বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

নন্দদা

 :১:

স্কুলে ঘন্টা বাজতো, আর সবাই ব্যস্ত হয়ে দৌড়োতো লাইন দিতে, প্রার্থনা গান করার জন্যে। রবিঠাকুরের লেখা জনগণমন। একদম এটেনশান এ দাঁড়িয়ে গাইতে হয়। গান শেষে আবার ঘন্টা বাজতো। হৈ হৈ করে স্কুল ঘরে দৌড়োনো। এবার একটু ঐ ঘন্টাটার কথা বলি। ওটা রেললাইনের একটা টুকরো। কামারশালে নিয়ে গিয়ে একটা ফুটো করে এনেছে নন্দদা। ওটার উপর যখন হাতুড়ি দিয়ে আঘাত করে তখন যে শব্দ  শোনা যায় সেটা ঠিক কামারের গরম লোহায় হাতুড়ি মারার মতন। লোহার রড বেঁকিয়ে একটা  S  বানিয়ে ঝোলানো হয়েছে অফিস ঘরের দরজার সামনে। ওটা স্কুলের টিচারদের বসার ঘর। ঘন্টা বাজায় নন্দদা। ভালো নাম সর্বেশ্বর নন্দ। জাতে উড়ে। নস্যি নেয় বলে 'ন কে ল' বলে। সেই নিয়ে মাস্টারমশাইরা তাকে খেপায়। তবে ফাইভের অঙ্কের শিক্ষক এই নন্দদা। বাচ্চাদের জন্যে অনেক কিছু নিয়ে আসে পকেটে করে। এগুলো নিজের হাতে বানানো। কোনোদিন চাল-ছোলা ভাজা, কোনোদিন তেঁতুলের বীজ পোড়া, কোনোদিন তিলের নাড়ু। ক্লাসের সাথে চলে পুরস্কার বিতরণ। অঙ্ক কষার আনন্দ আনে এই পুরস্কার। 

:২:

নন্দদা বিপত্নীক। তার সংসার বলতে সে একা। চাল কেনে, ডাল কেনে মিশিয়ে নিয়ে জল দিয়ে ফোটায়। এটাই তার খাবার কয়েক যুগ ধরে। একটা টিয়ে পাখি আছে। খাঁচা নয় দাঁড়ে বসে নন্দদাকে ডাকে নন্দ নন্দ বলে। আদর করে টিয়েটাকে বলেছে যেদিন আমার আর চাকরি থাকবে না সেদিন আমিও মুক্ত হবো তোকেও মুক্তি দেবো। তুই ছাড়া আমার কে আর আছে? তুই উড়ে গেলে আমিও উড়ে যাবো তোর সাথে। বেশ হবে, তাই না? টিয়ে টা শুধু গোঁ গোঁ করলো।

:৩:

শীতের শেষে পাতাঝরা গাছগুলোতে নতুন করে সবুজ কচি পাতায় ভরে উঠত। বিদ্যার দেবী বীণাপানি পায়ে পায়ে বছর কাটিয়ে স্কুলে আসতেন। হলুদ বা বাসন্তী রংয়ের কাপড়ে সাজার কথা ভেবে স্কুল পাখা মেলতো। আমের মুকুল আসতো; শিমুল আর পলাশ মুখ বুজে আকাশের দিকে তাকিয়ে থাকতো নতুন করে ফোটার ইচ্ছায়। শুকিয়ে যাওয়া ঘাস গুলো শেষ শীতের বৃষ্টির জল পেয়ে মাথা তুলতো মাঠে। শুকনো উলুবন থেকে সাপের আনাগোনা শুরু হতো। উলুবনে আগুন লাগিয় চুপ করে বসে থাকতো বাগানের মালি। হেডস্যার ডাক পেরে বলতেন নন্দ ঘন্টাটা টানাও।

নন্দদা নির্বিকার। মটকার কাপরটা রোদে তাপিয়ে নিশ্চিন্তে পাট করছেন তিনি। স্কুলের পূজোর সব ব্যবস্থা করতে হবে তাকে। বাচ্চাদের নিয়ে গোটা স্কুলটাকে নতুন বছরের জন্যে আনন্দে ভরিয়ে তুলে শুরু হবে লেখা পড়া। এই আনন্দ তার পিছন ছাড়ে না। 

:৪:

এদিকে আবার নন্দকে হাঁক পেরে ডেকে পাঠিয়েছেন রাখালদা। স্কুলের করণীক হলেও ন-দশ ক্লাসের ইংরেজি গ্রামারের পাঠ তিনিই দিতেন। এ ব্যাপারে নন্দদা আর রাখালদার খুব মিল। হাঁক দিয়েছেন অন্য কারনে। সরস্বতী পূজোয় রাখালদা পুরোহিত আর নন্দদা হলেন তন্ত্রধার। বরাবর অঞ্জলি দেওয়ানোর দায়িত্ব থাকে নন্দদার। মুখে এক খিলি গুন্ডিপান দিয়ে নন্দদা গেলো রিহার্সাল দিতে।

ক্লাস শুরু হয়নি ঠিকই তবে স্কুল খুলে গেছে। টিচার্স রুমে চলছে পুজোর রিহার্সাল আর মাঠে চলছে ছাত্রদের হৈ হুল্লোর। দুপুর দুটোয় ঘন্টার পর যে যার বাড়ি ফেরা। সেই শুকনো মাঠের ধূলোর গন্ধ আজও নাকে লেগে আছে।

:৫:

এবার শেষ কথায় ফিরি। যে কথা লেখার জন্যে এই লেখা এখন সেটাই বলবো। সেদিন নন্দদার রিটায়ারমেন্ট। সাজানো হচ্ছে অফিস ঘর। ছাত্রদের এ কথা কেউ জানায়নি। নন্দদাও মুখ ফুটে বলেনি কাউকে। শুক্রবারের বিকেলে শেষ বারের মতন ছুটির ঘন্টা বাজলো। সবাই চললো যার যার বাড়িতে। নানান উপহার দিয়ে শিক্ষকেরা শেষ সম্বর্ধনা জানালো। এক হাতে ছাতা, অন্য হাতে ঘড়ি নিয়ে বাড়ি ফিরলো নন্দদা।


আর আসেনা স্কুলে। ঘন্টার বদলে এখন কলিংবেল বাজে প্রার্থনার সময়। আর ছুটি? সে না হয় আর না ই লিখলাম।

মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

আদর্শকথন

:১:

 কালেভদ্রে মেনেছি হিঁদুয়ানা তবে নাস্তিক নই। নিজের উপর আস্থা হারাইনি কখনো। এই নাস্তিকবাদ আসলে নিজের উপর আস্থাহীন কিছু মানুষের আদর্শ। যারা ইহকাল পরকাল কোনো কিছুর উপরে আস্থা রাখতে পারে না। ইহকাল কাটায় ম্লেচ্ছের মতন। আর পরকাল বিষয়ে তারা বিমূর্ত। এটা অনেকটা সংকটকালে উল্টোবুদ্ধির মতন। ভূত ভবিষ্যৎ তাদের কাছে অনিশ্চিত বিষয়। আসলে নিজের উপর যাদের আস্থা নেই তারা অন্যকে পথ না দেখিয়ে বিপথগামী করে তোলাটাকে দস্তুর ভাবে। বাক্য গঠনে উদ্দেশ্য আর বিধেয় দুটোই দরকার। যার উদ্দেশ্যই বক্র সে বিধেয় কোথায় পাবে? হ্যাঁ পেয়েছে । পেয়েছে গরীব গুর্বের উন্নয়নের পথে পা দেওয়ার ছল করে। 

একটু সহজভাবে বললে অনেকটা এরকম, চোরের নেই বাটপারের ভয়।

:২:

রামচন্দ্র যেদিন জঙ্গলে গেলেন সেদিন বুঝলেন কতধানে কত চাল হয়। আগে বাপের হোটেল খোলা ছিলো। খাজাঞ্চিখানার  মুন্সী টাকার যোগান দিত। নায়েব বানাতো লিস্ট। সব এসে পৌঁছত চাওয়ার আগে। ধনুকবান নিয়ে বীরদর্পে সবকিছু পাওয়ার পরে আফগানী কাবুলিওয়ালার মতন শুধু বলা 'খোদা পওমান।' এর পরেই হিঁদুরা না খেতে পেয়ে রামচন্দ্রকে স্মরণ করতো। কখনো কখনো জল খেয়ে শুয়ে পরার আগে বলতো হায় রামচন্দ্র।

এভাবেই এতকাল ধরে সমাজ চলছে। আমাদের বানানো এই আগুয়ান সমাজ ক্রমে ক্রমে তেল, জল, লবণ সবই কিনে খেতে অভ্যস্ত হয়ে উঠেছে। বুঝেছে এই প্রকৃতিও আমাকে আর কিছু দেবে না। 

এটা যেন সমাজব্যবস্থার এক নির্বিকল্প সমাধী। 

:৩:

যারা সমাধিস্থ তাদের উপরে বসে কাঁদতে চাই না। বলার আবার রকম ফের হয়। ধরুন বললাম অধিকার আমার। এ পৃথিবীতে সম্পদে অভাব নেই। আমি অধিকার বলছি এমন নয়, বলছি সবাই ঐ সম্পদে ভর করে নিশ্চিত ভাবে বেঁচে থাকতে পারি। কিন্তু পারছি না। সেই পুরোনো কথায় ফিরতেই হয় "যোগ্যতমের জয়।" সেই যুগে যা বলা যেতো এই যুগ তেমন নয়। 

সব যোগ্যতম মানুষগুলো যদি একবার বলে তোমার ব্যবসার স্বার্থে আমি জন্মাইনি, জন্মেছি এই পৃথিবীকে সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর করে তুলতে, বিজ্ঞানকে সবার সমৃদ্ধির স্বার্থে পৌঁছে দিতে, নিশ্চয়ই তোমরা আমাকে ফাঁসিকাঠে ঝোলাবে। 

আর পারবে না। ঘরে ঘরে আমার মতন অনেক মানুষ জন্মাচ্ছে প্রতিনিয়ত। তাই বলছি সাবধানে থেকো। এই প্রযুক্তি একদিন সকলের হবে। তোমার হাত দুটো হবে ঠুঁটো জগন্নাথ এর মতন।



সোমবার, ১৪ নভেম্বর, ২০২২

রূপ নয় অরূপ

 এই ভারতে হৈ হুল্লোড় চলছে রূপ নিয়ে। ভুল বলা হল। এটা রূপের হুল্লোড় নয়, হুল্লোড় অরূপ নিয়ে।। আমার বাড়ির কথায় প্রকাশ করলে বিষয়টা স্বচ্ছ ভাবে প্রকাশিত হবে। আমার ঠাকুমার চোখটা ছিলো ট্যারা আর সাদাটে রংয়ের। সবাই তাকে মন্থরা বলে ডাকতো। এই ডাক শুনলে সে বুঝতো নিশ্চয়ই দেওর বা ননদ তাকে ডাকছে। মুখে তার হাসি লেগে থাকতো। তার শ্বশুর মানে প্রপিতামহ তাকে ডাকতেন সুন্দরী বলে। আর ঠাকুরপোরা বলতো বড়মা। এই নামগুলোতে তার কোনো ক্ষেদ ছিলো না বরং আনন্দ ছিলো অনাবিল।

আমার আরো দুজন খুট্ঠাকুমা দিলো। সেজ ঠাকুমাকে আমি বলতাম বৌ। আর ছোট্ঠাকুমা ছিলো আজকের ভাষায় ম্যাম। আমরা দিদিমণি বলতাম।

এবার মাতৃকুলের কথা বলি? আমার দিম্মার গায়ের রং ছিলো দুধে আলতায়। নাক ছিলো না থাকার মতন। আর বোধবুদ্ধিতে নির্বোধকেও লজ্জা দেবে। আসল নাম ননীবালা, তবে টেপি নামেই তাকে সবাই চিনতো। আর এক ছোটদিম্মা ছোটোখাটো চেহারার। নাম পারুল। সত্যিই সে ছিলো রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী। আর এক জন বড়দিম্মা ছিলো। আমার মামাকুল বলতো মামা-মাসিরা ঐ দিম্মার চোখ পেয়েছে। চোখের টানে মামি, মাসি সবাই সুন্দর বর বা বৌ পেয়েছে। 

এই সামান্য সংসারের আখ্যানের সাথে যে কথাটা আমি বলতে চাইছি তা হলো এই, রূপসীকে রূপসী বললে অপরাধ হয় না আর কুৎসিত কে কুৎসিত বললেই অন্যায়? 

আমি এসবকে বিশেষ পাত্তা দেই না। রূপের নিরিখে আমি অরূপ নই, গুণের নিরিখে আমি নির্গুণ নই, কাজের নিরিখে কেউ কর্মঠ কেউ কুড়ে। যে যা তা বলার মধ্যে অপরাধ কি? 

অবাক হই আজ এই নিয়ে হৈচৈ দেখে। এরাই প্রমাণ করে দেবে বিশ্বের দরবারে তাদের আসল পরিচয়।

আমাদের যারা ব্ল্যাক নেটিভ বলতো আজও তাদের পদলেহন চলছে।


রবিবার, ১৩ নভেম্বর, ২০২২

আর শিষ দেবো না

 :১:

সংসারে থাকতে হলে মাসের খাওয়ার খরচটা দিতেই হবে। বেকার আজ কেউ নয়। সবাই রোজগেরে। কেউ টিউসন পড়ায়, কেউ মোট বয়। রোজগার করতে হয় সকলের। এমে, বিএ পাস করে ফাস্টফুড সেন্টার করেছে যারা তাদের আমি সম্মান করি। আমি ছিলাম বাটা কারখানার কর্মী। চামড়ার জুতো কোম্পানিতে চাকরি করলে সেকালে জাত যেতো। আমার যায় নি। আজকে আমি অর্থশীল। কাজেই কোনো ছুতো শুনিয়ে লাভ নেই। বাবার মুখের কথা আঘাত করলো ফিলোসফিতে মাষ্টার্স করা ছেলেটাকে। পরিবারের ছোটো ছেলে। আদরে-যত্নে এতকাল বড় হয়েছে। মনে হলো না এভাবে আর নয়। কিছু করতেই হবে। বাবার কাছে মাস তিনেক সময় ভিক্ষা চাইলো। না, মিললো না। মনের উতকন্ঠা মনেই রাখলো। বললো ঠিক আছে বাবা ।

:২:

রাতে ঘুম আসলো না। নিজের মনে রাত জেগে পড়ার কথা ভাবতে ভাবতে ভোর হলো। পাখির ডাক শুনতে জানলাটা খুলে দিলো। দেখতে পেলো কি সুন্দর পাখিগুলো আনন্দ করে খাবার সংগ্রহে উড়ে যাচ্ছে হাওয়ায় ভর করে। ওদিকে আবার গাছগুলো  ফুলে ফলে সমৃদ্ধ হয়ে পাখিদের বলছে, এই শাখা-প্রশাখা তোমার জন্যেই। তুমি বসবে, আনন্দ করে পেট ভরে খাবে। আমিতো তোমার জন্যেই ফল রেখেছি আমার ডালপালায়। বিমুগ্ধ না হয়ে চৈতন্যের পরীক্ষা নিতে একটা বিড়ি ধরালো সে। সূর্য তখন পূর্বাকাশে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে তার দিকে।

বাবার কথা রাখতে সেই সকালে বেরিয়ে পরলো রোজগারের সন্ধানে। রোজগার হয়নি সেদিন।

:৩:

রোজগার না হলেও একটা পথের সন্ধান মিললো সেদিন। নদীর পারে শ্মশানের ধারে বসে সারাদিন কাটিয়েছে। দেখেছে জোয়ারের জলে নৌকো নিয়ে জাল বিছিয়ে মাছ ধরা। দেখেছে শ্মশানে মরা পোড়োনোর কাঠ কেনার দরাদরি। এও দেখেছে দেহ জ্বলার শেষে অনেক মানুষের পেট পুরে হারামে খাওয়া দাওয়া। সেদিন কয়েক কাপ চা খেয়ে বাড়িতে ফিরেছিলো। বাবা তখন ঘুমে। বৌদি বললো এসো একসাথে খাবো। ডাল ভাত আর বেগুন ভাজা। ঘড়ের দরজার সামনে এসে বৌদি বললো, না এভাবে চলতে নেই। একটা দিশা লাগে জীবনে, বললো ওটা ও দেখাবে তোমাকে ঠিক  আমি যেমন দেখিয়েছি তোমার দাদাকে। বাবা তোমাকে ধাক্কা দিয়েছে, আর ও তোমাকে চলতে শেখাবে। তোমাকে হারিয়ে যেতে হবে না। 

সেদিনও ঘুম এলো না। ছাদে ঘুরে বেরিয়ে নক্ষত্রের ভিরে নিজেকে হারিয়ে ফেললাম। সকালে যখন ঘুম ভাঙলো বুঝলাম দাদা তখন অফিসে কর্মব্যস্ত।

:৪:

বিকেলে মিলি এলো। খুব প্রসাধন করেছে। বৌদির সাথেই ঘরে এলো। চিপসের প্যাকেটটা তখনো শেষ হয়নি। দু কাপ চা নিয়ে আমার কালকে ভোরে বেড়িয়ে রাতে ফেরার কথাটা শুনে ফেলেছে অনেক আগেই। সেই সুন্দর হাসি হেসে বললো 'don't be frustrated'। বললো দুজনে মিলে রোজগার করলে বেশ চলে যাবে।

কথাগুলোর সাথে হাসিটার মিল পেলাম না। মনে হচ্ছিল বলে দেই, যেদিন আমার বাবার মতন জুতোর কারখানায় চাকরির সুবাদে সমাজচ্যুত হবো , সেদিন তুমি এই ভাবে এসো আমার কাছে।

ওদিন দুপুরের ভাতঘুম যখন ভাঙলো তখন সন্ধ্যা প্রায়। বৌদি চা দিয়ে গেলো। বুঝলাম আমি দিবাস্বপ্ন দেখেছি। 

:৫:

আমাদের অক্রুর দত্ত লেনের এই তিনতলা বাড়িটা সবাই চেনে। এটা বেরোজগেরে মানুষের আবাসস্থল। তবে এই না রোজগেরেরা প্রত্যেকেই প্রতিভাবান। কেউ সেতার, কেউ সারেঙ্গী, কেউ সরোদ নিয়ে চোখ বুজে রেওয়াজ করে। ছাত্রেরা রসগোল্লার হাঁড়ি নিয়ে হাজির হয়। তাদের বাবা-মা বলেন স্যার ও পারবেতো? 

আমি এসব পারিনি। দাদাও নয়। রসগোল্লা এখন কিনে খাই পয়সা দিয়ে। এই প্রথম মনে হলো আমি পিছিয়ে পড়েছি। মিলির হাসিটা তাই বেঁকা। বাবা আবার বললো তোকে শেষ বারের মতন বলছি সংসারে টাকা না দিলে এক কাপ চাও আর পাবিনা। 

আমি ছেলেবেলায় ভালো শিষ দিতাম। গান বাঁধতাম শিষ দিয়ে। মিলি বলতো খাম্বাজটা শোনাও। শোনাতাম শিষ দিয়ে। অ্যাকোরিয়ামের মাছগুলো উপরে ভেষে উঠতো, জল ছেটাতো। দাঁড়ে বাঁধা পরা টিয়াটা পাকা লংকা চিবিয়ে তারস্বরে শিষ দিতো ঠিক আমার মতন। আর মিলি? না থাক। আমাকে রোজগার করতেই হবে না হলে আর ভাত নেই।

:৬:

বাবা যেদিন চোখ বুজলেন সেদিন আমি বহুদূরে। ইউরোপে গানের আসরে আমি শিষ দিয়ে পাখিদের মতন ভোরের রাগ শোনাচ্ছি। ফোন করেছিলো দাদা। না ধরিনি। বৌদির ফোন ধরলো মিলি। বলেছিলো বাবা আর নেই। হয়তো বলেনি। আমিও শুনিনি। যেদিন শুনলাম, সেদিন ...

সেই শেষবার আমার শিষ দেওয়া।





শনিবার, ১২ নভেম্বর, ২০২২

মেদিনীপুরের ইতিকথা

 মেদিনীটা ফেটে যাক। আরো বলার আছে গানের সুরে। তাথৈ তাথৈ থৈ দ্রিমি দ্রিমি দম দম। এদের বাঙালি বলা যাবে না। এরা বীরসিংহের। সিংহ শিশুর সাথে তুলনীয় নয়। আবার কটক শহরের কাছেও নয়। সুভাষচন্দ্রের জন্ম ঐ কটকে। আজকাল ভাবখানা এমন দেখায় তারা যেন বিদ্যাসাগরের উত্তরসূরি। না এরা ছাগল বাচ্চা। শুধুই বিদ্যাসাগর, ক্ষুদিরাম, মাতঙ্গিনী নাম নিয়ে ব্যাভিচার করছে। এর সাথে যুক্ত হয়েছে কিছু নির্দায় ডিভোর্সি পুরুষ, নারী, সমকামী ইত্যাদি প্রভৃতি।

বিদগ্ধ বাংলা এখন মেদিনীপুর তথা মিদনাপুর তথা বিদ্যাসাগরের দুঃখের কথা আজ বুঝতে পেরেছে। এখানে লক্ষ্মীছাড়া হারামখোরের বসতি। এজন্যই বিদ্যাসাগর মৃত্যু পর্যন্ত এই জেলার নাম নিজের নামের পাসে বসাননি। আর পূর্ব মেদিনীপুর? না থাক। 

এই জেলা চিরকাল পূজোর বাড়ি ভুজোর লোভে নাচতে অভ্যস্ত। 


শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২

রামায়ণের সেই বীর পুঙ্গব

 "অতঃপর তিনি ওঝা হইতে চিকিৎসকে পরিণত হইলেন। তাঁহার নাম এযাবৎ কালে বারংবার উল্লেখিত। ওঝা যদি চিকিৎসক হইতে পারে, তবে হনুমান মনুষ্য জাতির নিকট ভগবান স্বরূপ না হইবার কি আছে?"

