারত সমার্থক শব্দ হিসেবে যুক্তরাষ্ট্রিয় ব্যবস্থায় গৃহীত ও সম্মানিত। 

সমাজ ব্যবস্থায় শিক্ষার প্রসার ঘটে নি। যা এখন ঘটতে চলেছে সেটা ওই অশিক্ষার আঁধারে। 

কাজেই কে অতুল প্রসাদ সেন, কেন তিনি এমন বাক্য লিখেছেন, কোন অধিকারে লিখেছেন এই প্রশ্ন মূর্খেরা বলতেই পারেন।

আসলে ছোটো ছোটো রাজ্য, রাজা, ভাষা, সংস্কৃতির তারা অর্থ বোঝেন না।

আজ আমাদের এই নির্বোধ so called জাতীয়তাবাদী নামক রাষ্ট্র যন্ত্রের বিরুদ্ধে কলম ধরতে হবে।



শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩

মামদো খুঁজতে এসে মানুষ খুঁজে পাওয়া

মামদো খুঁজতে এসে মানুষ খুঁজে পাওয়া 

:১:

কালজানি। না কাল নয় আজকের দেখা কাল জানি। আজকে এই ডিসেম্বরের শেষে সে বড় কৃশ। জল চলে গা বেয়ে কুলকুল করে ঘাম পরার মতন। মজে যাওয়া শুকনো পাড় সাদা বালি আর গোল গোল পাথরে ভরা।সেখানে ধান বোনে পাড় বেয়ে থাকা বাসিন্দারা। সারা বছরের না হলেও কয়েক মাসের ভাতের সংস্থান হয় বিনে খরচে। এর সাথেই চলে ওই সরু জলস্রোতে খ্যাপলা জালে ধরা পরা মাছ। নদীর পাড়ে বেয়ে ওঠা গুটি পাকানো পাতার ঢেঁকি শাক ও খেতে মন্দ নয়। বেশ কয়েক বান্ডিল কেটে আনতে পারলে বিকিকিনির পর তেল-নুন কেনার পয়সা ও এসে যায়।

সেদিন সুতলি পট্টির গলি পার হয়ে উল্টো দিকের শ্মশানে বসে শীতের দুপুরে রোদ পোয়াতে এসেছিলাম। এত ভাবনার উৎপত্তি এখানেই। শুনেছিলাম কালজানি ভয়ঙ্কর। শুনেছিলাম আলিপুরদুয়ার বড় ভয় পায় এই নদীকে। ওরা বন্যায় ডুবে ছিলো এই কালজানির স্রোতে। অনেকে ঘুম ভাঙার আগেই বাঁধ ভাঙার জলে ডুবে গেছিলো।

ওদের কাছে সেই ভয়ঙ্কর স্মৃতি আজও রয়ে গেছে। যাই হোক এক মোঠা ঢেঁকি শাক নিয়ে ঘরে ফিরলাম। এটা আমার শ্বশুরালয়। এত সব গল্প কথা এখানে এসেই শুনেছি। তাই এই প্রবহমান নদীর সৌন্দর্য ওদের কাছে আজও অধরা। ওদের ভয় হয় পাছে ভুটান থেকে জল ছেড়ে দেয়!

:২:

সেই সেবারের বন্যায় ডুবে মরে যাওয়া দেহ গুলো জল নামার পর ভেসে উঠেছিল উজানের শেষে। সেই সব পচা গলা দেহ গুলো উদ্ধারের পরে এই শ্মশানেই দাহ করা হয়।

সেই সময় থেকেই এই শ্মশানে ভূতের আবির্ভাব। কখনো কিন্নর রায়, কখনো লিম্পা লেপচা, কখনো মাটি না পাওয়া করিম। 

আসলে দেহ পরে থাকে। সে দেহে ধর্মের বাঁধন থাকে না। তথাপি এর থেকেই ভূতও শ্রেণী বিভাজিত। 

একদিকে শাকচুন্নি, অন্যদিকে ব্রহ্মদৈত্য। আর মামদো খালি চোখ কচলায়।

রাস্তার ধারের শেওড়ার বনে সেই রক্ত চোখ দেখার পর কোনো মানুষ সন্ধ্যার পর এই শ্মশানে যেতে আর সাহস করে না।

আমি চললাম শীতের সন্ধ্যায় সেই শ্মশান ঘাটে। 

এখানে উত্তরের হিমেল বাতাস সন্ধ্যার পরেও বয়ে চলে। নদীর গা ঘেষে বেড়ে ওঠা শেওড়ার বনে খস খস শব্দ হয়। পেঁচা গুলো শ্মশানের পাসে বট অশ্বত্থের ডালে বসে কুজনে কথা বাঁধে। শ্মশান কালী মন্দিরের দাওয়ায় বসে ভক্তের দল গান গায় খোল বাজিয়ে। মজলিস জমে ওঠে রাত বাড়ার সাথে সাথে। 

গাঁজা আর দেশী মদের নেশায় হাজার কান্না হাসির পরিক্রমায় তাল মেলায় তিরতির করে বয়ে চলা কালজানি। নদীর চরায় ধান গাছে গঙ্গা ফরিং ঝিঁঝিঁ রবে কোলাহল করে। শেওড়ার গাছ জোনাকির আলোয় আলোকিত হয়। 

পরিবেশ তৈরিতে একটুও ফাঁক নেই এই প্রথম দেখলাম। দেখলাম সদ্য নিয়ে আসা কোনো একজন কম বয়েসী মেয়েকে চিতায় চাপিয়ে আত্মীয়-বন্ধুদের দিব্বি খাওয়া দাওয়ায় মেতে ওঠা। মনটা বিষন্ন হয়ে এলো।

পাশের রেল পথ ধরে ঝিক ঝিক শব্দের তালে একটা মাল গাড়ি চলে গেলো। ঘড়িতে তখন প্রায় প্রায় রাত দশটা। তবে সেদিন মামদো ভূতের নাগাল পেলাম না। চললাম পায়ে হেঁটে বাড়ির পথে।

:৩:

পরের সকালটা এসে পরল চোখ বোজার নিমেষ কিছু পরেই। শীতের ভোর এখানে কুয়াশায় ভরে থাকে। টপ টপ করে জল পরে মনে হয় সবে যেনো বৃষ্টি থামলো। সূর্যের আলো ফুটতে সকাল গড়িয়ে যায়। এক কাপ চা হাতে নিয়ে আরো এক কাপ পাওয়ার প্রত্যাশা থাকে। মিলেও যায় নিমেষে। কেমন একটা স্যাঁতস্যাঁতে হাড় হিম করা ঠান্ডা। 

একটু একটু করে দুপুর গড়ায়। খাওয়ার পর সকলে কম্বল নিয়ে একটু শরীরটা গরম করতে চায়। আমার সে দিকে কোনো উৎসাহ নেই।

আসলে কাল রাতে লক্ষ্মী ডোম এর সাথে কথা বলা হয় নি। লক্ষ্মীকান্ত ব্যাস্ত ছিলো চিতা সাজানোর কাজে। মনে হলে দুপুরটা ওর সাথে গিয়ে একটু আড্ডা জমাই।

কালজানির কিনারায় পশ্চিমের রৌদ্রে শরীরটা বেশ গরম হলো। পাড় ঘেঁষে সুন্দর পাঁপড়ি মেলেছে ডালিয়া, চন্দ্রমল্লিকা। গেঁদা গাছগুলো হিমেল হাওয়ায় হেলে আছে নদীর দিকে মুখ নামিয়ে। নদীর চড়ায় গরু-বাছুর চরে বেড়াচ্ছে। ছোট ছোট হাত জাল নিয়ে ছোটো মাছ ধরছে নদী পারের বসবাস কারি বাসিন্দারা। এই স্বাধীনতা খুব মন কেরে নেয়। কিছুটা সময় এভাবেই পার হল। সূর্যের তেজ ফিকে হলো। লক্ষ্মী শুকনো পাতা আর কাঠ জ্বালিয়ে এই হিমেল ঠান্ডায় একটু হাত পা সেঁকতে বসেছে। হাতের টুকরিটায় সে ছোটো মাছ ধরে এনেছে। সেই কাঠের আগুনে আমি এলাম শরীর তাপাতে। 

এই আলো আঁধারি সন্ধ্যায় লক্ষ্মীর পরিবার ছাড়া শুধু আমিই এই শ্মশানে। শ্মশান কালী মন্দির আর কাঠ গুদামের মাঝখানে ছোট একটা ঘর আর বারান্দায় ওদের সংসার। বৃদ্ধ বাবা, বৌ আর মেয়ে নিয়ে লক্ষ্মীর সংসার। 

পরিচয় হল ওর বাবার সাথে। তাদের তিন পুরুষ কাটছে এই শ্মশানে। ওনার কাছেই শুনলাম, বাঁধ ভাঙার কাহিনী। শুনলাম সেদিনের সেই জনশূন্য অঞ্চলেও শ্মশানে ভীড় করা মৃত মানুষের কথা। 

না কোনো আত্মীয় পরিজন এদের আনেননি। এনেছে সরকারের উদ্ধারকারী দল। 

তিনি বলছিলেন কোনো দেহের মুখের দিকে আমি তাকাইনি। পাছে পরিচিত কেউ এসে পরে? আক্ষেপ করে বললেন সেদিন খুব কেঁদেছিলাম। সবাই একথা শুনে বলেছিলো ওটা মদের ঘোর! 

আমরা জাতে ডোম। আমাদের আবার মন, হৃদয়? 

না প্রতিবাদ করিনি কখনো। পাছে শ্মশানকালী মা ভুল করে জিভ কাটেন?

কথায় গল্পে অনেকটা সময় কিভাবে কেটে গেছে বুঝতে পারিনি। বুঝলাম বাড়ির কোনো এক পরিজনের ডাকে। হাতে একটা টর্চ লাইট, একটা লাঠি নিয়ে সে আমাকে খুঁজতে এসেছে। 





বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

রামগরুড়ের ছানা

কতিপয় বামপন্থীরা উগ্র আন্তর্জাতীয়তাবাদকে মান্যতা দেয়। তারা রবীন্দ্রনাথের "দাও ফিরে অরণ্য লও এ নগর" কথার বিপক্ষে গিয়ে নানান কথায় তাঁকে জর্জরিত করেন। আজ তারা নপুংসক হয়েছেন। পৌরুষ শেষ হয়েছে আজকের দুনিয়ায় অরণ্য ফিরে পাওয়ার ইচ্ছা দেখে এবং তাঁর এই দুর্লভ দার্শনিক চিন্তার কারনে।  

বাঁ হাত জন্মগত ভাবেই ক্ষয়িষ্ণু এ কথা অন্তত আজ তারা স্বীকার করে। আসলে বই খুলে নিয়ে পরীক্ষা পাস এরা শিখিয়েছে। অনতিক্রমে তাসের ঘর ভেঙে পড়েছে গোটা দুনিয়ায়।

দার্শনিক মার্ক্স সাহেব বেঁচে থাকলে এসব দেখে নির্ঘাত মূর্ছা যেতেন। পরবর্তীতে লেনিন সাহেব কিংবা লং মার্চের প্রবক্তা জেদং আলটপকা এই সব স্তন্যপদের বলতেন তিষ্ঠ শিশু তিষ্ঠ। যা হোক এসব যখন হয়নি তখন এই স্বঘোষিত বামেদের আধুনিক কালো গন্ধগোকুল বা বাম বিড়াল বলা যেতেই পারে।

এই ভিন গ্রহের মানুষ গুলো পৃথিবীপৃষ্ঠে থেকেও সপ্তর্ষি মন্ডল অথবা ধ্রুবতারা না চেনা মানুষের দলে। 

এরা না কি মানুষকে মুক্তির পথ দেখাবে!

হাসতে আমার মানা।


বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩

চললাম বাড়ির পথে

 চললাম বাড়ির পথে

অনিন্দ্যসুন্দর দেখতে এই ব্যানার্জী দা। রবীন্দ্রসঙ্গীত এর বিষয়ে পরাকাষ্ঠা। মেজ মেয়েটা উচ্চাঙ্গ সঙ্গীতে পারদর্শিনী। নাম আর কন্ঠ একেবারে সমমেলে বাজে। রূপ? না ততটা নয় যতটা ওর নাম আর কন্ঠের। লেখা'র সাথে এ ভাবেই পরিচয়। ওর দিদি আমার বান্ধবী। নাম কুহু। চেহারার বর্ণনা দিলে মধু কবির কথায় বলতে হয়। " আলুথালু হায় এবে কবরী বন্ধন।" থাক এসব। ছোটো বোন সুলেখা খুব মিষ্টি। একদম ব্যানার্জী দার মতন। কুহু আর সুলেখা, ব্যানার্জী দার সাথে গলা মিলিয়ে গেয়ে ওঠে " বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা।" সত্যিই সে আনন্দ ধারা আমি দেখেছি।

আর লেখা? ওর ওই উদাসীন চোখ বড়ো কাছে টানে। তবে পৌঁছনো? না তা শত-লক্ষ প্রশ্নে ব্যাথিত।  

আসলে লেখা ছিলো উচ্চাঙ্গ মার্গ সঙ্গীতের মতন। যার মর্মার্থ কিছু বলতে গেলে গলার স্বর কেঁপে ওঠে। 

লেখা জিতে গেছে। আমাদের মতন ও কিন্তু সংসার পাতে নি। একা'ই ছিলো, আজও আছে।

এই ভাবে থাকা নিয়েই দু-চার কথা মনে এলো ওকে খুব ভালো ভাবে জানি বলে। ওকে কেউ কোনোদিন প্রেম নিবেদন করে নি।  শিল্পী সত্ত্বাকে ভালো বেসেছে সবাই এমন কি আমিও । ওর ও মনে হতো এটাই নিরাপদ। গাছের ফুল ফোটা আর ঝরা একটা সময়ের প্রকাশ। সে সময়টা একবার বসন্ত আর এক বছরের শেষে শীত। এই অনিবার্য বিষয় মেনে চলে আজ এক বার্ধক্যের প্রাক্কালে পৌঁছে তার যৌবন এর আহ্বান বার বার উপলব্ধি হয়। 

জিবন বিষয়টা এ রকমই। স্কুল থেকে কলেজ, কলেজ থেকে ইউনিভার্সিটি যখন শেষ হয় তখন ইচ্ছে হলেও আর স্কুলের ওই বেঞ্চটা নিজের বসার মতন থাকে না। 

ঝরা ফুল দিয়ে ফোঁটা ফুল বানানো যায় না এ কথা এই প্রথম বুঝলো লেখা।

সেদিনের না বোঝা বিষয় গুলো আজ ওর বড় বুঝতে ইচ্ছে করে। অসংখ্য বাড়ানো হাত যা ছিলো তার কাছে উপেক্ষিত সেই হাত গুলোকে সে হাতড়ে বেড়ায় তবে নাগাল পায় না।

সেই হাত গুলো অন্য কারোর হাত ধরে অনেক পথ পার হয়ে একই ভাবে যে বার্ধক্যের দোর গোড়ায় পৌঁছেছে সে কথা তার বিশ্বাস হয় না। 

পুরানো অনুভূতি আজও রয়ে গেছে সেই চলে যাওয়া সময়ের সাথে। বুঝতে পারে যা সে চায় তা এ জীবনে অধরাই থেকে যাবে।

আয়নার সামনে দাঁড়িয়ে লেখা নিজেকে দেখে। রং করা চুল গুলো বারবার রং বদলায়; আই লাইনার আর আই স্যাডো না থাকলে বোঝা যায় চোখের নিচে কালি পড়েছে; লিপস্টিক ছাড়া ঠোঁটটাও সেই গোলাপি রং এর নেই; উঁচু গালে চাকচিক্য নেই, আছে কালসিঁটে কিছু দাগ। 

চোখ বুজে সে দেখতে পেলো এই নরদেহ।

লেখার ইচ্ছে হলো একবার বেহাগ এ সুর বাঁধতে। শ্রবণে এলো কয়েকটা কথা রবিঠাকুরের স্বরে-সুরে। জীবন কে খুঁজে পেলো ওই শব্দের লহমায়। সত্যিই তো! " সংসার গহনে নির্ভয় নির্ভর, নির্জন স্বজনে সঙ্গে রহো।"

তার মনে হলো অনেক দুরাত্মা ভাবতে গিয়ে আজ সে নিজেই হয়ে পরেছে এক পাপাত্মা। নিঠুর সেই অতীত তার কাছে আজ বড় অপাংক্তেয়।

আবার একথাও মনে এলো আজীবন যে সত্য নিয়ে চলার পথ কি ভুল হতে পারে? মনের এই তাপ আমাকে কি তাপিত করবে, নাকি সব শেষে ছাই ভষ্মের স্তুপ হয়ে নিন্দিত হব সমাজের বুকে? 