রামায়ণে ডাক্তার বললেন লক্ষ্মণকে বাঁচাতে বিশল্যকরণী আনা দরকার। একবাক্যে রামভক্ত হনুমান লাফ দিলেন। পৌঁছলেন ভূগোলে গোল পাওয়া এক ছাত্র গন্ধমাদন পর্বতে। তখন অনন্তের পথে পা বাড়িয়ে শুয়ে আছেন সাধের ভাই। শক্তিশেল কে আজকের পরিভাষায় বললে বলতে হয় গণপিটুনি। অসাধু সাধুর বেশ ধরে সীতা হরণ করেছিলো মেনে নিয়েই রামের সাথে ছিলেম। এরপর সাধের ভাই সেই একই অসাধু পদ্ধতিতে এক সৎ, সাত্ত্বিক, ধার্মিক বীরপুরুষ ইন্দ্রজিৎ কে হত্যা করায় জয় জয় রব? এটা কেমন জয় বুঝতে পারলাম হনুমান নামের এক পশুকে ঠাকুরে রূপান্তর করা দেখে।

ঠান্ডা মাথায় একটু ভাবুন। বুঝবেন আমি ভুল বলছি না। ধরুন চিকিৎসক সুষেণ যদি হনুমানের সাথে একজন মানুষকে পাঠাতেন তাহলে হয়তো এই দুর্দৈব ঘটতো না। গন্ধমাদন পর্বত মাথায় নিয়ে মুটে মজুরের মতন সে চলেছে, ওদিকে সূর্য তখন অস্তগামী। আর সেই সূর্যকেই বগলে চেপে ধরে সন্ধ্যাকে ঠেকিয়ে লাফের পর লাফ? এসব কাজ জন্তুর মতন বা নির্বোধের মতন বলতেই পারি। আমি ভাই ঐ দলে নেই আমি আছি  মানুষের দলে।

দেখতে ভালো লাগে ঐ সব মূর্খদের এই আধুনিক সমাজে। হনুমান আজ পুজ্য আর সুষেণ বেদম মার খাচ্ছেন এদেশেরই প্রতিটি হাসপাতালে। 

আমার ইচ্ছে হয় আরো একবার ঐ পূজ্য হনুমানের লেজে মোটা করে কাপড় বেঁধে ধূপ, ধুনো, কর্পূর আর কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেই। দেখি কি করতে পারে রামায়ণের এই বীর পুঙ্গব।



বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২

নবান্নের ঘ্রাণ তার প্রান কাড়ে

 শীত এসে পরেছে। লেপ, কাঁথা কম্বল রোদে দিতে হবে। এ বছর আট আটটা মাস গরম দাপিয়ে বেড়িয়েছে। জল নেই পুকুরে, মাঠ সেই চৈত্রে যে ফেটেছিলো আর জোড়া লাগেনি। মাঠে জল জমেনি। ব্যাঙ গ্যাঙোর গ্যাঙোর করতে পারেনি। রোয়া ধানের চারা মাঠেই লাল হয়ে গেছে। কালে ভদ্রে এখন শাপলা শালুক ফোটে অল্প জলের জলাশয়ে। শুকনো সেই জলাশয় ভরে গেছে উইয়ের ঢিপিতে। পিঁপড়ের বিষ বেড়েছে বেজায়। ছোট লাল পিঁপড়ের কামড়ে প্রাণ ওষ্ঠাগত। ঘামের গন্ধে বিছানায় জড়ো হয়ে বসবাস। ঝাঁটার বারিতে ছড়িয়ে পরে নিজেদের মতন। নিদেনপক্ষে জলে পেট ভরিয়ে চোখ বুজে ঘুমোনোর চেষ্টাও হয়ে ওঠেনি। 

যখন বর্ষা এলো তখন নতুন করে ধান রোয়ার টাকা নেই। যাদের ছিলো তারা চাষ করলো। অনেকটা মাথা মুন্ডনের সাথে শিখা রাখার মতন। কয়েকশো একরের মাঝে বিঘে কয়েক কোমর দোলাচ্ছে কাশ বনের পাশে তবে ফুল নেই আগায়। ধান পাকার সময় ধান জন্মালো। পাকার আগে দুগ্গা পরলো এসে। তারপর? তারপর এলেন কোজাগরী লক্ষ্মী। ধান তখনও কচি। ধানের ছরা পেতে গা উজার হলো। পাওয়া গেলো না। পেলেম না হলুদ গাছ, গুরি কচুর চারা, জয়ন্তি ফুল। পেঁকো পুকুরে শুধু ফুটে আছে কচুরিফুল আর ঢোল কল্মির দল। 

প্রবাদ আছে , দুগ্গা বিসর্জনের পর ঠাণ্ডা আসে উত্তর দিক থেকে। মানে কৈলাশ থেকে। না তা হলো না। এলো এক ঝড়, ভয়ঙ্কর। বাংলায় আছড়ে পড়লো। সে অবিভক্ত বাংলাকে চেনে। সে যেমন বড়িশাল, ফরিদপুর কে দেখেছে ঠিক তেমনই সুন্দরবন, নামখানা, কাকদ্বীপকে চেনে একডাকে। ক্রমিক তর্যার পর আশ্বিন অস্তাগত। শ্যামা মা আসবেন। মন্দির গুলো সেজে উঠেছে। বারুদের গন্ধ বন্ধ হয়েছে প্রকৃতিকে সাক্ষী রেখে। 

বিড়ম্বনা বাঁধলো শ্যামা পূজোর আগে শ্যামাপোকার না আসায়। প্রকৃতিবিদেরা বললো বিশ্ব উষ্ণতা ইত্যাদির কথা। গ্রামের চাষি ভাই বললো, ধান না পাকলে শ্যামা পোকা আসে না। নবান্নের ঘ্রাণ তার প্রান কাড়ে। এবছর ওরা আর আসবে না। ওদের আয়ু বাড়লো এক বছর।

না আসেনি তারা, মরে পরে থাকেনি লাইটের নিচে। মশা গুলো ঝাঁক বেঁধে কালো চুল মাথার উপরে আসেনি। 

এ বছর শীত একাই এসেছে। ওরা আজ বিমূর্ত।


বুধবার, ৯ নভেম্বর, ২০২২

ফরেন্সিক জানেনা চিত্রগুপ্ত

 :১:

ললাট লিখন কে লেখেন? কলমটা কে ধরে রেখেছেন সেই আদ্দীকাল থেকে? দেখার ইচ্ছে হয় ঐ মানুষটাকে যিনি ললাট লিখনে রত। তার ললাটে লেখার দায়িত্ব কার হাতে? না আমার হাতে নয়। আমার হাতে থাকলে লিখে দিতেম তোমার ললাটে লিখে দিলেম তোমার ললাটে কে লিখেছিলেন যে তুমি সকলের ললাট লিখবে? সাধু হতবাক। এই সুস্বাদু কথা তার ভালো লাগছে না। ভাবছিলো বুজরুকি ধরা পরে গেছে। এবার এই ললাট লেখার চাকরিটা থাকলে হয়। 

না চাকরি থেকে গেলো। স্বর্গরাজ বললেন লেবুটা একটু বেশি করে চটকাও, দেখবে টক হয়েছে তেঁতো। তোমার কাছে কেউ আর ভিরবে না।

বিস্বাদ পৌঁছবে বিসাদে। ভ্রম হবে ত্রুটিমুক্ত বিশ্বাস, আর তুমিও বহাল থাকবে চাকরিতে।

সে না হয় আপাতত হলো কিন্ত এরপর? বাহিরে ভুল হানবে যখন অন্তরে ভুল ভাঙবে কি? ভয় পেলো এই কথা ভেবে।

সম্পৃক্ত হওয়াটা তাপমাত্রার উপর নির্ভর করে। কখনো কম সম্পৃক্ত, কখনো বেশী । তাপ উত্তাপ বোধ যাদের নেই তারা এসব বুঝবে কি ভাবে? হ্যাঁ বুঝবে। বুঝবে কলুর বলদ যে ভাবে বোঝে। না বুঝবে না। কলুর আজ বলদ নেই। মানুষ এখন মোটোর চালিয়ে ঘানি ঘোরায়। তবে তেল আর তেল।

ঘানি আছে, তেলি আছে, তেল আছে। মর্দনও আছে। কখনো পায়ে, কখনো প্যাটে  কখনোবা চ্যা..।

:২:

ঝঞ্ঝা নয় এটা দুর্বিপাক। পাঁচ পাঁচটা লাশ এসেছে থানা থেকে। কপালে আঘাতের পর তারা মারা গেছে। জীবন্ত থেকে মৃত সবেমাত্র। 

সেই ললাট দেখতে হবে ডাক্তারের। ডাক্তার মাতাল থাকলেও গৃহিনীর কথা ভুললো না। স্বগোতোক্তিতে, উচ্ছাসে, দীর্ঘশ্বাসে সে বললো, 'বিন্দু বড়ো কষ্ট।'

সত্যিই ললাটে আঘাত। তিনটে ছেলে আর দুটো মেয়ে। একেবারে যৌবনের শিখরে ওঠার পর এই আঘাত। চিত্রগুপ্তের খাতায় তাদের নাম নেই। 

ডাক্তার বললেন, পাঁচটা গুলি ওদের কপালে লেগেছিলো। ওরা তাই মৃত।

ডাক্তার চাকরি হারালেন। কারন কি? 

না তেমন কিছুই নয়। ডাক্তার নাকি তখন মদ্যপ অবস্থায় ছিলেন।! 

গুলি গুলো কারা করেছিল কে জানে?




মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

কথা বলা মানা

 চাষ আবাদ বন্ধ হলো। কৃষি কাজের লোক গেলো খনিতে। সোনার খনি। সেখানে গাছপালা নেই, নদী নালা নেই, সমুদ্র কেউ দেখেনি। লোকগুলো আছে খনিতেই। খনিটা কোথায়? সেটা কি পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহে?

ঠিক তেমন নয়।  জমি আগলে থাকা মানুষেরা জমিতেই সোনা খুঁজছে। সোনা কি? সোনা তার ফসল, যা জমিতেই ফলে খনিতে নয়। তাহলে গেলো কোথায়? শুরু হলো নদী, সমুদ্র বাদ দিয়ে জমি ধরে চলা। চলতে চলতে ক্লান্ত হলো শরীর। চোখ বুজে এলো। চোখ যখন খুললো তারা দেখলো মরুভূমে উটের দল পিঠে নিয়ে চলেছে তাদের। তেষ্টায় বুক ফেটে যাচ্ছে। নদী ছেরে খাল, বিল, নদী, নালা খুঁজতে বসলো তারা। না পেলো না। ভাবলো রক্তওতো তরল। তৃষ্ণা মিটতে পারে পান করে। 

শুরু হলো যুদ্ধ নিজেদের মধ্যেই। কে কাকে মেরে তার রক্তে গলা ভেজাবে। 

গলা ভেজেনি কারোর। রক্ত তঞ্চন জল শুষে নিয়েছে। মরে গেছে সবাই।

সোমবার, ৭ নভেম্বর, ২০২২

কেমন বোকা মনটা রে

:১:

গান এমন এক বিষয় গাইতে বসে কি পারফর্ম করবো তা পরে বুঝবো। এটা ওয়ান টাইম বিষয়। যা হবে সে ভালো হোক বা মন্দ হোক ওটা তোমার। ঠিক ফাইনাল পরীক্ষার মতন। এখন এই বিষয়টা খুব কষ্টদেয়। এখন চেষ্টা করেও অনেক কিছু পারিনা। গলা যেন আর উপরে ওঠে না, আর নামতেও চায় না। গালমন্দ করি নিজে নিজেকেই। 

দেশ ভাগ হওয়ার আগে ভোকাল কর্ডের সহাবস্থান ছিলো। যেমন ছিলেন ফতে আলি তেমন ছিলেন সুবিনয় রায়। গানের নিরিখে এ বলে আমায় দেখ আর ও বলে আমায় দেখ। দুজনে তাকিয়ে থাকতেন দুজনের দিকে। হাঁসি লেগে থাকতো মুখে। ভাবতে বসে মনে হয় একদিকে সিন্ধু অন্যদিকে গঙ্গা। এরপর আরো কিছু বয়ে যেত মন বেয়ে। ব্রহ্মপুত্র বলি আর নর্দমা, সব যেন ঠিক এক যায়গায় এসে মেলে। এটা সেই মেল আর সমমেলের মতন। পঞ্জাব গলা ছাড়ে কাওয়ালির অঙ্কে আর বাংলা রবীন্দ্রনাথের সাথে। 

:২:

শুকনো পাতার খসখস শব্দ, নদীর ছলাৎ ছলাৎ অথবা শেষ রাতে পাখিদের জেগে ওঠার পর যে কলরব ওঠে তা আমাদের মন আর হৃদয় দুটোকেই জাগিয়ে তোলে। যেগে উঠে ভাবি আগে কি আমি স্বপ্ন দেখছিলাম? না ঠিক তা নয়। আসলে বঁড়সিতে গেঁথে যাওয়ায় পর মাছেদের যে অবস্থা হয় আমরাও সেই গেঁথে যাওয়া মানুষ বিশেষ। ভেষে যাওয়ার সময় সামনেই। তাই একটু বলে যাওয়া।

:৩:

লেখকেরা তখন প্রকৃতির সাথে থাকতো, লেখা চলতো তাদেরকে  সাথে নিয়ে। গান বাঁধতো তাঁরা ,' চলকে পরে কলকে ফুলে, কৃষ্ণচূড়া শোন, ও নদীরে, এ নদী এমন নদী, আকাশ কেনো ডাকে,  ঝড় উঠেছে বাউল বাতাস কিংবা রবীঠাকুরের আজি ঝড়ঝড় মূখর এই সমস্ত বিষয়। যা আজ নেই। না আছে, সামান্য হলেও আছে। না হলে এমন গান হতো না যেখানে ঋত্বিককে অনুকরণ করে কোন একজন অনেক বছর বাদে গাইলেন ' কেমন বোকা মনটা রে।' না বোকা নয়, অতীতের সাথে সাজুজ্জ তার অভিপ্রায়। তাই আজ সে সফল।

আসলে ইতিহাস হলো জীবনবোধের উপকথা। অন্যেরা যারা ইতিকথার ফেরিওয়ালা আমি তাদের সাথে নেই।

শনিবার, ৫ নভেম্বর, ২০২২

 দিনদয়াল ডাক নাম দিনু। ছোটো থেকেই ও ভালো গান গাইতো। ও আমার গ্রামের বন্ধু। আমি শহরে আসার পর যোগাযোগ ছিলো না। ওর গাওয়া একটা গান আজও বড় মাধুর্য্য বয়ে আনে। পূব বাংলার ভাষায় সে গান। ঋত্বিক কুমার ঘটক এই গানটা তাঁর সিনেমায় শুনিয়েছিলেন। দিনুর খুব ভালো লেগেছিল। স্বনামধন্য হওয়ার ইচ্ছায় গানটা তুলেছিল নিজের মতন ভাবে। স্টেশন তখন তাকিয়ে থাকতো ট্রেন কখন আসবে আর কখন ছেড়ে যাবে। স্মার্টফোনের দৌলতে কে কি করছে না ক‍রছে দেখার সময় নেই কারোর। বালাই নেই এই জীবনবোধের। আমি আজও অকৃত্রিম ধাতুতে গড়া এক মূর্তি। এসবের মধ্যেও আমি আছি আমার মতন; মনে হয় দিনুকে সেজন্যই খু়ঁজে পেলাম চলন্ত ট্রেনে। 

দেখলাম এক ট্যালেন্টকে ভিখারির বেশে রেল স্টেশনে। না বুকে টেনে নেইনি। দেখেছি ওকে এভাবে তাও বুঝতে দেইনি। 

ভাবছিলাম এ কোন মানুষ যার মা-বাবা বুঝে বা না বুঝে নাম দিলো দিনদয়াল? আর আমরা কিনা দিনু নাম দিয়ে তাকে বানালাম ভিখারী? 

:২:

উত্তর পূব আকাশ কালো হয়ে উঠলো। গতিহীন জীবনের মধ্যে তৈরী হলো বিভাজন রেখা। হাওয়ায় মূলহীন হলো গাছগুলো। উদ্ধারে এসে হাত, পা, মাথা সব কেটে নিয়ে উদ্ধারকারীরা সহমর্মী হলেন। ভিখারী হাত পাতলো না। দিনদয়াল বিষয়টা খুব এক মেদুর বিষয়। এই সব ডানাকাটা পাখির দল এ কথা বুঝবে? হ্যাঁ বুঝবে। কখন বুঝবে? জানি কিন্তু বলবোনা। কেনো? কি সেই কারণ?

বললাম মূর্খের দরবারে আমি হাস‍্যস্পদ হতে চাই না। ওদের যা করার করুক। পুরকপিন্ড দান করার লোক যখন থাকবে না, তখন ওরা আমাকে ডাকবে।

সেদিন মরে গেলেও আমি যাবো। সেদিন আমাকে দেখে ভয় পেলে আমি কৃতার্থ হবো। এই অযান্ত্রিকতা সেদি ফুল ফল ময় হয়ে উঠবে।

ওরা খুঁজবে আমাকে ।

মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

অদেখা কে দেখবো বলে

 :১:

ইউরোপের এক সাহেব এ বাংলার একটা মেয়েকে নিয়ে সংসার পেতেছিলো । ভালো লাগতো না তার ইউরোপীয় একবগ্যা নেকড়ের জীবন‌। যেখানে তারা দেখা, চাঁদ দেখা, শুকতারা আর সন্ধ্যাতারা অথবা যেখানে সপ্ত ঋষি নেই, কালপুরুষ নেই, নেই সেই শিকারি কুকুর লুব্ধক অথবা শীতকালের বিছে, চা এর কেটলি, বৃহস্পতি, মঙ্গল, শনি এমনকি বুধ গ্রহকেও যেখানে দেখা যায় খালি চোখে, সেখানেই তিনি স্থিত হলেন।

এদেশের কিছু অতিকায় জ্ঞানী, অতিজ্ঞানী স্বনামধন্য আঁতেলেরা বললো, এই সাহেব হয় সি.আই এর এজেন্ট অথবা নারী লোলুপ কেউ। 

সাহেব নির্বিকার। উনি সুতো বোনেন, ছেঁড়া ওনার কাজ নয়।

:২:

দার্জিলিংয়ের টয় ট্রেনে বসে তরাই ঘুরছিলাম দারিং সাহেবের সাথে। ওর গিন্নি, প্রতিমা গুনগুন করে রবিঠাকুরের গান গাইছিলো। ডিসেম্বরে খৃষ্টমাসের ছুটি কাটাতে এসেছিলাম। এখানেই পরিচয়, তারপর ভালোলাগা, প্রতিমার গান শোনা আর না আর কিছু নয়। আমি গুনগুন করি না, গলা ছেড়ে গান করতে ভালোলাগে। দারিং সাহেবও তেমন। মাঝে মধ্যেই আমার গান শুনে তার চোখ বাঁধ মানে না। যিশুকে সে দেখতে পায় এখানে বসে। চিৎকার করে বলে ওঠে, 'ব্রুটাস, তুমিও?'

এ যেনো চলার পথে হোঁচট খাওয়া। পথের দোষ না চলার দোষ বিচার করতে জজ্ সাহেব তিতিবিরক্ত। পথ দেখাতে আকাশে পূর্নিমার চাঁদ উঠেছিলো তখন। সহায় সম্বলহীন মানুষেরা বললো ঐ পথ আমাদের চলার পথ, আমরাই ঠিক করে নেবো।

দারিং সাহেব তাই রয়ে গেছেন এখানে। গান শোনেন গৃহিনীর গলায়, মন দেন রবিঠাকুরের লেখায়, টয়ট্রেন  হয়ে ওঠে সুকুমার এক লেখকের কথার মতন। 

আজকাল সাহেব বনফুল পড়ছেন। তাকিয়ে থাকেন রাস্তার দিকে। ছুটে যান দিকবিদিকহীন ভাবে, যখন পুঁ হুইসেল শুনতে পান।

:৩:

স্বপ্নে নয়, সাক্ষাতে দেখে বনফুলের সেই রেলগাড়ির পিছনে বিপুল গতিতে এগিয়ে যান। ফেরার পথ তাকে দেখানোর কেউ নেই। 

রক্তে তার অদম্য বিশ্বাস। ধ্রুবতারা তাকে যে ভাবে চলতে শেখায় সেভাবেই পৌঁছে ছিল এই বঙ্গে।

বিমুগ্ধ সাহেব প্রতিমাকে বললো গান শোনাবে? 

:৪:

দার্জিলিং পাহাড়ের মাথার উপর যে ঘোমটা দেওয়া আকাশ সেখানে মেঘ জমেছিল। বৃষ্টি নামলো না জানিয়ে। শীতের র‍্যাপার নিয়ে এসেছি কিন্তু বর্ষাতি বা ছাতা কিছুই সাথে নেই। ডিসেম্বরে বৃষ্টি হবে এ কথা মনে আসেনি। এটা ঠিক বৃষ্টি নয় তুষার পাত হতে পারে। আগে কখনো দেখিনি। সাহেব বললেন এরপর পাহাড়ের সব গাছগুলোর পাতা আর সবুজ থাকবে না। পাতার রং হবে তামাক পাতার মতন।

কিছুক্ষণ ওনার মুখের দিকে তাকিয়ে ছিলাম। বললেন, আমার ছোটবেলা আমি চোখ বুজলেই দেখতে পাই। এরকম বৃষ্টি শুরু হতো আমার পৃতৃভূমে। যে কটা গাছ মাথা তুলে থাকতো তারা বিবর্ণ হতো ঠান্ডায় আর বৃষ্টিতে। 

এখানে যে আইসুদিং সবুজের ভীড়, ওখানে এমন ভাবাটা দিবা স্বপ্নের মতন। ফসল ফলেনা ঐ দেশে, শুধু কর্কশ শব্দে কারখানার মেশিন গুলো চলে, আকাশের দিকে মুখ করে ধোঁয়ার পাহাড় উড়ে চলে আকাশ দিয়ে। ওটা যন্ত্র মানবের দেশ। মানবের নাম বদলে দিয়েছেন জ্যাকলন্ডন সাহেব। ওদের পোষাকি নাম হলো নেকড়ে।

আমি নেকড়ে হতে পারিনি।

:৫:

সকাল বেলায় দ্যুতি এলো। সরকারি চাকরির সুবাদে কার্শিয়ং এ বাংলো পেয়েছে। ডাক্তরি শিখে নানান যায়গায় ঘুরে এখন কার্শিয়াং এ আছে। তবলার ছন্দে অপূর্ব ওর কত্থক আমি দেখেছি। বললাম এই তুই এখন আগের মতন নাচতে পারবি। লজ্জা পেলো ঠিক আগে যেমন দেখেছি, তেমন। সাহেব বললো প্রতিমা এখনো সুন্দর গাইতে পারে। আমি বললাম আমি কিন্ত্ত সেতার বাজানো ছাড়িনি। দ্যুতি বললো এই সাত সকালে আমাকে ধিতাং ধিতাং বোলের সাথে নাচতে হবে? বললাম তোর এই সহজ সুন্দর কথাটা না শুনলে ...। সাহেব প্রতিমাকে বললো দ্যুতি ঠিক তোমার মতন। এই লাজুক মুখটাই সেদিন আমাকে তোমার কাছে এনেছিলো; আর আজও আছি ঐ মুখটার দিকে তাকিয়ে। দ্যুতি লজ্জা পেলো। আমি বললাম এই সাহেব আধুনিক হয়নি এখনো। লজ্জা করিস না। ওর দেশের সাথে আমাদের ও মেলাতে চায় না।

এই ভালো লাগা ওর আকর্ষণ। হয়তো কোনো একদিন আমরাও তলিয়ে যাবো ঐ দেশের আধুনিকতার কাছে। আর সাহেব সেদিন আমাদের পরম্পরার ইতিহাস লিখবে।

প্রতিমা গুনগুন করে গাইছিলো ' জনম জনম গেলো, আসা পথ চাহি।'

:৬:

দ্যুতি ফুল গুনছিলো। বৃষ্টির পর ওরা থাকবেনা তাই।  শীতল হাওয়ায় পেরে উঠলো না। প্রতিমা বললো, সাহেব কখনো ভুল করে না। দ্যুতি বললো ঠিক বুঝলাম না। বললো ওরা আবার জেগে উঠবে তবে একা নয় অসংখ্য ফুল হয়ে। দ্যুতি কিছুই বুঝতে পারলো না। প্রতিমা বললো এদেশে ফুল ঝরে যায় আবার নতুন করে ফুটে ওঠে। পোড়া সাহেবের দেশে এসব ঘটে না। এইতো কয়েক বছর আগে বৃষ্টি হলো, তুষার ঝরলো, ঝরা ফুলের দেশে আবার ফুটলো ফুল। যে গাছ গুলো প্লাস্টিকে চাপা দেওয়া হয়নি তারাও আবার ফুটলো। সাহেবকে সেদিন বলেছিলাম তোমার দেশে যাবো। নিয়ে গেলো আদর করে। কিন্তু ওদেশে সত্যিই এমন হয় না। ওখানে সবুজের সমারোহ নেই। পাতা ঝড়া পর্নমোচি সেখানে জন্মায় না। এমনকি ক্যাকটাসও দুস্প্রাপ্য। 

দ্যুতি বললো অথচ ঐ দেশেই সর্বোচ্চ ডাক্তারি ডিগ্রি পেয়ে আমি সমৃদ্ধ আজ। ওরা ঐ দুর্লংঘ অবস্থাকেই সাথে নিয়ে চলেছে অনন্তকাল ধরে। ওদেশে কাপড় পরিস্কার করাতে কাপড় পাঠাতো এদেশের লোক আর বিনিময়ে ওরা এই সবুজ এর বীজ নিয়ে দিনরাত এক করে পরীক্ষা নিরিক্ষা চালাতো। শেষ কথা ওরাই বলতো। আসলে শিক্ষা বিষয়টা এমনই। আমরা এখনো তা অর্জন করতে পারিনি।

:৭:

বৃষ্টি আমাকে পথ দেখালে। বললো সব ধূলো-ধোঁয়া আমি আমার ফুসফুসে নিয়ে তোমার কাঞ্চনজঙ্ঘা দেখার পথ করে দিয়েছি। এবার যাও, দেখে এসো কাঞ্চনজঙ্ঘার সুন্দরী রূপ। 

এদিকে জাঁকিয়ে বসেছে শীত। লেপ কম্বল সব ভেজা ভেজা লাগে। চা এর কাপে চিনির বদলে মধু দিলাম গা গরম করার জন্য। কাজ হলো কিনা বুঝলাম না‌। কাক জাগার আগেই রওনা দিলাম।

ভেবেছিলাম রাস্তা থাকবে কুয়াশায় ভরা, গাড়ি চলবে শূন্য গতিতে। না তা হয়নি। গাড়ি চলছে নিজের গতিতে নিঃশব্দ রাস্তায় । 

পৌঁছতে দেরি হলো সামান্য বৃষ্টির জন্যে। পৌঁছলাম সূর্যোদয়ের অনেক খানি আগে। লোকজন নেই কোথাও, কুকুরগুলো ঠান্ডায় কুঁই কুঁই করছে। ডাকছে কম দৌড়চ্ছে  বেজায়। গাড়ির বাইরে বেরিয়ে বুঝলাম হাড় কখন হিম হয়। 

:৮:

এবার কাঞ্চনজঙ্ঘা দেখার পালা সূর্যোদয়ের সাথে। দ্যুতি বলেছিল আমি যদি সূর্যোদয় দেখতে পাই ও ঘর বাঁধবে। প্রতিমা বলেছিলো সাহেব দেশ ছাড়বে। ভাবছিলাম ফিরে যাই হোটেলে। এই দেখার সাথে অনেক কিছু অদেখা জড়িয়ে আছে। আমি আমার কাছেই প্রশ্ন করলাম। মন বললো দেখো যা তোমার অদেখা ছিল; প্রাণ বললো এই বয়সে না হয় না'ই দেখলে। 

ঐ ভোররাতে প্রথম ফোন এলো দ্যুতির কাছ থেকে। বললো দাদা এই চান্স মিস কোরো না। আমি প্রলুব্ধ হলেম। যখন সূর্যোদয় দেখে ফিরছি ফোন পেলাম প্রতিমার। বললো সাহেব আর শ্বাস নিচ্ছে না।