ভাবনার ইতি পরল কলিংবেলের শব্দে। দরজার সামনে দাঁড়িয়ে আমি এই আহাম্মক। 

সেদিন গিয়েছিলাম কতগুনো শব্দের কলি নিয়ে। সুরারোপও আমার। শব্দ আর সুর রাগ আশ্রিত। 

আমাকে লেখা কথা বলতে দিলো না। শুরু করলো মনস্তাপ। বললো খুব ভুল হয়ে গেছে। 

আমি নিরুত্তাপ। ওই ঠাকুরের ভাষাতেই বললাম " ঘটেছে যা ছিলো ঘটিবার, ফলিবে যা ফলিবার আছে"।

লেখা আমার কথা মানলো না।  বললো এই ভূত-ভবিষ্যৎ নিয়ে আমার অনুতাপ নেই। বর্তমান আমার কাছে বড় সত্য। 

বললাম তাহলে আজ আর নয়। না হয় কালকে এলাম এসব নিয়ে?

অনেকক্ষন মুখের দিকে চেয়ে থাকলো। শেষে বললো তোমরা সংসারী। তোমরা ভালো থেকো।

চললাম বাড়ির পথে।

মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩

মনে রাখবেন ইঞ্জিনিয়াররা স্তাবক নয়

কতিপয় অপাংক্তেয় মানুষ আপন লোলুপ বজ্রধ্বনি শোনালেন। গাড়ির চালক সমাজ চালক হইলে ইহা ব্যাতিত কি হইবে? ইহাকে অসি নয় মসিবিদ্ধ করিতে হইবে । তিনি আবার মহানাগরিক। ভাগ্যিস নেতাজি  সুভাষচন্দ্র বসু আজ নাই। অন্যথায় তিনি  তাঁহার মহানাগরিক উপাধি ত্যাগ করিতেন। 

ইনি কোথা হইতে আসিলেন? যৎপরোনাস্তি ঐ খিদিরপুর ডক পার্শ্ববর্তী কোনো স্থান হইতে। শিক্ষা কতদূর? উইকিপিডিয়া বলিবে। ইহার আবার উইকিপিডিয়া?

উনি আমাদের সম্মান লঙ্ঘন করিয়াছেন। কাজেই উনাকে সম্মান করা বিদেহ নয়। 

উনি ইঞ্জিনিয়ারদের একশত দিনের কর্মী স্বরূপে দেখেন। উনি মনে করেন ইহা উহার পৈত্রিক বিষয় আশয়। 

এখানে ছিঃ বলিলেও কম বলা হয়। 

বাণিজ্য বিভাগের "শেষ বেঞ্চার্সরা" ইহা ছাড়া আর কি হইবে?

লক্ষণরেখা জানানোই আজকের শেষ স্তবক।

মনে রাখবেন ইঞ্জিনিয়াররা স্তাবক নয়।

রবিবার, ২০ আগস্ট, ২০২৩

এ কোন গড়?

বণিকের মানদন্ড রাজ দন্ডে পরিণত হওয়ার প্রাক্কালে জন্ম হয়েছিলো ফোর্ট উইলিয়াম। সে সময়ের বাংলার স্বাধীন নবাব এই ফোর্ট বানানো বিষয়টি মেনে নিতে পারেন নি। শুরু হয় বৃহত্তর বাংলা বাঁচানোর লড়াই। পরবর্তীতে পানিপথের পরাজয়, মীরজাফরের লালসা এবং স্বাধীনতার কফিনে শেষ পেড়েক পুঁতে দেওয়ার কাজ সম্পন্ন করার প্রক্রিয়া শেষ হয়।

জঙ্গলে ভরা সেই পুরোনো ধর্মতলার পথ ধরে হাঁটতে হাঁটতে সেই ইতিহাস ভাবছিলাম। আমি আজ পাঁচশত বছর আগের স্মৃতি নিয়ে পথ চলছি। একপাশে ইডেন উদ্যান অন্য পাশে মোহনবাগান ক্লাব উদ্যান। একের পর এক ইস্টবেঙ্গল -এরিয়ান্স, মহমেডান মাঠ পেরিয়ে ফোর্ট উইলিয়াম গেটে পৌঁছলাম পায়ে হেঁটে। 

রানু বললো চল উল্টোদিকের ট্রাম ধরে নেই। বললো ট্রামটা মেয়ো রোড, ধর্মতলা, কার্জন পার্ক পরিক্রমা করে আবার ফিরে আসবে এই পথেই। তারপর গড়ের মাঠ এর পাশ দিয়ে টং টং করে ঘন্টা বাজিয়ে আমাদের পৌঁছে দেবে বেহালা ট্রাম ডিপোতে। 

বললাম চল না এই কিছুটা পথ একসাথে হেঁটেই যাই? 

বললো এটা অনেকটা পথ।

ওর চোখের দিকে তাকিয়ে বললাম, বলতো আরো কত পথ আমাদের চলা আছে বাকি?

কিছু আর বললো না। চললাম দুজনায় গড়ের মাঠ ধরে। 

রানু বললো আচ্ছা এটা গড়ের মাঠ কেনো। এটা আগে কার গড় ছিলো?

 হাত ধরে হাঁটছিলাম। হাত ছেড়ে রানুর কান ধরলাম।  বেজায় বিরক্ত হলো। বললো কানটা ছাড়। 

আবার হাত ধরলাম তবে এবার একটা নয় ওর দুটো হাত। বসলাম একটা প্রকান্ড বাদাম গাছের ছায়ায়। বললাম একটু ভাবতে চেষ্টা কর পাঁচশ বছর আগের দিন। তখন এখানে ঘন জঙ্গল। তখন এখানে ঘুরে বেড়ায় শ্বাপদের দল। সেই শ্বাপদ সরাতেই এই জঙ্গল কেটে সাফ করেছিল ইষ্ট ইন্ডিয়া কোম্পানী। 

বললাম ফোর্ট অর্থ  দূর্গ আর দুর্গের আর এক নাম গড়। এজন্যেই এর নাম গড়ের মাঠ।

এই প্রথম রানু আমার হাত ধরলো। বললো এ হাত আর ছাড়ছি না।

আমি ওর কপালে একটা চুমু দিলাম।


শনিবার, ১৯ আগস্ট, ২০২৩

নঃ যযৌ নঃ তস্থৌ

না আমি বুড়ো হতে চাই না। নাম দিয়েছেন যারা তাদের সাথেই থাকতে চাই ঠিক ছোটো বুড়োর মতন। একটা যৌথ পরিবার। শ্রাবণে মনসামঙ্গলের সুরলোলুপ কন্ঠস্বর, পাঠা বলি আরো কতো কি। ভাদ্রের শেষে দূর্গোৎসব। আশ্বিনের ঝড়ে সব কিছু লোপাট তার পরে বাড়িতে কালী পূজো। উড়ন তুবড়ির সাথে আছে বসন তুবড়ির ঘনঘটা।

না আমি বুড়ো হতে চাই না। কারণ এই পঞ্চাশ পার হয়ে বুঝলাম  "  যঃ পলায়তে সঃ জীবতে "। 

কিন্তু পলায়ন এক বিভীষিকাময়। সেখানেও গরম তেল আছে। ব্যাথা বেদনা এক মূহুর্তে শেষ হয়ে যায়।

অর্থাৎ আমি এখন নঃ যযৌ নঃ তস্থৌ। 

চোখ এসব বেদন মানে না। জল যেন আর শেষ হয় না এই চোখে।

থাক এসব।


শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩

জবার প্রতিবাদ

ভেবেছিলাম গোলাপ ফুটবে। বৃষ্টি এলো। শীতের শেষে বসন্তে বৃষ্টি এলো। গোলাপবাগের গাছগুলো সব আকাশ দেখতে ব্যাস্ত হলো। চোখ তুলে বললো আমি না চোখ মেললে তূমি খুশি? বকুল বললো কেনো দিদি? রজনীগন্ধা বললো তুমি না থাকলে আমার কি হবে? গাঁদা বললো বেশ হয়েছে। জগৎ জুড়ে আমিই আছি। জবা বাঁধ সাধলো। রাগ করে হাত পা ছুড়লো। টগর কে বললো তুইও আর ফুটবি না। লাল দোপাটি বললো এই বর্ষায় আমি ফুটবো না। 

পদ্ম কিছু বললো না। কাঁটাগুলো তীক্ষ্ণ হলো। গোলাপি রং ছেড়ে সে শ্বেত পদ্ম হলো। সাপের দল পদ্মের সাথে সম্পর্ক ছিন্ন করলো।

এ সবের পর পদ্মের হাসি দেখে কে? দেখলেন মা দূর্গা। বললেন আমি যাবো না পৃথিবীতে। ওই  খাল, বিল, নদী, নালায় পঁচে মর তুই।

পদ্মকলি নয়ন তখন দৃষ্টি হারালো। শুধু কথা গুলো জ্যান্ত হয়ে উঠলো রবিঠাকুরের।

ফুলে ফুলে ঢলে ঢলে বহে কি বা মৃদু বায়।

তবে, কেতকী কিছু বলেনি।

বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩

জীবনের আতিশয্য l



জীবনের আতিশয্য l


ভরা যৌবনে খরা দেখে বহ্নির বান্ধবীরা বললো , কি রে বেঁচে আছিস? বহ্নি বললো জাহ্নবির সাথে চাঁদের আলোকে প্রাণ আমার যায় যায়। আঁখি বললো তাহলে নির্ঘাত চোখে আমার ঠুলি পড়েছে। কেয়া বললো, না বাবা আমার পাতায় নৌকো বানাস না, পাছে ডুবে যায়। হৃদি বললো মম মন্দির মাঝে যে বা যারা বিরাজে তাদের কথা শুনে আমি লজ্জা কোথায় ঢাকি? 

বহ্নি বিনা বাক্যে মুখে চোখে জলের ঝাপটা দিলো। আঁখি বললো আঁখি জল মোছাবে কে? কেয়া বললো এই নৌকোর সহচর হলে হৃদিই হবে।

ও যে সমাজের হৃদয়।

হৃদি হাঁ করে কেয়ার দিকে তাকিয়ে রইলো।

বুধবার, ১৬ আগস্ট, ২০২৩

সেকাল

পূজোপ্রাক্কালে  অফিসে থাকাকালীন সময়ের দু-একটা  রসিকতার কথা আজ মনে পরলো। আধুনিক কালে মা দুগ্গার কাউন্টডাউন শুরু হয় খোঁটা/খুঁটি পূজোর পর থেকে। ছেলে-মেয়ে, বাপ-ঠাকুর্দা, প্রপিতামহ-বৃদ্ধপ্রপিতামহ তৎসহ শালা-শালী, শাশুরি -শ্বশুর, তস্য পিতা মাতা প্রকারন্তরে গৃহপালিত গরু, ছাগল, কুকুর এছাড়াও কতিপয় কামকরণী-কামলা, ক্লার্ক-আমলা, প্রায় চোদ্দ পুরুষের দান সামগ্রীর ক্রয়ার্থে যার পর নেই উৎকোচ উপাদান সারাবছরের গ্রাফ এর নিরিখে তুঙ্গে পৌঁছত। 

আমরা যারা পেশাদার তাদেরও আয় প্রায় প্রায় সমানুপাতে বাড়তো। যদিও এখন পূজা-পার্বণ বিষয়টা সারা বছর ধরে চলে এবং যথারীতি উৎকোচ আরে-বহরে একেবারেই নৈব্যাক্তিক বিষয় হয়ে বসেছে। তবু কি যেন একটা বিষয় বাদ পরে গেছে। যেমন উড়িয়া কলিগকে আমরা বলতাম, ' কাকটা এই মাত্র উড়ে উড়ে মনুমেন্টের মাথায় গিয়ে বসলো'। আবার অফিসে পৌঁছনের সাথে সাথেই দেরীতে আসার কারনে বলতাম " দাদা পূজা অসিগেলা" দেরী করে এলে চলবে? রাগান্বিত হাসিমুখে চুপচাপ বসে পরত টেবিলে। কাজের ঘনঘটা চলতো সারাটা দিন বেশ রসে-বশে। এসব এখন নেই।

এবছর আবার মা আসছেন ঘোটকে, ফল ছত্রভঙ্গম। ফিরবেনও ঘোটকে অর্থাৎ সুনিপুণ নৈরাজ্যের এক হাতছানি। ছোনেলাল একটা পকেট দেওয়া জাঙ্গিয়া কিনেছে দেখে ফেলায় বিবাদ বাঁধলো।

নাড়ুদা বললো বুক পকেট, সাইড পকেট, পোঁদ পকেটেও টাকা আঁটছে না। তাই জাঙ্গিয়ার এখন পকেট থাকে। ছোনের রাগ আর ধরে না। সে বললো জাঙ্গিয়ায় নজর না দিয়ে ব্রেসিয়ার দেখো। ওখানে ডবল আনন্দ। 

আমরা সেকালেও ছিলাম আর একালেও আছি। আমরা মানে সিনিয়ররা পরেছি মহা সংকটে। 

আমার নষ্টালজিক চিন্তা মাথাকে ব্যস্ত করে তুললো। মনে করতে চেষ্টা করছিলাম কোথায় যেন এরকম একটা নষ্টালজিক লেখা পড়েছিলাম। 

জোড়াসাঁকোর ঠাকুর সেদিন স্বপ্নে দেখা দিলেন। বললেন হে বৎস আমাকেও তুমি ভুলতে বসেছো?

স্বপ্ন ভঙ্গ হলো। আয়নার দিকে তাকালাম।


সোমবার, ১৪ আগস্ট, ২০২৩

তাকে হিউম্যান বিং বলা এক ধৃষ্টতা

তাকে হিউম্যান বিং বলা এক ধৃষ্টতা

যে সময়ের কথা লিখছি তখনও প্লাস্টিক এর ব্যবহার সেভাবে শুরু হয় নি। পড়াশোনা তখনও শেষ হয় নি তবে শেষ পর্যায়ে পৌঁছেছে। এরপর চাকরির কথা ভাবতে হবে, কারিগরি শিক্ষায় জং ধরলে মুশকিল অথচ পরিসর খুবই সামান্য। 

কংগ্রেস দল সবে মাত্র ক্ষমতা হারিয়েছে। এসেছে নতুন এক সূর্যোদয়। শিক্ষাঙ্গন মন্ডল কমিশন এর রিজার্ভেশন নিয়ে উত্তাল। সেই প্রথম জাত-পাত দেখি এই বাংলায়। এক বেঞ্চে, এক টেবিলে বসে খাওয়ার আনন্দের শেষের শুরু। তখন বুঝিনি এর ভয়ঙ্করতা, যা বুঝলাম আজ ২০২৩শে এসে। তবে সাম্প্রদায়িক বিষয় তখনও মাথা তোলে নি।

শুরুতেই প্লাস্টিক এর ব্যবহার বলেছিলাম। এই লেখায় আসলে ওটাই প্রাসঙ্গিক। বাকিটা শুধুই সময়ের অবতারনা। 

আসলে সেই প্রথম জাতপাত নিয়ে আত্মাহুতি, হত্যা অথবা আজকের পরিসরের রেগিং চোখে দেখা। কোলকাতার কোনো এক শিক্ষাঙ্গনে এক ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে সেই প্রথম বন্ধুর দেহ সনাক্তকরণের জন্যে কাটাপুকুর যাওয়া। স্বেচ্ছায় নয়, তবে সেখানে যাওয়ার মতন কাউকে না পাওয়ায় আমাকে যেতে হয়েছিলো। সে এক নরক দর্শনও বটে। 

খেজুর পাতার পাটিতে কলা পাতার উপর তাকে শোয়ানো। মুখের ভিতরের যন্ত্রনার রেশ তখনও কাটে নি। হাতে একখন্ড রুমাল নিয়ে সামনে দাঁড়িয়ে মনে হচ্ছিলো তোকে এভাবেই চলে যেতে হল?

তখন কাঁচের গাড়ি ছিলো না। উন্মুক্ত আকাশের নিচে তিন চাকার টেম্পু গাড়িতে ওই পাটিতে জড়িয়ে বাধা দেহে অগরু সেন্ট ছড়িয়ে রুমালে নাক চেপে চললাম কালীঘাট শ্মশানের দিকে। 

না আমার শরীরে কোনো জাতপাত, রেগিং বা হত্যার  স্পর্শ লাগে নি। চোখে প্রথমে দু-চার ফোঁটা জল এসেছিলো কিন্তু ওর বাবাকে দেখে সে জল গাল অব্দি গড়িয়ে পরে নি। 

আজও চোখ বুজলে সেই চিত্র ভেসে ওঠে। কৃতি ছাত্রী ছিলো এভাবে চলে গেলো এই ভেবে।

এসব এতকাল মনে পরে নি। হঠাৎ করেই আবার শুরু হয়েছে সেই অতীতের অধ্যায় ২০২০ সালের অতিমারির সময় থেকে। মৃত্যুর পরে আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব কেউ নেই আস পাশে। প্লাস্টিকের আবরনে কারোর বাবা, কারো মা, ভাই, কাকা, দাদা আরো কত বয়ঃজ্যেষ্ঠ আত্মীয়। 

২০২০র পূজোর ঠিক আগে আর মন মানলো না। সব কিছুকে উপেক্ষা করে পরিচিতের ডাকে বেড়িয়ে পড়লাম। না সেই সব দেহগুলোর মুখ দেখা যায় নি। শুধু কতিপয় সরকারি কাগজ হাতে নিয়ে বাড়ি ফিরেছি। সেই নভেম্বরে আমাকেও ধরলো কোভিড। একে একে স্ত্রী, কন্যা সকলেই বিছানা নিলাম। হয়ত কালের নিয়মেই একে একে আমরা সকলে সুস্থ হয়েছি গৃহে বন্দি থেকে। তারপর? মানুষের শরীরে ট্রায়াল শুরু হলো ভ্যাকসিনের।

এসব কাটিয়ে ওঠার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই অতিমারি শব্দটাই পরিত্যায্য করে দিলো। এ এক নতুন পরিহাস।

তবে সেই ১৯৯০ এর ভয়াবহ ছাত্র সংহার ফিরে এলো নিজের মহিমায়। প্রথম আই আই টি এর পর মেডিকেল কলেজ সর্বশেষ যাদবপুর। 

হিউম্যান বিং এর মধ্যে যে এনিম্যাল ইনস্টিংক্ট আজকের শতাব্দিতেও রয়ে গেছে সেটা নতুন করে বুঝিয়ে দেয়। সে ইনস্টিংক্ট কখনো রাষ্ট্রীয়, কখনো ব্যাক্তি মানুষে। 

কোনো এক শতাব্দী প্রাচীন দার্শনিক এর কথা মনে পড়ল। আমি তাঁকে ফ্রয়েড সাহেব নামে জানি। তিনি এই মানুষ সম্প্রদায়ের মধ্যে তিনটি ব্যাঞ্জনা দিয়ে ব্যাখ্যা করেছিলেন। ধুম পরে গেছিলো সমাজের অভ্যন্তরে। মানুষের আবার প্রকার ভেদ? 

সেই ইড, ইগো আর সুপার ইগোর যে ব্যাখ্যা সেটাও এই উন্নত সমাজের ক্ষেত্রে একেবারেই বেমানান হয়ে পরেছে। এক বাক্যে বললে বলতেই হয় মানুষের মধ্যে সত্যিই কোনো পরিবর্তন আসে নি। তাকে হিউম্যান বিং বলা এক ধৃষ্টতা। অন্যান্য স্তন্যপের মতন আজও আমরা এনিম্যালই রয়ে গেছি।

বিশ্বের প্রতিটা খন্ড চিত্র আজ সেকথাই আঙুল তুলে দেখিয়ে দিচ্ছে। 

শনিবার, ১২ আগস্ট, ২০২৩

নির্ঘাত নেতাজি সুভাষচন্দ্র বসু হাসছেন

নির্ঘাত নেতাজি সুভাষচন্দ্র বসু হাসছেন

জাতীয়তাবাদী উন্মেষ ঘটাতে স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা লাগিয়ে ছবি তুলে সোস্যাল মিডিয়ায় ছাপাতে হবে। আমি গফ্ফরকে বললাম তুই বাড়ির চার ধার শুধু পতাকায় ভরিয়ে তোল। মোবাইল ক্যামেরায় ভিডিও বানা। পুরো পরিবার যেনো এই ভিডিওতে থাকে। 

আমি ডিকোষ্টাকে বললাম এটা তোমাকেও করতে হবে।

 আমি আমাকে বললাম জাতীয়তাবাদী উন্মেষ এ রকম বালখিল্য বিষয় নয়। কাজেই এই মূর্খের সংসর্গে আমি নেই। 

এই বহুজাতিক সমাজে এই ধরনের বাধ্যতামূলক কার্যক্রম চলিত ভাষায় বললে বলতে হয় ছাগলামি। না আমি সে দলে নেই। 

ক্লাব, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় তো আছে, আছে ন্যায়ালয়, লাল কেল্লা এই সব প্রশাসনিক প্রতিষ্ঠান। 

তা বলে ঘরে ঘরে?  পতাকা কিনে বাড়িতে পৌঁছে দিলেও এই পতাকার অধিকার কে বোঝাবেন?

নির্ঘাত নেতাজি সুভাষচন্দ্র বসু হাসছেন। 

বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩

কোথায় চলেছি আমরা?

কোথায় চলেছি আমরা?
সকলে আমরা চলেছি। কোথায় চলেছি? কেউ বলতে পারে না সে কোথায় চলেছে। ঠিক হিমবাহের বরফ গলা জলের গতি পথের মতন। বরফ গলে জল হচ্ছে। প্রকৃতির নিয়মে তৈরী আছে তার গতিপথ। কখনো উত্তর থেকে দক্ষিণ কখনো দক্ষিণ থেকে পূর্ব আবার কখনো পূর্ব থেকে দক্ষিণ। পথ তাকে নিয়ে চলে না বরং নিজের চলার পথ নিজেকেই বানিয়ে নিতে হয়। 

কোন সেই গভীর সমুদ্রে তাপ বাড়ে কমে, জল বাষ্প হয়ে পাখা মেলে আকাশে। সে নিজেই জানে না সে কোন পথের পথিক। যখন তার পা ভারি হয়ে ওঠে তখন সে ঝরে পরে। ঝরে পরে মাঠ, ঘাট , নদী, পাহাড়, সমুদ্র সর্বত্র। ঘুরে ফিরে পৌঁছয় সেই পুরোনো বাসস্থান সমুদ্রে।

ঝড় ওঠে ঝড় থামে। গাছ গুলো ভেঙে পরে আবার নতুন শাখা গজায়। পূর্ণাঙ্গ সেই গাছ মাথা তুলে আকাশ দেখে। এ যেন এক ভাঙা গড়ার খেলা। এ যেন সৃষ্টি আর ধ্বংসের মেল বন্ধন। কখনো আশা জাগে ঠিক পরক্ষনেই ফিরে আসে হতাশা। 
এর মধ্যেই আমরা জীবন খুঁজে পাই।
একটা ফুটফুটে শিশু যখন প্রথম আলো দেখে তখন কেঁদে ওঠে। ডাক্তার এই কান্না দেখতে পেলে খুশি হয়। আর আমরা? আমরা শুধুমাত্র মায়ের কোলে সুন্দর একটা শিশুকে দেখতে পাই। কিন্তু কাল? কাল কি হবে এ কথা তখন ভাবি না। এরপর সে বড় হয় আর বুঝতে শেখে কোনো এক কারাগারে সে বন্দি। পথ খুঁজতে গিয়ে সে বুঝতে পারে এই লোহার গরাদ তাকে ভাঙতে হবে। এই প্রথম গর্ভের বাইরে এসে নতুন গরাদ দেখা। এরপর? 
পথ খুঁজে পাওয়া। নতুন আরো এক শৃঙ্খল রচনা। নিজেকেই নিজে বেঁধে সেই দড়ির বাঁধন খুলতে হাতরে যাওয়া। এটাই আসলে পথ খোঁজা। 
অন্তর আর আত্মা, কথা আর বার্তার পথ ধরে তৈরী হয় মন। সে মন তোর আর আমার। এই ভাবে মন্ত্রের জন্ম। 
ওই যে হিমবাহ, ওই যে সমুদ্র, ওই যে জল আর বায়ুর পথ বানানো ওটাই জন্মের পরে প্রথম শিক্ষার আধার। 
এসব বুঝতে বুঝতেই আমরা প্রথমে শপথ নেই তারপর? বিপথগামী হয়ে পরি। অথচ দুটোই তো পথ। কেনো এমন দুটো শব্দের সৃষ্টি? 
কথা গুলো শুনতে পেয়ে পাহাড় নড়ে উঠলো, সমুদ্র উত্তাল হলো, ঝড় উঠলো। 
সদ্য ভূমিষ্ঠ শিশুটা একথা বুঝলো না।



মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

স্মরণে শ্রাবণ তিথি

স্মরণে শ্রাবণ তিথি

সত্যিই প্রকৃতির আঁখি আজ অশ্রুস্নাত। সে অঝোরে কেঁদে চলেছে। গঙ্গা, সিন্ধু, নর্মদা, কাবেরি,যমুনা সব নদীর জল বেড়ে চলেছে প্রকৃতির এই অসীম ক্রন্দনে। তিনি সুরেলা ভাবেই লিখেছিলেন শ্রাবণের এই সৌন্দর্য। তাঁর মন সেদিন এই মেঘের সঙ্গী হয়েছিলো। তিনি তাল-তমালের বনে রূপোর ছটা দেখতেন এক চিলতে বারান্দায় বসে। কখনো সে বারান্দা কোলকাতার ঘেরাটোপে আবার কখনো শব্দহীন, জনহীন দূর কোনো এক পরবাসে। কখনো প্রবল বর্ষণের তোরে ভেসে যায় গ্রাম কখনো শিলং পাহাড়ের মৃত ঝর্ণার জীবন্ত হয়ে ওঠা। যে শ্রাবণের আনন্দে তাঁর মন ব্যাকুল হতো সেই শ্রাবণেই বাংলার চোখে ধারা নামলো। এই প্রথম আকাশ  দেখলো সমুদ্র থেকে হাওয়ায় ভর করে যে জলরাশি এসেছিলো সেগুলো লুট করে নিয়েছে এই ধরণীর মানুষেরা। 

না এই সিক্ত নয়ন আজও সিক্ত শ্রাবণের তৃতীয় সপ্তাহে। এ যেন ঠাকুরকে পেয়েও হারানোর অনুতাপ। নিমতলা ঘাটের সদর দরজাটা সেদিন ভেঙে পরেছিলো লোকের ভারে। আমার এ কথা বিশ্বাস হয় না। আমার মনেহয় এই প্রথম লোহার তৈরী গরাদটাও শোকে মূহ্যমান। সেও যেন সেদিন তার দাঁড়িয়ে থাকার অবস্থা হারিয়ে ভেঙে মিশে গেছিলো মাটিতে।

না ঠাকুর এসব দেখেননি। সেদিন প্রথম তাঁর চোখ অস্ত গেছিলো। এরপর একে একে গোটা দেহটা। যে অপরিসীম কষ্টে মেডিকেল কলেজের উন্মুক্ত বারান্দায় তিনি শেষ শ্বাস রেখেছিলেন সেদিন, আকাশ বুঝে উঠতে পারেনি। রাশি রাশি মেঘ হাওয়ায় ভর করে আসছে আর অচিরেই হারিয়ে যাচ্ছে। সে যখন একথা বুঝলো তখন আকাশের রবি অস্তাচলে।

বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩

জগতের কারিগর আমরাই

:১:

সময়টা সত্তরের দশকের শেষের দিক। তখন জন বিস্ফোরণ হয় নি এই বাংলায়। মুক্তিযুদ্ধ শেষ হয়েছে। নতুন দেশ হিসেবে বাংলাদেশ  সবে জন্মেছে। তখন সাতচল্লিশ এ ছেড়ে আসা এ বাংলার মানুষগুলো অবিভক্ত বাংলার স্বপ্নে মশগুল। না তা হয় নি। নতুন এই দেশ ভারতের অন্তর্ভুক্তি চায় নি। অবিভক্ত বাংলার স্বপ্ন সপ্নই থেকে গেছে। দলে দলে মানুষ নতুন করে ও দেশ ছেড়ে এদেশের দিকে পা বাড়িয়েছে বঙ্গবন্ধু শহীদ হওয়ার পর। নতুন এক জন বিস্ফোরণ ঘটেছে এই পশ্চিমবঙ্গে। দিন দিন শুধু বেড়ে উঠেছে অভাব, অনটন। কর্মহীন মানুষ অন্ন-বস্ত্র-বাসস্থান পেতে সুদুর সুন্দরবন থেকে মরিচঝাঁপি পৌঁছেছে শুধু এক সুরক্ষিত জীবনের বাসনায়। অনেক মানুষ আবার সাময়িক ভাবে পরিবার নিয়ে ঘর বেঁধেছে রেল লাইনের গা ঘেষে সরকারি জমির উপর। এরপর তারা ঘুরে ফিরেছে কিছু একটা কাজ পেতে। যা পেয়েছে সেটাই তার কাছে তখন অমূল্য। দু-চারটে লাউ, কুমড়ো, পুঁইশাক লাগিয়েছে বস্তির আস পাস দিয়ে শুধুমাত্র শাক-ভাত দিয়ে পেট ভরানোর আশায়। 