দ্যুতি আমার পৌঁছনোর আগেই পৌঁছেছিলো প্রতিমার বাড়িতে। সাহেব সত্যিই তখন চিরনিদ্রায়। আমি তাকিয়ে ছিলেম তাঁর দিকে। এক অজানা স্বপ্নের সাথে আজ পরিচয় হলো। প্রতিমা কিন্তু কাঁদেনি।








রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

ভালোবাসি কাজ পাবো বলে

 :১:

আজকের পরিভাষায় শ্রমিক দু -প্রকারের আগে এমন ছিলো না। যারা সরকারের অধীনে তারা বাবু শ্রমিক তবে বেতন কম। আর অন্যেরা শিল্পাঞ্চলের বেসরকারি শ্রমিক। বেতন অনেক, তবে অস্থায়ী। ওখানে আবার দাবি-সনদ আদায়ের জন্যে একটা সংগঠন ছিলো। নাম দেওয়া হয়েছিল ট্রেড ইউনিয়ন। কর্মিরা তখন বেসরকারি কাজে বেশী আগ্রহী ছিলো। সরকার কখনো ঐ সব প্রতিষ্ঠান গুলোর উপরে উঠতো না। কালক্রমে সেই প্রথার বিলোপ ঘটলো। সরকারি সাহাজ্য মিললো সেইসব ট্রেন্ড ইউনিয়ন গুলোর। আর তারপর? তারপর যা হয়েছিল, সেই ইতিহাস লিখতে বসেছি। গালি খাবো সহস্র, সাথে থাকবে অজুত, নিজুত মানুষ। যারা আজ কর্মহীন। এরপর অসাধারণ কিছু কনসেপ্ট এসেছে সরকারের কর্মপদ্ধতিতে। তারা যাদের সেদিন কর্ম বিমুখ হতে বলেছিলো দাবি-সনদ আদায়ের সমিপে, তারাই আজ  সেই মুখি। অজস্র পরিবারের চোখের জল যখন শুকিয়ে গেলো নতুন করে সেই জল আসার প্রচেষ্টায় তারা ষ্কিম এনেছে। প্রথম যখন এই দাবি আদায়ের পথ ধরে শ্রমিকরা বন্ধ কারখানার সামনে অবস্থান করতো তখন, আর আজ  যখন সেই একই প্রক্রিয়ায় কর্মী সংকোচনে তারা রত তখন মানুষ তাদের স্বরূপ বুঝলো। বুঝলো এতকাল যা হয়ে এসেছে তা অনেক কাল আগেই তারা জেনেছিলো। তাদের বিশ্বাসের মূলে যে আঘাত আজ হচ্ছে সেটা সংগঠিত রাষ্ট্রীয় পরিকল্পনা। সেজন্যেই ডকের নাম বদলায়, শ্রমিকদের অবস্থার পরিবর্তন হয় না।

:২:

কোলকাতা পোর্ট সংলগ্ন একটা বিরাট অঞ্চল তখন ছিলো ইন্ডাস্ট্রিতে ভরা। চিমনি দিয়ে ধুঁয়ো উড়তো হুগলী নদীর পূব পাড়ে। সেখানে বাসগাড়ি গুলোতে বাদুর ঝোলা ভীড় হতো। সেখানে সাইরেন বাজতো সকাল নটায় আর রাত দশটায়। রাস্তগুলো ছিলো কালো ইটের। ইট বানানো হতো কানপুর থেকে ঝাঁসি পর্যন্ত। গ্রানাইট কাটা হতো  শ্রমিকদের  হাতে। সেই কালো ইট দিয়ে এই শিল্পাঞ্চলের রাস্তা বানানো হতো। বড়ো বড়ো গাড়ি চলতো এই পথ দিয়ে।  তবে দশ, বাড়ো, কুড়ি, তিরিশ চাকার গাড়ি ছিলো না। রেল রাস্তা ছিলো বেজায়। ওয়াগন ভিড়তো ইন্ডাস্ট্রিতে। রাস্তায় যানবাহন বলতে লরি আর বাস। এসব আজ অতীত। তবে বাস্তব বললে বলবো, না ইন্ডাস্ট্রি নেই। আছে চাক্কার ঘেনঘেনানি। আছে রাস্তার সংকট। এটা শহরের নাম বদলে দিয়েছে। হয়েছে নির্বিবাদে বেওয়ারিস রোজগারের পথ। ফিউডালরা এটাকে ঘৃণা করে। তাহলে এরকম কেনো হলো? 

ঐ শিল্পাঞ্চল আমার জন্মভূমি ওখানেই আমি রেখে এসেছি আমার যৌবনকে। তাই ভাবছি এ নিয়েই লিখবো।

:৩:

তখন সাদিয়ার বর আনোয়ার হাড়কাঁপানো মস্তান ডক ইয়ার্ডে আর সুবোধদা আমাদের নেতা। মেয়েটা ইংরেজিতে অনার্স পড়ছে। আনোয়ার যত হুমকি দেয় সুবোধদা ততই হাসেন। ভাবেন একদিন এমন হবে আমার পাশে দাঁড়িয়ে আনোয়ার বলবে কাজ পাওয়া আমার অধিকার। না তা হয়নি। সেই তাঁর কথাতেই বলছি স্বরাজ আনিতে পোড়া বার্তাকু এনেছি। 

আজকাল আবার আনোয়ার নতুন অস্ত্র পেয়েছে। সাবেকি নয় অত্যাধুনিক এবং স্বয়ংক্রিয়। তাতে রুটি সেঁকা যায় আবার পোড়া মাংস, আধুনিকতায় যার নতুন নাম হয়েছে কি যেন তন্দুর টন্দুর এরকম কিছু একটা। হুমকি শুনে সুবোধদা একদিন বলছিল, শ্মশানে অঘোরিরা তন্দুর খেতো। ওটা ছিলো মরা মানুষের আধপোড়া শরীর। এখন রাস্তায় বিকোয় এই সব। কোনদিন মুরগি আর মোরগের পরিবর্তে আমরা সেই জায়গায় পৌঁছবো জানি না, তবে যাওয়াটা যে আসন্ন তা বুঝি।

ভ্রুণের স্বাদ পাওয়া মানুষ একদিন মানুষ খাবে এতো বলার অপেক্ষা রাখে না। সুন্দর এক প্রাগৈতিহাসিক সময় এসেছে সময়ের সাথে সাথে। 

ইলেকট্রিক চুল্লিটা ফালতু ফার্নেস। মাত্র পঁয়তাল্লিশ মিনিট? ছিঃ এই সভ্যতাকে।

:৪:

সুভাষ হারিয়ে ছিলো আকাশে তাই বিমানপোত তাঁর নামে আর শ্যামা মায়ের প্রসাদ শুকনো বন্দরে শুকিয়ে মরে। আমি এই সব বলছি বামাখ্যাপা হয়ে। যখন কাজে কর্মে ব্যাস্ত ছিলো গঙ্গা, যখন জাহাজ দাঁড়াতো এই ঘাটে, যখন কাজ জুটতো সকলের তখন নাম ছিলো কোলকাতার নামে। হঠাৎ ক‍রে ভূমধ্যসাগরের ঢেউয়ে মিশে গেলো। 

কাজ কর্ম যেটুকু ছিলো হয়ে উঠলো প্রসাদে। সেটা খাওয়া যেমন দুষ্কর পায়ে দলাও ভীতিকর। কাজকর্মের অভাবের কারণ পরিনত হল বহুরে এক নামে। শ্রাদ্ধ হলো শ্রদ্ধার নামান্তর। কাজ হলো কৃত কর্মফল। জীবন হলো অশরীরী আত্মা। আমি সেখানেই আমার যৌবনকে ফেলে এসছি। 

হন্যে হয়ে আবার ফিরলাম সেখানেই। বলতে এসেছি, চোখ মুদে তোমরা কি দেখতে পাও এই আধুনিক যুগে অশরীরীর দল কর্ম ব্যাস্ত? চোখ বুজলেই দেখতে পাবে।

:৫:

রক্ত যখন জমাট বাধে তার রং হয় মেরুন। সুবোধদার বউ বললো সেদিন। কে যেনো দাদাকে মেরে ফেলেছে। গুলিটা ওঁর মাথায় লেগেছিল। ও তো হিটলার নয়। একটা গুলি যখন পার হয়ে গেলো তখন আনোয়ার দুহাতে দুটো বন্দুক নিয়ে উদভ্রান্ত । বললো না পারলাম না। ওরা মেরে ফেললো দাদাকে। দুটো বন্দুক মাথার দুদিকে ঠেকিয়ে ট্রিগার টিপলো। মৃত দাদার চোখ দুটো জলে জ্বল জ্বল।

পুলিশ এলো, নিয়ে গেলো মর্গে। মর্গের মৃত মানুষ গুলো আচম্বিতে জেগে উঠলো। হাজার হাজার কোটি মৃত মানুষের মিছিল দেখে তখন জ্যান্ত মানুষেরা হাত তুললো।

সুবোধদার চিতা আজও নেভেনি।

আমারও কাজ পাওয়া হয়নি।


বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২

শেষ ট্রেনে ঘরে ফিরবো না

 

শেষ ট্রেনে ঘরে ফিরবো না

:১:

লোকাল ট্রেনে বড় একটা ঘোরা হয় না। টিপটিপ বৃষ্টি অকালে। হেমন্তে শীত এসে পরায় জলভরা মেঘ এসেছে হাওয়ার পাখনায় ভর করে। ভাবছিলাম রূপনারায়ণে পানসি চড়বো। মাঝি না বললো।  মন চঞ্চল হলো। এদিকে হাল্কা হাওয়া শুরু হয়েছে।  দরজার বাইরে দাঁড়িয়ে শঙ্খ বাজাচ্ছেন শঙ্খিনিরা।  সামনে একটা বাস হাঁটছিল। চড়ে বসলাম। ভাঙা গাছ, ভাঙা লাইটপোষ্ট পেরিয়ে সে থামলো রেল ষ্টেশনের পাশে। একবার ভাবলাম ফিরে যাই। বাড়িতে বসে দরজা, জানলা বন্ধ করে নিজর মতন থাকি। অন্য মনটা বললো ট্রেন যখন চলছে, চড়ে বসো। লোকাল ট্রেন চললো গঙ্গার পার ধরে।

:২:

ঘরবাড়ি গাছপালা সব পিছিয়ে চলেছে, নদীতে ঝঞ্ঝার ভ্রুকুটিতে ঢেউ গোনা দুষ্কর, তবুও জানলার পাশে বসে একমনে ঢেউ গুনছিলাম। কখন যে চোখ বুজে এসেছে জানি না। সময়ের হিসেব দেখতে হলো কোনো এক টিটির ডাকে। বললো এটা শেষ ষ্টেশন মশাই, নামুন। নামলাম যখন প্রায় সন্ধ্যা। এদিকে বৃষ্টির বেগ বেড়েই চলেছে।

:৩:

প্লাটফর্মে বসে সিগারেট ধরালাম। অন্ধকার প্লাটফর্মে আমি একদম একা। বেশ লাগছিলো। ভাবছিলাম দুর্যোগের রাতটা এখানেই কাটাবো। কিন্তু হলোনা। স্মার্টফোন বেজে উঠলো কোথায় আছি এখন জানার জন্যে। ক্ষেপে গেলাম। বললাম স্বর্গের কাছেই আছি। তারপর? পুঁ হুইসেল বাজিয়ে ফেরার গাড়িটা এলো। আচম্বিতে চড়ে বসলাম। ফাঁকা কামরা। বাইরে ঝড়-বৃষ্টি। হকারেরাও বাড়ি ফিরে গেছে। বেশ এক নির্জনতা। ঠিক যা পেতে আজ এই ট্যুর। সত্যিই আনন্দে তখন আমি বিহ্বল। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি জানি না। 

ঘুম ভাঙালো নিজের মতন করে এক স্কুলের সহপাঠী। বললো সুবীর বাড়িতে যাবি না? মুখটা দেখলাম মুখের কাছে এনে, বললাম এতকাল কোথায় ছিলি?

উত্তর দিলো না।

:৪:

কোনো চুলচেরা বিচারে বসিনি। বাড়িতে ফিরে সেই চিন্তায় ডুব দিলাম। সেদিন ঐ দুর্যোগের রাতে দিব্যি নিশ্চন্তে আমার ঘুম এসেছিলো। একবার নয়, দু-দুবার। প্রকৃতির সাথে, গাছপালা, নদী, পথ সবার সাথে একেবারে নিশ্চিন্তে এক হয়ে ছিলাম। একবারও কোনো বিপদের গন্ধে ভয় হয়নি। অন্ধকার ষ্টেশনে বসে দিব্বি সিগারেট হাতে সুখটানে নির্লিপ্ত ছিলাম। কোনো কেউ দুশ্চিন্তায় ডাক দিয়ছিলো। হুইসেল এর শব্দে বিরক্ত হয়ে অনেকটা ইচ্ছের বিরুদ্ধে সেদিন বাড়ি ফিরছিলাম। ক্লান্তিতে চোখ বুজেছিলো সেই রাতে। ঘুম ভাঙিয়ে দিয়ে এক নতুন ঘোরে সেদিন গুটি-গুটি পায়ে এগিয়ে রাস্তার নেভা আলোয় নিজেকে দেখছিলাম। আমার সহপাঠী বন্ধু বললো, কিরে কি ভাবছিস বলতো? উত্তর দেইনি।

সেদিন কোনো ক্যাব পেলাম না। শেয়ালদা ষ্টেশনের বাইরে সবার তখন বাড়ি ফেরার হুল্লোর। কিছু অপেক্ষার পর একটা হলুদ ট্যাক্সি রাজি হলো যেতে। ভাড়ার কথা না হয় নাই বললাম। 

:৫:

অন্ধকার ফুঁড়ে গাড়িটা চলেছে। আমি আছি আমাতে। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা আলো নেভা লাইট পোষ্ট গুলো যেমন  বিমূর্ত, এই ঝড়-ঝঞ্ঝায় আমিও তখন ঠিক তেমনই। রাস্তার উপরে পরে আছে গাছ। গাছের ডাল গুলো ছিন্ন-বিচ্ছিন্ন। একজন গাড়ি পাওয়ার অপেক্ষায় ঠাঁয় দাঁড়িয়ে। এইসব দেখছিলাম। সিগারেট টানার ইচ্ছে হলো। বুক পকেট থেকে প্যাকেটটা বার করলাম। 

ড্রাইভার বললো বাবু উতরিয়ে। পাশ থেকে সে বললো, নেহি ঔর আগে চলিয়ে। আমার ঘোর ভাঙলো। সে দিন গাড়ি টা থামলো চক-ঠাকুরাণী হাটের সরকারি আবাসনের গেটে।

:৬:

সমস্ত দিনের শেষে এদিনেও সন্ধ্যা এসেছিলো। পাখনা মেলে উড়ে যাওয়া হয়নি। নীড় খুঁজতে যায়নি কোনো পাখি। কলাগাছ গুলো মাথা ঝুঁকিয়ে পুকুর দেখছিলো। শুধু ডানা মেলে উড়ছিলো ঝড়া পাতা গুলো। এই যেন তার প্রথম হাওয়ায় দিগ্বিদিক ভোলা। কুনো ব্যাঙের দল জল পেয়েও সেদিন গান ধরেনি। জরাজীর্ণ ঘরগুলো ছারখার হয়েগিয়েছিলো। কাকের কলরবে উঠলাম ভোরবেলায়। চক-ঠাকুরানী তখনো জেগে ছিলো মনের গভীরে। শুধু একরাশ যৌবন যেন আজ জাগ্রত।

বুঝলাম আমি বৃদ্ধ হইনি।

:৭:

চোখে তখনও ট্রেনের ঘুমটা লেগে ছিলো, বাড়িতে পৌঁছনো অনেকটা ফর্মালিটির মতন। তাই নিশ্চিন্তে নিদ্রা। সেই ঘুম ভাঙানোর দায় তার ছিলোনা। তবুও কেন ডেকে তুললো ভাবতে ভাবতে  ধূলো ঝেরে পুরোনো ডায়েরিটা খুঁজছিলাম। পাওয়াটা সহজ ছিলো না; অথচ খুব সহজেই পেয়ে গেলাম। হয়তো বিধাতা এটাই চাইছিলেন। ডায়রিটার যে যত্নের অভাব হয়নি খুঁজে পেয়ে বুঝলাম। প্রথম পাতায় লেখা ছিলো, My prime time and ideology. প্রথম পাতায় পাঁচ জন সহপাঠীর হাতের স্বাক্ষর। এই চক-ঠাকুরানীর সরকারি আবাসনে তাদেরই কোনো একজন আজ থাকে। সে সেদিন ছিল আমার মনে পরিত্যাজ্য আর আজ ক্ষনিকের নতুন পথচলার শেষে সে খুব প্রাসঙ্গিক হয়ে উঠলো।

:৮:

দুর্যোগ শেষ হয়ে রোদে ঝলমল হয়েছে আকাশ। ভাঙা গাছগুলো আকাশকে বলছে আমার ডালপালা গুলো ফিরিয়ে দিতে পারবে? ছেঁড়া পাতাগুলো হাড় গিলগিলে শিরা উপশিরা দেখিয়ে বলছে একবারও ভাবলেনা আমার কথা? নদী বললো এতো আমার নিত্য সঙ্গী। পাখিরা ফরফর করে উড়ে গেলো, তাদের কথা বলার সময় নেই। সন্ধ্যায় চাঁদ উঠলো একটু দেরী করে। বললো কালকের হাওয়ায় আমি ক্লান্ত, তাই উঠতে একটু দেরি হলো।  স্মার্টফোনটা রঙ্গ বোঝে না। অপ্রাসঙ্গিক একজন এখন পরিবারের সদস্যের মতন কথা বলে ওঠে। আর ওর কথা শুনতেই হবে। ঠিক ছোট্ট বাচ্চারা মা-বাবা যখন কথা বলে তার মাঝখানে ঢুকে পরে ঠিক তেমন।

না এই ফোনটা একটু আলাদা মানের। সাগ্নিক অন্যপ্রান্তে। বললো দিদি বললো ফিরেছেন অনেক রাতে। কালকের প্রোগ্রামটা মনে করাচ্ছি। শিরিন'ও আসবে। আপনি সব পারেন দাদা। না হলে কিনা শিরিন?

বললাম আসছি।

:৯:

সময়ে পৌঁছোনো  আমার চিরকালের অভ্যাস। সেদিন ইচ্ছে করেই সময়ে পৌঁছুলাম না। হা পিত্যেস করে সবাই আমার অপেক্ষায়। শিরিন বললো,"দেখ আসে কি না?" সাগ্নিক বড় উদ্বিগ্ন। বললো,"দিদি এসব ভাবছো কেনো। তুমি যে আসবে দাদা জানেন। অন্তত তোমার কথা ভেবে দাদা আসবেই।" সাগ্নিক আমার দিকে একবার আর শিরিনের দিকে একবার দেখলো। আমি হেসে ফেললাম, বললাম,"আমি চিরকালের সমস্যা আর আমাকেই ডাকবি। কি করবো সংসার সামলে আসতে হয়। প্রেম ছিলো তখন, আগে এসে অপেক্ষায় থাকতাম। তবে সেটা আছে বলেই দেরী হলেও এলাম।" শিরিন একথা নিশ্চয়ই বুঝেছে। 

মনে পরলো প্রাইম টাইম ইডিওলজি। একজন আজ এসেছে এখানে আর অন্যজন দুদিন আগে আমার ঘুম ভাঙিয়েছে। কথা কিছু হয়নি ঠিকই তবে ঘর তার আমার ঘরের পাশেই সে কথা সে গোপন করেনি। ভাবলাম আবার কি এমন হতে যাচ্ছে যা রবিঠাকুর বলেছিলেন? " তোমায় নতুন করে পাবো বলে.....।" না তেমন নয়। এটা মৃত্যুর আগে আর ওটা? না থাক। অনেক নতুন কিছু করা যেতে পারে কিন্তু নতুন করে পুরোনোকে পাওয়ার যে আশায় আমরা থাকি, তা কোনোদিনই হওয়ার নয়।  জীবনটাকে আমরা মেনে নিয়েছি এভাবেই। কাল আর আজের তফাৎ অনন্তের মতন। কেউ বোঝে, কেউ না বোঝার ভান করে। 

আমি এখানে আসার পর থেকে চুপ করে বসেছিলাম। অনেক কথাই আমাকে ভাবাচ্ছিলো। বর্তমান নয় অতীত যেনো আজ সামনে দাঁড়িয়ে। কিছু কমিটমেন্ট যা আজও পরিপূর্ণ হয়নি। ঝড়ের গতিতে অতলে তলিয়ে গেছে সময়। তবুও আজ ধ্রুবতারা দিক দেখাচ্ছে, এছাড়াও আরও কত কিছু ভাবছিলাম।শিরিন হাতটা ধরে মুখের দিকে একমনে তাকিয়ে বলল, "বল কি হয়েছে?"  বললাম, "না কিছু নয়।" বললো, "তোকে রাস্তাতেই বিদায় জানিয়েছে?" বললাম, "জানি না, শুধু জানি সেদিন ঐ হলুদ ট্যাক্সিটা না পেলে.....।" শিরিন হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস নিলো। রুমাল হাতে নিয়ে বললো, "তুই কি বদলাবি না?" আমি আকাশ দেখলাম আর ও চোখ মুছলো।

:১০:

আমি হালেল আর হারেম শুনেছি। প্রেম সে সব যে মানে না তাও দেখেছি। আমি তাজমহল দেখেছি পূর্ণিমার রাত্রে। আমি আমাকে দেখেছি অমাবস্যার চাঁদ এর মতন; যে গগন পরিবর্তন করে কালের আধারে। আমি ধর্ম মানি, বাঁঁধন মানি না। জীবন মানি চরৈবেতি চরৈবেতি যেভাবে, ঠিক সেভাবেই। তাই চলা আমার থামেনি। থামাবে কে?  শিরিনের মতন সবাই যখন চোখ মুছবে আমি তখন চলবো আমার মতন। 

এটা প্রেম। এ এক অন্তহীন বিষয়। এখানে শরীর অনেকটা সম্পাদ্যের মতন। উপপাদ্য যা বুঝিয়েছে সেটাই কম্পাস আর স্কেল দিয়ে এঁকে দেওয়ার মতন। এর পর গণিত। সে শুধু যুক্তি বোঝে, ভাব বোঝে না। অকালবোধন দুগ্গা? সে এক কাল্পনিক বিষয়। 

আমার একটা নাম দিয়েছেন স্বজনেরা। সুবীর কে বীরপুরুষ না বলে লিখেছেন 'কাপুরুষ'। আমি খুব খুশি এই নামে। 

কে কার নাম দেয় বলুন? এটুকু বুঝেছি, আমি স্তাবক নই।

:১১:

একটা ঘরোয়া সভা; ধরনটা বৈঠকী। সেখানে যেমন চা আসে ঘন্টায় ঘন্টায় তেমন দু-চারজন গলা ছেড়ে শাস্ত্রীয় সঙ্গীত দিয়ে নিজেকে প্রাসঙ্গিক করে তোলে। এ সেই পুরোনো কোলকাতার মোড়কে আধুনিকতার প্রদর্শন। জমিদার বাড়ির ঠাকুর দালান । বাড়ির মধ্যেই খুঁজে পাওয়া যায়, সুরেন বাঁড়ুজ্জে, কেশব সেন অথবা টেকচাঁদ ঠাকুরকে। এটা শীল বাড়ি। ঠাকুর্দার নামের কলেজটা আজও দাঁড়িয়ে আছে। স্কটিশ থেকে স্নাতক, তারপর কোলকাতা ইউনিভার্সিটির স্নাতোকোত্তর। আরো কিছু যোগ হয়েছে কালের নিয়মে। জুটেছে কলেজর অধ্যাপনা। তবে পরিবারের ধুতি-পাঞ্জাবি ঐতিহ্য ভোলে নি। চোঙা প্যান্ট পরতে হয় সময়ের নিয়ম মেনে। তবে সভাঘরে সেই পৈতৃক পোষাক। বড় সুন্দর লাগছিল এই বাঙলিয়ানায়। এতক্ষণ সাগ্নিক এর কথা বললাম।।

এদিকে আবার কাশী সেন লেনের ষোলো-সতেরোর ছেলেটা রূপক তালে তবলা বাজাচ্ছে। এটা সভা শুরুর সংকেত। শেয়ালদা চার্চের ফাদার ছেলেকে পাঠিয়েছেন বেহালায় লয় ধরে রাখার কাজে। মাথা নড়ছে সবার, কারোর তালে আবার কারো কারো বেতালে। শিরিন আজ খুব মুডে আছে। সমাজ যা'ই হোক ওর পরিবার হিজাব-বোর্খা বিমুখ। সমাজ ওর বাপ চোদ্দ পুরুষদের কাফের বলে। এই ব্যাপারে আমার সাথে ওর একটা সাযুজ্জ‍্য আছে। আমি কাপুরুষ আর ও কাফের।