এই দেশ তখন সদ্য জন্মেছে। এক পুরুষ সবে যৌবন পেয়েছে। কর্ম সংস্থান তখন দূর অস্ত। ওই ওপার থেকে আসা মানুষ গুলোর সাথে একটাই শুধু পার্থক্য। এদের পৈতৃক ভিটে মাটি আছে। সামান্য চাষ আবাদ আছে। একটা ছোট্ট পুকুর আছে। পুকুরে মাছ আছে। এক কথায় পেটের জোগান আছে। ওপার বাংলার মানুষের চোখ পরলো ওই সমস্ত পরে থাকা চাষ যোগ্য জমি গুলোর উপর। তাদের ইচ্ছায় আবেগে ওই সব জমিতে শুরু হলো চাষ। নতুন ভাবে মাঠ ভরে উঠল ফসলে। এই চাষ আবাদের মূলে যে মানুষ গুলো সেদিন হাত বাড়িয়ে ছিলো শুধুমাত্র কর্মসংস্থান এবং তার সাথে পরিবারের এক মুঠো অন্যের যোগান এর জন্য, সেটা এক নতুন দিক খুলে দিল। 

আবার ফিরে এলো আনন্দের বাংলায় সেই পুরোনো নবান্ন উৎসব। সে উৎসবে আমি ছিলেম না। 

:২:

এই উৎসবে সামিল হলাম সাতাত্তরে। আমি তখন দশ পেড়িয়ে এগারো। পাঁচ ক্লাস এ ভর্তি হয়েছি বৃত্তি পরীক্ষার পর।  মন্বন্তরের পরে যেভাবে জীবন চলে ফেরে ঠিক সেভাবেই শুরু । তখন আর্থ-সামাজিক অবস্থা এরকম ছিল না। অভাব ঘরে ঘরে। 

আমাদের পরিবার ওপার বাংলা ছেড়ে এপারে এসেছিলো পঁয়তাল্লিশ এ। তখন বাংলা একটাই।পেশা সূত্রে বাপ-ঠাকুর্দা বরাবরই কোলকাতায় কাটিয়েছেন। থাকার মধ্যে অবিভক্ত বাংলার ফরিদপুর জেলায় চার পুরুষের বাস ও সম্পত্তি বলতে শুধু একটা সাবেকি বাড়ি। দেশ বিভাগের শব্দ ঠাকুর্দা শুনেছিলেন অনেকের থেকে কিছু আগে। তাই সাত তারাতারি ও বাংলা ছাড়া। তবে নতুন করে এই নতুন এক শহুরে জীবনের সাথে পরিবারকে  মানিয়ে উঠতে সময় শেষ হয়েছিলো আলোর গতিতে।

বাংলা ইংরেজ রাজের সময় থেকেই সমাজ সচেতন। মনীষীদের মনীষার ফল স্বরূপ কোনো দিন নিরুত্তাপ হয় নি বাঙালি। এ কথা ওপারেই বাংলার ক্ষেত্রেও একই ভাবে প্রযোজ্য। বিভক্ত বাংলার এক পারে ভাষা আন্দোলন অন্য পারে তেভাগা আন্দোলনের রেশ গোটা জাতিকে এগিয়ে নিয়ে চলেছে বিশ্বের সামনে। আজকের বেতো বাঙালি তখন গোটা বিশ্বের কাছে বিশ্ময়। 

কিন্ত অভাব তার পিছু ছাড়েনি। আন্দোলনের ঢেউ এ এসেছে নতুন আদর্শ। সমৃদ্ধ হয়েছে কৃষ্টি তবে আর্থিক বঞ্চনা হয়ে উঠেছে দুর্নিবার। ওপার বাংলা যেমন লড়াই করে আলাদা জাতিসত্তা বজায় রেখেছে, এপারে কিন্তু  তা হয় নি। 

আসলে এপার ছিলো বাবু বাঙালি তে সমৃদ্ধ। কতিপয় বাবু বাঙালি আর মহামহোপাধ্যায় এর দাম্ভিক পদচারনা সেদিন থেকেই গোটা জাতিকে বেতো বানানোর অনুঘটক  হিসেবে কাজ করেছিল। কোলকাতা কেন্দ্রীক বাংলায় এজন্যেই সেদিন থেকে শুধু নাম বদলের উন্নয়ন হয়েছে। যা কিছু নতুন পরিকল্পনা তৈরী হয়েছিলো তা রূপায়নের অনেক আগেই ঝরে পড়েছিল রূপ হীন দীর্ঘ মেয়াদী এক সময়ের বেড়াজালে।

স্বাধীন ভারত গঠনের পর প্রথম যে নাম বদলের স্বাক্ষি আজকেও কোলকাতার বুকে আকাশের দিকে মুখ তুলে দাঁড়িয়ে আছে সেই মূর্তি স্থাপন নিয়ে দু-চার শব্দ লেখা প্রয়োজন।

কোলকাতার প্রতিটি মর্মর মূর্তি যে গুলো স্বাধীনতা সংগ্রামের প্রতিভূ তাদের মূর্তি যে স্তম্ভের উপর সদর্পে দাঁড়িয়ে তার উপরের বাঁধানো পাথরের খন্ড তুলে দিলেই চোখে পরবে বৃটিশ রাজবংশের কোনো এক সৌষ্ঠভের  ফলক। যেখানে পাওয়া যাবে বৃটিশ বীরত্বের মহিমা। আশ্চর্য লাগে এ কথা ভেবে এই সামান্যতম রিনোভেটিব কাজটা অসম্পূর্ণ। এ আমাদের লজ্জা।

ব্যাতিক্রম মাত্র দুটি মূর্তির ক্ষেত্রে। একটি মূর্তি হাইকোর্ট গেট এর সামনে দাঁড়ানো শহীদ ক্ষুদিরাম অন্যটি দিকপাল ফুটবলার গোষ্ঠ পাল। এদুটি প্রতিষ্ঠার কারিগর তৎকালীন শ্রমমন্ত্রী সুবোধ বন্দ্যোপাধ্যায়। 

এছাড়া ও মনুমেন্টের মুন্ডুটা লাল রঙে রাঙিয়ে কোনো এক অস্থায়ী শহীদ মিনার মাথা তুলে ছিলো যা আজও ইউনিয়ন জ্যাক লাগানো যুদ্ধ জয়ের প্রতিকৃতি।

এসব এ বাংলায় ঠিক যেন অসম্মানের কষাঘাত। আর এরকম একটু একটু করেই এ বাংলা বিপরীত অভিযোজন এর ফলে ক্রমাগত ম্যামাল থেকে অঙ্গুরীমাল পর্যায়ে পৌঁছেছে। স্বাধীনতার পর এরাই হলেন উত্তর পুরুষ।

তবে সবে ধন নীলমণি আকাশবাণী নামভূমিকায় আজও অকৃত্রিম ভাবে শোভা পাচ্ছে গঙ্গার পাড়ে। যেখানে প্রথম বেতার বার্তা পৌঁছেছিল " আমি সুভাষ বলছি।"

:৩:

অবিভক্ত বাংলা তথা বাঙালির আর্কিটেকচার, আজকের সাথে কোনোভাবেই মেলানো যায় না। শহরের ইমারত পৌঁছেছে গ্রামে। বাংলার গ্রামে কোঠা বাড়ি হয়েছে বিস্তর তবে ঘর থেকে বারান্দা বড়। আসলে কাঁচা বাড়ির সাথে সমতা রেখে এসব গড়ে উঠেছে। ঠিক চিতা সাজানোর আগেই যেনো সমাধি বেদি নির্মিত। এ সব আসলে এই কতিপয় কাল ধরে অর্থের অনর্থ। খেটে খাওয়া মানুষ গুলো এমন কোঠা বাড়ির স্বপ্ন দেখে আর রাজনীতির কারবারীরা প্রমাদ গোনে পাছে খেতে না পাওয়া মানুষ গুলো নতুন কোনো এক আদর্শে ছাদ পেয়ে যায়?

পেটে কাপড় বেঁধেও কোঠা বাড়িতে থাকার ইচ্ছা তাদেরকে বুড়ো আঙুল বাড়িয়ে দিতে বাধ্য করে। এ একালের নতুন ব্যাসন। এই ব্যাসন ওই সব কারবারীদের আসন বাড়ায়। এ ছাড়া চাল, ছোলা, গম, ছাতু আর নিদেনপক্ষে কষ্ট করে প্রসব করা মুরগীর অনিষিক্ত ভ্রূণ। 

আজ ঘোষিত গোবলয় সম্প্রদায় উচ্ছসিত এই ইলোপিত গনতন্ত্রে। সাংখ্যে তারা বীর্যবান। আগামী দিনে এই ইলোপিত গণতন্ত্রে তারা কয়েক যোজন আগুয়ান আর বাংলা? না তারা তেজ বীর্য সব হারিয়ে আজ ঠুঁটো। তাদের সব কিছুই ঠুঁটো। হাত, পা, মস্তিস্ক তো বটেই এমন কি সন্তান ধারণেও সে ঠুঁটো। 

আজ এই বাংলার রূপ এমন হয়ে পড়েছে যে সেই ঠাকুর যদি পুনর্বার ফিরে আসেন তিনি নদী, নালা দেখেই ফিরে যাবেন। সাগরের সাথে তার আর দেখা হবে না।

:৪:

আসলে আগ্নেয়গিরির উৎস মুখ বন্ধ করে দিলে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। এক ভাবেই নদীর উৎস হিমবাহের মুখ বন্ধ করলে সেও ফেটে বেড়িয়ে আসে প্রাকৃতিক শক্তিতে ভর করে; আর সমুদ্র? যে তিন ভাগ এর মালিক বাকি এক ভাগ গিলে ফেলতে তার সময় লাগে না। সে সুনামি নিয় ঝাঁপিয়ে পরে বাকি এক ভাগের উপর।

সভ্যতাও ঠিক একই ভাবে স্রোতস্বিনী। তাকে যত বেশী বাধার সম্মুখীন হতে হয় সে ততই শক্তি সঞ্চয় করে। এটাকের ইংরিজিতে পোটেনশিয়ালিটি বলে। এই যে নানান শাসক শক্তি সে সামন্ত প্রভু হোক অথবা পুঁজিবাদ হোক এদের প্রাত্যহিক নির্যাতন মানুষের মধ্যে এক ভয়ঙ্কর পোটেনশিয়াল এনার্জির জন্ম দেয়। এই এনার্জিই আগামী দিনের নতুন সমাজ গঠনের ভীত। এই নানাবিধ অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়েই মানুষ একদিন দুর্বার গতিতে পুরোনো সমাজ ব্যবস্থাকে আঘাত করবে এবং সেই সুনামিতেই শেষ হবে এই বর্তমানের বহমান বর্বর সমাজ ব্যবস্থা ।

তবে আমাদের আরো কিছুদিন অপেক্ষায় থাকতে হবে। মনে রাখতে হবে জগতে যা কিছু সৃষ্টি তার কারিগর কিন্তু আমরাই।



শুক্রবার, ২১ জুলাই, ২০২৩

মনিপুর........

 আমার দেশের পূর্ব-উত্তর রাজ্য মনিপুর সে বড় সুন্দরী। সে সাত সুন্দরীর একজন। সেখানেই আজ যথেচ্ছ হিংসা চলছে। হিংসা চলছে দুটি জাতির মধ্যে। এত কাল এই হিংসা ছিলো না। দুই জাতি মেইতি অপরটা কুকি ছিলো একই ছাতার নিচে নির্বিবাদে । উভয়েই উপজাতি  বর্গীয়। শুধু ধর্মীয় ভাবে তারা ভিন্ন । মেইতিরা ছিলো মূলত হিন্দু, কুকিরা খৃষ্টান সম্প্রদায় ভুক্ত। নতুন রাস্ট্র শক্তি তাদের নতুন করে বিভেদের পথে নিয়ে এলো।  এ বিষয়ে এখনো সেই প্রশাসক নির্বিকার । দেশের প্রধানমন্ত্রী ও এ বিষয়ে অতিশয় শব্দহীন মূক। আসলে মৃত্যূর মিছিল দেখতে তিনি অভ্যস্ত। প্রধানমন্ত্রী চাঁদ নিয়ে পরেছেন। সেখানে যান পৌঁছলেই ইদের চাঁদ শেষ। যদিও তিনি ওই চান্দ্রমাস ধরেই গননা করেন সব কিছু। তিনি গরু খান না, গরুর দুধ খান তিন বেলা। ছানা, পনির, ননী সব কিছু ভক্ষনে তিনি অভ্যস্ত।  এই ভাবেই চলছে এই দেশ। 

মনিপুর এর একটা ইতিহাস এখানে বলা প্রয়োজন।

রবিবার, ২ জুলাই, ২০২৩

যদি ভ্রূণ না আসে?

যদি ভ্রূণ না আসে?

:১:

মা এর হাত ধরে ছোট্ট ছেলেটা চলেছে থানায়। ডাক পরেছে। ছেলেটার হাতে একটা চিপসের প্যাকেট। সে খুলতে পারে না। মা খুলে তার হাতে দেয়। মায়ের পাশে তাকে না বসিয়ে চিপসের প্যাকেট দিয়ে বাইরের বেঞ্চে তাকে বসিয়ে রেখেছে পুলিশ। একটু মন কেমন করা বিষয় নয় কি?

মরে যাওয়ার কদিন আগে ডেকেছিল তার বাবাকে। বাড়ি ফিরে সে রাতে চোখে তার ঘুম আসে নি। ভোরের অন্ধকারে মাঠের কাজে গেছিলো সে। না সে ফেরে নি। মানষিক চাপে মাঠেই তার প্রান চলে যায়। কেমন একটা সন্দেহ জাগে না?

বিধবা বৌ সেদিন কাঁদে নি। কেঁদেছিল তার মা-বাবা। উত্তর খুঁজেছেন ছেলেটা কেনো চলে গেলো? উত্তর খুঁজেছেন এই ছোট্ট ছেলেটার যে দীর্ঘ জিবন পরে আছে তাকে চলতে এগিয়ে নিয়ে যাবে কে? এমন ছোটো বয়সে পিতৃ হারা হওয়া কি সৌভাগ্যের?

এ কোন সভ্যতা? শিশুদের দুমুঠো ভাত ডাল খাইয়ে স্কুলে যেতে আগ্রহ তৈরী করা। স্বাভাবিক উৎকর্ষ এই প্রজন্মের মধ্যে কি এখন আর আসে না! অর্থনৈতিক অবস্থা কি অতীতের থেকেও আরো নিচে নেমে এসেছে? তাতো নয়। এই বিরূপ পরিকল্পনার উৎস কোথা থেকে উদ্ভাবন?

এর উত্তর এক বৈপরীত্য দিয়ে গনিতের হিসাবে মিলিয়ে দেওয়া সম্ভব। তথাপি মাঠে মৃত্যু হয়, সদ্য বিধবাকে ছোটো ছেলের হাত ধরে থানায় যেতে হওয়া, দুমুঠো ডাল ভাতের লোভ দেখিয়ে শিক্ষায় আকৃষ্ট করতে হওয়ার ভিত্তি কি?

সমাজের এই সাংস্কৃতিক অবনমন অতি সূক্ষ্ম ভাবে মানুষের অন্তরে পৌঁছে দেওয়া হয়। এটা পাইয়ে দেওয়া।আজকের আধুনিকতার যুগে এই প্রক্রিয়ার বিরুদ্ধে কখনোই কোনো বিশ্লেষণ করা হয় না।

ফলতঃ সমাজ আজ পশ্চাৎ পদ। সামান্য পেট ভরাতে শিক্ষা, সংস্কৃতি বিসর্জনের বাজনা বাজানো বেড়ে চলা এক নিত্য দিনের কাজে কর্মে জায়গা করে নিয়েছে। 

এর বিরুদ্ধে এক নতুন মনস্কতা সৃষ্টি হয়েছে। সেটা পাওয়া না পাওয়ার সমাজ। কর্মহীন সমাজ, অনুৎপাদক বৃদ্ধির সমাজ। এই সমাজ কখনো এগিয়ে চলতে পারে না। এ হলো একটা জাতির কফিনে পেরেক পুঁতে দেওয়া সমাজ।

আমরা কি এই সমাজ চাই? 

এই আলোচনার পরিবেশও আর নেই। এটা শাসকের বিরুদ্ধাচারণ। এটা গরিব অভুক্ত-অর্ধভুক্ত মানুষকে খেপিয়ে তোলার প্রক্রিয়া। এ ভাবে না কি সমাজ এগোয় না। সমাজ হয়ে ওঠে রুদ্র রুক্ষ। শাসক হয়ে পরে সামাজিক উন্নয়নের পরিপন্থী এক সমাজ বিরোধী। 

শুরু হয় ধর পাকর। সচেতন করার কাজ যাদের হাতে তাদের নামের পাসে নতুন তকমা যুক্ত হয়। শাসকের যন্ত্রে নাম গোত্র হীন হয়ে পরে এসব এক লহমায়। ভয় চেপে বসে মাথার উপর। না জানি কোন দিন মধ্যরাতে দরজার কড়ায় আওয়াজ উঠবে হারান বাড়িতে আছে? ওপার থেকে গৃহবঁধু উত্তর দেওয়ার ভাষা হারিয়ে চুপ করে থাকে। বাচ্চাটা কেঁদে ওঠে বাইরে ভাড়ি বুটের শব্দ শুনে।

পরদিন থেকে হারান এর আর রাতে বাড়ি ফেরা বন্ধ হবে। লুকিয়ে কাটবে কিছুকাল। ছেলেটা স্কুলের পথে পথ হারাবে। বাড়িতে তালা ঝুলবে। সময়ের নিয়মেই গ্রীষ্ম বর্ষার শেষে থাকবে না তালা দেওয়া ঘরটা। রাতের অন্ধকারের মতন গোটা পরিবারে নেমে আসবে রাত।

আমরা কি এমন শাসন চেয়েছি? তবে কেন এমন হয়? এবার কি অন্যান্য প্রাণীর মতন মানুষও নির্বাক হবে? 

না তা হয় না। হবেও না। মুখে শব্দ শেষ হওয়ার বদলে শুরু হবে নতুন বাক্য রচনা। শিখবে সবাই।

কয়েক যুগ ব্যাপি চলছে এমন এক সময়। কখনও কেশব, কখনও হারাণ, কখনও সিরাজ, মফিজ, কখনো কিস্কু, হেমব্রম, কখনো সাংমা, মারাক এ এক বহমান মানুষের মঞ্চ। 

এরা আসছে সচেতন করতে। হারিয়ে যাচ্ছে অচেতন নিয়মে। সমাজ রোজ এ দৃশ্য দেখছে। অন্তরে কিছু থেকে যাচ্ছে যুগ যুগ ধরে। 

গড়ে উঠছে সচেতন এক সত্তা। সেই সত্তা থেকে শুরু হচ্ছে কলম ধরা। দাড়ি চুল কাটার সময় হারাচ্ছে কিছু মানুষ, লিখে যাওয়ার এক তাগিদে। ছড়িয়ে যায় লেখার পাহাড় মানুষের জঙ্গলে। সেখানে সামাজিক কোনো এক অনুষ্ঠানে কোনো একটা রামায়ন গান বেজে ওঠে।

অসহনীয় এই কান্ড কারখানা দেখে অসন্তোষ দানা বাঁধে। ভাঙা হয় মঞ্চ। জ্বালানো হয় পুস্তক পুঁথি। এ আমাদের চেনা সমাজেরই এক চিত্র।

চিত্রকার এ সব দেখে ছবি আঁকে। ভাঙা মঞ্চের পাশে পরে থাকা চটি, জুতো, তবলা, ঢোল, মাদল। ভাম বেড়াল বাদ্য যন্ত্রের চামড়া গুলো খাচ্ছে মনের সুখে। 

এতেও রক্ষা নেই। শিল্পীরও ডাক পরে। তুলি, কাগজ, রং সব কেড়ে নিয়ে বলে যা এবার এঁকে দেখা। পোড়া কাঠকয়লা নিয়ে পথঘাট, মাটির দেওয়াল ভরে ওঠে শিল্পীর হাতে। না এর পর তাকে আর খুঁজে পাওয়া যায় না। সে হারিয়ে যায়, বেঁচে থাকে তার সৃষ্টি। এই হতচ্ছাড়া সৃষ্টি নিয়েই যত সমস্যা। এ ঠিক পাহাড়ের গা বেয়ে হেটে চলা নদীর মতন। এ নদী বাঁধ মানে না বরং ভেঙে তছনছ করে। এতে ভর করে ভেসে যাওয়া শুরু হয় সমতলে। এর পরে সমুদ্রের ঢেউ এর মতন সে আছড়ে  পরে।

:২:

কেশবে'র ছেলেটা বড় হয়েছে। পড়াশুনা সামান্য হলেও গভীরতায় অনেক। হারাণে'র মেয়েটা সুন্দর গান বাঁধতে শিখেছে। ঢাকনা ছারা হারমোনিয়াম টা ওর দাদুর। দাদু ভিক্ষা করতো লোকাল ট্রেনে। মফিজ এর ছেলেটা বাবার গুন পেয়েছে। ছোটো বেলা থেকেই প্রকৃতির  ছবি এঁকে দিন কাটাতো। বাকি ছবি গুলো ওর মা এর কথার ছবি। এসব যেনো যুগপৎ এক বিষয়। 

বহমান বিষয়টা যারা জানে তারা প্রবাদ বাক্য শোনায়।বলেন বাঁশ গাছের গোড়া থেকে বাঁশ জন্মায়, আর নল বনে নল। কথাটার অর্থ আজ ওরা বুঝতে পারে। তবুও বাপ কাকার মতন ঘর ছাড়া হওয়ার কোনো ইচ্ছে নেই ওদের। রোজগারের তাগিদ আছে। মা এর মুখ আছে। ফেলে আসা ভিটে আছে। আধ পেট খেয়ে বড় হওয়া স্মৃতিতে আছে।

আর আছে এই সব কিছুকে বুঝে নেওয়ার অদম্য সাহস। সে ইচ্ছার বহিঃপ্রকাশ নেই। অন্তর ধরে রাখে ওগুলো। 

কিস্কু আর হেমব্রম অরণ্যে থাকতো। মহুয়ার গাছ ওদের আরাধ্য। ওদের রান্নার শুকনো কাঠ থেকে ফাঁদ পেতে ধরা কোয়েল, খরগোশ সব কিছুই জঙ্গলের। জঙ্গলে খাওয়ার সামগ্রী জুটেছে অপ্রতুল বাকি যা কিছু সেসব আসতো ভিক্ষার পাত্র নিয়ে লাইন দিয়ে। বই, খাতা কলম, পেন্সিল দিতে আসতো সমতলের কিছু মানুষ। পড়া শুরু তখন থেকে। সুব্রত, পিনাকী, সহিস জঙ্গলে আসতো পড়াতে। নিজের ভাষায় নয়। তবুও কোনো এক তাগিদে শুরু এই লেখা পড়া না জানা ভাষায়।

ওরা বলতো, এই তোর কথা বুঝতে সময় চলে যায়। আমার মতন কথা বলতে পারবি? পিনাকী বললো শেখাবি? লজ্জা পেলো। সেদিন থেকে পিনাকী জঙ্গলে থেকে গেলো। খাওয়া, থাকা, পড়া সব একসাথে। তার কাছে ওদের ভাষা শেখাটাই প্রথম। নতুন ভাষা শিখতে ঘুরে গেলো পুরোটা বছর। পিনাকী শিখে ফেললো ওই সাঁওতাল ভাষা। 

কিস্কু বললো দাদা তোর ভাষা খুব মিষ্টি। পিনাকী বললো কেনো? বললো সেই কবেই আমরা বলতে শিখেছি। আমার মা বাবু বাড়িতে কাজ করতো। ও শিখেছে ওখানে। বাবা কাজ করতো চাষ এর। ও শিখেছে মাঠে। আর আমি লিখলাম তোর কাছে।

কিস্কুর বাবা চাক ভেঙে মধু আনতো। শহরের বাবুর বাড়িতে নিয়ে যেত। কাগজের উপর মধু রেখে নিচে দ্বিপ জ্বালতো। মধু ফুটতো জলের মতন। কিস্কু বলতো খাঁটি মধু। 

বাবুরা বলতেন কাগজের উপর জল দে। নিচে দ্বিপ জ্বালা। ও জ্বালাতো। জল ফুটতো। মুখের দিকে তাকিয়ে কিস্কু বলতো জানি না বাবু। এতো আমার চার পুরুষের শিক্ষা। বাবু হাসতেন। মধু কিনতেন সারা বছরের জন্য।

এসব বিষয় কিস্কু জানে। এই সব শহরের শিক্ষিত সমাজ তার পছন্দের নয়। ও পিনাকী কে বললো, এই শহুরে মানুষ আজও আমাদের জঙ্গলের মানুষ ভাবে।

পিনাকী উত্তর দেওয়ার ভাষা খুঁজে পেলো না। এই শহরেই তার জন্ম কর্ম। শেষে বললো এক ঠোঙা দুধ নিয়ে যাবি। দ্বীপ জ্বালাবি ঠোঙার নিচে। দুধ ফুটবে। বলবি এটা দুধ।

কিস্কু খুশি হলো। পিনাকী শুরু করলো নতুন পাঠ। বললো তুই যেমন আমিও তেমন তফাৎ শুধু সারল্যে। তুই তোর পরিবার পরিজন, তোর সমাজ সব কিছু আমাকে বলে ফেললি। অথচ আমি?

পিনাকির মনে পরলো তার বাবার কথা। মা বলতেন তোর বাবা ছিলো এক সহজ সরল মানুষ। তার সত্তায় ঘা দিয়েছিলো তারা। তাতে ভয় পায় নি কিছুই। মাঠের রোদ তার জীবনের সঙ্গী ছোটো থেকে। শরীর তার কাক পাখির মতন। মৃত কাকের শরীর দেখতে পেলে কাকের দল আকাশ ঘিরে ফেলে। এই দেখে সবাই ভয় পায় অথচ কাকগুলো সূর্যকে আড়াল করে মৃত কাকটার শরীর শীতল করতে চায়। এ এক ধরণের প্রতিবাদ। যদিও স্বাভাবিক নিয়মে যে কাক মরে, তার দেহ খুঁজে পাওয়া যায় না। কাকেরাও বোঝে অস্বাভাবিক মৃত্যু কিন্তু মানুষ বোঝে না।

মাঠ থেকে কেশবের দেহটা বাড়িতে তুলে আনার লোক ছিলো না সেদিন। বুড়ো বাপ-মা আর ছোট ভাই পৌঁছেছিল মাঠে। আর কেউ যায় নি!

নিঃশ্বাস ত্যাগ করার পড়েও সেদিন তার নিঃশ্বাসে বিষ।

:৩:

উত্তর পূর্বের তুরা পাহাড়ে সুব্রত আর সহিস এর সাথে প্রথম পরিচয় পিনাকির। ওরা দুজন পাহাড় চড়তো, আকাশ দেখতো হাতের মুঠোয়। পাখি উরে যেত ওদের গা ঘেষে। কখনো কখনো ঠোকর দিতো। শীতের পোষাক ভেদ করে চঞ্চু দেহকে ছুঁতে পারতো না। 

ওদের গাড়ি ছিলো, ঘোড়া ছিলো, টাকাও ছিলো। যা ছিলো না সেটা ওরা প্রথম বার পেলো পিনাকির কাছে। এটা অনেকটা অদৃষ্টের মতন। 

সুব্রত পাহাড় চড়া ছাড়াও গল্প লেখে ছেলেবেলা থেকে। পুরস্কার ও পেয়েছে অনেক। প্রথম শ্রেনীর পত্রিকাতেও ছাপার অক্ষরে প্রকাশ পেয়েছে ওর লেখা। আর সহিস? সত্যিই সে সহিস।

কলেজ জীবনে সে ঝড় তুলতো কথার জালে। ছাত্র-ছাত্রী সকলে শুনতো তার কথা। অশ্বমেধের ঘোড়া ছুটতো দিগন্তের দিকে। সেই ঘোড়া কখনো থামেনি। সহিস কখনো থামতে বলে নি।

এক সহস্রাব্দ প্রাচীন জীবন, আধুনিকতার সাথে যারপরনাই একাঙ্গী হয়ে পরেছে। পিছনের রহস্যটা কি? 

সেখানেও সেই সমাজ। সেই চরৈবেতি চরৈবেতি। এজন্যেই সুব্রতর গল্প আর সহিসের ঘোড়া ছুটে চলে সমান তালে। 

কখনো সুব্রত লেখে  কাহারবা নয় দাদরা বাজাও আর সহিস বলে উল্টো পাল্টা মারছো চাটি। আর আকাশের শশী সূর্য খুঁজে শেষে বলেই ফেলে ভাগ্যি তুমি ছিলে!