:১২:

শুরুটা সাগ্নিক'ই করলো। বিষয় শিল্প-সাহিত্য ও সংস্কৃতি। নিয়মের গতিতে রাজনীতি'ও এলো। এলেন রবীঠাকুর থেকে বনফুল, মানিক থেকে রমাপদ সকলেই। সাগ্নিক বাগ্মী কবে হয়েছে দেখা হয়নি। আজ শুনলাম। শিরিন আমাকে বললো,"এরপর আর কি বলার আছে বলবি?" আমি বললাম,"জীবনবোধে মরিচা পরেনি এটুকুই আমাদের বলার।" সাগ্নিক পসরা সাজাবে আর আমরা ফিতে কাটবো সে স্কুলেতো আমরা পড়িনি। শিরিন শুধু মুখ চেপে হাসলো। মনে পরলো এ সেই হাসি যেটা কলেজের সোশ‍্যালে দেখেছিলাম।

:১৩:

মৌলানা আবুল কালাম আজাদ নামটা শুনলে এই প্রজন্মের স্নাতক স্টুডেন্টদের বুঝতে অনেক সময় লেগে যায়। শিরিন ঐ কলেজের স্নাতক। কিন্তু এই নামটা আজ অচল পয়সার মতন। নতুন পোশাকে এখন নাম হয়েছে ম্যাকাউট। শিরিনকে কথাটা বলবো ভাবছিলাম, বললাম না। ভাবলাম দেখি ও এখনও সেই আদ্যিকালে পরে আছে কি না। ভুল ভাঙলো ওর কথার শুরুতেই। প্রাইম টাইম ইডিওলজি ওর পিছন ছাড়েনি। বারবার কথার ঘেরাটোপে ও খুঁজে বেড়াচ্ছিলো সেই বোকা বোকা আনন্দের দিন গুলোকে। বলছিলো আমরা কেউ সংসারী, কেউ গৃহী আবার কোনো কেউ অলিন্দের আড়ালে বসে দিন কাটাই, তবুও মনটা থাকে এদিকে তাকিয়ে। দার্শনিকের মতন শেষ করলো এ ভাবে, 'আজকের দিনটা কালকে আর ফিরে পাবো না।' 

ভালো লাগলো সবটুকু শোনার পর। ভাবছিলাম হয়তো মহানন্দে ডুব দিয়ে ও হয়তো পাঁচালী বলবে। আজকালতো সবাই পাঁচালিই পড়ে। মনে পরছিলো মা এর পড়া লক্ষ্মীর পাঁচালীর লাইন গুলো। "দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, বহিতেছে মন্দ মন্দ মলয় বাতাস।"

না সেভাবে বয়নি। শিরিন ওর কথাতে বুঝিয়ে দিলো। পাসে এসে বললো,"এই সব ঠিক আছে তো?" বললাম,"আমরা পাল্টাতে পারি?" সেদিন আমি ছিলেম শেষ বক্তা। বললাম আমার বক্তব্য আজ গানের সুরে বলবো। মনে পরলো সেই অনাদি অনন্ত অরূপ অক্ষয় আমার রবিঠাকুর কে। ভায়োলিন আর তবলা ছিলো প্রস্তুত। ওরা আমার কথায় তৈরী করলো এক আবহ। আমি আকাশের দিকে মুখ করে শুরু করলাম 'আমার শেষ পারানের কড়ি, কন্ঠে নিলেম, গান কন্ঠে নিলেম।' শেষটা এভাবেই হলো। 


:১৪:

শিরিনকে ওর বাড়িতে পৌঁছাতে গেলাম। দরকার ছিলো না, তবুও গেলাম। কথা বলা হয়না এখন আর। ওরও একই অবস্থা। কথার সংসারের পলেস্তারা খসে পরছে। বসলাম গাড়ির বাঁদিকে ড্রাইভারের পাশে। ও খুব পাকা ড্রাইভার। ফিটন ছেড়ে মারুতি ধরেছে, চলাটা ঠিক আগের মতন। ধীর, স্থির, পেলব। ঠিক ওর রূপের মতন। আমি অরূপ, কাজেই বাঁদিকের সিটটা নিস্প্রভ নয়, শুধু নারী আর পুরুষের তফাত। শুরুটা ওই করলো, ওর একহাত লম্বা প্রশ্ন, বিষয় আদর্শ। আমি বললাম, "এ কেমন কথা? এইতো একটু আগে তুই শতেক কথা বলে মানুষের মন কাড়লি অথচ এটাই এখন প্রশ্নে? বলতে হয় তাই বলি। বিশ্বাস প্রতিদিন পরিবর্তিত হচ্ছে আর আমরা যে তিমিরে ছিলেম সেই তিমিরেই বসে আছি। দিন দিন গ্রহণযোগ্যতা হারাচ্ছি, তোর এরকম মনে হয়নি।


কিছুক্ষণ চুপ করে বসে শুনছিলাম। বলতে এখন খুব একটা ইচ্ছে হয় না। আমি সচল চিরকাল, সবাই আমাকে বলে আমি অন্যের ছায়া। আমি বিজ্ঞানের অঙ্কে ধ্রুবক। পরিবর্তন হওয়া না হওয়া এক অপ্রাসঙ্গিক বিষয় আমার জীবনে। অনেকে আবার আমাকে ভীষ্ম বলে ইঙ্গিত বাহী কথা বলে। আমি শুনতে অভ্যস্ত, শুনছিলাম ওর কথা। শেষে কিছু বলতে বাধ্য করলো শিরিন।

বললাম মনে পরে সেই বঙ্কিমের কপালকুন্ডলা, আনন্দমঠ? সে এক প্রাগৈতিহাসিক যুগ। সতীদাহ শেষ হয়েও হয়নি। এদিকে বন্দেমাতরম তখন এক মন্ত্র। এই মন্ত্র শুনলেই বৃটিশদের হৃদকম্প। জেলের ঘানি টানতে হতো সামান্য এক শব্দের জন্যে। কি ছিলো ঐ শব্দে? এটা কোন আদর্শের প্রতিক? দেশ আর বিদেশের বিভাজন রেখার সাথে সহাবস্থান। সেই কথা পরবর্তীতে হয়ে উঠলো জাতীয় গান। কারণ কি? কারন জাতীয়তাবাদী উন্মেষ। তখন লিটারেটের সংখ্যা কত? তবুও জেগে উঠল সময়ের ঘড়ি। 

তারপর? তারপর কি হলো?  নতুন আদর্শের উত্থান হলো ইউরোপে। কতিপয় লোক বললো এটাই সমাজকে পথ দেখাবে। হলো কি কিছু? হ্যাঁ হয়েছে বিস্তর তবে বিজ্ঞানের ভাষায় বললে বলা যায় ধাক্কাধাক্কি অনেক হয়েছে কিন্ত বস্তুটা ন যযৌ ন তস্থৌ। খালি ক্ষয় আর ক্ষয়। জর্জরিত সাধারণ সম্প্রদায়ের মানুষ। তাদের উপরেই পরীক্ষা চলছে ভ্যাকসিনের। সেদিন মানুষকে যারা মানুষ ভাবেনি, আজকেও তা ভাবে না। 

আদর্শের মানদন্ডে এসব ভাবলে আরো একটু বলতে হয়। স্বাধীনোত্বর সময়ে বন্দেমাতরম শব্দে মানুষের জুটতো লাঠি, গুলি, বেয়নেট আর স্বাধীনতর হয়ে শেয়ালদা স্টেশনের বাইরে গলায় হারমোনিয়াম ঝুলিয়ে সলিল যখন গাইতো "ঢেউ উঠছে কারা জাগছে..." তখনও সেই লাঠি, গুলি, বেয়নেট‌।

গানের মানে শুনে ক্ষমতার প্রয়োগ যেমন ছিলো তেমনই আছে। মিছিমিছি আমি সেদিন সবছাড়াদের সাথে ছিলাম, আর আজও তাই; তাই বোধ হয় চক ঠাকুরাণী হাট এর পরে আর এগুতে পারিনি। 

শেষ কথার আগের কথা তুই আজকে বলে এলি এই সভায়। যে দিনটা শেষ হয়েছে তাকে আর ফিরে পাওয়া যায় না।"

শিরিন অনেকক্ষণ আগেই পৌঁছে যেতো ওর বাড়িতে, কথায় কথায় রাত হয়ে গেলো। একাডেমির সামনে ও গাড়িটা দাঁড় করিয়ে শুনছিলো আমার কথা। বললো," চল্ একটু চা খাই।" আমি খুব বিব্রত বোধ করছিলাম। মনে পড়লো রোমান রাজ নিরোর কথা।

:১৫:

একটা ইল্যুশান চলছে কিছুকাল ধরে। জীবন চলছে সেই এক গতে। বাড়ছে অসহায়ত্ব, বাড়ছে বৃদ্ধাশ্রম। স্কুলগুলো ফাঁকা হচ্ছে, দুপুরের খাবার খেতে ছাত্ররা আসছেনা আর। নিরো সেদিন নাট্যাঙ্গন, উচ্চাঙ্গ সঙ্গীত কে প্রাধান্য দিয়েছিলো। এটা যৌবনের স্বাভাবিক প্রবৃত্তিবেগ। না সফল হয়নি এসব। যেদিন রাজপ্রাসাদে আগুন ধরালো সেদিন তাকে শোকে মুহ্যমান হতে হয়নি । সে তখন একাকী প্রতীকী ভাবে বেহালায় মূর্ছনায় ব্যস্ত ছিলেন। এটা শিল্পীর সত্বার প্রকাশ। আরো অনেক ভাবে এর ব্যাখ্যা প্রচলিত আছে। আমি এসব মানি না। ষোলো বছরে ষোলোআনা ফল পেতে যারা বোহেমিয়ান কথা লেখেন আমি তাদের দলের নই। এটা পারাবত প্রিয়ার দল নয়। এটা এক সংস্কৃতির পরাকাষ্ঠা বললে ভুল হবে না।

হায়রে, নবকুমারের কাঠ সংগ্রহ যেন আর শেষ হয় না। নিজের চিতার কাঠও সে সংগ্রহ করে  রেখেছে; শুধু যেন মৃত্যুর জন্যেই অপেক্ষা তার। যা স্বাভাবিক সত্য তাতে নবকুমারের মৃত্যু নেই।  

সাগ্নিক শুধু শোনে আর শোনে। ভাবার আর দরকার পরেনা। কখনো শিরিন, কখনো  রিয়াদি। সেই সেদিন চকঠাকুরাণি হাট থেকে বাড়িতে ফিরে নিজের ভুল খুঁঁজতে বসে তিনি যা বুঝেছিলেন সেটা সাগ্নিক বুঝতে চায়। 

সূর্য ডোবার পর তারারা ভিড় করে আকাশ জুড়ে। মিটমিট আলো সূর্যকে নেভাতে পারেনা। মনে হয় শিরিন বলো আর রিয়া, সবাই এই আস্তাকুঁড়ে সুবীরকে আজও আগলিয়ে রাখে। তারা আজকাল বোঝে, নিরো কেনো সেতার বাজায়, কেনো গলা ছেড়ে মার্গ সঙ্গীতে নিজেকে আবদ্ধ রাখে। এটা ভুলে থাকা নয় বরং নামান্তর।

:১৬:

নিরন্তর এগিয়ে যাওয়ার ইচ্ছে আমার হয়ে ওঠেনি তবে গন্তব্যে না পৌঁছলেও যেখানে পৌঁছেছিলাম সেখান থেকে পিছোতো হয়নি। সংসার বোধহয় এভাবেই চলতে শিখেছে।  আমি খুব কাছ থেকে যে সমাজ দেখেছি সেখানেই আমার আবাস। ছিপ দিয়ে মাছ ধরতাম। একবার একটা ঢোঁরা সাপ ধরেছিলাম। হলুদ আর কালো ছোপ ছোপ সাপটা সাঁওতাল বন্ধু বলরাজ নিয়ে গেলো। জীবন খুব বিচিত্র, আমরাও কম নই বৈচিত্র‍্যে । নাহলে কুঁচে মাছ ছাল ছাড়িয়ে, নুন মাখিয়ে রান্না? 

সেদিন যখন অন্ধকার রেলষ্টেশনে বসে সিগারেট ধরিয়ে ওখানে রাত কাটাবো ভাবছি, মনটা এক অসীম সন্তুষ্টির কাছে পৌঁছেছিলো। ফেরার ট্রেনের হুইসেল যতেক বিরক্তিকর বিষয় হয়ে উঠেছিল। প্রান্তিক ষ্টেশনে রিয়া যখন ডেকে তুললো তখন সংসারের কথা মনে পরেনি। চকঠাকুরাণি ছেড়ে যখন বাড়ির দিকে চলছিলাম মনে হলো যৌবন আজ আর নেই। আমি বৃদ্ধ হয়েছি। শরীর যেন সেই কথার জানান দিচ্ছে। থাক সে কথা।

:১৭:

বাড়ির বেলটা বাজলো। বাবাই দরজা খুলে দিলো। বললো,"সাগ্নিক এসেছে।" আমি বিরক্ত স্বরে বললাম, "এখন?"

সাগ্নিক মুখ খুললো, বললো,"দেখো কাকে সাথে এনেছি।"  বাবাই বললো,"দিদি আমার সাথে এসো।" সাগ্নিক চললো পিছু পিছু, আমি শান্তি পেলাম। ভাবলাম বাবাই না থাকলে আমি ওদের ...

:১৮:

রিয়া বললো,"ঐ দুর্যোগের  রাতে আমার মুখটা ওভাবে মুখের কাছে আনতে তোর ভয় লাগেনি?" বললাম,"কই নাতো।" "আমাকে চিনতে পেরেছিলি?" মিথ্যে বলতে পারলাম না। বললো,"তবে ওভাবে আকাশ দেখছিলি কেনো?" বললাম,"না কিছু নয়।" "সাগ্নিক আমার কথা কখনো তোকে বলে নি?" বললাম,"না।" একটু তির্যক ভাবে বললাম, "ও কেনো বলবে?" বললো,"ভালো হয়েছে না বলায়।" বললাম,"কেমন আছিস বল।" বললো,"তোকে এতকাল ছেড়ে থেকে যে আনন্দ পেয়েছি তা আমার বলার ভাষা নেই।" বললাম,"কেনো ফিরে এলি?" বললো, "তোকে ভালো রাখার জন্যে।" বললাম, "আমিতো খারাপ নেই।" বললো,"আবার গোপন করছিস?"  

মনে হলো অনন্তের পথেই আমি পথ চলেছি। সেখানে সবাই আসে যায়। পরে থাকে পুরোনো অনেক কথা ব্যাথাহীন ভাবে।

রিয়া বললো, "এবার বাবাইকে ডাকতে হয়।"











বুধবার, ১৯ অক্টোবর, ২০২২

তিনি কল্কি পেলেন

 :১:

না তিনি কল্কে পেলেন না, শুধু সেজে গেলেন সারাজীবন। কখনো শিমুল ফুলে, কখনো কাঠ গোলাপে, শেষে ছিলিমে। ছিলিম এসেছিলো বাংলাদেশের পটুয়াখালি থেকে। সেখানে খড়ের উপর বস্তা পেতে ছোবড়ার লাল আঙার দিয়ে মৌতাতে মাততো মন। এপাড়ে সেই কোন কালে আসা কিন্তু কলকে পায়নি। সাজার শেষে জুটেছে দুর্নাম। সেটাকে কম ভাবে না সে। তাই এখনো কল্কে সাজানোয় তিনি এক নম্বরে।

:২:

একদিন বীর ভূমের প্রত্যন্ত গ্রামে তার ডাক পরলো। আনন্দে চার পা তুলে ঝুলে থাকার মতন। কুমারটুলি থেকে কিনে আনলে শিমুল আর কাঠগোলাপ, পটুয়াখালির কল্কে ঘরেই ছিলো। চললেন তিনি বীরভূমে আসা নিয়ে। ভাবলেন কল্কে পাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। পৌষের ঝড়া পাতার গদিতে বসে সাজালেন নানা রংয়ের কল্কে। প্রথমে মন্ত্রী-সান্ত্রী তারপর একের পর এক মানুষের দল। কারো হাতে শিমুল, কেউ আবার সিগারেটে ভরে সুখটানে মত্ত। শেষে পুলিশ এলো। কল্কে পাওয়ার জন্যে দু'ঘন্টা ধরে হাতের তালুর ঘষায় তৈরী শেষ কল্কেটা ধরালেন কর্তাকে। মৌতাতে চোখ দুটো হয়েছিল আলতা রংয়ের। পাটালি গুড় প্রায় শেষ হওয়ার জোগার। তখনো তার কল্কে পাওয়া হয়নি। শুধু সেজেই চলেছে, সেজেই চলেছে।

:৩:

শেষে তার কল্কে পাওয়া হলো। পায়ে পড়লো বেড়ি, কোমরে পড়লো দড়ি। রক্তচক্ষু কল্কেসেবক পুলিশ তাকে ধরে নিয়ে গেলো। রাস্তার পাশে সারিসারি মানুষ তাকিয়ে থাকলো তার দিকে। সে আজ বুঝলো, কল্কে নয় কল্কি পেয়েছে। 

আকাশের দিকে তাকিয়ে তার একটা দীর্ঘশ্বাস পড়লো।


রবিবার, ১৬ অক্টোবর, ২০২২

হক কথার এক কথা

 একে একে শেষ হবে সব ঘরবাড়ি। থাকবে না চাষের জমি চাষীদের কাছে। সবকিছু নিয়ে নেবে স‍রকার বাহাদুর। বলবে শ্রম দিয়ে যাও, দু'মুঠো অন্ন পাবে তার বিনিময়ে। এটা হোলো সমাজতন্ত্রের কথা।

এবার ধরুন সরকার বাহাদুর নয় কারবারীরা এই কাজ করবে। সরকার শুধু সাধারণ মানুষের কাছ থেকে কর আদায় করে মন্ত্রী-সান্ত্রী দিয়ে ঐসব কারবারীদের রক্ষা করবে। 

এটা কোন তন্ত্র দিয়ে ব্যাখ্যা করি? এটা রাজতন্ত্র কি? না মিলছে না। তবে এটা কি স্বৈরতন্ত্র? না তাও নয়। তাহলে এটা কি? 

খবরদারি চালাবে কেউ আর ফলভোগী অন্য কেউ। মানুষকে কোন চোখে দেখছে সরকার? ফলভোগীরা কোন চোখে দেখছে মানুষকে?  কেন এমন হয়? সরকার কখন এই ভাবে চলে? কেনো চলে? কোথায় এর শেষ? কে এর শেষ কথা বলবে?

মানুষ বলবে।

তার বলারই কথা। তার প্রাপ্য তাকে বুঝে নিতে হবে। তাহলে সরকার ব্যাপারটা কি? এদের এনেছে কারা? না মানুষই এনেছে এদের। এরা আজ সমাজ ছাড়া। এরা আজ সমাজ নয় নিজের স্বার্থের কথা ভাবে অর্থশীল কতিপয় মানুষের অর্থে প্রলুব্ধ হয় ঠিক মিরজাফরের মতন। 

গোয়ালের গরু গোয়ালেই সুন্দর। তার পৃথিবী এই গোয়ালেই। মানুষের দরবারে তারা নিতান্তই অর্বাচীন। সমাজতন্ত্রীরা এই রাজন্যবর্গকে নাম দিয়েছেন ফ্যাসিস্ট। আমি আমার বোধ-বুদ্ধিতে যা বুঝি তা লিখছি।

স্কেলিটন বেরিয়ে পরেছে,

মজ্জাও নেই তোর হারে

যদিও রূপ তোর মানুষের,

বুঝে নেবো তোকে এই পাড়ে।

ওপারে যাওয়ার পথ বন্ধ

ওপারে তারাই যেতে পারে,

প্রলুব্ধ জগতে ঘর যার

স্থান নেই যমের দুয়ারে।।

:২:

জীবনের কিছু সময় সাধুসঙ্গে কাটিয়েছি। সেটা আজ বলবো। বিলাসবহুল জিবন কি, তা ওদের কাছেই শেখা। ওরা বাসে চড়ে না, সেকেন্ড ক্লাস ট্রেনের অভিজ্ঞতা ওদের হয় নি, মেট্রো রেল আছে ওরা শুনেছে তবে ওঠা হয়ে ওঠে নি। আকাশ পথে উড়ে যায় দিক থেকে দিগন্তে। ভালো লাগেনি সাধুসং। 

সাধুদের লেখাপড়া একদম রাজনৈতিক নেতাদের মতন। তারা সর্বজ্ঞ। তারা বেদান্তের সাথে মার্ক্সের সমাজতন্ত্র বিচার করতে বসে কতিপয় মানুষের কাছে। এই কতিপয় মানুষ আবার নিউইয়র্কে থাকে। সাধুদের ভাষণ শুনে সাধুবাদ বলে।

কেন এমন হলো? সাধু নামের মানুষ গুলো সাধু কি? আর ঐ কতিপয় মানুষগুলো কারা? কেন তারা সাধুবাদ কে তওবা তওবা করে ভূবন বিদীর্ণ করে? আসলে প্রচার বড় বালাই। কে করছে, কেনো করছে, স্বার্থ কিসের এসব কেউ ভাবেনা। গরীব অসহায় মানুষ একমুঠো ভাতেই সন্তুষ্ট। অসাধুরা এসব বুঝেই কিছু এমন মানুষ বানিয়েছে। 

তারা ফুল তোলে, সাজি ভরে ঠাকুর ঘরে যায়। আরাধনা করে সাধারণ গরীব গুর্ব মানুষ। সাক্ষী থাকেন নির্বাক মূর্তি। সে কথা বলেনা মাথা নাড়ে না। গুরু গম্ভীর ভাবে বসে থাকাই তার অনিত্য কাজ। তাই লেখা হয়েছিল " লাজ রাখো হরি।" না হরি তা রাখেনি।

এসব দেখার পর আমার আর সাধু হওয়া হলো না। আমি অ-সাধুই রয়ে গেলাম। ঠাকুর বলতেন আগে পাগল হতে হয়, পরে সাধু। তিনি থাকলে কিছু বলতাম, তিনি নেই তাই ষ্পর্ধা দেখাচ্ছি না।  সরল অন্তর তোমার। তাই তুমি সবার ঠাকুর। কিন্তু এরা তেমন নয়।

:৩:

অজানার সাথে মেলবন্ধন তখন হয় যখন জানা বিষয় খুঁজতে অজানাকে জানার প্রয়োজন পরে। এখন তেমন এক সময়ের মধ্য দিয়ে আমরা চলেছি। ফুটবল নিয়ে হাত ঘুরিয়ে বল হচ্ছে আর প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে বাহবা কুড়োচ্ছে খেলোয়াড়। হ্যাঁ সত্যিই খেলোয়াড় বটে। আগে ১০ওভার খেলার পর বলটা বড় দেখতো আর এখন? থাক খেলার কথা। একটু পথের কথা বলি। ঠাকুর বললেন "যত মত তত পথ।"  আজকের দিনে ঠাকুর থাকলে কি বলতেন জানি না, আমার কথায় বললে বলবো 

"বদলাই মত বদলাই পথ 

রূপ বদলাই শেষে,

অক্লেশে।"






শনিবার, ১৫ অক্টোবর, ২০২২

হরিজন বস্তি

 :১:

কেলাবাগান থেকে অটো রিক্সায় করে নামলাম রাজাবাজারে। রাজাবাজারের আগেই নামার কথা ছিলো, হরিজন বস্তিতে। হেঁটে এলাম সেখানে। রাজন আমাকে স্যার বলে সম্বোধন করলো। ও চরণ সিং এর পরিবারের লোক। খারাপ লাগলেও কিছু বলার নেই, বললাম চলুন। দেখলাম, শুনলাম, আবিষ্কার করলাম। একটা জীবিত গাছ নিয়ে অনেকের অনেক সমস্যা। গাছটাতে তখন ফুল ধরেছে। গন্ধে সবাই অতিষ্ঠ। ওটা ছাতিম গাছ। ভাবতে ভাবতে ভোর হলো শান্তিনিকেতনের ছাতিম গাছের কথা ভেবে।

:২:

এ যেনো এরকম মানুষের চিন্তন। পুষ্প বনে পুষ্প নাহি আছে অন্তরে। এসব ভেবে বললাম না, ছাতিম গাছটা থাকবে। হরিজন বস্তিতে সেদিন এক মহারোল। ঘরে ঘরে নানা পদে রান্না সাথে বাজরার রুটি। খাইনি তবে নিয়ে এসেছিলাম। মিষ্টি হাতের ছোঁয়ায় বাজরার রুটি অমৃত বললেও কম বলা হবে। রাত কাটলো দিন এলো, চললাম ঐ পথেই।

:৩:

রাজাবাজার চারমাথার মোর থেকে উত্তরে একটু এগোলেই সায়েন্স কলেজ। ঠিক উল্টো পারে লেডিস পার্ক আর ব্রহ্মবালিকা স্কুল। আরো একটু এগোলেই গড়পাড় রোড। ওখানে সলীল চৌধুরীর একটা বাড়ি আছে। ঠিক তার গা ঘেঁষে একটা বস্তি। এটাকে সবাই জেলে বস্তি নামে চেনে। ভালো নাম জগন্নাথ দত্ত লেন। বেআইনি একটা বাড়ি ভাঙার জন্যে ওদিকে যাওয়া। তবে তা হয়নি সেদিন; সাহেব বাধ সাধলেন। 



শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২

স্মৃতিকথা

 :১:

বটগাছের ঝুড়িতে দোল খেতে শিখেছি ছেলেবেলায়। একটা পতঙ্গ ধরে মুখে ঝেঁটা কাঠি গুঁজে গ্রীষ্মের দুপুরে আমরা হাওয়া খেতাম । এই পোকা খুব শক্ত পোক্ত শরীরের। কামড়ালে রক্ত আর যন্ত্রণা দুটোই খুব কষ্টের। তবুও দোল খেতে বটের ঝুড়িতে দিব্যি ইচ্ছে হতো যেতে। এখন এসব কেউ পায় না। গতি আজ অগতির গতিপথে মাথা ঝাঁকায়। পথ খুঁজে পায় না। 

:২:

বট-অশ্বত্থ গাছের পাসেই একটা খড়কল। এখানে খড়কাটা হয়। ঠিক তার পিছনেই একটা স্থলপদ্মের গাছ। সকালে ফুল ফোটে রঙিন, দুপুরের পর রং বদলে সে সাতরঙের এক রং। পাশেই বাবলাদার বাড়ি। ওদের জমির পরিমাণ অনেক তব সবটাই বাঁশ ঝারে ভরা। ওটাকে সবাই নাম দিয়ছে সাপের আড়া। বিশাক্ত সাপের বসবাস সেখানে। এর পর রেল কোম্পানির জমি। জমি নয় কাটা খাল। আধুনিক ভাষায় এর নাম নয়ানজুলি। রেলপথ উঠে গেছে  অনেক কাল আগে। তবে রেল লাইন নামটা রয়ে গেছে। 

:৩:

সে বছর বাঁশ বাগানে ফুল ফুটলো। বাঁশ ফুল ইঁদুরের বড় প্রিয়। এই খাবার পেলে জীবন বাজি রেখে চলে আসে বাঁশ বনে। একথা গোখরো, কেউটেরও অজানা নয়। তাই বাঁশের ফুল ফোটার পর শুরু হয় সাপের উপদ্রব। গ্রাম উজাড় হয় মৃত্যুর মিছিলে। বাঁশ গাছে ফুল এলে গাছ গুলো দেহ রাখে সাথে নিয়ে যায় গোটা গ্রামটাকে। সাপের দলও বাসস্থান হারায়। 

বাঁঁশ গাছে ফুল ফোটা মানে সমাজের অকল্যাণ।

:৪:

না না করেও প্রায় তিন দশক পরে এলাম আমার জন্মভিটেতে। সেদিন মানুষজনহীন এই গ্রাম ছেড়ে পালিয়েছিলাম শহরে। পৌঁছে দেখি মেজমামী মারা গেছেন, মদনদা, দুলালদা, কেষ্টদা কেউ নেই। বেশো দি  হাঁটতে চলতে পারে না। তবে চিনে ফেললো আমার কথা শুনে। এমন আদর কে পেয়েছে জানি না। চোখ আমার বাঁধ মানলো না। জল ভরা চোখে বললাম দিদি আমি এসেছি।

বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২

দারিং সাহেব না ফড়িং মুনি


দারিং সাহেব না ফড়িং মুনি

 :১:

লাগেজ গুছিয়ে নিয়ে দিন গুনছিলাম। অনেককাল খোলা আকাশ দেখা হয়নি। তার উপর চৈত্র থেকে আশ্বিন এবছর গরমের ভ্রুকুটি। কোনো পোশাক পরে শান্তি নেই। সেগুলো কখনো কড়কড়ে কখনো চিটচিটে। চামড়ায় ভেগনো ধরছে আবার সূর্যের উত্তাপে ট্যানড হচ্ছে। মনের শক্ত বুনিয়াদ ভেঙে পরেছে প্রকৃতির পায়ে। মিনতি শুনতে চায়নি সে। বিজ্ঞজনেরা অনেক কথা বলেন। কখনো এলনিনো, কখনো বিশ্ব উষ্ণায়ণ আরো বেবাক অজানা শব্দ। যাওয়া হলো না কোথাও। সমুদ্র-পাহাড় সবাই যেনো হাঁ করে আছে প্রাণ নিতে। তারা আর চায় না আমাদের। কারণ, আমরাই তাদেরকে কলুসিত করি। বেড়ানো হলো না। লাগেজ গুলো ধুলোয় ভরে উঠলো ঘরে বসে বসে।

:২:

আমার মেয়ে একটা নতুন পরিকল্পনা করেছে। উড়িষ্যার দারিংবাদি ঘুরতে যাওয়ার। জায়গাটা মনে হলো মন্দ নয়। সেখানে ডিসেম্বরে তুষার বৃষ্টি পাওয়া যায়। টিকিট কাটবো উড়িষ্যার বেরহামপুর পর্যন্ত। ঝিকঝিক করে সেখানে পৌঁছনোর পর চারচাকায় যেতে হবে প্রায় ১২১ কিলোমিটার। এটা পার্বত্য এলাকা, নাম দারিংবাদি। হোটেল খরচ বেজায়। এটা একটা হিল ষ্টেশন। ইংরেজ রাজের কাজ কারবার থেকেই একে আজ সবাই চেনে। জানি না কখন আবার কোনো অশিক্ষিত ভারতীয় প্রশাসক দারিং সাহেবের নামের জায়গায় ফড়িংমুনির নাম দিয়ে দেবে। ফড়িং টরিং নাম হওয়ার আগেই আমরা যাচ্ছি সেখানে। কপালে থাকলে ডিসেম্বরে তুষার বৃষ্টি পাবো।

বুধবার, ১২ অক্টোবর, ২০২২

রসায়ন তত্ত্ব

 :১:

দেশবন্ধুর অকালপ্রয়াণ ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে এক অন্ধকার অধ্যায় বয়ে এনেছিলো। উনি থাকলে স্বাধীন ভারতবর্ষে মহাত্মা আসতেন না। ভারত ভারতবর্ষ থাকতো, বিভাজিত হতো না। এটা আজ এই বাংলা বোঝে। মহাত্মা না থাকলে সুভাষচন্দ্র বোস ম্যালাইন হতেন না। দরকার হতো না নতুন দল গঠনের। স্বাধীন ভারতবর্ষে হিন্দু-মুসলিম মেরুকরণ স্তব্ধ হতো। এদেশে থাকতেন না জওহরলাল আর ঐ দেশে থাকতন না জিন্নাহ্ মহাশয়। সবাই থাকতেন এক ছাতার তলায়। একটা স্বাধীন সুস্থ্য ভারতবর্ষে থাকতাম আমরা সবাই। এই দেশ হতো পৃথিবীর বৃহত্তর গণতান্ত্রিক রাষ্ট্রশক্তি। যাক যা হয়নি তা ভেবে আজ আর লাভ নেই। একটু চিন্তা হয় এখন, দেশে এখন আবার নতুন করে মেরুকরণ চলছে। অনতিক্রমে হিন্দু রাষ্ট্রের প্রতি তার অভিমুখ। বাঙালিরা চিরকাল ধর্মনিরপেক্ষ নীতিতে বিশ্বাসী। ইতিহাস এ কথা স্বীকার করে। হিন্দুরাষ্ট্রে বাঙালী জাতিকে ম্লেচ্ছ হিসেবে দেখা আশ্চর্যের নয়। আমি এভাবেই ভাবছি।

:২:

এবার একটু রসায়নে ফিরতে হয়। স্বাধীনতার অমৃত মহোৎসবে লালকেল্লার সামনে দাঁড়িয়ে যে বরিষ্ঠ ভাষণ শুনেছি সত্যিই তা নিয়ে রসায়ন করা যায়। জৈব রসায়নে তিনি যে নীতির কথা বলেছিলেন সেটা এক অবিনশ্বর সত্য। আমি মার্কোভনিকভ এর নিয়মের কথা বলছি। এটা ইংরেজিতে লিখলে বুঝতে সুবিধা হয়। " Negative part of the addendum will add at that carbon atom which contains the least number of hydrogen atom." এক প্রায় চরম সত্যের দিকে তার আহ্বান। তবে সে ঋনাত্বক। সমাজের এই নেগেটিভ শক্তি আজ দেশ চালাচ্ছে। এই বৈচিত্রের দেশে এটা এক বিপজ্জনক বিষয়। যদি এই সূত্রের সম্প্রসারণ হয় এই ভারতে, যুক্তরাষ্ট্র থাকবে কি? আমি মনে করি থাকবে না। ব্রিটিশ রাজ মালা গেঁথে দিলো, আর ছিঁড়ে খন্ড বিখন্ডের দিকে এগোচ্ছে এই রসায়ন।

:৩:

আসলে মার্কোভনিকভ এর রসায়নে সঠিকভাবে চললে সমাজবিজ্ঞানের উত্তোরণ এক অনিবার্য বিষয়। তার তত্ত্বের প্রয়োগ আমাদের ভাবাচ্ছে। যস্মিন দেশ যদাচার একথা অবৈজ্ঞানিক। স্থপতি যেই হোক দূরদৃষ্টিতে তাঁর খামতি দেখা যায়। যখন মনুষ্য সভ্যতা প্রতিপাদ্যের বিষয় তখন দেশ থাকে কি? না থাকে না। যদি তা থাকে তা মানব সভ্যতার বিরোধী এক চিন্তা। যে চিন্তার আধারে এই নতুন দেশ, নতুন জাতি, বর্ণ, গন্ধ, ধর্মের মূলাধার; বিজ্ঞান সেখানেই আজ আঘাত করতে চায়।

আমি একজন বিজ্ঞানের ছাত্র হিসেবে সেই স্বপ্ন দেখি।


মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২

সন্নিষন্না

 :১:

এটা আমার ছাত্র জীবনের কথা। পড়াতেন শিক্ষক-শিক্ষিকা আবার মাঝে মধ্যে স্কুলের করণিকও ক্লাস নিতেন। বাড়ির লোকেরা আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করতো ' তাহাদের কথা।' তাহারা মানে যারা স্কুলে পড়াতেন। বলেও ফেলতাম বাড়িতে। অমুক মাষ্টার পেটান, তমুক মাষ্টার পেচ্ছাপ করার, জল খাওয়ার স্লিপ লেখান, তবে ইনি খুব ভালো বোঝান। আমাদের পাশে এসে বসেন, খাতা দেখেন, যেটা ভুল সেটা ঠিক করে দেন আর বলেন, "হ্যাঁরে উনি এসব দেখেন নি?" সত্যিই তিনি দেখতেন না। আমরা আমাদের মতন করে পড়তাম, বুঝতাম, লিখতাম। বাড়ির লোক কখনোই এ বিষয় নিয়ে মাথা ঘামাতো না। মেধা একারণেই নিজেকে প্রতিষ্ঠিত করতে পারত। অযোগ্য কিছু লোক এ দেশে সেদিন থেকেই আছেন শিক্ষকতায়। তাই শিক্ষায় ব্যায় বরাদ্দ কখনো বাড়াতে হয়নি। তল্পি বওয়া রাজনৈতিক দলের অশিক্ষিত ছাগলেরা শিক্ষক হয়েছে। ভাগ্যিস ছাত্র পেটানো বন্ধ হয়েছে। মানবাধিকার কর্মীরা এই জল্লাদদের প্রথম চিহ্নিত করেছিল, আমার দৃঢ় বিশ্বাস।

:২:

অলীক কিছু লিখতে বসিনি।। বাস্তবতার নির্মম সত্যি এখন লিখছি। আমাদের সময় চার ক্লাসে একটা সরকারি পরীক্ষা হতো। ওটার নাম ছিলো বৃত্তি পরীক্ষা। তবে মাষ্টার-মাষ্টরনিরা বলতেন বিত্তি পরীক্ষা।  থাক এই হক কথা। এবার জুনিয়র হাইস্কুল পর্বের গল্প লিখবো।

তখন সবেমাত্র নিজের মতামত বলতে শিখেছি। হেডমাস্টার খালি সিগারেট ফোকেন, বিজ্ঞান বিভাগের মাষ্টার বার বার চা পান করেন আর ভাষা বিভাগের মহামহিম যারা তারা কখনো কখনো স্কুলে আসেন আর ব্যাকরণ আর ব্যাকারণ বুঝিয়ে টান টান ধুতি পাঞ্জাবি ঝেড়ে নাকে এক টিপ নস্যি নিয়ে রিক্সায় বসে পলায়ন। আজ সেইসব অকৃতদার বুদবুদের কথা মনের আসে। এখন বুঝি এরকম কেনো হয়?

:৩:

সেই সে বিদ্যাসাগরের কথাই বলতে ইচ্ছে হলো। "ববর চরণ নমস করণ টক ন পঠত ভত ভত মরণ"। এটা এক আকাশের নিচে দাঁড়িয়ে অন্য আকাশ দেখা। অশিক্ষিতের সাধারণ শিক্ষার আধারে বিদ্যাসাগর মহাশয় তির্যক ভাবে অশিক্ষিতের ভাবপ্রকাশের ব্যাখ্যা দিয়েছেন। এই আধুনিক যুগে আমি কি করবো বুঝে পাই না। না পাচ্ছি। অসামান্য কিছু কথায় আর ব্যাথায়। চোখের জলে ভেসে যায় পাহাড়-পর্বত। হড়পা বান নেমে আসে সমাজের অভ্যন্তরে। রাস্তায় বসে কাঁদছে জানিনা কারা। একটুখানি বলতেই পারি আমরা‌, দেখি তুই কেমন পড়াস।

শিক্ষকদের নশ্বরতা দেখবো এবার।


সোমবার, ১০ অক্টোবর, ২০২২

চড়িয়াল খাল এক নর্দমার নাম

:১:

আমার বাড়ির সামনেই সে অবস্থান করতো। দীর্ঘ তিরিশ কিলোমিটার তার দৈর্ঘ‍্য, প্রস্থ আর নাব্যতা সেভাবেই তৈরী হয়েছিল। এটা নিকাশি পরিকল্পনা। স্থপতি ব্রিটিশ রাজ। এখন সেই নিকাশি খাল প্রায় তিনশো মিটার দূরে সরে গেছে। না ভুল লিখলাম। প্রস্থের অংশে এখন বসতি তৈরী হয়েছে। কে এসব করলো? কেনো এমন হয়? আমরা জেনেও চুপ থাকি। প্রশাসকের যুযুধান কাজের বিরোধিতা করবে কে? বরং বর্ষার সময় রাস্তায় প্যান্ট গুটিয়ে হাঁটা অথবা জমা জলের প্রকোপে ম্যালেরিয়া অথবা ডেঙ্গু হয়ে বেসরকারি হাসপাতালে পরে থাকা অনেক সুখের। এখন চড়িয়াল খাল নর্দমায় পরিণত হয়েছে। নিকাশি খালের জমিতে ঘর-বাড়ি গজিয়েছে। পরিকল্পনা মাফিক ভূগর্ভস্থ নর্দমার নির্মাণ চলছে। পাম্পিং স্টেশন হচ্ছে। জল এবার মাধ্যাকর্ষণের বিরুদ্ধে দৌড়বে আর আমরা এইসব মধ্যযুগীয় অসুস্থ‍্যতা থেকে মুক্ত হব।

:২:

বগল বাজাতে শিখতে হবে এই বুড়ো বয়সে। কৈশোরে দেখতাম এসব, একবার চেষ্টাও করেছিলাম। স্বশব্দে বেজেও উঠেছিল আমার বগল। ঠাকুরদার এক থাপ্পড়ে বুঝতে পেরেছিলাম কিছু অন্যায় করেছি। হ্যাঁ সত্যিই তাই। মা বুঝিয়ে বললেন এটা অসভ্যতার প্রকাশ। সভ্যেরা হাততালি দিয়ে সমর্থন জানায় আর বাকিরা..... না থাক। আসল কথা হলো এই নতুন ব্যবস্থাপনা দেখে সকলেই বগল বাজাচ্ছে আর আমি প্রথমে দেখেছিলাম আন্ত্রিক রোগে আক্রান্ত মানুষ আর এখন ডেঙ্গু, ম্যালেরিয়া। বিজ্ঞানীরা ভুল বকেন। আমরা পরিকল্পনামাফিক ভাইরাস আর ব্যাকটেরিয়াকে ভূগর্ভে পাঠাতে বদ্ধপরিকর। তাই এই বৃহৎ কাজের স্বার্থে সাময়িক কিছু ক্লিচ্ছসাধন মেনে নিয়ছি। 

দেখা যাক প্রকৃতি মানে কি না?

রবিবার, ৯ অক্টোবর, ২০২২

বিশ্বস্ত শ্রমিক

 :১:

পায়ে পায়ে রাস্তায় পৌঁছানোর ইচ্ছে ছিলো, হলো না। ওদিকে সন্ধ্যাতারা আর এদিকে ইট ভাটার চুলা জ্বালিয়ে বাড়ি পৌঁছনোর তাড়া। এটা নদীর পাড়। সূর্য ডুবলেই সন্ধ্যা নামে। হিম পরে বর্ষার পর হেমন্তে। মাঠে জল থাকে, ব্যাঙ ডাকে। গঙ্গাফড়িং এর ডাক শুনলে মনে হয় সেই ঝিঁঝিঁ পোকার কান্না। এক পশলা বৃষ্টি হলো। আকাশের দিকে তাকালাম।  তারার ঝাঁক বলেলো 'হে পান্থ! হেঁটে চলো।' সমস্ত দিনের ক্লান্তি এক শব্দে দূর হলো। শুরু করলাম পায়ে হেঁটে পথ চলা, আকাশের তারাদের সাথে।

:২:

তারারা ওকে পথ চেনায় না,  ও ওর চেনা পথ ধরে চলে আর তারা দেখে ছোটবেলার কথা ভাবে। আকাশের উজ্জ্বল নক্ষত্র দেখে অনেকে বলে এটা আমার মা, আবার অন্য কোনো একজন বলে আমার দাদু। ও এসবের ধার ধারে না। শুধু কোথায় কার থাকার কথা, কে স্বাতি, কে রোহিনী, কে লুব্ধক এসব খোঁজে আর নিজের কিশোর জীবন খুঁজে পায়। কোলকাতা শহরের আলোয় এসব দেখা যায় না।

:৩:

ঐ দিন আর ফেরা হলোনা শহরে। ইটভাটার অফিসে থাকতে হলো। পাশেই রূপনারায়ণ আর হুগলীর মেলবন্ধন। অমাবস‍্যার কোটাল সবে গেলো। ভ্রাতৃদ্বিতীয়ার সন্ধ্যা। চাঁদের আর সারা নেই। সে বুঝলো এই রাতে সে উল্টো দিকে আলো দিচ্ছে। মান্তুকে ডাকলো। মান্তু এই ইটভাটার শ্রমিক। প্রিয় পাত্র মালিকের। বাংলা হরফে মন্টু কিন্তু ওকে মান্তু বলে ডাকতাম। মান্তু সেদিন সাহেবের অপেক্ষায় ছিলো। 

:৪:

সাহেব নদীর কিনারায় বসে জাহাজের ঢেউয়ে নৌকো গুলোর নদীর পাড় ঘেঁষে দাঁড়িয়ে পাড়ের সাথে ধাক্কা খাওয়া দেখছিলো। মান্তু একবাটি মুড়ি আর দু'টো বেগুনি দিয়ে গেলো। সাহেব নিজের মনে হিসেবের খাতা দেখে চলেছে। কপালে পিস্তল ঠেকিয়ে কোনো এক অর্বাচীন বললো, বাদ দিন হিসেব কসা। সাহেব মান্তুকে ডাকলো। মান্তু হাসতে হাসতে এলো। বললো ওরা আমাদের লোক।





শনিবার, ৮ অক্টোবর, ২০২২

নপুংসক

 ভাবছিলাম জমানো পয়সায় একটা মন্দির বানালে কেমন হয়? মা বেঁচে নেই, থাকলে নির্ঘাত বলতেন না ওসব করিস না। বাবা থাকলে বলতেন মন্দির আর মদের দোকান করিস না। এই ব্যবসা রাজনীতির ব্যাপারীরা করে। বন্ধুরা এসব কথা পড়ে বলতে পারে অনেক কিছু, কিন্তু বলবে না। ধর্ম আর রাজনীতি নিয়ে কিছু বলা নিষেধ। ওরা জানে এই চরাচরে বৌ-বাচ্চা বাদ দিয়ে কিছু না করাই আজকের সমাজে দস্তুর। আর আমার বামন বন্ধুরা তওবা তওবা করবে কারন বুড়ো কলম ধরেছে। আমার গিন্নী নির্দ্বিধায় বলবে লিখতে পারো তাই লেখো, যারা লিখতে শিখেও নিরক্ষর তাদের প্রতিবাদ তুমি তোমার লেখাতেই বুঝে নিতে পারবে। মেয়ে এখন তৃতীয় বর্ষের ছাত্রী। দুর্নিবার সাহসী। ও মুচকি হাসিতে বুঝিয়ে গেলো ওর সম্মতি। আলিপুরদুয়ার থেকে মেয়ের পিসাদাদু মাঝরাতে মোবাইল ফোনে নাতনিকে বললো, মা বাবাকে বারণ কর লেখালেখি করতে। তুই বড় হচ্ছিস তোর বাবাকে এটা বুঝতে হবে।

মেয়ে সেদিন একথার উত্তর দেয়নি। বাবাকে একথা জানায়নি। পূজোর পর যেদিন কলেজ খুললো সেদিন বাড়ি ফেরার পথে জনা কয়েক ওর গা ঘেঁষে হাটছিলো। ওর তেমন কিছু মনে হয়নি। যখন গাল পেড়ে বললো বাপকে বলিস আমরা তোকে চিনি তখন একটু ভয় পেলো আর যখন হাত ধরে টানাটানির উপক্রম তখন ও নিজের আকার ধারণ করলো। যুযুৎসুর প্যাঁচে এক বাদ দিয়ে এক। 

এই শিক্ষা ওর ছাত্রী বয়সে। শিক্ষার সাথে এসব শেখা সেই সময়ে। বাড়িতে ফিরতে দেরি হচ্ছে বলে গিন্নী আমাকে বললো একটা ফোন করো তো। না দরকার পরেনি। থানেদার আর মেয়ে দরজায় দাঁড়িয়ে। আমি উদ্বিগ্ন ভাবে তাকিয়ে ওদের দিকে। শত প্রশ্নে মন আমার ক্ষতবিক্ষত। 

মেয়ে আমার ঘোর ভাঙালো। বললো, বাবা তুমি লিখে যাও। তোমার লেখা আমাকে খরস্রোতা নদীতে সাঁতার কাটতে শেখালো। আমি আরো শিখতে চাই।

থানেদার আমার দিকে তাকিয়ে নির্বিকার।

শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২

মুনি মুশিক কথা

:১:  

লর্ড কার্জনের নামে বহাল তবিয়তে তাকে আমরা পেয়ছি। সে ইতিহাসের সাক্ষী হয়ে আজও বেঁচে আছে এই কোলকাতায়। এই মহামহিম বাংলাকে দু'খন্ড করেছিলো ১৯০৫ সালে। বাংলার মানুষ এটা মানতে পারে নি। প্রতিবাদের ভাষা বাংলা থেকেই শুরু। ১৯১১ সাল। বঙ্গভঙ্গ রদ করা হলো। কোলকাতার রাজপথে চলাফেরায় ভয় পেয়েছিলো ব্রিটিশ রাজ। রাজধানী নিয়ে হাঁটা দিলো তারা এমন এক জায়গায় যেখানে বাংলার ছোঁয়া পৌঁছবে না। পৌঁছেছিলো স্বাভাবিক নিয়মে। তাই দৃপ্ত কন্ঠে স্বাধীনোত্ত্বর ভারতে সুভাষচন্দ্রের আহ্বান, চলো চলো, দিল্লি চলো।

:২:

সেই কার্জনের নামেই তৈরী হয়ছিল কার্জন পার্ক।  টিকিধারী ট্রাম এখানে এসে তার পথ পরিবর্তন করত। ছুটে চলত ভোর চারটে থেকে রাত বারোটা পর্যন্ত। কার্জন সাহেবের পার্কে দিব্বি রাত কাটাতো, দিন কাটতো রাস্তায় রাস্তায়। নব্বই এর দশকে এই পার্কের উত্তর পশ্চিম কোণে ছিলো ইঁদুরের বসতি। মানুষ এখানে এসে খাবার দিত। কেউ বাদাম, কেই ছোলা, আবার বড় লোকেরা মানে ব্যবসায়ীরা দিত নানা ধরনের ফল। ইঁদুর পোষার দিন ছিলো সেটা ব্যবসায়ীদের কাছে। এখন ঠিক উল্টোরথ চলছে। মাসির বাড়ি থেকে মম মন্দিরে।

:৩:

এই বিদর্ভ নগরে পূর্বমুখী গেট আর দক্ষিণমুখী অট্টালিকার সামনেই ইঁদুরের আনাগোনা। এরা কখন এলো, কোথা থেকে এলো, কেনোই বা এলো, কে এদের আনলো, কেনো আনলো এ কথা কেউ জানে না। আর এখন এরা কোথায় গেছে, কেনো গেছে, কে নিয়ে গেছে, কেনো নিয়ে গেছে সেটাও কেউ জানে না। কার্জন পার্কের নতুন নাম নিশ্চই ইতিমধ্যে তৈরী হয়েছে। হয়তো ইঁদুরের নামেই হবে সেই নাম সাথে যুক্ত হবে সেই অবিভক্ত বাংলার নাম। আমি সেই হিসেবেই না দিচ্ছি। মেট্রোর সাথে মুশিকের একটা মিল পাই, এদের দু'জনেরই সৌষ্ঠব মাটির তলায় ।সেই হিসেবেই মেট্রোরেল স্টেশনের নাম হতেই পারে, "মুনি মুশিক কথা।" 

বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২

ঘুম ভাঙানো হুইসেল

বোমাবাজি চলছিলো রাত থেকে। ঘরবাড়ি সব সাফ হলো আগুনে। ফলন্ত সব্জির খেতে পরেছিলো বলরাজের দেহ। ও ঐ খেতের প্রহরী। উচ্ছে, লঙ্কা বেগুন এবছরে আর ফলবে না। সব মাটিতে মিশে গেছে। সবে মাত্র ফুল আর বাঁধা বসিয়েছিলো। সেগুলোও নেই। পুকুর পাড়ের কলাগাছ গুলো ঝুলে পরেছে পুকুরের দিকে। অক্ষত চেহারায় একাই দাঁড়িয়ে আছে ইউক্যালিপটাস। সে হা-হুতাশ করছে বারুদের গন্ধে। সে এই গন্ধ চেনেনা।

লিখতে মন লাগছে না তবুও লিখতেই হয়। তুলসীর মঞ্চটাও উড়িয়ে দিয়েছিল বোম মেরে। এটা ওদের কষ্ট দেয়না। বলরাজের নিথর শরীরটা ঠিক ওখানেই পরেছিলো। মায়ের শুকনো চোখ ছেলের মাথায় হাত দিয়ে চুপ করে চেয়েছিলো আকাশের দিকে। কালো গাইটার দু'চোখ জলে জল জল করছে। বলরাজ ওকে চারবেলা খাওয়াতো।

বলরাজের মা সেদিন এতো কিছু ভাবেনি। বসেছিলো শালবনি ষ্টেশনে। ভেবেছিলো মহুয়া ফুল কুড়িয়ে, ভাত পচিয়ে, মাদলের সাথে নাচতে নাচতে বলরাজকে ফিরিয়ে আনবে। কিন্তু মহুয়া ফুল ফুটলো না, হাঁড়ির ভাত গুলোতে পিঁপড়ে ধরলো আর মাদলের বুকে ছাতা ধরলো। এটা একটা ভাবনা। ভাবতে ভাবতে চোখ লেগে গেছিল ওর। দুরন্ত গতিতে হুইসেল বাজিয়ে ট্রেনটা চলে গেল। এক ঝটকায় সেই যে ঘুম ভাঙলো এর পর আর ঘুম আসে নি ওর।


বুধবার, ৫ অক্টোবর, ২০২২

প্রবন্ধ

 :১:

প্রেম পরিণয় ইত্যাদি একটা বিজাতিয় সংস্কৃতি। এদেশে সে ছিলো না। সে আমদানিকৃত। আমাদের সমাজে স্নেহ ছিলো, ভালোবাসা ছিলো শ্রদ্ধা ছিলো, নারী-পুরুষের যৌবনের আহ্বান ছিলো তবে প্রেম থেকে পরিণয়ে উন্নীত হওয়াটা ছিলো না। ওটা ইমপোর্টেড। লেখক, শিল্পী, ঔপন্যাসিক সমাজ নিয়েই ব্যাস্ত ছিলেন তার লেখায়। প্রকৃতি ছিল লেখার এক বড় সম্পদ। এদেশের লেখকেরা মূলত প্রকৃতি আর সমাজকেই ব্যবহার করেছেন ন্যারেটিভ হিসেবে। আর আমদানি করা প্রেম বস্তুটা অপসাহিত্যে প্রভাব বাড়িয়েছে। সাহিত্য দিনদিনে লুচ্চার ভালোলাগার বিষয় হয়ে পরেছে। আরো একটু এগিয়ে বললে বলতেই হয় সাহিত্যের বাজারি হওয়ার প্রধান উপকরন হলো প্রেম।  আসলে সামাজিক অবস্থানের উপর নির্ভর করে এগিয়ে চলে সংস্কৃতি। 

:২:

একটু গোড়ার কথা বলি। বিদেশী সাহিত্য আমরা যখন পড়ি তখন নিজের সাথে তার মিল খুঁজি। মিল পেলে মনে গাঁথে না হলে নয়। যেমন খেতে বসে ডাল, ভাত, তরকারি, মাছ ইত্যাদির বদলে যদি পোড়া মাংস, যা আজকের ভাষায় তন্দুর আর রুটি, অথবা বাঁধাকপির ঝোল আর রুটি, কিংবা তরমুজ আর শুকনো রুটি  পাতে দেওয়া হয় তা কখনোই মুখে রুচবেনা। সাহিত্যও একেবারে সেরকম। তাকে সুস্বাদু হতে হবে সমাজের নিরিখে। আমি সাহিত্য বা সাহিত্যিক কোনো কিছুকে ছোটো বা বড়ো বলতে চাইনা। শুধু এটুকুই বলছি, দেশ ও কালের বিষয় অত্যন্ত প্রাসঙ্গিক। না হলে  ভ্রান্তিবিলাশ তৈরী হবে।

:৩:

আমরা যে সাহিত্যে আজ সমৃদ্ধ তার শুরু সেই বঙ্কিমচন্দ্র থেকে। এর পর যারা আমাদের কাছে প্রতিনিয়ত আসেন তাঁরা রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র এবং বিভূতিভূষণ। তাঁদের লেখায় যে প্রেম সেই প্রেমেই আমরা আপ্লুত হই। অনেকে বলবেন ওটা নৈস্বর্গিক। না তা নয়। একটু গভীরে যেতে হবে। রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নারী সমাজকে যে উচ্চতায় নিয়ে যেতে চাইতেন সেই ভাবনার প্রতিফলন মেলে ঐসব সাহিত্যের প্রেমে। এটা আমাদের সংস্কৃতির বৈশিষ্ট্য। 

আধুনিক সাহিত্য এ সবে ধার ধারে না। বিজ্ঞানের গতির সাথে সাহিত্য-সংস্কৃতির গতি মাপলে ভুল হবে। সাহিত্যের এক দিন বিজ্ঞানের একশ বছরের মতন। তাকে চলতে হয় ফুল, ফল, মাটি আর প্রকৃতিকে একসাথে নিয়ে। সে পরিবার নিয়ে চলে। বিজ্ঞান তার কাছে একজন ফ্যামিলি মেম্বার। আধুনিক সাহিত্যিকদের এই কথাটা বুঝতে হবে।



মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২

লেখক আগে না পত্রিকা?

 :১:

এবছর কোনো পূজো সংখ্যা নেইনি। এগুলো আর আগের মতন নেই। আকর্ষনের বদলে বিকর্ষণ বেড়েছে। পুরোনো প্রবাদ অনুযায়ী রিজেক্ট করলাম এবছর। পুঁটি মাছ মাছ, রুই মাছ মাছ, কাতলা মাছ মাছ, সব মাছই যে মাছ একথা মানলে; ছাগলের দাড়ি আর রবীন্দ্রনাথের দাড়ি এক হয়ে যাবে। তাই বন্ধ করলাম। 

:২:

পূজোতে লেখা এখন অনেকেই লেখেন। যাদের এই সব বাজারী আনন্দ বা অন্যান্যরা দেখতে পান না। সবাই বাজারী হতে চায় না। আপন সত্ত্বাকে বাজারী করতে চায় না। তারা দেহপ্যোদগ্ধা নন। তারা লেখেন লেখার তাগিদে। যা সমাজে প্রস্ফুটিত হয় নতুন এক প্রত্যয়ী মানুষ হিসেবে। 

:৩:

দেশ পত্রিকা নেওয়া বন্ধ করেছি বছর দুই আগে। আর আনন্দ সম্মান বিষয়টা পঙ্কে নিমজ্জিত বুঝেই এই সিদ্ধান্ত। আমি এত বিজ্ঞ প্রাজ্ঞ নই। তবে সাদা কালোর বিভেদ বুঝি।

:৪:

ঠাকুর নরেন কে বলতেন কিরে কিছু চাইবি? চাইতেন। পাগলা ঠাকুর বলতো কি চাইলি বলবি? নরেন বলতো বিবেক আর বৈরাগ্য। ঠাকুর অবাক হয়ে তাকিয়ে থাকতেন। তিনি মনে মনে বুঝতেন তিনি সফল। এসব বলা আর না বলায় কি আসে যায়? শিক্ষা আর সংস্কৃতির অবক্ষয় যাদের দ্বারা সংগঠিত তাদের কাছে ভালো কিছু কি আশা করা যায়? 

:৫:

নেট দুনিয়ার দৌলতে এমন একদিন প্রায় আগত, যখন মানুষ এদের বাদ দিয়ে নিজের কথা নিজেই সবার সামনে লিখতে পারবে আর এই সব লোলুপেরা বিলুপ্ত হবে। এটাই আমার কাছে আজ দস্তুর।



সোমবার, ৩ অক্টোবর, ২০২২

পূজো আলাপন

:১:
চার দশক আগে বসন্ত এসেছিলো। কলেজ জীবন আজও খুব উপভোগ করি। আমরা মানে আমি আমার বন্ধুরা খুব আনন্দে থাকতাম পূজোয় তিনদিন। পূজো তো তিন দিনের। এখন পনেরো দিন। আমি ঐ তিনদিন কি ভাবে কাটতো সেটাই লিখবো। প্রথমদিন আমার বাড়িতে আমরা সবাই। এটা ছিলো গানের আড্ডা। এটা আমার মা এর জন্য। মা খুব সুন্দর গাইতেন। আমার বন্ধুরা গলা মেলাতো তার সাথে। এভাবেই সন্ধ্যা গড়াতো। মা ফাস্টফুড বানিয়ে দিতো। ওটা সেকালের বানিয়ে দেওয়া লুচি আর ছোলার ডাল। দুপুর কেটে যেত এসবেই। তারপর আমরা একসাথে বসে ভাত, ডাল, ভাজা আর মাছের ঝোল দিয়ে হৈ হৈ করে একসাথে বসে সপ্তমীর দিন শেষ করতাম। সবাই সাইকেল চেপে ফিরে যেতো পরের দিনের অপেক্ষায়।
:২:

এদিন অরূপের বাড়িতে। ওর মা বাণীচক্রের সঙ্গীত শিক্ষিকা আর বাবা মার্গ সঙ্গীতের শিল্পী। আর আমি? আমি তখন অ-আ-ক-খ শেখা সেতারবাদক। আর এক বন্ধু সুব্রত বেহালা বাজাতো। আমরা দুজন সেদিন মেগাস্টার আর অরূপ ওর মাকে সাথে নিয়ে গানের লড়াই করতো। অরূপের বাবা আমাকে বলতো গো-হারান হারবি। কিন্ত হারিনি কখনো। এক বন্ধু কথা লিখলো আর আমি আর সুব্রত সুর দিয়ে তাৎক্ষনিক গান তৈরী করলাম। কিস্তিমাত। ফিরে যেতাম যে যার আস্তানায়।

:৩:

এটা পন্ডিতের বাড়ি। নাম মানিক। ওর মা খুব ভালো রান্না করতো। ইলাদি মানে ওর দিদি ছিলো নাট্যরসিক। মানিকও কম যেতো না। ওর বাবা থাকতো বিদেশে। ভয়েজ শেষ করে কালে-ভদ্রে আসতো। মানিক শুরু করতো কিছু একটা নিয়ে, তাল মেলাতো সৌভিক আর সাথে থাকতো মিতা। পরবর্তীতে মিতা আর মানিক সংসার পাতলো। সে সংসার ভেঙে গেছে। মানিক এখন স্কটল্যান্ডে আর মিতা? এসব পরে বলবো।

:৩:

আজ নবমীর প্রাক্কালে যৌবনের প্রাচুর্যের কথা ভাবছি। ভাবছি দূর্গাপূজোয় আমরা থাকতাম আমাদের আনন্দে। এ এক বাৎসরিক আনন্দ। অপেক্ষা করতে হত বারোটা মাস। এখন এসব নেই। তিনি আসেন, থাকেন আগের মতন তিনদিন কিন্তু এটা এখন মোচ্ছ‍ব। 

:৪:

বলতেও ভালো লাগে আজ আমরা বন্ধুরা খুব কমই একসাথ হই। কফি হাউসের আড্ডাটা সত্যিই আজ নেই। পন্ডিত স্কটল্যান্ড, অরূপ নাইজেরিয়া, শিলা আছে সুইডেন। কোলকাতায় বেশ আছি আমি। স্মৃতিতে স্মরণ করি কফিহাউসের আড্ডাটা।

রবিবার, ২ অক্টোবর, ২০২২

এটা মনে হল

 এটা এখন অভ্যাসে পরিনত হয়ছে। কখনো বিবেকানন্দ, কখনো ব্রহ্মানন্দ আবার কখনো সর্বপ্রিয়ানন্দ। এটা বেদান্ত চর্চার বিষয়। এতো কিছুতো পড়ে দেখতে পারিনি। তাই শুনি, বড় মন দিয়ে শুনি। এটা নেট এর জগৎ। সবাইকে এখানে পাওয়া যায়। সবার মতামত শোনা যায়। সে সূর্য  পৃথিবীর চারদিকে ঘুরছে একথাও শোনায় আবার ঈশ্বর  হলো একটা বিশ্বাস একথাও শোনা যায়। কে যে কিসের উপরে দাঁড়িয়ে কি কথা বলছে সেটা তার দায়িত্ববদ্ধ বিষয় নয়। তার বলার বিষয় সে বলছে। অনেকটা যেন এটা তার পেটের দায়। কখনো কখনো এমনও হয় তিনি যুক্তি দিয়ে বোঝাতে পারছেন না। কারন অনেকটা এভাবে বর্ণিত হয় যে এটা বোঝার জন্য অমুক স্তরে পৌঁছতে হবে। না হলে বোঝা যাবে না। কি মুশকিল বলুনতো? না কিছু বলতে বলছি না। শুধু ভাবছি এতসব বোঝানোর দায় তাকে কে দিয়েছে। এটা তাদেরকেই বলতে হবে।

এবার বস্তুবাদের কথা বলি। মার্ক্সবাদ একটা বিজ্ঞান স্বয়ং কার্ল মার্ক্স সাহেব একথা বলেন নি। সমাজে যখন যা পরিবর্তন তিনি বা তার পূর্বসুরি যা দেখেছেন তার একটা রূপরেখা তিনি লিখেছেন। তিনি একথা কখনোই লেখেননি এটা অরূপ। এরপর এলেন লেনিন। তিনি সমাজের স্বাভাবিক গতিপ্রকৃতি দেখে যে সাদৃশ্য পেলেন মার্ক্স সাহেবের গতিপ্রকৃতির সাথে সে কথা লিখলেন। তার পর এলেন স্তালিন। তিনি আগের দুজনকে একসাথ করে বললেন, এটাই সমাজের শেষ অধ্যায়। অর্থাৎ মহাকাশ বা মহাকাল পৌঁছনো। কিছু উপাদান এমন হয় যার ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন মনে করে না যারা বলে বা লেখে। আসলে দায় বা দায়িত্ব কে নেয়? আমরা সাধারণ  সংসারী মানুষেরা এভাবে ভাবি না। 

বিবেকানন্দ, ব্রহ্মানন্দ বা আজকের সর্বপ্রিয়ানন্দ পুঁথি পড়ে বা না পড়ে, শুনে বা না শুনে কিছু প্রতিষ্ঠা করতে চান। একই ভাবে বিপরীতে যারা যা বলেন সেটাও প্রতিষ্ঠার স্বার্থে। কি প্রতিষ্ঠা? আমরা তোমাদের শাসন করবো। তোমরা সব অজ্ঞ আর আমরা সব বিজ্ঞ। সুন্দর শব্দবন্ধে অসুন্দর বা কুৎসিত কিছু রক্ষার তাগিদ। এই তাগিদ যাদের নেই বা কোনো কালেও ছিলো না তাঁদের কথা লিখবো।

এবার লিখবো সাংস্কৃতিক জগতের মানুষের সাহিত্যের কথা। যেমন রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, নজরুল অথবা বিভূতিভূষণ, মানিক। এঁরা সমাজদর্পন কালি আর কলমে প্রকাশ করে গেছেন। আমরা আজ তাঁদের লেখার আধারে সমৃদ্ধ। 

সুকুমার রায় রসিকতার সুরে অনেক আগেই একথা লিখে গেছেন। আমি সে কথাকেই আজ প্রাসঙ্গিক হিসেবে নতুন একটা সংযোজনী লিখলাম। সমাজের পরিবর্তন হওয়া না হওয়া সমাজের মধ্যে থাকা মানুষেরা বুঝবে। দয়া করে কেউ আর বোঝাতে আসবেন না কারণ এতে আমাদের মানে মানুষের বোঝা বেড়ে যায়।


শনিবার, ১ অক্টোবর, ২০২২

রোজনামচা

:১:

 যেখানে রোজ যাওয়া আসা ছিলো কোনো এক কালে সেখানে পৌঁছতে বিভ্রম বাধলো। চিনতে পারছি না। সেই দুব্যো ঘাস নেই। পাঁচিলের গায়ে কোনো লিখন নেই। ইটের দেওয়াল টালির ছাউনির ঘর গুলো নেই। ছোট্ট পুষ্করিণীটা নেই। ফুটবল মাঠে কেউ খেলছে না। উঠতি বয়সি ছেলে গুলো সকাল সন্ধ্যায় আড্ডা মারছে না। চপের দোকান বেসন ফেটাচ্ছে না। উনুনের ধুঁয়ার গন্ধ উড়ছে না। ফিঙে পাখি গুলো মশা ধরছে না। নারকেল গাছগুলো মাথা তুলে দাঁড়িয়ে নেই। চিল  নেই। চিঁ-হাহাহা চিল চিৎকার শোনা যাচ্ছে না। ভাবলাম হলো কি? আমি কি পথ ভুলে অন্য কোথাও এসেছি? 

:২:

না আমি ঠিক জায়গায় এসেছি। অক্ষাংশ-দ্রাঘিমাংশ মিলছে। আধুনিক গুগুল ম্যাপ বলছে এটাই আমার গন্তব্য। কিন্তু অনুভবের সাথে কোনো সাযুজ্য নেই। ভাবছিলাম এটা কি হ্যালুসিনেশন?  সংকটের সমাধান হলো শ্মশানে। নদীটা একটু সরে গেছে। শ্মশান সামান্য বেড়েছে আড়ে-বহরে। মৃতদেহও বেড়েছে বিস্তর। তবে ধোঁয়া আর চামড়া পোড়া গন্ধ আর নেই। শ্মশান কালীও বিমূর্ত। নদী পারের শ্মশান আজও অমলিন।

:৩:

ভাবছিলাম ওদেরতো একটা বাড়ি ছিলো। বাড়ির ছাদে একটা নিশান ছিলো। পায়রা গুলো ওটা দেখেই ফিরে আসতো। ও হাততালি দিতো আর পায়রা গুলো ফটফট পাখার আওয়াজ করে উড়ে যেত অসীম আকাশে। বাড়িটা কি হাওয়ায় উড়ে গেছে? না আছে। আছে এই নদীবক্ষে।

নদীর নাম পদ্মা।

শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২

চলন্তিকা

 :১:

আগে গাড়ির ডাক নাম ছিলো। যেমন রোড রোলারকে সবাই গদাই নামে ডাকতো। টেম্পু গাড়ি এখন আর দেখা যায় না। এটা ছিলো ছোটো মালবাহী গাড়ি । এখন যেমন ছোটো হাতি। টেম্পুর ডাক নাম ছিলো গণেশ। এরপরে এলো ইঁদুর। অটোরিকশার এটা ডাক নাম। এই পদ্ধতিতে দু'দেশের বর্ডারে ক্যারিয়ার আলা সাইকেলকে সবাই হেলিকপ্টার নামে চেনে। ঠিক যেমন ঠেলা গাড়িকে বলা হতো গাদাবোট। কত বিচিত্র সব নামকরণ। কিন্তু এর স্রষ্টার নাম কেউ জানে না। কালের গতিতে আজ কেউ আছে কেউ ভিন্টেজ হয়ে আছে। বিহারের গয়া জেলায় এখোনো এক্কাগাড়ি আছে। মধ্যপ্রদেশের ইন্দোরে এখনো টেম্পু চলে। ফিটন দেখার ইচ্ছে হয়। তারও দেখা মিললো প্রত্যন্ত গ্রামে। তার ভালো নাম টোটো।

:২:

টিকিওয়ালা ট্রাম আর ডবলডেকার দেখতে লন্ডন যাবে টেনিদা। টেনিদা মানে আমি। আজকে টেনিদার ঝুলিতে এক নতুন যান। ডাক নাম ডায়নোসর। সঠিক নাম বটে। জেসিবি'র চলন কোনো অংশে কম নয়। সত্যযুগে পক্ষীরাজ ঘোড়ায় টানা রথ নিয়ে সীতাকে হরণ করলেন রাবন। সেই নামটাই এখন ভলভো বাসের ডাক নাম। পাল্কিতে চেপে যাওয়ার অর্থ রোপ ওয়ে আর পায়ে হেঁটে যাওয়াকে বলে এগারো নম্বর। এগুলো সুন্দর না বিচিত্র কে জানে? তবে এটা আঁতেলের ভাষায় চরৈবেতি চরৈবেতি।

:৩:

হনুমান-বাঁদর জাত নাম নিয়ে এদেশে প্রায় চার দশক আগে একটা নতুন গাড়ির কারখানা খুলেছিলো এক বহুজাতিক সংস্থা। সব জাতির পূর্বপুরুষের নাম হিসেবেই মনেহয় এমন নামকরণ। তখন পত্র-পত্রিকায় কার্টুন ছাপতো। ছাদে পড়লে ডাভ, সিকিউরিটির অভাব। তোবরানো ছাদের ছবি প্রানবন্ত লাগতো। আবার কখনো ছাপা হতো জল জমা রাস্তায় নাক ডুবিয়ে প্রাণহীন গাড়ি। প্রানচঞ্চল গাড়িটা আজ রাস্তার প্রাণ। নাম মারুতি।

বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২

রাঢ়ভূমের রবি

 :১:

জমিদারির দিন শেষ, আর জাহাজের খোরাক যোগাতে তখন তিনি জেরবার। জাহাজ শেষে ডুবেই গেলো গঙ্গায়। আর একজন চুপচাপ বসে থাকে আর কাগজে আঁকিবুকি কাটে। সে ছোটো ছেলে। স্কুল যেতে তার মন লাগেনি। সকাল বেলায় বাসি লুচির সাথে কিছু একটু পেলেই সে খুশী। বড় ছেলেটার প্রতিভা তাঁর মন কেড়ে নেয়। আর এই স্কুলছুট ছোটোটার উপর তার কোনো আস্থা নেই। চুলের চাপে মাথা-মুখ ঢেকে রাখে যে ছেলে, তাকে ভরসা করা যায়?  বয়সের ভারে লড়ঝড়ে অবস্থায় তখন মহর্ষি। জ্যোতিকে বললো সব দিলেম তোর কাছে। শুধু রাঢ়ভূমের পতিত জমিটা রবিকে। লাল মাটিতে গরমে ঘেমে ওর মাথাটা যদিবা উর্বর হয়। 

কিছু বিশ্বয়কর কথা লিখলাম। এসব শিখেছি পারিবারিক পরিধিতে। ভুল হয়নি মনে হয়। সত্যিই তিনি শুষ্ক রুক্ষ রাঢ় ভূমিতেই আশ্রয় নিলেন। বানালেন এক পর্নকুটির। নাম দিলেন শান্তিনিকেতন। ইংরেজের এই শহরে তাঁর মন ছিল তবে প্রাণ ছিলো না। লাল ভূমে প্রাণ ফিরলো।

:২:

লাল মাটিতে ফসল ফলে না। যা ফলে তা বয়ন শিল্পের কাঁচা মাল কার্পাস। জল বলতে কোপাই আর খোয়াই। সেখানে বর্ষা না এলে আকাশমনির ঝংকার ছাড়া আর কিছু শোনা যায় না। ঢের হয়েছে খোয়াইয়ের পাড়ে শ্মশানে বসে। এমন নদীও বয়? যেখানে জেলে ডিঙি নেই? এমন মাটি হয় যেখানে ফসল ফলে না? সত্যিই লাল মাটি? মানে এটা কি পোড়া মাটির দেশ? 