:৪:

এ যেনো এক ত্রহ্যস্পর্শ। কোথায় পাহাড় কোথায় নদী কোথায় সমতল। সব তল এক তলে। আসলে ত্রিমাত্রিক বিষয় গুলো এ রকমই হয়। চোখে দেখা যায়, ছোঁয়া যায়,পরখ করা যায়। এর পরে বহুমাত্রিক বিষয় এসেছে। সেখানে মানুষ নেই। কোনো এক অন্তরীক্ষ তৈরী হয়েছে নতুন কলেবরে।

আগামীর হাতছানি, নতুন জগৎ, যাযাবর থেকে ঘুঘু পাখি সব আছে এই তিন্নির বাস্তবে। 

গৃহস্থালির কাজে সময় বয়ে যায়। যাওয়া হয় না। ইচ্ছাগুলো দীর্ঘশ্বাস ফেলে। বয়েস বেড়ে চলে পলে পলে।মন বেদনায় সংসার ছাড়তে ইচ্ছে হয়। হয় না কিছুই। কখনো ছোট্টো বাচ্চাটা, কখনো গৃহবঁধূ লাগাম টেনে ধরে। নাক থাকলেও নাকের ব্যাথায় শরীর মন কাতর হয়। বয়ে আনে কোনো এক না পাল্টানোর খেদ।

সেদিন সহিস ভুট্টা এনেছিলো পাহাড়ের গা থেকে। হলুদ রঙের পাকা আনারস তার সাথে। কচি ভুট্টা আর পাকা আনারসের স্বাদে সেদিন পেট না ভরলেও মন ভরে ছিলো। এরপর আর এমন স্বাদ ওরা পায়নি।

শুধু কয়েক রাজা উজিরের স্বপ্ন, শব্দকল্পদ্রুম হয়ে বিলাপ করলো রাত দিন।

এই প্রথম সাধ হলো মরতে। সাহস বেড়ে উঠলো। কাঁশি,ঘন্টা,ঢাক,ঢোল সব বেজে উঠলো একেবারে নিজের নিয়মে।

আসলে নিয়ম যে বানানো যায় না, প্রথমবার বুঝলো সমাজ। কিন্তু এ কোন সমাজ?

:৪:

সমাজের এই ভাবনা তাদেরকে ব্যাস্ত করে তোলে। লোকাল ট্রেনের হকার থেকে সরকারী চাকুরে সবাইকে ওদের বলতে ইচ্ছে করে এ কোন সমাজ? প্রশ্ন করে ফেলে এক পেট ভাত খেয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকা পথের পাসে পরে থাকা মানুষ গুলোকে। যে স্কুল থেকে তাদের এই সামান্য শিক্ষা, সেই স্কুলের শিক্ষককে অবলিলায় বলে ফেলে এ কোন সমাজ?

যারা এই রাষ্ট্র যন্ত্রের প্রতিভূ তাদের চোখ পরে ওদের উপর। তারা ডাক পাঠায়। পৌঁছনোর পর নানান প্রশ্নের তাদের কাছে সমাজ বিবর্জিত প্রশ্ন মনে হয়। তবে সমাজ পর্যবেক্ষণে তারা যা যা দেখেছে, নির্ভয় নির্ভর ভাবে বলতে কুন্ঠা হয় নি। রক্ত চক্ষুর আড়ালে যে রক্তহীন শরীর তারা দেখেছে, তাতে তাদের ভয় হয় নি বরং মনে হয়েছে এই প্রশ্নগুলো তাদের মনের আড়ালেও উঁকি দেয়। এরপরেই ওরা লিখে ফেললো এক নৈব্যাক্তিক অভীক্ষা। লেখাটা পৌঁছলো তিন তলে। অতলে তলিয়ে যাওয়া আদর্শবাদ প্রশ্ন করলো মানুষকে। মানুষ যে সমাজ দিয়ে প্রতিদিন চলে এই অভীক্ষা তাদের কাছেও পৌঁছলো।

আসলে সংস্কৃতির পরিসর অনেক বড়ো। সুভাষ চন্দ্র বসুর সেই অভীক্ষা শুরু হয়েছিলো তরুণের স্বপ্নে। দেশবন্ধুর যে নৈব্যাক্তিক অভীক্ষা তাতেই তিনি উদ্বুদ্ধ ছিলেন। এর পর বিদেশ বিভুঁইয়ে অনেক কিছু শেখা। তার পর? না তারপরে তিনি মৃত্যুহীন প্রাণ। তবুও দোষ তার পিছন ছাড়েনি। কখনো কুকুর, কখনো কোনো এক বৈদূর্য্য রহস্যের মাঝে একা কুম্ভ এই প্রকান্ড ভারতে। যে ভারত তার স্বপ্ন সে ভারত আজ নেই। শুধু নামভূমিকায় তার পদচারণা।

অঙ্গুলির হেলন তাদের হেলাতে পারলো না। পড়াপাঠ, সমাজ সমীক্ষণ চললো। মানুষের দরবারে পাত পেড়ে শুরু হলো খাওয়া। বাড়লো গ্রহনযোগ্যতা। মহাত্মার মতন চললো হেঁটে চলা। শহর নয়, গ্রাম থেকে পাহাড়, পাহাড় থেকে সমুদ্র, সমুদ্র থেকে সমতল।

শৌখিন সমাজ রক্ষক বুঝে ফেললো এরা এখনো অরক্ষণীয়। ভেবেছিলো কিনে নিতে সামান্য খরচ হবে। 

না খরচ করতে হলো না। নতুন ভাবে জেনে বুঝে সামাজিক অবস্থান প্রকাশ পেলো নৈব্যাক্তিক নতুন এক অভীক্ষায়।

ডাক পড়লো পিনাকীর।

:৫:

লোহা গরম করলে নরম হয় ঠিকই তবে আবার যখন ঠান্ডা হয় তখন তার অশক্ত শরীর হয়ে ওঠে অনমনীয়। তখন তাকে আর বাঁকানো যায় না। যদিও বা জোর করে তাকে বাঁকাতে চায়, সে দু টুকরো হয়ে যায় ঠিক কাঁচের মতন। 

পিনাকী যখন থানা থেকে ফিরলো, ঠিক যেন গরম লোহা সবে ঠান্ডা হয়েছে। কে বাঁকাবে তাকে? স্বচ্ছ কাঁচ বাঁকে না, ইস্পাতের মতন কঠিন তার শরীর ঠিক ততটাই অনমনীয়। কারাগারের লোহার কপাট তাকে ভয় পেলো।

এরপর ডাক পরলো বাকি যে কজন আছে তাদের।

 সুব্রত গেলো না গেলো সহিস। এ গাধা-ঘোড়ার সহিস নয়, মানুষের সহিস। এ সমাজের ধাত্রী। যখন পৌঁছলো অনেক মানুষের ভীড় জমেছে সেখানে। পছন্দ হলো না সহিস এর। এই পরিবেশ সে চায় না। সে পাহাড়ে চড়ে নিজের পা এ ভর করে। সে নৌকো নিয়ে সমুদ্রের ঢেউ এ দোল খায়। প্রকৃতি তার বন্ধু। আকাশ তার সাক্ষী। বাতাস তাকে বয়ে নিয়ে চলে।

সেদিন যারা এসেছিলো তাদের স্থির চিত্তে সে বললো, আমি কি এতটাই দূর্বল? ওরা লজ্জা পেলো। 

শব্দের জাল বেড়েই চলেছে। মূলি বাঁশের বেড়ার পর ছোট্ট টগরের বেড়া। তারপর ইটের ইমারতে বিরাট উঁচু প্রাচীর। অনেক বড় জমির মাঝখানে সামান্য একটা বাড়ি। নোংরা দেওয়াল। গরাদ লাগানো একটা কুঠুরি। তার চার পাশ ঘিরে কয়েকটা ঘর। টিমটিমে আলোয় মনে হয় শীতল বায়ু বইছে।

এসব সহিস জানে। এর থেকেও শীতলতা সে দেখেছে-থেকেছে। এই ঘর গুলো যারা আগলিয়ে বসে আছে তারা এসব দেখেছে এখানে আসার পর।

সহিস কে যারা প্রশ্নবানে জর্জরিত করতে এলো তারা বুঝলো পূর্ণিমার চাঁদকে রাহু গিলে ফেলে আর সূর্যের জন্যে পৃথিবীই অনেক। 

এই প্রথম তারা বুঝলো, ছোটো ছোটো ভুলের পাহাড় তাদেরকে ঘিরে ফেলেছে।

সেদিন সহিস কে তারা বললো আপনি আসুন। ওরা আগে জানতো আগে ধন পরে প্রাণ। এই প্রথম বুঝলো এ কথা মিথ্যে। বুঝলো আগে প্রাণ পরে ধন।

হারানের মেয়েটা দাদুর রিড খোলা হারমোনিয়াম নিয়ে সেদিন বসলো নতুন গান বাঁধতে। কথাগুলো পুরাতন হলেও আধুনিক সুর তাকে সাধারন মানুষের কাছে পৌঁছে দিলো। ইমন সেদিন হয়ে উঠলো এ মন। গানটা গার্হস্থ্য জীবনের খুব কাছের। সুন্দর অনেক গুলো কথার বন্ধন। কন্ঠে শোনালো দাদুর হারমোনিয়াম টা বাজিয়ে। " যব দীপ জ্বলে আনা, যব শাম ঢলে আনা।"

বড়ো আশ্চর্য লাগে এই গান শুনে। এই গান অনেক কাল আগে শোনা। তাহলে কিভাবে এমন হলো? হারমোনিয়াম টা কোনো এক ভিখারীর। হারানের মেয়ে চোখ মুছলো তবে জল ঝরা বন্ধ‌ হলো না।

:৬:

এই প্রথম মেঘে ঢাকা তারা মেঘ সরিয়ে সামনে এলো। আলোর বিচ্ছুরণ এসে পরলো মাটিতে। আকাশ গর্জন করেছিলো বিকালে। বৃষ্টি এসেছিলো সন্ধ্যায়। সুতীক্ষ্ণ চোখ ফুটে উঠেছিলো তারার উপর ভর করে। যে বিচ্ছুরণ ফুটে উঠেছে, সেটা ওই চোখের জলের। তার লাল চোখ রক্ত চক্ষু নয়। জল ঝড়া চোখ লাল হয় তবে রক্তিম হয়েছে। এই চোখ ক্ষোভের বহিঃপ্রকাশ নয় বরং দুঃখের অতলে তলিয়ে যাওয়ার প্রতিসরণ।

না সে দল বানায়নি। দলবেঁধে সকলে এসেছে তার কাছে। মা, বোন, বধূর মাঝখানে এসে উপরে আঙুল তুলে বলেছে, এ কোন সমাজ? 

মহিলাদের একাত্বে নতুন কথা শুরু হলো সমাজে। ব্যাপ্তিতে ছড়িয়ে পরলো মা-বোন-বধূর মুখে মুখে। সে কথা বড়ো সহজ কথা নয়। তারা বললো আমরা স্বামী, পুত্র, কন্যা, পিতা,মাতা, ভাই, ভার্যা হারিয়ে আজ পথে। যেদিন এই বসুন্ধরা নতুন ভাবে এই দুঃখ কষ্টের পাশে এসে দাঁড়াবে সেদিন  থেকেই আমার নতুন শিশুর জন্ম দেব, নচেৎ নয়। ওরা সেদিন থেকে হারাণের মেয়ের নতুন নাম দিলো মন্দিরা।

এতেও শান্ত হলো না এই সমাজ। বেড়ে উঠলো ধর্ষক। শুরু হলো প্রতিবাদ। ফিরে এলো পুরনো সেই জহর ব্রত। এটা কি হলো ওরা বলতে চাইলো না। অতীতের সামন্ত প্রভু থেকে শেষ ভারত বিভাগ পর্যন্ত যা ঘটেছিলো এই প্রতিবাদ একেবারে তার তির্যক স্বরূপ।

না তিনি ঘোড়ার পিঠে চেপে তলোয়ার হাতে যুদ্ধক্ষেত্রে যাননি। তিনি ঝাঁসির রাণী নন। তার লড়াই কেবল নিজের স্বার্থ চরিতার্থের নয়। এটা আদর্শের লড়াই। এটা সমাজ রক্ষার লড়াই। ভাগ বাটোয়ারার পর পরে থাকা ভারত রক্ষার লড়াই।

পাশবিকতার রং প্রকাশিত হলো অসামাজিক এক নগ্ন  সভ্যতায়। সেখানে একজনকে যদি খ্যাপা মোষ বলি অন্যজন কামতাড়িত কুকুর।

:৭:

মন্দিরা নামটা খুব পছন্দ হলো তার। মনে পড়লো স্বাধীনতার ইতিহাস। মনে পড়লো গান্ধী বুড়ির কথা। মনে পড়লো তমলুক। ওই প্রত্যন্ত গ্রামে ইংরেজ রাজ তাকে বন্দুকের গুলিতে ঝাঁঝরা করেছিলো। মনে পড়লো তার আসল নাম। সে নামের সাথে এই দেওয়া নামটা খুব সাযুজ্যের। তার মনে হলো এবার না হয় সে'ই হবে আধুনিক মাতঙ্গিনী। 

না সে আহ্লাদে আটখানা হয়নি। তার মনে পড়ল কাব্যের পিতামহ রবিঠাকুরের কবিতা 'আরোগ্য'। মনে পড়লো কয়েকটা পংক্তি।

" রাজছত্র ভেঙে পড়ে, রণডঙ্কা শব্দ নাহি তোলে,        জয়স্তম্ভ মূঢ়সম অর্থ তার ভোলে।"

এই আধুনিক সমাজ'ও শিশু পাঠ্য কাহিনীতে মুখ ঢেকে রাখলো। বেজে উঠলো সময়ের ঘড়ি। সূচিত হলো বিদ্রোহ বিক্ষোভ। সামনের সারিতে মন্দিরা।

অনেককাল পরে এই প্রথম কামতাড়িত কুকুরের লেজ সোজা করার প্রক্রিয়া শুরু হলো। রাত ভোরে কোনো এক অলক্ষুণে কুকুরের কান্না ছড়িয়ে পড়লো পাহাড় থেকে সমুদ্র-সমতলে। কিন্তু এরা কোন জাতের কুকুর? 

একালে যেমন সংস্কৃতির শ্রেণী বিভাগ হয়েছে, হয়েছে কুকুরের'ও। এখন কুকুর গুলো প্রভুকে'ও চোখ দেখায়। চোখ নয় রক্ত চক্ষু। এটা অনেকটা অতীতের সেই 'আলীবাবা চালিশ চোর' সিনেমার মতন।

এই সমস্ত কুকুরের দল প্রতিবাদ করে বললো শালা সমাজ শেখাচ্ছিস? 

মন্দিরা এই প্রথম মুখ খুললো।  বললো ওরে মূর্খ  রবিঠাকুরের কবিতাটা পাঠ কর। ইচ্ছে হয়েছিল এই ছাগল পড়ে দেখ বলতে কিন্তু বাধ সাধলো সংস্কৃতি।

শুরু হলো স্বাভাবিক শব্দের ব্যবহার। মিটিং মিছিলে নয়, কলমে। শতাংশ বিচারে তারা অর্ধেক আর ক্ষমতায়? এই শূন্যতা এখানে কেনো? এর থেকে বেশী কিছু বলাও সমস্যার। ওখানে নারী পুরুষের প্রসঙ্গ এসে পরে। কলম তাই থামলো। আবার চললো নতুন গতি নিয়ে। সেখানে অধুনা গণতন্ত্রের স্ক্যালিটন বেড়িয়ে পড়লো। 

গনতন্ত্রের নাম নিয়ে অসম সমাজ হেলে দুলে এগিয়ে চলছে তাকে থামাতে শুরু হলো লেখা। 

এক্ষেত্রে বলতেই হয় ইতিহাসের রিপিটেশন। সেই পুরোনো প্রোভার্ব। একটা জাতি শুধু পুরুষের নয়।সেখানে অর্ধেক মহিলা। তাদের বাদ দিয়ে সমাজ,জাতি এগোতে পারে না। স্বাধীনতার ইতিহাস দেখলে সব দেশের ক্ষেত্রেই এ কথা সত্য প্রমাণ করা যায়। এই ভূ-ভারত আজও উদ্ভ্রান্ত আদিম যুগের সাথে তালে তাল মিলিয়ে চলে। এটা অশিক্ষার ফল।

সেই স্বাধীনতা আন্দোলনের প্রারম্ভে রাজা রামমোহন রায় ফিরে এলেন মন্দিরা'র কলমে।

:৮:

ভারতের মানচিত্র দেখতে বসলো মন্দিরা। সবখানেই বাংলা আর বাঙালী। একদিকে রামমোহন রায় আর বিদ্যাসাগর অন্যদিকে বিবেকানন্দ আর অরবিন্দ। একদিক বাস্তব এর সাথে অন্যদিক অজানা আলোকে।এই প্রথম মনে হল পড়া পাঠ আরো বেশি বেশি দরকার। 

প্রথম নজরে এলো মাতাল গিরীশ ঘোষ। উনি মাটির ভাঁড়ে পান করতেন আর ভাঁড়টা ছুঁড়ে ফেলতেন শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে। 

অথচ ঠাকুর তাকে স্বাদরে বরণ করে নিলেন। এই ঠাকুরের পছন্দের যারা তারা হয় তামাক নয় সোমরসে রসান্বিত। এই নিয়ে অনেক রসায়ন সে পড়ে ফেললো। 

সেদিন তার ইচ্ছে হলো আকন্ঠ মদ গিলতে, ঠিক গিরীশ ঘোষের মতন। পারলো না।

এরপর সে বসলো এক ছিলিম গাঁজা নিয়ে। কাশি হলো বেজায়। স্বাদ? না তেমন কিছু নয়। তবে গন্ধে তার ভ্রুকুটি ভাঙলো। তার মনে হলো কোনো এক শ্মশানে বসে আছে সে।  অসহ্য মরা পোড়ার গন্ধে তার শ্বাস রুদ্ধ হয়ে এলো। বুঝলো এসব নৈব্যাক্তিক কিছু এক বিষয়। যে বিষয় তার জৈবজ্ঞানে আসে না।

এরপরে সামান্য কিছু পর্যবেক্ষণ শেষ হলো অরবিন্দের অজানা সম্মুখে। বুঝলো এসব মায়া আর কায়া। এ এক বাস্তব বহির্ভূত জগৎ। যেখানে এই বুভুক্ষু মানুষ শুধু বছরে কয়েকদিন ভান্ডারার খিচুরী খেয়ে হেগে মুতে শ্বাস ছাড়ে।

বুঝলো এ পথ ভিখারীর খাদ্য পাওয়ার পথ। যোগ্যতার নিরিখে না বিচার্য বিষয়। 

তার কাঙালী ভোজন দিয়ে পাপ পুণ্য বিচার পছন্দের নয় বরং সুস্থ স্বাভাবিক বহমান মানুষের সমাজ তার ইচ্ছে।

এই লৈখিক বিষয় পরিযায়ী মানুষেরা গ্রহণ করলো। আর যারা অতন্দ্র প্রহরী তারা তাকে হাতে শিকল পরিয়ে ধরে নিয়ে গেলো।

শুরু হলো কারাগারে বসে নতুন ভাবে কলম ধরা। 

সমাজ তখন ভেবে নিয়েছে এই মেয়েটার কোনো গতি হবে না। রাস্তার পাশে পুকু্র পাড়ে যেমন বেশোরকাঠ দাঁড়িয়ে থাকে ঠিক তেমন জীবন ভেবে তাকে কাটাতে হবে আগামী দিন। 

কতিপয় মানুষ বললো সমাজের অভ্যন্তরীন সত্য সে বুঝে ঘরে ফিরবে। সে লিখবে শত সহস্র পাতা। ছাপা হবে বই। সে বই টা ছাড়পত্র পাবে না প্রশাসনের। মন্দিরার মন্দন মন্দ্রিত হবে জনগনের মুখে মুখে। বরমাল্য না জুটলেও জুটবে জনমানুষের জাহ্নবী। 

সময়ের ঘন্টা ব্রহ্মপুত্র কে গঙ্গায় মেলালো। তার প্রথম লেখায় প্রকাশ পেলো এক নতুন আবেগ। সে লিখলো ভাগ্যিস স্বর্গের অপ্সরারা আমার সাথে নেই। ভাগ্যিস এই নরকে এসে ছিলাম। না হলে স্বর্গ আর নরক আমার জীবনে অধরা থেকে যেত। 

সে দিন সাহা বাবুর সুরার দোকানটা খুলেছিল সময়ের কিছু আগে। থানার দারোগা খবর দিয়েছিলো। তিনি বোঝেননি। লম্বা লাইন যেনো আর শেষ হয় না। রিক্সা, ঠেলা, অটো লাইন দিয়েছে সেদিন। মদ কিনতে নয়, মদ বিক্রি বন্ধ করতে। কারণ সেদিন মন্দিরা কে মুক্তি দিয়েছে প্রশাসক। হক বুঝতে সেদিন এই লাইনে প্রথম ক্রেতা মন্দিরা।

এ যেনো এক ট্রাইসনিক ইঞ্জিন।

:৯:

শব্দহীন উড়োজাহাজ বোম ফেলে চলে যাওয়ার পর শব্দ শোনা যায়। কে শুনতে পায় সেই শব্দ? শোনা যায় সারমেয় শুনতে পায়। নিঃশব্দ মধ্যরাতে ওরা গলা ছেড়ে গান গায়। ওদের স্বগোত্রীয় শৃগাল। তারাও নিশ্চিত কোনো শব্দ শুনে গলা ফাটায়। 

কিছু ম্যা ম্যা ডাক ছারা স্তন্যপ্ বললেন এই মন্দিরা সেই গোত্রীয়। সমাজ বললো এই তৃণভোজী সম্প্রদায় ভয় পেয়েছে। মন্দিরা হাসলো। বললো মানুষ মানুষকে এভাবে তখনই এ কথা বলতে পারে যখন সে নিজে নিজেকে সম্মান করতে ভুলে যায়। যখন সভ্যতার সাধারণ সত্য সে ভুলে যায়। যখন খরগোশ এর মতন গর্তে মুখ লুকিয়ে সে ভাবতে পারে তাকে কেউ দেখতে পাচ্ছে না।

সে স্মৃতিমেদুর হয়ে পরে। চোখের সামনে সে দেখতে পায় রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়দের। আশ্চর্য হয় একথা ভেবে, এ কোন সমাজ, যে সমাজ অতীতের স্মৃতি বিমূর্ত?

পিনাকী ধৈর্য হারালো। মন্দিরার হাত টেনে ধরলো। মন্দিরা তখনো পরে আছে সেই বৃটিশ রাজ, সতীদাহ, বিধবা বিবাহ এসব নিয়ে। পিনাকী'র হাতের উপর সে হাত রাখলো। বললো ভাবছিলাম এই ভারত বোধ যথেষ্ট নয়। এবার ভূ-ভারত ভাবাচ্ছে আমাকে।

সেই রাতে কুকুর গুলো কাঁদলো, শৃগাল রোল তুললো না। সহিস বললো সমাজ পরিবর্তন শুধু সময়ের অপেক্ষা। মন্দিরা কথাটা মানলো না। মন্দিরা হেসে উঠলো। সহিস কে বললো পরিবর্তন প্রেম-বিরহ নয়। যৌবন নয়। ক্ষণস্থায়ী নয়। এটা রেডিকাল। এটা নতুন এক বাস্তব। এটা মৃচ্ছকটিক নয়।

সহিস এর চোয়াল যত শক্ত হচ্ছিলো সুব্রতর চোখ ঠিক ততটাই সজল হচ্ছিলো। সুব্রত এ কথা ভুলতে পারেনি শেষ চূড়ো তার অধরাই থাকতো যদি না সহিস থাকতো।

মন্দিরা দেখলো চোয়াল শক্ত হচ্ছে, হাত হচ্ছে মুষ্টিবদ্ধ। সে বুঝলো সমাজের জাহান্নামে যাওয়ার আগে একটা প্রকান্ড দেওয়াল গড়ে উঠেছে। সেখানে যেমন সে, তেমন সহিস, সুব্রত, পিনাকী আরো কতো এমন যৌবন।

যৌবনের চঞ্চলতা দেখে তৈরী হলো ফাঁসির দড়ি, তৈরী হলো গিলোটিন। সেখানেও যৌবনের উচ্ছলতা। কে হবে ফাঁসুরে? কে চালাবে গিলোটিন?

এই প্রথম মন্দিরা মুখ খুললো। বললো আমরা নেই এই দলে। আমরা মানুষের দরবারে সমাজ রক্ষার দায়িত্ব দিয়েছি।

শেষ কথা সে'ই বললো। বললো নতুন প্রজন্ম বলে কিছু থাকবে না। আগামীদিনে নতুন কোনো ভ্রূণ আসবে না আর এই শরীরে। 

এই প্রজন্মই হবে শেষ প্রজন্ম।




শনিবার, ১ জুলাই, ২০২৩

ময়না'র মানুষ

:১:

মেদিনীপুর এর ময়না বর্ষা এলেই রাত জাগে। ময়না ঠিক কোলকাতার মতন। বাঁধ দিয়ে জল আটকে জনবসতি। কোলকাতার সাথে ময়নার পার্থক্য একটাই। এরা অর্থশালী ওরা গরিব। 

ময়নার মানুষ বছরে তিনবার ভিক্ষা করতে আসে এই কোলকাতায়। প্রথমে চরক, তারপর খরা শেষে বন্যা। ওরা কোলকাতায় এসে গান গেয়ে ভিক্ষা করে। গানের সুরটা ভারত আমার ভারতবর্ষ গানের মতন। শব্দটা বলা দরকার।

" বন্যা আসিয়া ভাসিয়া গিয়াছে, ভাসিয়া গিয়াছে আমার দেশ।"

না দেশ নয়। ভেসেছে ময়না। এই ময়না বেশি কথা বলে। অঞ্চল ছেড়ে, জেলা ছেড়ে গান করে দেশের নাম দিয়ে। যে বছর বন্যার প্রকোপ পরেনি, সে বছরও ময়না ভিক্ষা করতে ভোলে না।

এই সামাজিক সংস্কৃতি ময়নায় প্রবহমান। কোলকাতার মানুষ এ কথা জানে। রাজধানীর গৌরববোধ কোনোদিন হারায়নি এই শহর।



শুক্রবার, ৩০ জুন, ২০২৩

বুঝলাম খুঁকি বড়ো হয়েছে

রিক্সাওয়ালার কদর্য ভাষা শুনে আমার মেয়ে বললো কটুবাক্য বলতে নেই। আমি বুঝলেও রিক্সাওয়ালা বুঝলো না। একের পর এক আরো বিশেষ কিছু কদর্য বাক্যে নিজেকে সমৃদ্ধ করতে সে ব্যাস্ত হলো। মেয়ে কিছু বললো না।  আমাকে বললো এই কটুবাক্য ইনি শিখলেন কোথায়? 

কিছুক্ষণ ভাবতে হলো। বললাম এই সব শব্দ ইতরেরা সৃষ্টি করেছে। মেয়ে বললো ইতরেরা কোথা থেকে এলো? আবার ভাবতে বসলাম। প্রশ্নটা তিন-চার বার সে বলেছে ইতিমধ্যে।

বিরক্ত হয়ে বললাম জানি না। মেয়ে নাছোড়। বললো তুমি জানো না? অসম্ভব।

বাধ্য হয়ে বললাম ও আমার পরিবারের কেউ নয়। 

বললো তাহলে বাড়ির সামনে সে কেনো আসে প্রতিদিন?

বললাম জানি না। বললো পাশের বাড়িতে ওরা সবাই রিক্সা চেপে আসে। রোজ ঝগড়া বাঁধে। কটুবাক্যের ব্যবহার হয়। তুমি কিছু বলো না কেনো?

বললাম যার বলার সে বলবে। আমি কে বলার?

মেয়ে বললো তুমি অনেক কথা বলো। আমি শিখি। তোমার একথাটাও শিখলাম।

এই প্রথম বুঝলাম খুঁকি বড়ো হয়েছে।

বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩

পায়ে হেঁটে চলা মানুষের সংখ্যা দিন দিন কমছে; বাড়ছে হাতে চলা মানুষের সংখ্যা। হাতে চলার একটা অতীত আছে। ঠেলে নিয়ে যাচ্ছে মানুষ, ঘুরছে চাকা চলছে সে। এটা দু-চাকার বাহনের ঘূর্ণন গতির সরলরৈখিক পথ। এই দু-চাকা স্ট্যাটিকাল ইকুইলিব্রাম নয়। তবে এই যান এর সংখ্যা বেড়েই চলেছে; তার সাথে যুক্ত হয়েছে ইঞ্জিন। এই ইঞ্জিন একটা যন্ত্র। হ্যান্ডেলে হাত রেখে ওই স্ট্যাটিকাল ইকুইলিব্রাম মেনটেইন করে পেছন বেঁকিয়ে, সোজা করে মানুষ দৌড়চ্ছে। এর পরে এলো ইকুইলিব্রাম যান। এদেশে তার না টেম্পু। ভড ভড ভড ভড শব্দে কার্বন মনোক্সাইড ছেরে তেপায়ি যান। এর পরে এলো চারপেয়ে যান। রিডানডেন্ট। দেখো কান্ড। মানুষ এই প্রথম চারপেয়ে হলো। নাহ তবে মৃতদেহ বহনের ক্ষেত্রে এই দুপেয়ের দল সেই অতীতেই আটপেয়ে হয়েছিলো। স্বর্গের পথে চারপেয়েরা দিব্বি যায় কিন্তু মানুষ যায় আট পায়ে। যুগ বদলেছে, এখন মানুষ মরার পরেও ঐ চারপেয়ের উপরেই নির্ভর করে এসি চালিয়ে দিব্বি চলে শ্মশানের পথে। কি আশ্চর্য বিষয়।  

জ্ঞানের উদয় হলো। 

অর্থাৎ শুধু রিডানডেন্ট হলেই চলবে না। এর সাথে লাগবে দৈহিক বিষয়।

এই দৈহিক বিষয় প্রথম বুঝলো ইউরোপীয় নেকড়েরা। এই স্বনামধন্য গোলার্ধের নেকড়ের দল বানিয়ে ফেললো আরো উন্নত যান। এতেও তাদের মান বাঁচলো না। 

আজ আমাদের মতন দু-পেয়েদের চার পেয়ে হওয়ার ইতিহাস বলছি। এর পরে বেড়েই চলেছে পায়া। দৌড়ে চলেছে যান। মৃত হয়েছে গরু-মহিষ যান। এ এক আধুনিক উত্থান। 

তবে হেঁটে চলা মানুষের পথের অধিকার কমছে। বেড়েছে চারপেয়েদের অধিকার। লজ্জা যেহেতু আজ আর ভূষণ নয় তাই বেশ দৌড়চ্ছে সমাজ।

শনিবার, ২৪ জুন, ২০২৩

লিচ্ছবির শেষ স্বপ্ন

লিচ্ছবির শেষ স্বপ্ন

:১:

প্রথম প্রতিবাদ তোমার বিরুদ্ধে। সবাই বলে তুমিই না কি প্রথম আমাকে ভালো বেসেছিলে! কি আপদ, আমি না কি বুঝিনি? এই প্রেম না বুঝতে পারা ভালো। তুমিতো অসংখ্য প্রেমের বন্ধনে নিজেকে বেঁধেছো। মনে করছো সন্ধান করছি প্রকৃত প্রেম।

আচ্ছা বলোতো প্রেম বিষয়টা কি?