:৩:

রবিঠাকুর আকাশমনির নতুন নাম দিলেন সোনাঝুরি। পলাশ উঠলো রেগে। বসন্তে ভরিয়ে দিলো তাঁর মন। মান ভাঙাতে শিমুল এলো বসন্তের শেষে। আর কৃষ্ণচূড়া দায়িত্ব নিলো প্রখর গ্রীষ্মের। তারপর বয়ে গেছে অনেক গুলো বসন্ত। মহর্ষি তখন অমৃতলোকে।

:৪:

রাঢ়ভূমের সাথে আমি পরিচিত। প্রথম পরিচয় পৌষ মেলায়। পৌষের ঠান্ডায় আমাদের  অ্যাম্বাস‍্যাডর দাঁড়ালো শক্তিগড়ে।  ওখানে গাঁজা কিনলো নেশারুরা। আমি ল্যাংচা কিনলাম।  তারপর পৌঁছলাম ইলামবাজার। তখন ওটা ডাকাতের পিঠস্থান। সারিসারি গাড়ি জরো হলো। সবার হর্ণের ঐকতানে শুরু হলো চলা শান্তিনিকেতনে। শান্তির আবহে আমি নিশ্চিত, চৈতন্য হারিয়েছেন রবিঠাকুর।

:৫:

সুস্থির ব্রহ্মের ভূমি বীরভূম। হাড়হিম করা শ্মশানের পাশে বশিষ্ঠ মুনির সাধনার স্থল। যা আজকের  তারাপীঠ। সেও রাঢ়ভূমিতেই। রবিঠাকুর জানা অজানার পরে সেই লালমাটিতে আরাধনা করেছিলেন সাহিত্যের। ১৯০৫ এ মহর্ষির প্রয়াণের পর ১৯১৩। থাক সে কথা। চুরি হয়ে গেছে সেই সব এ যুগে। 

:৬:

সত্যি কথা। আনন্দ ধারা বহিছে ভুবনে। এক কালজয়ী শব্দ বন্ধন। বন্ধনহীন একথা বলতে পারে। অবশেষে বা সবশেষে মেডিকেল কলেজে সে কি কঠিন দিন। বিধান বিধান দিতে গিয়ে ..…অপরিণামদর্শী হলেন। রবি চললেন নীলাচলে। ভাঙলো নিমতলার দুয়ার।


বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২

কিস্কু আর পিসি

 :১: 

কিস্কুর নামটা ভুলে গেছি। ও পদবীতেই পরিচিত। পুরুলিয়ার লাল ফুলে ভরা গ্রামে ওর ঘর। আমরা তখন কলেজের ছাত্র। আমরাই নাম দিয়ছিলাম কিস্কু। জাতে সাঁওতাল। গায়ের রং কালো। মুখটা খুব মিষ্টি। ওর বাংলা কথা আমরা নকল করতাম শুনতে ভালো লাগতো বলে। আমাদের এক বন্ধু ওর কথার সুরে একটা নাটক লিখেছিল।  সেখানে কিস্কু ছিলো নামভূমিকায়। গ্রামের ছেলে। খুব লাজুক। নাটকটা কলেজের সোসালে আমরা একটা চমক দেখাবো ভেবে রিহার্সাল শুরু করলাম।

:২:

কিস্কুর রোলটা নাট্যকার শৈবাল নিজেই করতে চাইলো। কিস্কুকে বলে বুঝিয়ে শৈবাল জেরবার। একটা সাবলীল কথায় যা করা যায়, নকল করে ঠিক তেমন হয় না। কিন্তু কিস্কুকে রাজী করানো গেলো না। হাল ধরলো লেখক, নাট্যকার শৈবাল। আবহ বানানোর দায়িত্ব পড়লো বীরপুরুষের সাথে মাদলবাদক পাপ্পু। কোলকাতার অহীন্দ্রমঞ্চে সেদিন আর লোক ধরে না। সেদিন থেকে শৈবালের নতুন নাম হলো কিস্কু। শিমুল, পলাশ আর রাগ সোহিনীর বিলম্বিত লয় পুরুলিয়া জেলায় আবদ্ধ ছিলো না। সাঁওতাল বিদ্রোহের পূর্বপুরুষ সিধু-কানহুও আবহমান হলো শৈবালের নাটকে। 

:৩:

কিস্কুর কাছে কোলকাতা তার স্বপ্নের শহর। আমাদের সাথে একসাথ হওয়ার পর সেটা আজ সত্যি হয়েছে। গানের লহমায় বললে বলবো ' একা মোর গানের তরী ভাসিয়ে দিলেম নয়ন জলে।' এরকম খুব কমই হয়। আজ কিস্কুর রব আর শৈবালের উপস্থাপন একটা এমন আবহ তৈরী করলো তালি যেনো আর থামে না।

:৪:

কিস্কুর পিসির বিয়ে। আমরা মানে ওর বন্ধুরা আমন্ত্রিত। শৈবাল কিস্কুকে বললো, এখনতো তোর বিয়েতে যাওয়ার কথা। তোর পিসি? বুঝে বল । দিদিকে পিসি বলছিস না তো? লাজুক মুখে বললো, তোরা বুঝবি না। তোরা শহুরে। 

:৫:

সেদিন পিসির বিয়তে আমরা সবাই। আমরা মানে নাটকের দল। ওদের বিয়ে-থা আমাদের মতন না। কাঁধে বাঁক আর হাতে কোদাল নিয়ে জামাইবাবার প্রতিজ্ঞা দেখতে যখন আমরা ব্যাকুল তখন ওর পিসিকে দেখতে পেলাম। সাঁওতাল কন্যা এত সুন্দরী?  বর্ণে, গন্ধে, ছন্ধে, গীতিতে ... তুমি শুধু তুমি বলার মতন। ভাবছিলাম কেন এমন? কিস্কু কিছুই গোপন করে নি। থাক এসব। লিখতে বসে আমি আমার কাছেও ক্লান্ত।




মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২

শ্ব-এ সব

 আমার বাড়িতে যখন মা দূর্গা আসেন তখন শিউলি ফোটে না। তখন তার বসন্ত। পর্ণমোচী তখন যুবতী। ওদিকে আবার শিমুল তখন রূপসী। তার সাথে থাকে গন্ধরাজ আর মাধবীলতা। ঠিক যেনো হেম-বেহাগের  সাথে আলাপন। মা যেন মোহিত, সুরের লহমায়। ঢাকের শব্দ তখন চরক আর নীলে নীল। মহাদেব আহ্লাদে আটখানা। পার্বতীর রূপ নয় অরূপ ঝরে পরছে। এটা পূজোর আবহ, উৎসবের নয়। 


তারপর কে আসেন? শুক্লা আসে। পঞ্চমীতে হাতে বীণা আর বই তার সাথে রাজহাঁস। ছেলে বেলা ফিরে আসে। ফিরে আসে মাষ্টারমশাই-দিদিমনি সবাই। বাবা-মা এনাদের কাছে পাঠিয়ে নিশ্চিন্ত হতেন। আমরাও নতুন প্রাণ-মন পেতাম। তাঁরা আমাদের শিক্ষাগুরু। তাঁদের পা শেষ জীবন পর্যন্ত মনে হত হাতে ধরে রাখি।


আরো কিছু বলবো। দোল পূর্ণিমা। রং মাখামাখি। ঠিক তার আগের রাতে বুড়ির ঘর পোড়ানো। রবিঠাকুর বলতেন " আজ মঙ্গলবার, পাড়ার জঙ্গল সাফ করার দিন" ঠিক সেরকম এক আবহ। আবর্জনা নয়। শুকনো পাতা কুড়োনো যা কিনা বসন্তে পর্ণমোচীরা রেখে গেছে। রাধা-কৃষ্ণ দোলনায় বসে ফুটকড়াই খাবে , আমরা তার প্রসাদ পাবো। 


এভাবেই চলতে চলতে থেমে গেছি। এসবের পরেও কিছু হয় তা জেনেছি। 

এগুলো আধুনিক সভ্যতায় পাওয়া। সংক্ষেপে বলছি। মদমত্ত হয়ে রাস্তায় পরে থাকা কিংবা মহাদেবের নাম নিয়ে গাঁজা খেয়ে  শিব ঠাকুর কে বোম ভোলানাথ বলে নৃত্য করা।


না আর নয়। ঈশ্বরের 'শ্ব' নশ্বরের 'শ্ব' এর অর্থ বুঝবে কে? সমস্যা এখানে।

সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২

দুগ্গোৎসব

 কৈলাশ থেকে রওনা দিয়েছেন তিনি। হাতে সময় তিন দিন। অকালে ডেকেছেন রামচন্দ্র। তাই যাওয়া। চার সন্তান নিয়ে চলেছেন। পাহাড় থেকে উদ্বায়ী পথে বাংলায়। সেখান থেকে ধেনধেন করে আরামে পৌঁছবেন কৈলাশে। ওটা তিব্বতের কাছে। কোলকাতা থেকে রকসোল হয়ে তিব্বতে যাওয়ার প্ল্যান। হায় রামচন্দ্র। কোলকাতায় এসেছি দেখে মানুষ রাস্তায় নেমে পড়েছে। উৎসব শুরু হয়ে গেছে। এখন কি করি? কে আমাকে মা মেনকার কাছে নিয়ে যাবে? ফুটপাতেও জায়গা নেই। মহাদেব এতক্ষন সুস্থ ছিলেন। কালিঘাটে এসে কয়েক ছিলিম গেঁজা নিলেন। তারপর তার রাজা সাজার পালা। উৎসবের ভীড় দেখে বললেন এই সব মানুষের ভীড় কোথা থেকে? এরা কারা? এরা দুগ্গা দেখতে আসছে। দুগ্গা আসবে কবে? থাকবে কদিন? কে খাওয়াতে এসেছে? হিন্দু না মুসলিম? 


প্রশ্নের আর শেষ হয় না। কে এই মহাদেব? তার বাড়ি কোথায়? এরকম সাম্প্রদায়িক কথা কার মুখে? 


মহাদেব তান্ডব নৃত্য শুরু করলেন। মেদিনী কেঁপে উঠলো। উৎসব বন্ধ হলো।  তারপর?

তারপর রাস্তাঘাট ফাঁকা হলো। বাস, গাড়ি চললো। পরিবার নিয়ে মহাদেব পৌঁছলেন কৈলাশে।


মা বললেন, অনেক হয়েছে বাংলায়। উৎসব সবার হতে পারে কিন্তু সারা বছ‍র  উৎসব এখানে। ছুটি আর ছুটি। 


আমি খাই তিনদিন। ছুটি এগারো দিন। উৎসব পনেরো দিন। এরা কারা? 

আমি চললাম হিমালয়ে। ওখানে এরকম অসভ্যতামি হয় না।

রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২

আ-মরি বাংলা ভাষা

 এখন আর যাত্রা পালা হয় না। চিৎপুরে যাত্রা দলের বুকিং অফিস নেই। বিনা দাসগুপ্ত নেই। শান্তিগোপাল নেই। বেলা সরকার নেই। এদের প্রয়োজন ফুরিয়েছে। আমি এদের খুঁজি। এরা শহরে নয়, গ্রামে ছড়াতো স্ফুলিঙ্গ। সেখান থেকেই তৈরী হত অগ্নিশিখা। তৈরী হতো আদর্শের উন্মেষ। এ ছিলো লোকশিক্ষা। প্রয়োজন কখন ফুরিয়ে যায়? যখন সে জায়গায় অন্য কিছু আসে পরিপূরক হিসাবে। তেমন কিছু এসেছে কি? তাহলে কেনো এমন হলো? আমার যা মনে হয় তা বলবো। খারাপ ভালো লাগা যার যার।


এটা একটা অবক্ষয়। এটা কালচারাল ডিগ্রেডেশন। এটা বাংলা বিভাগের ফল। হিন্দি ভাষা উন্নত না অনুন্নত এটা কোটি টাকার প্রশ্ন। বাংলা বিভাগের বৃহত্তর এক কুফল। একটা অসমৃদ্ধ ভাষা যে দেশের জাতীয় ভাষা তাকে অবলম্বন করে গোটা জাতি চলতে পারে? পারে না তবে পারতে হচ্ছে। এ এমন এক ভাষা যেখানে জঙ্গলের জন্তু আর রাষ্ট্রনায়ক এক কথায় বলে। আমাকে যদি রাষ্ট্র ভাষায় বলতে হয় "নেতাজি সুভাষচন্দ্র বোস বহুত বড়া শের থা" আমি লিখবো না। অনুন্নত ভাষার এটাই বৈশিষ্ট্য। এখন এসব কথা লিখলে  হাতকড়া পড়িয়ে জেলে নিয়ে গিয়ে রাজদ্রোহের অপরাধী বানালে আমার পরিবারকে পাকিস্তান বা বাংলাদেশে পাঠিয়ে দিলেও আশ্চর্য হওয়ার নয়। সৈয়দ মুজতবা আলীকে কি কারণে ভারত বিরোধী বলা হয়েছিলো সে কথা আজ জানি। আর আমি? আজকের সময় কালে? সত্যি বলছি । কিছু লিখতে ভয় লাগে। 


তবে লজ্জা, ঘৃণা, ভয় তিনটেই আছে। যাদের এগুলো নেই তাদের আক্রমণ মানতে কোনো সংশয় নেই। বাংলাদেশের ভাষা আন্দোলন, এ বাংলায় করারও অধিকার আছে। উন্নত আর অনুন্নত বলাটা বিচার করা দরকার। অন্যথায় তিমিরেই থাকবে পশ্চিমবঙ্গ।

শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২

মোচ্ছব

 কোলকাতার পথ আজ পথ ছিলো না। হয়েছিলো জনারণ্য। কেনো এমন হলো? পূজো এসেছে তাই। কাল অমাবস্যার কোটাল। বান ডাকবে গঙ্গায়। জল উঠবে আউট্রাম ঘাট ছাপিয়ে স্ট্র্যান্ড রোডে। কাল আবার মহালয়া। বাঙালি মহালয়া বলতে বোঝে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চন্ডিপাঠ আর পঙ্কজ কুমার মল্লিকের কন্ঠের নম চন্ডী গান। বাংলার গ্রামগুলোতে আজ সন্ধ্যা থেকেই সেই HMV র রেকর্ড বাজছে। 


আজ আমি একবার মানুষের মাথা গোনার চেষ্টা করেছিলাম। উৎসবমুখী মানুষের। নিজেকে মনে হচ্ছিল মিস্টার বিন। সে যেমন ভেড়ার দলের ভেড়া গুনছিলো আজ আমারো সেই অবস্থাই হলো। নিজেকে নিজেই ছাগল বললাম। আশ্বিনের ঝড় উঠতে পারে এবছর। গরমে, আর্দ্রতায় গায়ের  ত্বকে শেওলা ধরার অবস্থা। এর মধ্যে আবার শিঙা ফুঁকছে ফেরিওয়ালা। যারা কিনছে তারাও ফুঁকছে। হকারেরাও বসে নেই। তবে তাদের ভাষা বিচিত্র। ওটা বাংলা নয়। ভাবলাম হিব্রু? না, অত শিক্ষিত ভাষা নয়। শেষে বুঝলাম এটা বহুজাতিক ভাষা। পূজো বলে কথা। ভাষায় কি আসে যায়? হ্যাঁ নিশ্চই আসে যায়। বাংলা তার ভাষা বোঝে। যারা ব্যবসা করছে বাংলায় তারা বাঙালি নয়। তারা বিজাতীয়। তারা কোথা থেকে এলো? কেনোই বা আসে? তারা বাংলাকে কি ভালোবাসে? বাংলার মন্দে ভালোয় তাদের কি কিছু আসে যায়? আমার মনে হয় না। এরা এসব বুঝে আসেনি। ফুটপাত কিনেছে টাকা দিয়ে। বাপের সম্পত্তি বানিয়েছে সরকারি নয় জনগণের হেঁটে য়াওয়ার পথকে। কি ভাবে এমন হয়? এটা কি বাঙালির বৃহৎ হৃদয়ের জন্য? এটা সর্বধর্মের সহাবস্থান দেখানোর জন্য? এটাকি অর্থনীতির উন্নয়নে স্বার্থে? আচ্ছা কি মনে আপনাদের?  উৎসবের আনন্দে ভেসে গেছেন কি? একবারও আপনাদের মনে হচ্ছেনা যে আপনার বুকের উপর দাঁড়িয়ে কিছু বর্বর নেতা, মন্ত্রী-সান্ত্রী আপনার জাতিকে অসম্মান করছে? 


না এসব আজ আর হয় না। সবকিছুই এখন সহ্যের মধ্যে। কারণ আমাদের এসব ভাবার সময় নেই। আমরা নিরপেক্ষ উন্নত এক জাতি পূর্বপুরুষের পরিচয়ে। নিজের পরিচয় দিতে কাল গঙ্গার ঘাটে কোশা-কুশী নিয়ে, তিল-তুলসীতে ধন্য করবো তাদের। তর্পণ না?

শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২

কেন্দুপাতা

 মাধব চন্দের কেন্দু পাতার ব্যবসা চার পুরুষ ধরে চলছে। সে শিল্পপতি। তার বিড়ির কারখানা বড়িশাল জেলার পটুয়াখালিতে। আজ এদেশে যেমন  ITC র সিগারেট, ওদেশে তেমন মাধব চন্দের বিড়ি। সিগার, সিগারেট দেখে তার ছেলে রবীন চন্দ কেন্দুপাতা ছেড়ে কাগজ দিয়ে বিড়ি বানিয়েছিল। তবে চলেনি। সবাই রে রে করে বললো এটা বিড়ি না বিষ্ঠা? মৌঁতাতে বিষ্ঠার গন্ধ?

রবীন ছিলো মদ্যপ। তার কাছে " যাহা বিড়ি তাহাই সিগার বা সিগারেট।" 

লক্ষ্মীছাড়া ইংরেজ বাংলাকে দু'টুকরো করে দিলো ১৯৪৭এ। মাধব এখন কেন্দুপাতার ইমপোর্টার। ITC  কাগজ ইমপোর্ট করে আর মাধবও তাই। এ বলে এটা ভালো, ও বলে ওটা। ক্ষতির কথা বলে না। 

এই ভারতে কেন্দু চাষ বন্ধ হলো। তৈরী হলো উন্নত কাগজ কল। সে কাগজেও বিষ্ঠার দুর্গন্ধ দূর হলো না। কেন্দু এলো অন্য দেশ থেকে বাংলাদেশে। রবীন চন্দ তখন সেয়ানা হয়ে উঠেছে। বাপকে বলদ বলে গালি দিতে শিখেছে। বিড়ির ছাই আর সিগারেটের ছাই এক হচ্ছে কেনো, তার বৈজ্ঞানিক কারণ বলতে শিখেছে। প্রবাদ ভুললে হবে? রবীন জাতে মাতাল তবে তাল আর বেতাল বোঝে। পাতা আর কাগজের ব্যাখ্যায় ছাই এক বৈজ্ঞানিক উপাদান;  এ কথা সে জনগণের কাছে পৌঁছে দিলো। সাদা ছাই মানে, উন্নতমান।


বিড়িতে সুখটান দিয়ে ঘক ঘক করে কেষে শেষ সুখটান দিলো রবীন। ডাক্তার বললো লাং ক্যান্সার।

বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

দুগ্গা দুগ্গা

 আসছে এবার দুগ্গা ঠাকুর

আসছে নিয়ে  DA

বাধ সাধলেন যুক্তি দিয়ে

কার দিচ্ছো বিয়ে?

করছো টা কি টাকাগুলো

বলছে মানুষ গুলো

সবকিছু কি চলবে এবার

যেমন পথের ধূলো?

থাকনা এসব গল্পকথা

থাকনা কূটক্যাচালি

এসব দেখে সবাই আমায়

করছে গালাগালি।

হরিশচন্দ্র চাইছো হতে

দান অনেক তো করলে

দানের সঙ্গে অনেক নেতা

নিজের পকেট ভরলে।

বলতে গেলে মুখ বুজে যাও

তাইতো যায়না বোঝা,

মান-হুঁশহীন সবাই তো নয়

আজকে তুমিই বোঝা।

বোঝো এবার করবে টা কি

মাতা দুগ্গা এলে

বলছে সবাই বলছে মানুষ

দেবেন চিতা জ্বেলে।

দাসু

 অতিনদা বললো জানিস দাসু মারা গেছে। আমি কিছুটা অবাক হলাম। আজ সকালেই দাসুকে দেখেছি। ও আর ওর মা ফুল বিক্রি করছিলো। বললাম কোন দাসু? বললো আরে যে দাসুকে নেমন্তন্য বাড়িতে ভারা করতো সবাই। ও। বলবে তো । ও আকাট দাসু। আমি পাগলা দাসুর কথা ভাবছিলাম। আগে বাড়ি বাড়ি গিয়ে ফুল দিতো। গান শোনাতো। বলতো পুরোনো একটা হারমোনিয়াম দেবে? আমি ভোর বেলায় গলা সাধবো। হরিঠাকুরের গান গাইবো। শেষে কোনো কিছু না পেয়ে ভোরবেলায় তারস্বরে গাইতো " হরি বলো, ও হরি বলো।" 


আকাট দাসুর একটা ইতিহাস আছে। ওর খাওয়াদাওয়া অনেকটা পুরোনো কবিতার ' রামসুক তেওয়ারীর মতন।' ওকে ছাতু দিলে হাফ কেজি চাই। সাথে পেঁয়াজ, রসুন আর আমড়া। ভাত খেতে বললে ও বাড়ি থেকে এক হাঁড়ি পান্তা নিয়ে আসত। মাংস ভাতের পর পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে পান্তা। আর রুটি? রুটি বানানোর উৎপাতে ওর বৌ বিবাগী। তবে সাহস ছিলো বেজায়। দশ পা দৌঁড়ে এসে পুকুরে ঝাঁপ দিতো। পুকুরে হতো সমুদ্র। মাছ লাফ দিয়ে পারে উঠতো। ওর গাছে চড়া যারা দেখেছে তারা কোনোদিন গাছতলায় যাবে না। ডাল ভেঙে অবাধ পতন ছিলো আনন্দের। তবে হাত-পা ভাঙেনি। আকাটের গুণও ছিলো বিস্তর। ফুটবল মাঠে গোলকিপার। ক্রিকেটে অলরাউন্ডার। গোলে দাঁড়ালে স্টপার লাগতো না। কখনো কখনো বল নিয়ে অন্যের গোলে বল পাঠিয়ে,কাদা মেখে, শিষ দিয়ে, গোওওওওওওল বলে শূন্যে ভোল্ট দিতো। আর ব্যাট বল? বল নিয়ে ছুঁড়ে দিতো বাটুলের মতো। থাক সে গল্প।


পাগলা দাসু। এরকম নয়। সংসার ওর প্রান। এখন দোকান করেছে। বোকে বানায়। বিয়ের খাট থেকে গেট, সব ওর হাতের চেটোয়। শববাহী গাড়িতে ওর বড় ভয়। একদিন বলেছিলো এর কারন। না, ঠিক কথা। ওর গাড়িটা কে সাজাবে? বুঝলাম ও আজকে আর নেই।

সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২

হে পৃথ্বী স্থিরা ভব:

 আজকাল খুব ভয় হয় পরের প্রজন্মের কথা ভেবে। ভয় হয় কি ভাষায় তারা কথা বলবে এ কথা ভেবে। রাজনীতির তর্জা শুনে কেমন একটা গা ঘিনঘিন করে। এই প্রজাতির কি কোনো বিবর্তন ঘটেছে? যদি বা ঘটেও থাকে সেটা কি উত্তরণ? মানুষ সর্বোৎকৃষ্ট প্রাণী। সে কি ধীরে ধীরে পশুর দিকে পা বাড়াচ্ছে? এনিমাল ইনস্টিংক্ট কি বাড়ছে? আমি যা লিখছি তা বাস্তবে ঘটেছে দেখেই লিখছি। ভালো বা সুন্দরের চর্চা করে মানুষ। তাতে সুন্দর যা কিছু তা প্রসারিত হয়। একথাতো মানুষেরই কথা। তাহলে এমনটা হচ্ছে কেন? এটা কি শিক্ষার অভাবে? একথা বলছে কারা? বলছে রাজনৈতিক ব্যাক্তিত্বেরা। কিন্তু অতীতে এমন কিছু কি পাওয়া যায়? না যায়নি। সামান্য যা কিছু পাওয়া যায় তা এই কৃষ্টির পরীপন্থী। তাই কালের নিয়মে এগুলো বিলুপ্তপ্রায়। তবে কি সেই বিলুপ্ত প্রজাতি জেগে উঠেছে? না ঠিক তেমন নয়। তবে দিনের আলোয় যে বা যারা দেখতে পেত তারা এখন নেই। এখন তারাই রাজনীতির স্তম্ভ যারা দিনের আলোয় দেখতে পায় না। দেখতে পায় রাতের অন্ধকারে। তার মানে এখন কি অন্ধকারের যুগ? না ঠিক তা নয়। তবে রাতের অন্ধকারে যারা দেখতে পায় তারাই আজ রাজনীতিতে। অনেক লিখলাম। এবার ব্যাখ্যার দিকে আসি।


প্রায় সাত বছর আগের বক্তার কিছু বক্তব্য লেখা দরকার। তখন ডঃ মনমোহন সিংহ মহাশয়কে মৌন মোহন বলে করতালির আনন্দে আত্মহারা হয়েছিলেন আজকের প্রধানমন্ত্রী। সম্ভ্রম বিষয়টা হত্যা হয়েছিলো সেদিন। আরো একটা কথা লিখতেই হয়। দৃপ্ত গলায় তিনি বললেন পাকিস্তান সন্ত্রাস করলেই তিনি "ওবামা ওবামা" করতেন। হাসি আর তালি সেদিন থামেনি। ভূবন বিদীর্ণ হয়েছিল। তারপর? হ্যাঁ তারপর সেই বিখ্যাত (আমি মনে করি কুখ্যাত) ডায়লগ। পাকিস্তান যে ভাষায় কথা বলে সেই ভাষায় তার উত্তর দিতে হবে।


না আমি মানতে পারবো না। আমার পূর্বজ বলে গেছেন " কুকুরের কাজ কুকুর করেছে......।" সত্যিই মানুষের শোভা পায় না। তবুও সেই কৃষ্টির কপি চলছে আমার বাংলায়। কেনো এমন হচ্ছে? এটা কি শিক্ষার অভাব? রাজনীতি কি আজ শিক্ষা বিবর্জিত? এটা কি নেতৃত্বের পদস্খলন? 


না ঠিক এভাবে বললে গরু আর গাধা এক বলা হবে। সেকালেও গাধা ছিলো একালেও আছে। তবে গাধার হাতে বল্গা ছিলো না। এখন উল্টো। গাধারা বল্গা ধরেছে । তাহলে কে ছুটছে? সেকি ঘোড়া? হ্যাঁ ঘোড়া। তবে বেতো ঘোড়া। তাহলে মানুষ কি করবে? 


আমি মানুষের যদি প্রতিনিধি হতাম তা হলে যা বলতাম তা লিখছি।


১. বন্দুকের গুলি পা এর উপরে এবং কোমরের নিচে করতে হয়। একথা পড়াশোনা না করলে শেখা হয়না। ঔদ্ধত্যপূর্ণ কথা বলছেন কেনো?


২. জন্মবৃত্তান্ত নিয়ে আঘাত করা মানে নিজের মাকেও প্রশ্নের সামনে দাঁড় করানো। মাকে একথা কি বলা যায়?


৩. বোম ফাটিয়ে পাখি তাড়ানো যায়। মানুষকে পরমাণু বোমা ফাটিয়েও ছত্রভঙ্গ করা যায়নি। এটা ইতিহাসের শিক্ষা।


শেষে বলবো হে পৃথ্বী স্থিরা ভব:

রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২

প্রশ্নে পরিচয়

 :১:

সেই চৈত্র মাস থেকে সূর্যের দাঁত বার করা, চোয়াল কাঁপানো গরম শুরু হয়েছে। মাঠ ফেটে মানচিত্র হয়েছে। মাথায় হাত পরেছে মঙ্গলির বাবার। ছেলেটাও এবার মাঠের কাজ করেছে। স্কুলে যাওয়া হয়নি বেশ কয়েক মাস। মাস্টার খুব বকাবকি করেছে। কালবৈশাখী হয়নি। বর্ষাও আসেনি। খেত শুকিয়ে গেছে। ঋণের বোঝা রেখে কৈলাশ মাঝী আত্মঘাতী হলো। একবারও ভাবেনি ছেলেটা তার আট ক্লাসে পড়ে। মেধাবী। মেয়েটা চার ছেড়ে পাঁচ ক্লাস। স্কুলে যাওয়া বন্ধ হল বলরামের। হাল ধরলো সে। মা'কে বললো সব ঠিক হয়ে যাবে।

:২:

জাতে ওরা ধীবর। পদবীতে সে কথা লেখা হয়েছিল পাঁচ পুরুষ আগে। বলরাম দুটো হাল ধরতে জানে। একটা মাঠে আরেকটা নদীতে। মাথা তুলে বাঁচতেই হবে। দেনা শোধ করতেই হবে। মনের মধ্যে এসবই ছিলো। বর্ষা এলো ভাদ্রে। মা কিছু বলতে গিয়েও না বলায় থাকলো। বলরামের হাতে এলো নৌকোর দাঁড়। নৌকো নয় ট্রলার। বলরাম চললো সমুদ্রের কাছে এই প্রথমবার।

তার শকল সকলের মতন নয়। কেউ বলেনি মাঝি তোর নাম জানিনা। বলেছে বলরাম দাঁড় বাইছে। মোচার খোলের উপর বসে মা এর কথা ভাবছিলো। ভাবা হলো না। এক থালা ভাত আর মাছের ঝাল নিয়ে এল পরেশ। পরেশ এক দক্ষ হালদার। 

:৩:

স্টিয়ারিং ঘোরাতে শিখেছে বলাই। বলাই মানে বলরাম। নামটা মাঝি হওয়ার পর হয়েছে। রোজগার খারাপ হচ্ছে না তবে শিখছেও অনেক কিছু। কখনো সে ভাবে, একটা ছোট নৌকো বানাবে। ভেসে চলবে ভাস্কো ডা গামার মতন। আবিষ্কার করবে নতুন নতুন দেশ। নানা দেশে পৌঁছে নানা ভাষা শিখবে। কথা বলবে তাদের সাথে তাদের ভাষায়। 

এখন জাল থেকে মাছ তোলার সময় তখন হাঁ করে থাকে। মাছের নাম শোনে আর লিখে রাখে মনের খাতায়।  অবাক হয় রং-বেরংয়ের মাছ দেখে। অবাক হয় গোঁফ দেখে, শুঁড় দেখে, চোখ দেখে। সব কিছুই ওর কাছে নতুন। মাঝে মাঝে শামুক, ঝিনুক, গুগলি, গেঁড়িও ধরা পরে জালে। সেগুলোও সংগ্রহ করে জেলেরা। কখনো কখনো রান্না হয় এসব গুলো। আসলে সমুদ্রে ভেসে যাওয়ার সময় যখন যা সংগ্রহ হয় তখন সেগুলোই খাওয়া হয় । খেতে বসে সুস্বাদুও লাগে। এটাই স্বাভাবিক। বলাই খায় দায়, লিখে রাখে যেদিন যা নতুন। ও বুঝতে পারে অসীমের সাথে ভাগ্যক্রমে ওর পরিচয় হয়েছে। আজ এটাই ওকে শিখতে, জানতে হবে। একদিন ওর কথাই হবে সমুদ্রের জানা অজানার গল্প।

মেধা এমন এক বিষয় সে স্থান-কাল-পাত্র মানে না। গতানুগতিক শিক্ষার বাইরে থেকেও সে থেমে থাকে না।  বিষয় যাই হোক সব জায়গাই তার পরিচিত।যেখনে থাকে সেখানেই সে চলে বিদ্যুৎ গতিতে। স্কুলের গন্ডি শেষ করা হয়ে ওঠেনি তার। গোটা পৃথিবীই যার স্কুল তার এই বিধিবদ্ধ স্কুল মনে হয় লাগেনা। যা দরকার হয় তা হলো উৎসের সন্ধান। সেখানেই সে খুঁজে পায় তার পড়াশুনার বইপত্র।

:৪:

এখানেও সকালে সূর্য ওঠে। অস্ত যায় সন্ধ্যায়। তারপর চাঁদ ওঠে। দিনের আলো ফুটলেই চাঁদকে খুঁজে পায়না বলাই। সমুদ্রে ভেসে থেকে ও এসব দেখতো। কোনো মিল পায়না। উদয় আর অস্ত সূর্য আর চাঁদের কত সুন্দর হতে পারে তা সে দেখেছে। কয়েকটা ভয়েজ সমুদ্রে থেকে, সমুদ্র ওকে টানে। বাড়িতে মন বসে না। গল্প শুনে মা ভয় পায় আর ছোট্ট বোন বলে দাদা আমাকে নিয়ে যাবি? 

দূরন্তের ভালো লাগে চঞ্চল জীবন। তাকে বাঁধবে কে? এটা ঠিক তেমন। আর মা'র কাছে এক শিহরণ। প্রাণের সন্ধান এসবের মধ্যে সে পায়না। আগলে রাখতে চায় সন্তানকে। বলাই যখন সমুদ্রের গল্প শোনায়, বোন তাকে আঁকড়ে ধরে ; মা'ও আঁকড়ায়। একজন আনন্দে, অন্যজন? থাক না হয় না'ই বললাম।



শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২

সাংখ্য আর বর্ণ

 :১:

সাংখ‍্য আর বর্ণ ছেলেবেলায় শুরু। সংখ্যার সাথে পরিচয় যেদিন হয় সেদিন তাকেই বেছে নেই। এর একটা আলাদা রূপ। এ অনেক কিছু নিঃশব্দে নিসংশয়ে  বলে। ঠিক ধ্রুবতারার মতন উত্তর দেয়। আর বর্ণ? সে চিরকাল শুধুই কালি-কলমের বাইরে। তাকে বার বার উত্তরণের পর্যায়ে থাকতে হয়। তাকে টেনে তুলতে হয়। সে কখনো যদিও বা মনগ্রাহ্য হলো, যুক্তিগ্রাহ্য হলো না। তাই পেন্সিল বা চক দিয়েই তার শুরু। শেষও এভাবেই। এ হল প্রজন্মের তাগিদ। কে কখন তাকে মুছে দেবে এ কথা সেও যানে না। আমি এখন শব্দমালা নিয়ে নিজের কথা বলি। যৌবনের প্রিয় বিষয় সাংখ‍্য নিয়ে কখনো কেউ দ্বিমত হয়নি। তবে শব্দের সাথে অনেক নতুন কিছু পাই। কারো ভালো লাগে, কারোর কিছুটা ভালো লাগে আর কারোর অপছন্দ হয়। শব্দের প্রতিবাদ আসে শব্দ নিয়ে। কখনো উঁচু কখনো নিচু সুরে বাধা। 

:২:

শব্দের মালা গাঁথতে বসে যুক্তি আর বুদ্ধির সংঘাত হয়। সাংখ‍্যে এসব নেই। তার প্রকাশ অমোঘ। যুক্তির সংঘাত তখনো ছিলো। বঙ্কিমকে বঙ্কিম চট্টো বলা অথবা রবিঠাকুর কে এলোকেশ দেখার কথা বলা আজ বুঝি। বুঝি কখন ভাব আমার ভাষার নাগাল না পেয়ে ছটফট করে। বুঝি নয়ন কখন মুদে আসে। আসলে বর্ণের গন্ধ আছে। সেই গন্ধেই শব্দমালার গৌরব গাঁথা। এ যেনো দর্শনের প্রকার ভেদ। 

:৩:

আমরা যখন আলোর উৎস খুঁজতাম তখনই আমরা আগুন আবিষ্কার করি। বুঝতে পারি আগুনই আলোর উৎস। আরো অনেক পরে বুঝতে পারি আগুনই অঙ্গারের কারন। এটা হৃদয় থেকে শুরু হয় আর শেষ হয় পোড়া ছাই দিয়ে। অনেকটা বর্ণ আর বর্ণের বিপর্যয়। সমাজ চিরায়ত। চিন্তা সর্বকালীন। মস্তিষ্ক উর্বর। বেশিরভাগ মানুষ শব্দ শুনে প্রতিক্রিয়া করে। এটা সংবেদনশীল এক বিষয়। সাংখ‍্য তেমন নয়।

:৪:

আজ বিড়ম্বনায় পরলাম কুকুর নিয়ে ভাবতে বসে। সে নাকি অত্যন্ত প্রভুভক্ত। প্রভু কিন্তু কুকুর নয় সে একজন মানুষ। মানে কুকুর মানুষ ভক্ত। না তাও নয়। কারন সে নিজের মানুষ খুঁজে বেড়ায়। ঠিক আমার মতন। না আমার মতন নয়। সব মানুষ যেভাবে ভাবে ঠিক সেরকম।। আশ্চর্য লাগছে না এই শব্দমালা দেখে? মনে হচ্ছে না পাগলের প্রলাপ। না মনে এলেও এটা যুক্তিগ্রাহ্য । অনেকটা এরকম ' সব কুকুর প্রভুভক্ত কিন্ত সব প্রভু মানুষ নয়'। এজন্যই হয়তো মানুষের প্রকারভেদ আজ কুকুরেও বোঝে। এতক্ষন ধরে শুধু কিছু পসচুলেটস লিখলাম। এরপর শুরু করবো সূত্র লেখা।

:৫:

বর্ণের মালা শব্দ। আমি শব্দের মালা গাঁথতে বসেছি। এটা আমাদের কথা। যা বলি তা লিখে দেখানো। মৌনতার সাথে ভাব প্রকাশ। যেমন একজন লিখলেন  ' যখন উঠিলো ফুটে পূর্ণমার চাঁদ, মরিবার হলো সাধ।' আবার অন্যজন লিখলেন ' যে আকাশে ঝড়ে বাদল, সে আকাশে চাঁদ উঠবে কি?'  শব্দের সমাহারে চাঁদ কখনো আকাশে আবার সাহিত্যের মেদুরতায় তার না আসা।  এসব খুব সুন্দর কল্পনা। কিন্তু সত্যিই কি চাঁদ  এরকম এক কথা নির্ভর? না । অঙ্কের হিসাব একথা বলে না। নদীতে জোয়ার  ভাটা রোজকের নিয়ম। চাঁদ না থাকলে এসব বন্ধ হয়ে যেতো। মাথার উপর চাঁদ জোয়ার নিয়ে আসে। কোনো ঝঞ্ঝা, ঝড় তাকে আটকাতে পারে না। আসলে সাহিত্য এত রুঢ় নয়। গণিতও নয়। পথ দুটো আলাদা। বক্ররেখায় সাহিত্য যেখানে পৌঁছায়, গণিত সেখানে  সরলরেখায় যায়।এখানে সরণের সংজ্ঞা জানা প্রয়োজন। কল্পনার রথ কিন্তু আজ আকাশযান।

:৬:

কল্পনা আর কল্পলোক এক নয়। আমাদের ভুল হয়। আমরা এদের এক করে ফেলি। একটা দর্শন অন্যটা অপবিজ্ঞান। কল্পলোকে গণিত নেই। সেখানে পৃথিবী স্থির। সূর্য গতিশীল। সে পৃথিবীকে প্রদক্ষিণ করে। আর কল্পনা হলো দর্শন। তার আত্মা হল গণিত। তার শেষ কথার এক কথা 'পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে।' সেদিন গ্যালিলিও একথা বলে কল্পলোকের শিকার হয়েছিলেন। সাহিত্য, বাক্য, শব্দ, বর্ণ তাই বারবার মুছতে হয়। তবুও আমি এখন বর্ণ পন্থী। সে আমার কথার মতন। রোজ যে ভাবে আমি কথা বলি। সাংখ্য তেমন নয়।

:৭:

সাহিত্য খুব সাবলীল। সে কথা বলে, এগিয়ে চলে। সে নৌকো নিয়ে চলে। যেখানে চড়া সে বোঝে। দাঁড় বাইতে থাকে মাঝি। হাল লেখকের হাতে। সে পথ দেখায়। সে ধ্রুবতারা। কিছু পথ সে ঘোরে একথা ঠিক তবে গন্তব্য ভোলে না। সাংখ্য এর পাশেই থাকে। সে চড়াচড়ের ঊর্ধ্বে। সে বলে দেয় গন্তব্যের আদি অকৃত্রিম অবস্থান। তবে পথ দেখায় বর্ণ। তাই  আমি বর্ণে ফিরেছি। গণিত যদি রূপ হয় সাহিত্য অরূপ। আমি অরূপের সাথে আছি।

:৮:

যৌবনে আমি অলিককে আঁকড়ে ধরেছিলাম। সে আমার প্রেম। সে হয় তুলি না হয় তিতলি। সুন্দর তার গতি। আমি ক্লান্ত  হয়ে সেই অলিককে বাদ দিয়েছিলাম। সেই অলিক বলের সূতো আজও রয়েই গেছে। সাহিত্যের এটাই সৌন্দর্য। সাহিত্য অঙ্ক মানে না। সে হলো দর্শন।  তাকে বাঁধবে কার সাধ্য? চলন বেঁকা হোক বা সোজা তাকে রুখবে কে? সেতো কথার সাথে পথ দেখায়। তার একটা মন আছে। গণিতের মন নেই তবে প্রাণচঞ্চল। সে শুধু ঠিক কথা আর ঠিক পথ দেখায়। সে পথ  বন্ধুর না স্বচ্ছল তার হিসাব সে রাখে না। দায় আমাদের। আর আমরা সাংখ্য নয় বর্ণই আমাদের শব্দের প্রান আর বাক্য আমার প্রাত্যহিক জীবনের তারা।

---------------------------০-----------------------------


বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২

মহাজাতিসদন আর কেলাবাগান

 আমি কিছু লিখিনা। কথার মালা গাঁথি। রোজ নতুন নতুন কথা আর নতুন নতুন মালা। এর গন্ধ আর স্বাদও আলাদা। আমি আমার সাথে গল্প করি পাড়ার রোয়াকে বসে। অনেকে বলে আমি নাকি আমার ছায়া। ঠিক যেভাবে মানুষ মানুষের সাথে কথা বলে আমি নাকি সেভাবেই আমার সাথে কথা বলি। আজকে আমার একটা নতুন মালা কেশব সেনকে নিয়ে। ঠিক ধরেছেন। কেশব চন্দ্র সেন। তাঁর নামের রাস্তা ধরে আমি চলে যাই রাজাবাজারে। অটোওয়ালারা কেশব সেন কে বদলে দিয়েছে। ওরা বলে কেলা বাগান। প্রজাতিগত কারণে ওরা কলা কে কেলা বলে। আর বাগান কোথায় পেলো জানিনা। আসলে এই চৌমাথার উল্টো পারে ফলের বাজার। একে সবাই মেছুয়া বাজার নামে চেনে। রকমারি ফল পাওয়া যায় এই বাজারে। তবে নানান রংয়ের কলা এই বাজারে পাওয়া যায়। কেউ সবুজ, কেউ হলুদ কেউ লাল,  কোনোটা বড়, কোনোটা ছোট। কাঁদি কাঁদি কলা রাস্তার ধারে সাজানো। এর ঠিক অন্য পারে রবিঠাকুর আর নেতাজির স্মৃতি মেদুর মহাজাতিসদন। এত সুন্দর একটা ল্যান্ডমার্কের নাম বাদ দিয়ে নাম হয়েছে কেলা বাগান। শুনে আপনার আশ্চর্য লাগছে না? বিচিত্র এ শহর।


এই কেশব সেন স্ট্রিট ধরে এগোলে প্রথম চৌমাথাটা হলো কলেজস্ট্রিট বাটা মোড়। বাটা হলো একটা জুতোর দোকান। এটাও আশ্চর্যের। আরো একটু এগিয়ে দ্বিতীয় চৌমাথা। নাম ফাটাকেষ্টর মোড়। আসলে আর্মহার্স্ট স্ট্রিট আর কেশব সেনের চৌমাথা। ইনি হলেন সত্তরের দশকের বাহুবলী। এক কোপে রাস্তা রক্তে রঙিন হতো। শেষে মা কালীর উপাসক। ইতিহাসে রত্নাকর থেকে বাল্মীকি, চন্ডাশোক থেকে ধর্মাশোক আর এই কোলকাতায় কেষ্ট থেকে ফাটাকেষ্ট। প্রতিভার ছড়াছড়ি এই কোলকাতায়। 


এর মধ্যেও দিব্যি মাথা তুলে দাঁড়িয়ে, কেশব চন্দ্র সেন। আজকের মালাটা তাঁকে উৎসর্গ করলাম।


বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২

সুরের চর্চা

 ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। ভ্রমর একটা পতঙ্গ। ডানা ঝটকায়। বাতাসের সাথে পাখনা কাঁপিয়ে সে ওড়ে। পাখনার কম্পনের শব্দটাই গুনগুন শব্দ। তাহলে কম্পনটাই প্রতিপাদ্য। গলা থেকে যে শব্দ শুনি সেটাও কম্পন। সেই শব্দ কখনো মধুর, কখনো কর্কশ। এটা কি খাদ আর চূড়োর পার্থক্য? না এরকম নয়। বাঘা-গুপির কথা প্রাসঙ্গিক। প্রথমে বেসুরো পরে সুরেলা। সেই খাদের সা আর চূড়োর সা। তারপর দেখো রে নয়ন মেলে অথবা তৃতীয় সুর আর ষষ্ঠ সুর। দুবার দু'বার সা সা গেয়েছে। বেসুর থেকে সুরে। অদ্ভুত না? না এটাই বোঝার। না হলে গান, নয়েজ এক হয়ে যাবে। যখন হাওয়া বয় তখন শব্দ হয়। কখনো মর্মর শব্দ আবার কখনো কিঙ্কিনির বোল। এখন আবার একটা নতুন শব্দ লিখলাম 'বোল'। সেটা কেমন? তবলায় বোল তোলা যায়। সেতার, সরোদেও বোল তোলা যায়। সেটা এমন একটা ধ্বনি যা গ্রামাঞ্চলে সন্ধ‍্যায় গলা খুলে পড়ার সাথে মিলে যায়। এটার সাথে ধ্বনির একটা বিরাট তফাৎ। হরিবোল একটা ধ্বনি আর পড়ার সুর একটা রোল বা বোল। এত সব বলার একটা কারণ আছে। এটা স্বর আর শ্রুতি শোনা।

কাক ডাকলে অশুভ ভাবি। আর কোকিল? যতই ডাকে ততই ভালো লাগে। মেল আর সমমেল এই সব ঘটায়।  গান শুনতে ভালো লাগে কিন্তু চিৎকার? দুটোই শব্দের ব্যবহার। কেন এমন হয়? আসল ব্যাপার হলো গায়কি। এটা চলন। এর পর যুক্ত হয় বলন। বলন মানে কথা। হ্যাঁ মুখে আমরা যা বলি। ঝগড়াও একটা বলন। তার গায়কি ভিন্ন। 


আমি গানের কথা বলতে গিয়ে এসব বললাম। ঘরেতে ভ্রমরের গুনগুন গান খুব ভালো লাগে। ও আবার যখন কর্কশ স্বরে কিছু বলে তখন তা আঘাত করে। কারন ওটা বেসুরো। 


এর পর আছে সংগত করা। যেমন তবলা, সারেংগি। এরা ছান্দিক। যেমন , "হয়তো তোমারি জন্য, হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমিই অনন্য।" মনে হয় ঠিক ভাবে লিখতে পেরেছি। সব বাক্য গুলো আট মাত্রার।


আমি গুছিয়ে বলতে চাইছি সুর কি? এখন শ্রুতিকটু শব্দে রাস্তায় ডিজে বাজলে বগল তুলে লাফালাফি হয়। 


সত্যিই অদ্ভুত লাগে এসব। কুকুরেরা এমন কিছু শব্দ শুনতে পায় যা আমরা শুনতে পাই না। এটা কি সেরকম কিছু?

মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২

জাহান্নামে রাম আর মা দুর্গা

 কোলকাতায় দু'দিন ধরে দুর্যোগ চলছে। নিম্নচাপ হয়েছে  সমুদ্রে। বৃষ্টি হয়েছে অনেক, ঝড় হয়নি। সমুদ্র উত্তাল হয়েছে। বাঁধ ভেঙে মৌসুনি দ্বীপ ডুবে গেছে। সুন্দরবন জলে ভেসেছে। কোলকাতায় এটা পূজোর মরসুম। বাজার খোলা আছে, ক্রেতা নেই। ট্রলার গুলো সমুদ্রে মাছ ধরতে যায়নি, সরকারের নিষেধ মেনে। ভাদ্রের শেষ দিনে ইলিশের চাহিদা বাড়ে। জেলেরা ক'টা পয়সা রোজগার করে। সেখানে ও বাধ সেধেছে প্রকৃতি। মা সব কিছুই জানে। তবুও তাড়াতাড়ি করছে। এটা ইউনেস্কোর স্বীকৃতির জন্য। মা এসবের ঊর্ধ্বে। অকালে এনেছিলেন রামচন্দ্র। ইউনেস্কোকে স্বীকৃতি দিতে কে বলেছে? এটা মা এর প্রশ্ন। মা কে পিস হেভেনে রেখে স্বীকৃতি? ছিঃ।


না লজ্জা ঘৃণা নেই। তাই শিউলি ফুটুক না ফুটুক, কাশফুল দুলুক না দুলুক কিছু এসে যায় না। তাড়াতাড়ি দায় সেরে যাওয়ার ব্যাপার। মা তাই আসবেন আর যাবেন।


মা আসলে বাজার ওঠে, ব্যবসা বাড়ে, রোজগার হয় ব্যবসায়ীর-সরকারের। আড়ে-বহরে কি হচ্ছে না হচ্ছে এই এবার বুঝলো মা দুগ্গা। এরপর নতুন দুগ্গা আসবে। উচ্চতা আর বহরে ভারতে যে সব কৃতি মানুষের মূর্তি বসানো হচ্ছে ঠিক সেই মাপে। 


রাম'কে কমার্শিয়াল করেছেন একজন আর দুগ্গাকে আর একজন। এটা অনেকটা দুনিয়া কাঁপানো দশদিনের মতন।