আজকাল আবার ওই ইউরোপীয় প্রেম এসেছে এ দেশে। এই অশিক্ষিত দেশে।

এতক্ষণ মন দিয়ে কথাগুলো শুনছিলো সোহিনী। ঈষৎ মুখ বেঁকিয়ে বললো, ভুল বলিসনি তুই। যখন সবাই তোর গুনে মুগ্ধ, সব ব্যাপারেই তুই একটু এগিয়ে, আমার মন কেমন করতো। আমি অনেক চেষ্টা করেও কখনো তোর উপরে উঠতে পারতাম না। তখন মনে হয়েছিল যদি তুই'ই আমার হয়ে যাস, সব কিছু এক তারে বাঁধা হয়ে পরবে। সব কিছুর অর্ধেক ভাগ আমার হবে, তোর আর আমার কোনো তফাত থাকবে না।

অনেক চেষ্টায়ও যখন কিছু হলো না তখন নতুন আর একজনকে নিয়ে পরলাম। তুই যে এ বিষয়ে একেবারে আমল দিস না, তা ভাবি নি। আর এই ভুল আমাকে এক থেকে আর এক, আর এক থেকে আরো এক নতুন নতুন ভাবনায় ভাসিয়ে নিয়ে চললো। 

একদিন ভুল ভাঙলো। তখন তুই আমার ধরা ছোঁয়ার বাইরে চলে গেছো।

রোজ নতুন নতুন সুর বাঁধছিস, গল্প লিখছিস, নাটক দেখছিস। তবুও ওই অতীতের অঙ্কের সূত্র গুলো ভুলিস নি। অবলীলায় অধ্যাপনা করে চলেছিস সেই পুরোনো দিনের গণিত বিদ্যায়। স্কুল থেকে কলেজ, কলেজ থেকে ইউনিভার্সিটি সবটাতেই শুধু তুই আর তুই।

ভাগ্যিস এখনও সংসারে মন দিসনি! না হলে তুই একেবারেই অধরা থেকে যেতি।

কালে কালে সুমিত তখন যৌবন শেষ করতে চলেছে। সোহিনীর সাথে অনেক বছর পরে দেখা। তাও কি না কোলকাতার ফেলে আসা লাইব্রেরী রুমে। সুমিত কিছু তথ্য পেতে সেদিন ন্যাশানাল লাইব্রেরীর রিডিং হলে। পরিবেশ আগের মতই নিঃশ্চুপ। পাতা উল্টে চলেছে একের পর এক। পাসের সিটে কে বসে আছে চোখ পরে নি। 

বই এর পাতা বন্ধ করে পরের দিনের রিকুইজিশন লিখে জমা দিতে গেলো রেজিস্ট্রার এর ঘরে। শুনলো ওটা আর এক জন বুক করে গেছে কিছুক্ষন আগে। নাম সোহিনী ম্যাডাম।

রেজিস্ট্রার কে সুমিত বললো, একসাথেই না হয় দেখে নেবো? তিনি বললেন এমন নিয়ম নেই। সুমিত উৎসাহ হারিয়ে বললো, কবে পেতে পারি? ডেস্কটপ দেখে বললেন সামনের সপ্তাহে পেতে পারেন। পরের ডেট টা    বসিয়ে বেড়িয়ে আপন মনে চললো বাড়ির পথে। তবে মনে একটা খটকা লাগলো। এই ধরনের বই আজকের দিনে এই শহরে কে খুঁজছে? ভেবে নিলো কাল একবার আসবে লাইব্রেরীতে।

পরের দিন পৌঁছতে একটু দেরি হলো। রিডিং টাইম প্রায় শেষ। বইপত্র জমা দিচ্ছেন সবাই। রেজিস্ট্রার এর ঘরে কিছু সময় বসে বইটা জমা পরেছে কি না জানতে গেলো সে। তখনও বই এর পাতায় চোখ বুলোচ্ছে কোনো একজন মহিলা। দেখে খুব পরিচিত মনে হলো। কিন্তু কিছু বললো না। জমা পরার পর সামান্য উল্টে পাল্টে দেখে, চললো সেদিনের মতন। কিছুতেই মনে করতে পারছে না কে এই মহিলা। নামটা চোখে পরেছিলো ডেস্কটপের মনিটরে। নাম সোহিনী।

পরের ডেট পর্যন্ত সুমিতের অপেক্ষা করতে হয় নি। সোহিনীকে রেজিস্ট্রার কথা প্রসঙ্গে বলেছিল আর একজন এই বইটা বুক করে গেছে। তিনি বলছিলেন দরকারে একসাথে বসে দেখে নিতে পারি? আমি বলেছি নিয়ম নেই। সোহিনী প্রশ্ন করলো ভদ্রলোকের নামটা জানতে পারি? রেজিস্ট্রার বললেন হ্যাঁ কেনো নয়? আপনিতো রেগুলার রিডার। একটু দাঁড়ান বলছি। রেকর্ডের খাতাটা খুলে বললেন সুমিত বাগচী।

সোহিনী চুপ করে রইলো। রেজিস্ট্রার বললেন চেনেন না কি? অন্যদিকে তাকিয়ে বললো না। মনের মধ্যে একটা ঝড় বয়ে গেলো। মন বললো এ কি সেই সুমিত? ভাবছিলো না সে তো গণিত এর ছাত্র, সে এই সাহিত্যের ইতিহাস খুঁজবে কেনো? তাও আবার শ্রীকুমার বন্দোপাধ্যায়? না এ ও নয়, অন্য কেউ হবে। কিন্তু নাম-পদবী যেন তার পিছু ছাড়ছে না। কোনো অনাবশ্যক আকর্ষন সোহিনী কে টেনে ধরলো। সোহিনী সেদিন লাইব্রেরীর ঘরে পৌঁছোলো রোজকের সময়ের অনেক আগে। বসে থাকলো রেজিস্ট্রার এর ঘরে। 

সুমিত ক্লাস শেষ করলো যখন, ঘড়ির কাটা দুপুর পার করেছে। রিডিং রুমে পৌঁছে বইটা হাতে পেলো। পাতা উল্টে দেখা দেখি শুরু সেখানেই। নিশ্চুপ রিডিং রুমে যাওয়ার ইচ্ছে হলো না। রেজিস্ট্রার কে বললো স্যার একদিনের জন্যে বইটা নিয়ে যাওয়া যাবে? রেজিস্ট্রার কিছু বলার আগেই সোহিনী বললো এই বইটা তোর দরকার? এটাতে গণিত শাস্ত্রের তো কিছু নেই! এটা বাংলা সাহিত্যের ইতিহাস।

একটা চমক ছিলো এভাবে তুই সম্বোধনে। তাও আবার এক অপরিচিতা। মুখটা নামিয়ে সুমিত বললো থাক। এসে নাহয় পড়ে নেবো। অথচ এই তুই বলে সম্বোধন টা খুব খচখচ করছিলো মনে। প্রায় দশ দশটা বছর চলে গেছে। দূরদূরান্তের ইউনিভার্সিটির মোহ শেষ হয়েছে বাবা গত হওয়ার পর। জুটেছে প্রফেসরের চাকরি। মন মানে না এই রোজনামচা। এজন্যেই বাংলাভাষা, বাংলা সাহিত্যে প্রবেশ। বুঝেছিলো বিষয়টা বৃহৎ। খুঁজে পেতে বেশ চলছিলো। ভেবেছিলো মাসের রোজগার আসছে যেমন আসুক তার সাথে নতুন কিছু পড়তে হবে। সুমিত কোনোদিন থেমে থাকে নি।

আজ খরার শেষে বৃষ্টি এলো। পশ্চিম আকাশের কালো মেঘ উড়ে এলো মাঠের প্রান্তরে। মাটি ভেজা গন্ধ এলো। এই ঘ্রাণ বড়ো পরিচিত। শীতের শেষে যখন বসন্ত আসে তখন যেমন কচি পাতায় ভরে ওঠে পর্ণমোচীরা, এটা ঠিক তেমন।

তুই সম্বোধন এর গোড়াটা সুমিত খুঁজে পেয়েছে। সামনের সারিতে যারা ছিলো সেদিন, তাদের কথা মনে পড়লো। মনে পড়লো সোহিনী সেন নামটা। মনে হচ্ছিলো খুব সুন্দর ছিলো ও।  সুন্দরী আর আধুনিকা বলেই ভাব জমাতে চায়নি। 

সুমিতের মনে পড়লো তার বাবার কথা। মনে পড়লো বড়ো কষ্ট করে তিনি একটা টেলিস্কোপ কিনেছিলেন। ছাদ ছিলো তার স্বর্গ। আকাশ দেখতেন সন্ধ্যা থেকে ভোর আসা অব্দি। যেদিন হ্যালি'স কমেট নিয়ে বিশ্ব বিপর্যস্ত সেদিন তিনি নির্বিকার। স্টার চার্ট বানিয়ে দিব্বি খুঁজে পাচ্ছেন ওই ঝ্যাঁটার মতন ধূমকেতু। সুমিতকে বলেছিলো উড়ন তুবড়ির উড়ে যাওয়া দেখেছিস? এটা ঠিক তেমন।

এই পাগলা বাবা যেদিন চলে গেলেন, সেদিন সুমিত পথ হারালো না ।  বিদেশে যাওয়া হয়নি বলে নয়, বরং বাংলায় থেকে বাংলা ভাষা নিয়েও যে এগোনো যায়, সেই কথা বুঝে।

ভাষা নিয়ে যা কিছু শিখেছে বুঝেছে সেই প্রতিপাদ্যে এসেছে এই বাংলা সাহিত্যের ইতিহাস। বুঝেছে এখানেই লুকিয়ে আছে সব সম্পদ। এরপর এই পাঠাগারে আসা।

কোন সেই অতীতের কোনো কেউ এই বিষয় নিয়ে ভাবছে, এটা এখানেই শেখা।

সোহিনীর মুখের দিকে তাকিয়ে সুমিত বললো কি করছিস এখন?

বললো এখনো কিছু করে উঠতে পারি নি।

বললো তবে ওই পুরোনো দৌড়ে পিছিয়ে গেলি কবে?

কিছু বললো না।

সোহিনী তখন মুখ গুজে আঁধার খুঁজছে। ভাবছে এ সে সুমিত নয়। সে সুমিত এখন বিদেশ বিভুঁইয়ে তার বাপ কেলে পাওয়া টেলিস্কোপ নিয়ে বুধ আর শুক্রের মধ্যে দূরত্ব মাপছে, অঙ্ক কষছে আধুনিক কম্পিউটার নিয়ে।

এই ভাবনার শেষে যখন ইচ্ছে হলো কথা বলতে, সুমিত তার অনেক আগেই বাড়ির পথে পা বাড়িয়েছে।

:২:

সুমিতের এই নিঃশব্দে চলে যাওয়াটা রেজিস্ট্রার রজত বাবুর চোখে একটু বেমানান লাগলো। তিনি বললেন লোকটা খুব অসামাজিক। 

সোহিনীর কথাটা ভালো লাগলো না। বললো আপনি বুঝলেন কিভাবে? রজতবাবু সামান্য ইতস্তত স্বরে বললেন, না এভাবে উত্তর না করে চলে যাওয়ায় আমার মনে হলো।

কিছুক্ষণ চুপ করে থেকে সোহিনীর সেই পুরোনো সুমিতের কথা মনে পরলো। মনে পরলো ওতো চিরকালই এমন। কোথায় কি হচ্ছে, কে ওর দিকে তাকিয়ে দিন গুনছে, কখন সন্ধ্যা হলো, কখন রাত শেষ হয়ে ভোরের সূর্য এলো ওর হুঁশ নেই। 

পুরোনো দিনের স্মৃতি ফিরে এলো চোখে। চোখটা কেমন ঝাপসা হচ্ছে তার।

সামলে নিয়ে বললো, রজত দা আপনি কি বললেন? রজত দা বললেন বাদ দিন ম্যাডাম। সোহিনী বললো ওনাকে বইটা এক দিনের জন্যে দিয়ে দিতে পারতেন। আমি জানি ওর পড়ে ফেলতে দুদিন লাগতো না।

রজতবাবু একটু অবাক হলেন। ভাবলেন এই লাস্যময়ী, ওই এলোমেলো চুল ভরা মাথা, সাথে ভোলে-ভালা মানুষটাকে সত্যিই কি চেনেন? 

তিনি বললেন, আপনিই তো বলছিলেন মাস কয়েকের মতন বইটা আপনার লাগবে। সোহিনী চটপট উত্তর দিলো। বললো একদিন আর এক মাস এক হলো। বললো এটা লাইব্রেরী। মানুষ প্রয়োজন না পরলে এখানে বই খুঁজতে আসে না। এটা আপনার বোঝা উচিত ছিলো।

কথাটা শেষ করে তড়িঘড়ি সে চলে গেলো।

রজত বাবুর বিস্ময় আর কাটে না। এত বছরের অভিজ্ঞতায় এমন ঘটনা ঘটে নি। কোনো ছাত্র, শিক্ষক, পাঠক কখনো এভাবে কিছু বলে নি। 

সোহিনী এসে বললো উনি যদি বইটা নিয়ে যেতে চায় দিয়ে দেবেন। তবে আমার বিশ্বাস উনি চাইবেন না। কাল ঠিক দশটায় এসে রিডিং রুমে বসবেন, আর সন্ধ্যায় পড়া শেষ করে চলে যাবেন।

না তা হয়নি। সুমিত আসেনি।

:৩:

সত্যিই সুমিত আর কখনো আসে নি এই ন্যাশানাল লাইব্রেরীতে। কলেজ স্ট্রিটের বই পাড়ায় পুরোনো বই এর দোকানে খুঁজে পেতে হলুদ হয়ে যাওয়া পাতার বইটা সে কিনেছে সামান্য দামে। আরো এরকম অসংখ্য আজকের দিনে যা অপাংক্তেয় সেই সব পুরোনো পুঁথি সংগ্রহ করেছে। এর পর বছর ঘুরেছে। কখনো আর আসে নি এই লাইব্রেরীতে। 

লিখে ফেলেছে কালজয়ী এক সাহিত্যের ইতিহাস। প্রকাশকের ঘরে ভিড় জমেছে সংগ্রাহক পড়ুয়াদের। সেই দলে সোহিনী ও ছিলো। লেখকের ছাপানো ছবি দেখে সন্তুষ্ট থাকতে হয়েছে। তিনি কখনো আসেন নি প্রকাশকের পাঠশালায়।

সোহিনী খুঁজে ফিরেছে তাকে। প্রতিদিন  তাকে ফিরতে হয়েছে খালি হাতে। সুমিতকে সে খুঁজে পায় নি। সুমিত শুরু করেছে নতুন আর এক অধ্যায় যা গণিত এর হিসেব মেনে চলে না। আর সোহিনী?

সে তখন কোনো এক অনুষ্ঠান বাড়ির শূন্য ভোজন কক্ষে একাকী পদচারনা করে চলেছে। 

এতকাল পরে সেই প্রথম দিনের প্রশ্নের উত্তর সে খুঁজে পেলো। বুঝতে পারলো যথার্থ প্রেম কি।